ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা মারুফ কারাগারে
লে. কর্নেল ফয়সল ইসতিয়াক, কমান্ডিং অফিসার, এসআরবি-৫
রাজশাহীর পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন এবং ৮ কোটি টাকা মূল্যের আট কেজি হেরোইন জব্দ করেছে এসআরবি-৫। রোববার দিবাগত গভীর রাতে (২৩ নভেম্বর) অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, গুলি ও হেরোইন জব্দ করা হয়।
সোমবার দুপুরে এসআরবি-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাণীনগর হাটপাড়ায় এসআরবি-৫ এর একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় আহসান আলী ও আব্দুর রহিমের বসতবাড়ীতে তল্লাশীর মাধ্যমে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র বেচাকেনার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুইজন ব্যক্তি অস্ত্র বেচাকেনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এর আগে আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকা তৈরীর অপরাধের বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।
অন্যদিকে, একই রাতে এসআরবি-৫ এর আরেকটি অভিযানিক দল রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আট কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন জব্দ করেছে। এসময় ময়না বেগম ও শাহাদত হোসেন নামের দুইজনকে আটক করা হয়। সম্পর্কে তারা ভাইবোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের নামে টাঙ্গাইলের কালিহাতি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
ফয়সল ইসতিয়াক জানিয়েছে, পৃথক দুইটি ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এসআরবি আরও জানায়, গত ৬ মাসে এসআরবি-৫ অভিযান পরিচালনা করে মোট ১৭ টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডার জব্দ করেছে। এছাড়া ৪০ কেজি হেরোইন, ৪৯২২ বোতল ফেন্সিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্ডাল জব্দ করেছে।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।
রাজশাহী সিটি কর্পোরেশন যে পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে। ক্যাটাগরিগুলো হলো— দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা (Spark of Stewardship), পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা (Spark of Tidy Neighborhood), সেবায় অনুপ্রেরণা (Spark of Service), সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা (Spark of Community Compliance) এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা (Spark of Commitment)।
দেশসেরা হওয়ার এ পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এ পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগ সহ সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করছি। এ অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার জনাব রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক জনাব এ.এস.এম. রাশেদুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর।
ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ চুয়াডাঙ্গার আপামোর জনসাধারণের পাশে থেকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জেলার প্রশাসনিক এই শীর্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের দক্ষ ও বিনয়ী এই কর্মকর্তা চুয়াডাঙ্গাবাসীর প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, "সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজ লুৎফন নাহারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার পাশাপাশি চুয়াডাঙ্গার জনগুরুত্বপূর্ণ কাজগুলো করে এ জেলার মানুষের আস্থাভাজন হতে চাই।"
তিনি আরও বলেন, ঐতিহ্য, সম্ভাবনা ও সমৃদ্ধির জনপদ চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে তাঁর নতুন পথচলা শুরু হলো। জেলার মানুষের ভালোবাসা ও আন্তরিকতাকে পাথেয় করে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
নবাগত জেলা প্রশাসক আশ্বস্ত করে বলেন, জেলা প্রশাসনের দরজা সর্বস্তরের মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ে তোলাই হবে তাঁর প্রশাসনের মূল লক্ষ্য।
প্রশাসন ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। এ লক্ষ্যে তিনি জেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজসহ সবার আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেছেন।
সবশেষে তিনি সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনার এক অনন্য জনপদ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
১৯ বছর পর স্বীকৃতি পেল নরসিংদীর দুঃখু মিয়ার স্কুল
দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটেছে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠিত প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুলের। দুই হাতবিহীন আলতাব হোসেনের প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান অবশেষে সরকারি স্বীকৃতি পেয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে স্কুলটিকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় বেঞ্চ।
মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে স্কুলের স্বীকৃতিপত্র ও বেঞ্চ প্রতিষ্ঠাতা আলতাব হোসেনের হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
নরসিংদী জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০০৭ সালে নিজ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন দুই হাতবিহীন আলতাব হোসেন। দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কোনো ধরনের নিয়মিত সরকারি সহায়তা ছাড়াই এতদিন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও প্রত্যাশিত ফল পাননি প্রতিষ্ঠাতা আলতাব হোসেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির স্বীকৃতি ও বেঞ্চের ব্যবস্থা করা হয়।
স্বীকৃতি পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে আলতাব হোসেন বলেন, জন্ম থেকেই তাঁর দুটি হাত নেই। এরপরও দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা অর্জন করেছেন। কিন্তু চাকরি না পাওয়ায় নিজ বাড়িতেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে সরকারি সহায়তা ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। অবশেষে বিদ্যালয়ের স্বীকৃতি ও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ পেয়ে তিনি আনন্দিত। এ জন্য সরকারের পাশাপাশি নরসিংদী জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, প্রতিভা দুঃখু মিয়া তাঁর কর্ম ও ইচ্ছাশক্তির মাধ্যমে প্রমাণ করেছেন, দৃঢ় মনোবল থাকলে কোনো বাধাই মানুষের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারে না। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে সবাইকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, প্রতিভা দুঃখু মিয়া জেলার গর্ব। নিজের অদম্য ইচ্ছাশক্তি ও প্রচেষ্টায় তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর বিদ্যালয়ের স্বীকৃতি ও প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করা হয়েছে। জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও শিশুদের উপযোগী করে গড়ে তুলতে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করেন।
দীর্ঘ অপেক্ষার পর বিদ্যালয়টির স্বীকৃতি পাওয়ায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতীকী ছবি