টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মিফতাহুল উলুম মাদ্রাসা টঙ্গী শাখার শিক্ষকের বিরুদ্ধে। মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
এই ঘটনায় রবিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
গ্রেফতারকৃত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকায় কবির হোসেনের ছেলে। তিনি মিফতাহুল উলুম মাদ্রাসার টঙ্গী শাখার শিক্ষক। শিশুর স্বজনরা জানায়, মাদ্রাসাটির নাজারা বিভাগে অধ্যায়নরত ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। গত বুধবার (০৪ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনায় শিশুটিকে নিজের রুমে নিয়ে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের পিছনের লজ্জাস্থানে ছ্যাঁকা দেয় শিক্ষক মোস্তাকিম। এতে শিশুটির শরীরের
বেশ কিছু অংশ পুরে যায়। পরে বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বেতন পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন শিশুটির মা। এরপর ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে শিক্ষক মোস্তাকিম। পরে রবিবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয়রা কৌশলে আপোষের কথা বলে তাকে মাদ্রাসায় এনে পুলিশের কাছে সোপর্দ করেন। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল জাতীয় ২৪ বোতল মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৮ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সদস্যরা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারী এবং বিশেষ অভিযান পরিচালনা করছে ৪২ বিজিবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুংডুংগী বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করেছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরাধীরা যাতে সীমান্তকে অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নওগাঁর পত্নীতলা থানা পুলিশ সিথী রাণী (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। তিনি নজিপুর পৌরসভা সদরের ঘোষপাড়া এলাকার মানিক চন্দ্র ঘোষের মেয়ে। স্বামী বিদেশ থাকায় সিথী রাণী তার বাবার বাড়িতে বসবাস করতেন। পরিবারের সদস্যদের দাবি সোমবার (৯ নভেম্বর) পূর্বরাত সাড়ে ১২টার দিকে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির লোকজন কালিপূঁজা দেখতে মন্ডপে গেলে বাড়িতে সিথী তার দাদির সাথে ছিলেন। পরে তারা বাড়িতে ফিরে এসে সিথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার এসআই আব্দুর রউফ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি সিথী রানীকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। তিনি ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের চেয়ারম্যান।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর।
সম্মাননা অর্জনের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে তাঁর নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি দেওয়া হয়। এ অর্জনে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা চিফ ইঞ্জিনিয়ার শামসুল হক রাকিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থসামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, দায়িত্বশীল নেতৃত্ব ও আন্তরিকতা নিশ্চিত করা জরুরি।
এদিকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করায় সৌমিক হাসান সোহাগের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, এ অর্জন তাঁকে ভবিষ্যতে সমবায়ীদের কল্যাণে আরও নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ভালুকাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।
রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের বাকবিতন্ডায় জড়ায়। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করে বাড় পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসত ঘরের সামনে যান। ওই সময় বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ২জনকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক দুই মাদক ব্যবসায়ী
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্ডাডল নেশার ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। আটকরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষ্মণপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আইনুল মন্ডলের ছেলে হাই বাবু মন্ডল (৪০) ও কুঞ্জবন বাজারের ভাড়াটিয়া মৃত আব্দুস সামাদের ছেলে কানা ফারুক (৩০)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় খাজুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
নীলফামারীর জলঢাকায় বাড়িঘরে হামলা, লুটপাট ও বসতভিটা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা। তবে প্রতিপক্ষের দায়ের করা মামলা দ্রুত রেকর্ড করে পুলিশ তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে দাবি তাঁদের।
সোমবার (৯ নভেম্বর) নীলফামারী শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সত্যরানী রায়। তিনি জলঢাকা উপজেলার কাছারিপাড়া গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র বর্মনের স্ত্রী। এসময় সদ্য জামিন প্রাপ্ত সত্যরানীর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন, মেয়ে পূজা রানী রায়, বিথি রানী রায়, ছেলের বউ বৃষ্টি রানী, জামাই বাবু রায় ও উৎপল রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সত্যরানী জানান, তাঁর শ্বশুর মৃত লক্ষণ চন্দ্র বর্মন ২০১২ সালে দ্বিতীয় স্ত্রী সুশীলা রানীকে পাঁচ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে ২০২৩ সালে তাঁর শ্বশুর আইনগতভাবে ওই দানপত্র বাতিল করেন। তবে শ্বশুরের মৃত্যুর পর দানপত্র বাতিলের বিষয়টি গোপন রেখে গত ৮ মার্চ সুশীলা রানী তাঁর ভাগ্নে অবিনাশ চন্দ্র রায়ের কাছে পাঁচ লাখ ১০ হাজার টাকায় ওই জমি বিক্রি করেন বলে অভিযোগ করেন তিনি।
সত্যরানীর অভিযোগ, গত ১৬ অক্টোবর অবিনাশ চন্দ্র রায়সহ কয়েকজন সহযোগী এবং শতাধিক লোক তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করা হয়। একপর্যায়ে তাঁদের বাড়িঘর থেকে বের করে দিয়ে বসতভিটাটি দখলে নেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার দিনই প্রতিকার চেয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। অথচ পরদিন ১৭ অক্টোবর তাঁর শাশুড়ি সুশীলা রানী তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় মামলা করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই গত ৩ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ তাঁর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন ও দুই ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে তাঁর স্বামী জামিনে মুক্ত হলেও দুই ছেলে এখনও কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সত্যরানী বলেন, “আমরা কোনো অন্যায় সুবিধা চাই না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার ও বসতভিটা ফিরে পেতে চাই।”
এ সময় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে দখল হয়ে যাওয়া বসতভিটা উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এই মুহূর্তে আমি বাইরে আছি। থানায় গিয়ে রেজিস্ট্রার দেখে এ বিষয়ে জানাবো।