বিএনপির মোটরসাইকেল শোডাউন
চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিনের অপরাধ নেটওয়ার্কের ‘সেকেন্ড ইন কমান্ড’ আব্দুর শুক্করসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) নগরের দুই নম্বর গেট এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গল সলিমপুরকেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যার পাশাপাশি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, চলাচলের সড়ক কেটে প্রতিবন্ধকতা তৈরি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।
এ ছাড়া ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা এবং তাঁদের অপরাধ নেটওয়ার্কের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রাম নগরের হালিশহর থানার টহল পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে গাড়িটি নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে পিকআপটি চালিয়ে নিয়ে যেতে দেখা যায়।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ৩টার দিকে নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি সড়কে রেখে একটি রেস্টুরেন্টে খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর দেখতে পাননি।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপটি চালিয়ে নিয়ে গেছেন। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কীভাবে গাড়িটি চুরি হয়েছে, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় বিস্তারিত জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বন্দরনগরী চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগামী শুক্রবার (২০ নভেম্বর) শুরু হচ্ছে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬’। ওই দিন বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম চেম্বারের হলকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলমসহ চেম্বারের জ্যেষ্ঠ পরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানান, দেশীয় পণ্যের প্রচার, প্রসার এবং উদ্যোক্তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১৯৯৩ সাল থেকে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার। এরই ধারাবাহিকতায় এবারও চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে প্রায় চার লাখ বর্গফুট এলাকাজুড়ে মেলার আয়োজন করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
এবারের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ও বিপণনযোগ্য বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলায় থাকছে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল। এতে দেশি-বিদেশি ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে মেলা প্রাঙ্গণে থাকছে সুপরিসর ফুডজোন, পৃথক নামাজের স্থান এবং দুটি শিশুদের বিনোদনকেন্দ্র বা চিলড্রেন প্লে-জোন। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে দৃষ্টিনন্দন বিন্যাসের পাশাপাশি দর্শনার্থীদের বিশ্রামের ব্যবস্থাও রাখা হয়েছে।
মেলার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে জানানো হয়, দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। প্রাইভেট নিরাপত্তাকর্মী, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেকোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের গাড়ি ও মেডিকেল টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
মেলা শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সেরা প্যাভিলিয়ন, স্টল এবং দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ পদক ও সনদপত্র দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের মহাফেজখানা (রেকর্ড রুম) ঘিরে ঘুষ বাণিজ্য ও সেবাপ্রার্থীদের হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। জমির দলিলের অবিকল নকল ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে সরকার নির্ধারিত ফির কয়েক গুণ বেশি টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, বাড়তি টাকা না দিলে নানা অজুহাতে নকল সরবরাহে বিলম্ব করা হয়। এমনকি মাত্র ২০ টাকার তল্লাশি ফির বিপরীতে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। এতে প্রয়োজনীয় সেবা নিতে এসে অনেকটা জিম্মি হয়ে পড়ছেন সাধারণ জমির মালিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমির দলিল নিবন্ধনের পর মূল দলিল হাতে পেতে অনেক ক্ষেত্রে চার থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগে। এ সময় জমির মালিকদের বিভিন্ন প্রয়োজনে দলিলের অবিকল নকল সংগ্রহ করতে হয়। এ ছাড়া রেকর্ড রুম থেকে জমির রায়া দলিলসহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করা হয়। এসব সেবার জন্য সরকার নির্ধারিত ফি থাকলেও বাস্তবে সেবাপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সদর সাব-রেজিস্ট্রি অফিসের মহাফেজখানার রেকর্ড কিপার মিজানুর রহমানকে কেন্দ্র করে এ অতিরিক্ত অর্থ আদায়ের কার্যক্রম চলছে। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত তল্লাশি ফি ২০ টাকা হলেও সেবাপ্রার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০০ টাকা। অর্থাৎ নির্ধারিত ফির চেয়ে ২৮০ টাকা বেশি আদায় করা হচ্ছে। অন্যদিকে দলিলের অবিকল নকল সংগ্রহের ক্ষেত্রেও সরকারি ফির বাইরে কয়েক গুণ বেশি অর্থ দিতে হচ্ছে।
ময়মনসিংহ নগরীর বলাসপুর এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা এবং মাসকান্দা আগরকান্দা এলাকার বাসিন্দা নুরুল ইসলাম অভিযোগ করেন, জমির মূল দলিলের নকল সংগ্রহ করতে গিয়ে তাঁদের সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে হয়েছে। তাঁদের দাবি, কোনো কোনো নকলের সরকারি ফি ৫০০ টাকা হলেও বাস্তবে গুনতে হয়েছে পাঁচ হাজার টাকা।
অভিযোগ রয়েছে, অতিরিক্ত টাকা না দিলে নকল সরবরাহে নানা অজুহাতে বিলম্ব করা হয়। ফলে জমির মালিকরা প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে নকল সংগ্রহ করছেন। প্রতিদিন রেকর্ড রুমে দলিলের নকল ও বিভিন্ন নথিপত্র সংগ্রহ করতে আসা সেবাপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ আদায় করা হয় বলেও অভিযোগ উঠেছে। দিন শেষে এসব টাকা বিভিন্ন মহলে ভাগ-বাটোয়ারা করা হয় বলেও অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।
রেকর্ড রুমে সেবা নিতে আসা একাধিক জমির মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি অফিসে নির্ধারিত ফি দিয়ে সেবা পাওয়ার কথা। অথচ অতিরিক্ত টাকা না দিলে প্রয়োজনীয় নথি পেতে ভোগান্তিতে পড়তে হয়। এতে সাধারণ মানুষ একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে গুরুত্বপূর্ণ কাজে সময় ও শ্রম নষ্ট হচ্ছে।
সেবাপ্রার্থীদের প্রশ্ন, সরকার নির্ধারিত ফি থাকার পরও কেন অতিরিক্ত অর্থ দিতে হবে? সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষকে কেন বাড়তি টাকা গুনতে হবে? তাঁরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।