ঐতিহাসিক ৭ নভেম্বর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে নেতাকর্মীদের নানা পরামর্শ ও মতামত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১১ পিএম

 ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।




সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় সফলভাবে পালনের লক্ষ্যে নিজ নিজ মতামত, পরামর্শ ও বক্তব্য তুলে ধরেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মহিলা দলের নেত্রীরাও দিবসটির কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন। সভায় ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল ও মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল, মোঃ খালুকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ নাজমুল হুদা জনি, কোষাধ্যক্ষ আনিসুর রহমান বাদশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটি।‌ সভায় জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি, যুবদল, মহিলা দল, তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও তাৎপর্য: বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি আলোচিত ও তাৎপর্যপূর্ণ দিন। ওই বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক বাহিনীর অভ্যন্তরে নানা টানাপোড়েন সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।

ওই সময় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী করা হয়। পরবর্তী সময়ে ৬ নভেম্বর দিবাগত রাত থেকে ৭ নভেম্বরের প্রথম প্রহরে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে বিদ্রোহ ও অভ্যুত্থান শুরু হয়। একপর্যায়ে বন্দীদশা থেকে জিয়াউর রহমান মুক্ত হন। ওই সময়ের ঘটনাপ্রবাহে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ও সমর্থনের বিষয়টিও ইতিহাসে আলোচিত হয়েছে। ‘সিপাহি-জনতা ভাই ভাই’ স্লোগানটি সে সময়ের ঘটনাপ্রবাহের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত।

এই পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার রাজনীতিতে জিয়াউর রহমানের প্রভাব ও অবস্থান আরও দৃঢ় হয়। তবে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের সঙ্গে কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডসহ নানা বিতর্কিত অধ্যায়ও জড়িয়ে রয়েছে। ফলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটির মূল্যায়ন বিভিন্ন রাজনৈতিক দল ও মহলে ভিন্ন ভিন্নভাবে হয়ে থাকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দলটির রাজনৈতিক ব্যাখ্যায়, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

অন্যদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একটি অংশ দিনটিকে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে মূল্যায়ন করে। আওয়ামী লীগসহ ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পক্ষগুলো ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ভিন্ন মূল্যায়ন করে থাকে।দিবসটি পালনে রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি:
উল্লেখ্য, ২০২৬ সালে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারী ঘোষণায় দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির কথা জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭ নভেম্বর ঢাকাসহ দেশের জেলা ও মহানগর পর্যায়ে বর্ণাঢ্য র‍্যালি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের কথা রয়েছে। দিনাজপুর জেলা বিএনপির এই প্রস্তুতি সভাকে আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।



সর্বশেষ সব খবর

চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন । ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২০ এএম

বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন পিকআপের চালক।


সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের একটি টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়। পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে গাড়ির কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।


বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পিকআপে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার কারণও জানা যায়নি।

সর্বশেষ সব খবর

‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০১ এএম

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা ‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হঠাৎ বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তা নেভানোর তৎপরতা শুরু করেন। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যার পর রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্যানুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দুই দিনের ব্যবধানে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নাশকতাকারীরা। এই সময়সীমার মধ্যে রাজধানীতে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


এসব ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও যানবাহনে নাশকতার বিস্তার ঘটেছে। রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যবর্তী সময়ে ঢাকার সাভার, বরগুনা এবং গাজীপুরে পৃথক ঘটনায় আরও পাঁচটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সর্বশেষ সব খবর

রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৯ পিএম

রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে অবস্থিত একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ের ঠিক সামনে। এর কিছুক্ষণ পরই মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।


প্রাথমিক তথ্য অনুযায়ী, অত্যন্ত দ্রুততার সঙ্গে পরপর এসব বিস্ফোরণ ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকের খবরও পাওয়া যায়নি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে রাজধানীতে গত কয়েক দিন ধরে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বাড়তে থাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নগরজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। মালিবাগের ঘটনার আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এর পরপরই ক্যাম্পাসের টিএসসি এলাকা থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হাতেনাতে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা।


এর প্রায় সমসাময়িক সময়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে শিল্পাঞ্চল থানার আওতাধীন সাউথ ইউনিভার্সিটির সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ফার্মগেটের অগ্নিসংযোগ ও সাউথ ইউনিভার্সিটির সামনের বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

সর্বশেষ সব খবর

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৪ পিএম

পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি নির্মাণাধীন ফুটপাতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পার্কিং টাইলসসহ বিভিন্ন নির্মাণসামগ্রীতে নিম্নমানের উপাদান ব্যবহারের বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ফুটপাতের যেসব স্থানে নিম্নমানের টাইলস বসানো হয়েছে, সেগুলো তুলে ফেলার নির্দেশ দেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলছে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩০৬ ফুট দীর্ঘ ড্রেন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছিল।

