ময়মনসিংহের ভালুকায় পরিত্যক্ত একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাজান চৌরাস্তা জামে মসজিদের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে ওই ব্যক্তিকে বগাজান বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁর কথাবার্তা ও চলাফেরা দেখে স্থানীয়দের মনে হয়েছিল, তিনি মানসিক ভারসাম্যহীন। এ সময় খোরশেদ নামের এক ব্যক্তি ওই ব্যক্তির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তাঁর পরিচয় শনাক্তে সহযোগিতা চান। পোস্টে কেউ তাঁকে চিনে থাকলে বগাজান বাজারে যোগাযোগ করার অনুরোধ করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাজারে অবস্থানকালে ওই ব্যক্তিকে ঘাস টেনে খেতেও দেখা যায়। পরে রাতে তিনি বাজারেই ছিলেন। বগাজান বাজারের হোটেল ব্যবসায়ী দুলাল বলেন, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করার আগে তিনি ওই ব্যক্তিকে একটি রুটি খেতে দিয়েছিলেন।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হাবিল নামের স্থানীয় এক ব্যক্তি পুকুরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এসআই মো. মোশাররফ হোসেন আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে ঢোকার সময় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনার সময় ট্রেনটির গতি কম থাকায় বড় ধরনের হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি গফরগাঁও স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাইন মেরামত করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।
ছবি : সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে সিলেট থেকে ঢাকাগামী একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেক শিশু।
নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান। তিনি জানান ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার( ৬ আগষ্ট) সকাল দশটায় নলছিটি ওজোপাডিকো অফিস সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি ও পৌরসভার কান্ডপাশা,শংকরপাশা,দক্ষিণ গৌড়িপাশা,নান্দিকাঠী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে ওই ইউনিয়নের ৭০ টি ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, দপদপিয়াসহ উপজেলার বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ন লাইনে বারবার দূর্ঘটনা ঘটলেও কতৃপক্ষ লাইন মেরামতে কোন পদক্ষেপ নিচ্ছে না। বর্ষায় বিদ্যুৎ এর তার লিকেজ হয়ে বিভিন্ন গাছপালা বিদ্যুতায়িত হয়ে অহরহ দূর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় খুঁটি না থাকায় গাছের সাথে বিদ্যুৎ এর তার সংযোগ দেয়া হয়েছে। এর ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।এছাড়াও পৌরসভার কান্ডপাশা,শংকরপাশা,দক্ষিণ গৌড়িপাশা,নান্দিকাঠী,মালিপুর এলাকার ঝুলে থাকা ঝুকিপূর্ণ সঞ্চালন লাইনও মেরামত এবং খুটি স্থাপনের দাবিও জানানো হয়।তারা অতি দ্রুত বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের দাবি জানান।এ বিষয়ে মানববন্ধন করে পরবর্তীতে ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
মানববন্ধন শেষে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুব্রত মালাকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে নলছিটি ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন লিমিটেডের আবাসিক প্রকৌশলী সুব্রত মালাকার বলেন, বিষয়টি ঊর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী (এমএ) খাঁনের নামে সিলেট নগরে বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। ঢাকা-সিলেট মহাসড়ককের চণ্ডীপুল চত্বরের নামকরণও এমএ খানের নামে করা হবে। এছাড়া সাবেক এই মন্ত্রীর নামে সিলেটে বেশ কিছু স্থাপনা ও সড়কের নামকরণের পরিকল্পনা রয়েছে। এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় এম এ খানের মৃত্যু বার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান। সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান তাঁর কনিষ্ট মেয়ে। তিনি জিয়াউর রহমান সরকারের মন্ত্রী ছিলেন।সিলেটের দক্ষিণ সুরমা বাসিন্দা এমএ খানের নামে সিলেটের লামাকাজিতে সেতু রয়েছে। এছাড়া সম্প্রতি দক্ষিণ সুরমার চন্ডিপুলে আব্দুস সামাদ আজাদ চত্বরের নাম পাল্টে ‘এমএ খান চত্বর’ নামকরণ করে স্থানীয় কিছু লোক।
