লে. কর্নেল ফয়সল ইসতিয়াক, কমান্ডিং অফিসার, এসআরবি-৫
রাজশাহীর পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন এবং ৮ কোটি টাকা মূল্যের আট কেজি হেরোইন জব্দ করেছে এসআরবি-৫। রোববার দিবাগত গভীর রাতে (২৩ নভেম্বর) অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, গুলি ও হেরোইন জব্দ করা হয়।
সোমবার দুপুরে এসআরবি-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাণীনগর হাটপাড়ায় এসআরবি-৫ এর একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় আহসান আলী ও আব্দুর রহিমের বসতবাড়ীতে তল্লাশীর মাধ্যমে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র বেচাকেনার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুইজন ব্যক্তি অস্ত্র বেচাকেনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। এর আগে আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকা তৈরীর অপরাধের বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।
অন্যদিকে, একই রাতে এসআরবি-৫ এর আরেকটি অভিযানিক দল রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আট কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন জব্দ করেছে। এসময় ময়না বেগম ও শাহাদত হোসেন নামের দুইজনকে আটক করা হয়। সম্পর্কে তারা ভাইবোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের নামে টাঙ্গাইলের কালিহাতি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
ফয়সল ইসতিয়াক জানিয়েছে, পৃথক দুইটি ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এসআরবি আরও জানায়, গত ৬ মাসে এসআরবি-৫ অভিযান পরিচালনা করে মোট ১৭ টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডার জব্দ করেছে। এছাড়া ৪০ কেজি হেরোইন, ৪৯২২ বোতল ফেন্সিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্ডাল জব্দ করেছে।
মিনহাজ আহমেদ সীমান্ত
নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহমেদ সীমান্ত (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির একপাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হচ্ছিল। একপর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তিন মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির বিক্ষোভ
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।
রাজশাহী সিটি কর্পোরেশন যে পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে। ক্যাটাগরিগুলো হলো— দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা (Spark of Stewardship), পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা (Spark of Tidy Neighborhood), সেবায় অনুপ্রেরণা (Spark of Service), সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা (Spark of Community Compliance) এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা (Spark of Commitment)।
দেশসেরা হওয়ার এ পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এ পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগ সহ সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করছি। এ অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার জনাব রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক জনাব এ.এস.এম. রাশেদুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা মারুফ কারাগারে
সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর।
ঐতিহ্য ও সম্ভাবনার জনপদ চুয়াডাঙ্গার আপামোর জনসাধারণের পাশে থেকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জেলার প্রশাসনিক এই শীর্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের দক্ষ ও বিনয়ী এই কর্মকর্তা চুয়াডাঙ্গাবাসীর প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, "সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজ লুৎফন নাহারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার পাশাপাশি চুয়াডাঙ্গার জনগুরুত্বপূর্ণ কাজগুলো করে এ জেলার মানুষের আস্থাভাজন হতে চাই।"
তিনি আরও বলেন, ঐতিহ্য, সম্ভাবনা ও সমৃদ্ধির জনপদ চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে তাঁর নতুন পথচলা শুরু হলো। জেলার মানুষের ভালোবাসা ও আন্তরিকতাকে পাথেয় করে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
নবাগত জেলা প্রশাসক আশ্বস্ত করে বলেন, জেলা প্রশাসনের দরজা সর্বস্তরের মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং একটি নিরাপদ, সুন্দর ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ে তোলাই হবে তাঁর প্রশাসনের মূল লক্ষ্য।
প্রশাসন ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। এ লক্ষ্যে তিনি জেলার সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক ও তরুণ সমাজসহ সবার আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেছেন।
সবশেষে তিনি সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গাকে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সম্ভাবনার এক অনন্য জনপদ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।