শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রি বন্ধে খুলনা অঞ্চলের উদ্যোগ

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৭ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান।


তিনি বলেন, আমাদের দপ্তর থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং দ্রুতই এ বিষয়ে আরও একটি নির্দেশনা প্রদান করা হবে।


আজ ২৪ নভেম্বর খুলনার পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাব্লিউবিবি ট্রাস্ট ও সিয়াম’র যৌথ আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রয় বন্ধে করণীয়’ শীর্ষক বিভাগীয় সভায় এ আহ্বান জানানো হয়।


 পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েদুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ডাব্লিউবিবি ট্রাস্টের বিভাগীয় প্রধান সৈয়দা অনন্যা রহমান। সভাটি পরিচালনা করেন সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের নেটওয়ার্ক অফিসার আজিম খান।


তিনি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর ৬খ ধারা উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ক্রীড়া স্থাপনা ও শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় আইনত নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘনে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তরুণদের সুরক্ষায় আইনের ধারাটি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


সভায় বক্তারা বলেন, আইন বাস্তবায়নে শুধু নির্দেশনা প্রদান যথেষ্ট নয় বরং নিয়মিত পর্যবেক্ষণ, বিক্রয়কেন্দ্র চিহ্নিতকরণ এবং সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের তালিকা তৈরি, আইন লঙ্ঘনের তথ্য ও ছবি সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয় কাঠামো গড়ে তোলা জরুরি। সিগারেট ও বিড়ির পাশাপাশি ই-সিগারেট, জর্দা, গুল সাদাপাতার মতো তামাক পণ্য বিক্রি বন্ধেও পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


 অনুষ্ঠানে বাগেরহাট কে.এন.কে.এস এর নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ, সাতক্ষীরার মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকসহ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫০ পিএম

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েও কাজ করছে সরকার। এর পাশাপাশি কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সংকটের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার সময় এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রত্যাশা ছিল। কিন্তু যে জায়গা ও অবকাঠামোতে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, তা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। তারপরও প্রতিষ্ঠানটিকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিকে শাবিপ্রবির অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এ দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ চলছে। তবে সবার চূড়ান্ত লক্ষ্য হলো, একদিন কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির বিষয়গুলোও আলোচনায় আসে। কলেজের খেলার মাঠের সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, মসজিদ নির্মাণ এবং পরিবহন সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে পরিবহন ও খেলার মাঠের সংকট শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রমে প্রভাব ফেলছে। তবে এসব সমস্যা সমাধানের নির্দিষ্ট সময়সীমা বা অর্থায়নের বিষয়ে মন্ত্রী বিস্তারিত জানাননি।


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

চান্দগাঁও সিটিজেনস ফোরামের সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দিন জাবেদ।

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৪ পিএম

চট্টগ্রামের চান্দগাঁওয়ে নাগরিক সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। সাবেক ছাত্রনেতা, চান্দগাঁও থানা বিএনপির অন্যতম সংগঠক , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফোরকান উদ্দিন জাবেদকে সিটিজেনস ফোরাম ৪নং চান্দগাঁও ওয়ার্ড কমিটি, চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রামের কার্যকরী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততার কারণে ফোরকান উদ্দিন জাবেদের এ দায়িত্বপ্রাপ্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বের মাধ্যমে এলাকার নাগরিক সমস্যা, জনদুর্ভোগ, নাগরিক অধিকার ও স্থানীয় মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা।


রাজনীতি থেকে জনসম্পৃক্ততার পথে


সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে ফোরকান উদ্দিন জাবেদের সাংগঠনিক পথচলার সূচনা। পরবর্তীতে তিনি চান্দগাঁও থানা বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দলীয় কর্মসূচি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তিনি নিজের একটি রাজনৈতিক ও সামাজিক অবস্থান তৈরি করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। নাগরিক সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলোকে সামনে রেখে সিটিজেনস ফোরামের প্ল্যাটফর্মে কাজ করার সুযোগকে তিনি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।


‘নাগরিকের কথা বলাই হবে প্রধান লক্ষ্য’


নতুন দায়িত্ব প্রসঙ্গে ফোরকান উদ্দিন জাবেদ বলেন, “সিটিজেনস ফোরামের মতো একটি নাগরিক সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। এলাকার সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও নাগরিক অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করব। নাগরিক সেবা নিশ্চিত করা এবং জনস্বার্থের বিষয়ে সোচ্চার থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।”


তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে এলাকার মানুষের পাশে থেকে নাগরিক সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।”


বাড়ছে প্রত্যাশা


ফোরকান উদ্দিন জাবেদের নতুন দায়িত্ব ঘিরে চান্দগাঁওয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় মানুষের সঙ্গে তার যোগাযোগ সিটিজেনস ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।


নতুন দায়িত্বে ফোরকান উদ্দিন জাবেদ নাগরিক সমস্যা সমাধান, জনদুর্ভোগ লাঘব এবং এলাকার মানুষের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাই এখন স্থানীয়দের।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৬ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য পৃথক লেন হবে। নগরবাসীর দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ লাঘবে বন্দর-সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে চসিক। এ জন্য সল্টগোলা ক্রসিংয়ে আধুনিক গোলচত্বর ও সেতু নির্মাণ, বন্দরের পণ্যবাহী যানবাহনের জন্য পৃথক লেন স্থাপন এবং ভারী যানবাহন চলাচলকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আরসিসি সড়কে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব পরিকল্পনার কথা জানান তিনি।


ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে বন্দর এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। বিশেষ করে সল্টগোলা ক্রসিং, নিউমুরিং ও বন্দর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, সল্টগোলা ক্রসিংয়ে একটি বড় গোলচত্বর ও প্রয়োজনীয় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্দরের পণ্যবাহী ভারী যানবাহন চলাচলের জন্য পৃথক ডেডিকেটেড লেন নির্মাণ করা হবে। এতে বন্দরের পণ্যবাহী যানবাহন ও সাধারণ যানবাহনের চলাচল পৃথক করা সম্ভব হবে। ফলে যানজট কমার পাশাপাশি বন্দরের পণ্য পরিবহন কার্যক্রমে গতি আসবে। সড়ক সম্প্রসারণ ও ডেডিকেটেড লেন নির্মাণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন প্রয়োজনীয় জায়গা ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতার মাধ্যমে বন্দর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও দীর্ঘদিনের যানজট নিরসন সহজতর হবে।চসিক প্রশাসক বলেন, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত বন্দরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ সড়কসহ আগ্রাবাদ এক্সেস রোড ও আগ্রাবাদ পিসি রোডকে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) সড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন বন্দরের বিপুলসংখ্যক ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করে। অতিরিক্ত ভার বহনের কারণে প্রচলিত বিটুমিনাস কার্পেটিং সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। ফলে বারবার সংস্কারের প্রয়োজন হয় এবং জনগণের দুর্ভোগ বাড়ে। আরসিসি সড়ক নির্মাণ করা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে, দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে এবং টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে উঠবে।


সড়ক নির্মাণে আধুনিক ডাক্ট সিস্টেম সংযোজনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত আরসিসি সড়কগুলোতে সমন্বিত ইউটিলিটি ডাক্ট সিস্টেম রাখা হবে। এর মাধ্যমে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ও অন্যান্য সেবা সংস্থার লাইন পরিকল্পিতভাবে স্থাপন করা যাবে। ভবিষ্যতে এসব সংযোগের মেরামত, রক্ষণাবেক্ষণ কিংবা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। এতে সড়কের স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্ট যানজট, জনদুর্ভোগ ও সরকারি অর্থের অপচয় কমানো সম্ভব হবে।


প্রশাসক বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলমান রয়েছে। প্রকল্পটিতে সড়ক নির্মাণের পাশাপাশি যানজট নিরসন, ভারী যানবাহনের সুশৃঙ্খল চলাচল এবং বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি ব্যবস্থাপনার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


 এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক


নগরীর সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত পরিকল্পনার আওতায় কাজ করতে হবে। একটি সংস্থার উন্নয়ন কার্যক্রম যাতে অন্য সংস্থার কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্নভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামকে একটি আধুনিক, ব্যবসাবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে।


এ সময় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল) মাহমুদুল হোসেন খান, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ চসিকের প্রকৌশলী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১৯ পিএম

বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং চট্টগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আমন্ত্রণ জানানো হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) চসিকের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক এ আমন্ত্রণ জানান। তাঁর মাধ্যমে ফরাসি ফুটবল তারকা এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।


সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ চসিক ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য পৃথক লেন হবে : ডা. শাহাদাত


সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন।


তিনি বলেন, কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে। সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার জরুরি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকেও তাদের দূরে রাখা সম্ভব।


এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক।


আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে ডা. শাহাদাত বলেন, নগরীতে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে প্রতিষ্ঠানটির অবদান গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে তিনি সহযোগিতা কামনা করেন।


এ সময় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, এটি অত্যন্ত সম্মানজনক একটি উদ্যোগ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।


প্রতিষ্ঠানটির উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণদের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। কিলিয়ান এমবাপ্পে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তাঁর চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সৌজন্য সাক্ষাতে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বড় বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।


আলোচনায় আশা প্রকাশ করা হয়, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে নগরীর দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধানে অগ্রগতি হবে। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের উন্নয়ন সহযোগিতাও আরও জোরদার হবে।


বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২২ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. আকিবুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জাকিয়াকে হত্যার কথা স্বীকার করেছে আকিবুল। জবানবন্দি অনুযায়ী, তাদের মধ্যে প্রায় দেড় বছর ধরে সম্পর্ক ছিল। বিয়ের চাপ ও সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বলা নিয়ে বিরোধের একপর্যায়ে জাকিয়াকে শ্বাসরোধে হত্যা করে সে।


আদালতে দেওয়া জবানবন্দিতে আকিবুল জানায়, জাকিয়ার সঙ্গে তার প্রায় দেড় বছর ধরে সম্পর্ক ছিল। এ সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ঘটনার দিন শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে জাকিয়াকে নির্জন স্থানে নিয়ে যায় সে। সেখানে জাকিয়া তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। বিয়ে না করলে তাদের সম্পর্কের বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথাও বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাকিয়া তাকে থাপ্পড় মারলে ক্ষুব্ধ হয়ে আকিবুল তার গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে জাকিয়াকে কোলে তুলে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জবানবন্দিতে উল্লেখ করেছে আকিবুল।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকার খালপাড়ে একটি ফিশারির পাশে ধানক্ষেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং মরদেহটি দুটি কলাগাছ দিয়ে ঢাকা অবস্থায় ছিল।


এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ।


তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে আকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মাসুম বিল্লার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১০ পিএম

ঠাকুরগাঁও সদর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫) পালিয়ে যান।


​সোমবার (২৩ নভেম্বর) রাত  ৮টার সময ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ছিলেন পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছেন।


​খবর পেয়ে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮ টায় মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজু ইসলামকে ধরে ফেলে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পালিয়ে যাওয়া অপর ব্যক্তি তার স্ত্রী রুমা আক্তার বলে নিশ্চিত করেন।

​

​রাত ৮টা ১০ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।তার ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।


​সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪০ পিস (ওজন ৪ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।​মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন (আনুমানিক মূল্য ১২ হাজার টাকা) ও সিমসহ একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।


​আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা।তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির (শাহাপাড়া নতুন ব্রিজ সংলগ্ন) বাসিন্দা।


​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।ওসি, ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ সব খবর