এ ছাড়া বিদ্যুতের খুঁটি অপসারণ, রাস্তার দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোর কাজে প্রায় ৪২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। রাস্তার এক পাশে ৫ ফুট এবং অন্য পাশে ৩ ফুট প্রশস্ত করে মোট ৩৯৬ মিটার দীর্ঘ ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা।

পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, ফুটপাতে যে টাইলস ব্যবহার করা হচ্ছে, তা মানুষের স্বাভাবিক চলাচলের উপযোগী নয়। অন্যান্য নির্মাণসামগ্রীও যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালু দেওয়া হয়েছে। আমরা চাই, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন করা হোক।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এ কাজের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। আজ সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কাজটি নির্ধারিত তফশিল (সিডিউল) অনুযায়ী হচ্ছে না। ব্যবহৃত টাইলসগুলো নিম্নমানের এবং এগুলোর পুরুত্বও নির্ধারিত মানের তুলনায় কম। এ কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে তফশিল অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পরই পুনরায় কাজ শুরু হবে।

অন্যদিকে, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রমিল সাহা বলেন, কীভাবে তাঁরা কাজটিকে নিম্নমানের বলছেন, তা তিনি বুঝতে পারছেন না। টাইলস তিনি নিজে তৈরি করেন না; বাজার থেকে কিনে এনেছেন। এ বিষয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন।

জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ আরও বলেন, ফুটপাত নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২১ পিএম

পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে  পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঈমান আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন, সদস্য আব্দুল বারী প্রমূখ।


সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। ঈমান আক্বিদা রক্ষা করার জন্য কাজ করছি। কিন্তু তাবলীগের নামে ভুল আক্বিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের বিরোধী হবে। তারা আরও বলেন, সাদ পন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। তারা বলেন, কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা ব্যভিচারী নারী অর্থাৎ বেশ্যা উপার্জন থেকে নিকৃষ্ট। সাদ পন্থীরা ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের নিহত আহত করে ক্ষয়ক্ষতি করেছে।


সাদ পন্থীদের ঈমান বিধ্বংসী কর্মকান্ড হতে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষার জন্য আমরা সাদপন্থীদের এজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, ডিসি, এসপিকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।


তারা বলেন, "আমাদের দাবির পরেও যদি প্রশাসন ইজতেমার অনুমতি দেয় তাহলে জেলার আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তখন এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।"


সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফতে মশলিশ, হেফাজতে ইসলাম ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আগামী ১৯,২০, ২১ নভেম্বর পঞ্চগড় চিনিকল মাঠে তিনদিন ব্যাপী পঞ্চগড় জেলা ইজতেমার আয়োজন চলছে।  ইতোমধ্যে মাঠ সজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আয়োজকর আশা করছেন দেশি-বিদেশিসহ লক্ষাধিক মুসল্লী অংশ নিবেন।

সর্বশেষ সব খবর

চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুট। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে এক ময়লা ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগকারী শফিকুল ইসলাম গাজী কালিয়াকৈরের হাজী মার্কেট এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় বসবাস করে আশপাশের বাসাবাড়ির ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেন।

অভিযুক্তরা হলেন ইসমাইল মণ্ডল (৪২), রাসেল (৩০) ও কবির হোসেন (২৮)। তাদের সবার বাড়ি মৌচাক হাজী মার্কেট এলাকায়। লিখিত অভিযোগে শফিকুল ইসলাম দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা বিএনপির নাম ভাঙিয়ে তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ব্যবসায়িক চাঁদা আদায় করে আসছিলেন। তিনি নিয়মিত চাঁদা দিলেও একপর্যায়ে এর পরিমাণ বাড়িয়ে মাসে ২০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে এলাকায় বসবাস ও ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইসমাইল মণ্ডল তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।

পরে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ইসমাইল মণ্ডলসহ অন্য অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, লোহার রড ও পাইপ নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় শফিকুলকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী মোছা. রুবিনা বেগমকে গালাগাল করা হয়। পরে তার ছেলের স্ত্রী খাদিজা আক্তার সেখানে এলে তাকেও গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার প্রতিকার চেয়ে গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম গাজী। সেখানে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরে বিচার দাবি করেন।

শফিকুল ইসলাম গাজী বলেন, আমি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করি। তারা যে টাকা দেয়, তা দিয়েই সংসার চালাই। এর মধ্যেও ইসমাইলকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা দিয়ে আসছি। এখন সে বিএনপির নাম ভাঙিয়ে ২০ হাজার টাকা করে চাঁদা চায়। দিতে অস্বীকার করায় হামলা চালিয়েছে, ভয়ভীতি দেখাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এটি টাকা-পয়সা নিয়ে একটি ঝামেলা। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত চলমান রয়েছে।

সর্বশেষ সব খবর