বৃহস্পতিবার এম এ খানের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরো বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান একজন খ্যাতিমান ব্যক্তি হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে এতোদিন উপেক্ষিত ছিলেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে সিলেটে ইতিপূর্বে তেমন কিছুই করা হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, এম এ খাঁনের নামে সিলেট নগরে একটি বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়ককের চণ্ডীপুল চত্বরের সৌন্দর্যবর্ধন করে তাঁর নামে নামকরণ হবে। পাশাপাশি, এই গুণী ব্যক্তির স্মৃতি রক্ষায় সিলেটে বেশ কিছু স্থাপনা ও সড়কের নামকরণের পরিকল্পনা রয়েছে। মাহফিলে উপস্থিত সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী পাঠ্যপুস্তকে এম এ খানের জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সিলেটের সিলাম এলাকায় এম এ খানের বসতবাড়ি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সিলেট বিভাগের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ২ হাজার কোটি টাকার বরাদ্দের প্রস্তুতি নিয়েছে সরকার। এ বরাদ্দ অনুমোদন পেলে আগামী এক বছরের মধ্যে সিলেটের রাস্তাঘাট ও হাটবাজারের দৃশ্যমান উন্নয়ন হবে।
এদিকে,সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দেশের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজ হাতে শিরনি বিতরন করেন।
সিলেট প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শাসনের দমন-পীড়ন, গুম, হত্যা ও গুলির মুখেও গণতন্ত্রকামী মানুষ আন্দোলন থেকে সরে দাঁড়াননি। এম. ইলিয়াস আলীসহ অন্তত ৬৬৬ জন গুমের শিকার হয়েছেন। অসংখ্য নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই - আগস্টে গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ লাভ করে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সিসিক প্রশাসক আরো বলেন, জুলাই-আগস্টের আন্দোলন শুধু দুই মাসের কোনো আন্দোলন নয়; এটি দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফসল। আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “বীর শহীদরা নিজেদের জীবন উৎসর্গ করে অপশাসনের অবসান ঘটিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। জাতি তাঁদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
সভাপতির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন্ নূর বলেন, “৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এ দিন দেশের মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি লাভ করেছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পাশাপাশি নারী ও শিশুরাও সাহসিকতার সঙ্গে রাজপথে নেমে এসেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রকৃত অর্থেই মুক্তির স্বাদ পেয়েছে।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক নয়া দিগন্ত-এর সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, প্রেসক্লাবের সহসভাপতি মো. ফয়ছল আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন।
আলোচনা সভায় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, সহ - সাধারণ সম্পাদক খালেদ আহমদ,নির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স, সদস্য আব্দুর রাজ্জাক, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সেলিম আউয়াল, সিন্টু রঞ্জন চন্দ, শেখ আব্দুল মজিদ, একে কাওছার, লবীব আহমদ, মো. তাজুল ইসলাম, আব্দুল হান্নান, লোকমান আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের পাবলিক রিলেশন্স অফিসার নেহার রঞ্জন পুরকায়স্থ ও প্রশাসকের পিএস মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন। পরে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সিনিয়র সদস্য মো. আব্দুর রাজ্জাক।
দেশব্যপী তীব্র গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং,গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুৃপুরে জেলা প্রশাসক রফিকুল হক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, আমরা দ্রুত স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করব।
স্মারকলিপিতে বলা হয়, দেশে চলমান অর্থনৈতিক ও নাগরিক সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে।
১১ দফা দাবিতে আরও উল্লেখ করা হয়, গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ছেন এবং দীর্ঘ সময়ের লোডশেডিং শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকান্ডে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পেলেও অনেক গ্রাহককে ভুতুড়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। এসব বিষয়ে সরকার প্রধানকে দ্রুত নজর দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়েতে সেক্রেটারী ও সমন্বয়ক, ১১ দলীয় ঐক্য মোহাম্মদ আলমগীর, সহকারি সেক্রেটারী কফিল উদ্দিন আহাম্মদ, এনসিপির জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইসমাইল বিন হায়দার, এনসিপির জেলা যুগ্ন আহ্বায়ক সামসুল আলম। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মাওলানা ফজলে রাব্বী মোর্তজাবীসহ ১১ দলের নেতাকর্মীরা।
স্মারকলিপি প্রদান শেষে জেলা জাায়াতের সেক্রেটারী মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া না হলে জনগণের ন্যায্য অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সাংবিধানিক কর্মসূচি অব্যাহত রাখবে।