হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

  • প্রকাশ : রবিবার ০৯ আগস্ট, ২০২৬, সময় : ৬:৪৩ পিএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আজ রোববার বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁকে স্বাগত জানান। পরে তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।


 বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী


এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর নেন।


বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য সরোয়ার আলম ও গিয়াস কাদের চৌধুরী উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে মোবারকবাদ জানায়। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ছোট ছোট শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।


প্রবীণ ইসলামী পণ্ডিত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার অধ্যক্ষ।




বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন।


প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ প্যান্ডেল তৈরি করা হয়।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৯ আগস্ট, ২০২৬, সময় : ৯:০৪ পিএম

ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে গলায় কোমড়ের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ৬ নম্বর কুশংগল ইউনিয়নের ৫ নং পশ্চিম কুশাঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কুশাঙ্গল এলাকার নূর আলম হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার পাশে একটি কাফুলা গাছের সঙ্গে গলায় কোমড়ের বেল্ট (দড়ি) দেওয়া অবস্থায় বুলবুলের গলায় অপর প্রান্তে কাফুলা গাছের ডালের সাথে বাঁধা অবস্থায় নিচে কাঁচা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।


আজ সকালে নূর আলম হাওলাদারের মেয়ে ইতি (১৮) প্রাইভেট পড়তে যাওয়ার সময় মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।


নিহত বুলবুল হাওলাদার একই এলাকার তৈয়ব আলী হাওলাদার ও পারুল বেগমের ছেলে। 


এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ সব খবর

পুলিশ-জনতার আস্থার বন্ধনে অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

  • প্রকাশ : রবিবার ০৯ আগস্ট, ২০২৬, সময় : ৮:৫০ পিএম

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর কোতোয়ালী থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস-ডে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কোতোয়ালি থানা কক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


উন্মুক্ত আলোচনায় এলাকার মাদক, অনলাইন জুয়া, জমি-সংক্রান্ত বিরোধ, পারিবারিক দ্বন্দ্বসহ বিভিন্ন সামাজিক ও আইনশৃঙ্খলা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মো. রেজাউল ইসলাম গুরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সুমন, ইন্সপেক্টর ইন্টেলিজেন্স মো. আব্দুর রাজ্জাক, এসআই মো. আরিফ হোসেন, এসআই মো. গোলাম মোস্তফা, এএসআই মো. শাকিল আহমেদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।


এ ছাড়া দিনাজপুর জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. হাসু খান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, দিনাজপুর পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো. রেজাকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় কোতোয়ালি থানার এসআই, এএসআই, কনস্টেবল, গ্রাম পুলিশ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের বাসিন্দাদের উপস্থিতি ছিল।


ওপেন হাউস-ডের অন্যতম বৈশিষ্ট্য ছিল সাধারণ মানুষের সরাসরি বক্তব্যের সুযোগ। কোনো মধ্যস্থতা ছাড়াই স্থানীয়রা তাদের এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

চেহেলগাজী ইউনিয়নের মাজাডাঙ্গা এলাকার এক বাসিন্দা বক্তব্যে মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবী জানান। তিনি বলেন, এলাকায় মাদক কেনাবেচা সম্পর্কে স্থানীয়দের কাছে তথ্য থাকলেও তা কার্যকরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছানো এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণে জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


তার বক্তব্যে আরও উঠে আসে জমি দখল নিয়ে বিরোধ, অসহায় মানুষের হয়রানি এবং পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের বিষয়। ছোটখাটো বিরোধ যেন অযথা মামলা-মোকদ্দমায় গড়ায় না যায়, সে ক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার পাশাপাশি সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ রাখার আহ্বান জানান তিনি।


ওই বাসিন্দা আরও বলেন, বর্তমানে মোবাইল ফোন ও অনলাইনভিত্তিক জুয়ার বিস্তার পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করছেন। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধের উৎস শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্য এক বক্তা চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ মোড় এলাকায় মাদকসংক্রান্ত সমস্যার কথা তুলে ধরে মাদকসেবীদের পাশাপাশি মাদক সরবরাহ ও বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান। তবে বক্তব্যে উত্থাপিত নির্দিষ্ট ব্যক্তি বা এলাকার অভিযোগগুলো যাচাই করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


তিনি আরও বলেন, অপরাধের তথ্য দিতে গিয়ে স্থানীয় তথ্যদাতারা যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না পড়েন, সে বিষয়ে প্রশাসনের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। একই সঙ্গে জনগণকে পুলিশের সহযোগী হিসেবে কাজে লাগিয়ে অপরাধের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত অন্যান্য নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যরাও নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মাদক, জুয়া, চুরি-ছিনতাইয়ের আশঙ্কা, সামাজিক বিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত প্রতিকারের প্রত্যাশা ব্যক্ত করেন।


পুলিশ কর্মকর্তারা স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো আইন ও বিধি অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও সঠিক তথ্যকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই দর্শনকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ওপেন হাউস-ডের আয়োজন করা হয়। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে অপরাধের প্রকৃতি ও সমস্যাগুলো সরাসরি জানার সুযোগ সৃষ্টি হয়।


সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জনগণের সরাসরি অংশগ্রহণ ও পুলিশের জবাবদিহিমূলক সেবার মধ্য দিয়ে পারস্পরিক আস্থা আরও শক্তিশালী করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে ওপেন হাউস-ডের আলোচনা শেষ হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৯ আগস্ট, ২০২৬, সময় : ৮:৪৩ পিএম

বৃদ্ধ বয়সে একটু স্বচ্ছলভাবে জীবন কাটাবেন, এই আশায় দীর্ঘ ১০-১২ বছর ধরে কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। কিন্তু সেই সঞ্চয়ের ২ লাখ টাকা উইপোকা কেটে টুকরো-টুকরো করে ফেলেছে। জীবনের শেষ সম্বল হারিয়ে এখন দিশেহারা এই দম্পতি।


ক্ষতিগ্রস্ত তোফাজ্জল হোসেন ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন তিনি। জীবিকার তাগিদে রিকশা চালিয়ে সংসার চালান তোফাজ্জল। তার স্ত্রী ফাতেমা বেগমও ঢাকায় অন্যের বাসায় কাজ করতেন। কঠোর পরিশ্রম করে সংসারের খরচ মেটানোর পর যা কিছু অবশিষ্ট থাকত, সেখান থেকেই অল্প অল্প করে টাকা জমাতেন তারা।


স্বামী-স্ত্রীর এই দীর্ঘদিনের সঞ্চয়ের পেছনে ছিল একটি স্বপ্ন, বৃদ্ধ বয়সে যেন অন্যের কাছে হাত পাততে না হয়। ভবিষ্যতে গ্রামের বাড়িতে কিছু জমি বন্ধক নিয়ে চাষাবাদ কিংবা অন্য কোনো কাজে লাগিয়ে জীবনের শেষ সময়টা একটু স্বস্তিতে কাটাবেন। তাদের রয়েছে তিন কন্যাসন্তান। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও নানা পরিকল্পনা ছিল এই দম্পতির।


সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী। তাদের পরিকল্পনা ছিল দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে জমি বন্ধক নেওয়া। সেই উদ্দেশ্যে ঘরে রাখা সঞ্চয়ের বাক্সটি খুলে টাকা বের করতে যান তারা।


কিন্তু বাক্স খুলতেই তাদের চোখ কপালে ওঠে। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ের প্রায় পুরো টাকাই উইপোকা কেটে নষ্ট করে ফেলেছে। কোথাও নোটের অংশবিশেষ, কোথাও আবার ছোট ছোট কাগজের টুকরো, এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন তারা।


যে টাকা নিয়ে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই টাকাই মুহূর্তে তাদের কাছে পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়। দীর্ঘ বছরের শ্রম, ঘাম ও ত্যাগের সঞ্চয় এভাবে নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেনের মতো একজন শ্রমজীবী মানুষের জন্য ২ লাখ টাকা জমানো সহজ বিষয় নয়। ঢাকার ব্যস্ত নগরজীবনে রিকশা চালিয়ে উপার্জন করা অর্থ থেকে সংসারের খরচ চালিয়ে সামান্য সামান্য করে টাকা জমিয়েছেন তিনি। অন্যদিকে তার স্ত্রীও গার্মেন্টসে শ্রম দিয়ে সংসারের সচ্ছলতার জন্য অবদান রেখেছেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৯ আগস্ট, ২০২৬, সময় : ৫:৪৮ পিএম

সিলেটের ওসমানীনগরে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে এই দুই বাসের মালিক ও চালককে পাঁচ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে দুর্ঘটনার ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


শনিবার রাতে এসব তথ্য জানিয়েছেন বিআরটিএর সিলেটের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ।


তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে দুই বাসের চালক এবং মালিকদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।


সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৯ জনের ৫ জনের পরিচয় মিলেছে


এদিকে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। শনিবার দুপুরে গঠিত এ কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।আর সকালে ওসমানী হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে মহাসড়কে বেপরোয়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রবাসী কল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় হতাহতদের পরিবাররকে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।


মন্ত্রী জানান, বিআরটিএর পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া পঙ্গুত্ব বরণকারীদের পরিবারকে তিন লাখ টাকা এবং আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে।


ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা: ডিএম পিংকি সাহাকে প্রধান করে তদন্ত কমিটি


এ ব্যাপারে বিআরটিএর সিলেটের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশীদ বলেন, আমাদের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত পরিবারগুলোর আবেদনের প্রেক্ষিতে শিগগিরই তাদেরকে এ অর্থ দেওয়া হবে। পঙ্গুত্ব বরণকারী এবং আহতদের আবেদন ফরম হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের আবেদনগুলোও যথাযথভাবে মূল্যায়ন করে সহায়তা দেওয়া হবে। 


বিআরটিএ সিলেট কার্যলয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ইউনিক পরিবহন (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৫-২৫৬৩) এবং সিলেটগামী বেঙ্গল পরিবহনের (রেজি নং ঢাকা মেট্রো -ব-১২-৫৯৮৭) সংঘর্ষে নারী-শিশুসহ নয় জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিলেট বিআরটিএর পক্ষ থেকে বাস দুটির রেজিস্ট্রেশন বাতিলের জন্য ঢাকা মেট্রোতে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।


'বেপরোয়া' মোটরসাইকেলের জন্য মুহূর্তে শেষ ৯ প্রাণ


দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের সময় মহাসড়কের ওই অংশে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার মতো বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনও কারণকেই চূড়ান্ত বলা যাচ্ছে না। তদন্ত কমিটি দুর্ঘটনার সময়কার পরিস্থিতি, বাস দুটির চলাচল, চালকদের ভূমিকা এবং সড়কের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে। এরপর দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারও দায় থাকলে তা প্রতিবেদনে তুলে ধরা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৯ আগস্ট, ২০২৬, সময় : ৪:৫০ পিএম

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী পুরাতন ফৌজদারি কোর্ট চত্বর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, টাংগাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, বিচারক মন্ডলীদের মধ্যে ছিলেন, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি দেবাশীষ দেব, টাঙ্গাইল সেচ্ছাসেবী ফোরাম এর উপদেষ্টা বিপ্লব দত্ত পল্টন, অত্র সংগঠনের  সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক, ফরিদ মিয়া ও দপ্তর ও প্রচার সম্পাদক, আসাদ হোসেন,কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম, মোঃ আসিফ ও সিয়াম প্রমুখ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ০৯ আগস্ট, ২০২৬, সময় : ৪:৪৬ পিএম

‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্বাস্থ্য রক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬।


দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখা ও ইএসডিও-থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং হেক্ক্স/ইপার-এর সহযোগিতায় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।


পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মামুনুর রহমান মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ইএসডিওর থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ওয়ালিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুরাম মুর্মু, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার রঞ্জন কুমার, শাহিনা, শিরিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, জীবনমানের উন্নয়ন, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব ব্যবস্থা জোরদারসহ তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।


উল্লেখ্য, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।


সর্বশেষ সব খবর