• প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫২ পিএম

সমবায়ের মাধ্যমে পুরুষ ও নারীকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, শুধু পণ্য বিপণন নয়, বরং কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমবায় সমিতি গড়ে তুলে দলবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে এলে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা সম্ভব।


রোববার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সমবায়ভিত্তিক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।


এর আগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।


এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


এদিকে, জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানের আগে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় খুন, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসায় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তবে জেলায় আত্মহত্যার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, আত্মহত্যার মতো সামাজিক সংকট মোকাবিলায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজন করতে হবে। পাশাপাশি হতাশাগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এ ধরনের প্রবণতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের প্রায় ছয় মাসের মাথায় অবশেষে সিলেটের বাসিয়া খাল পুনঃ খননের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে কাজ শুরু হয়। প্রথম দিকে এস্কেভেটর মেশিনের সাহায্যে মাটি কাটার কাজ শুরু করা হয়। পরবর্তীতে এই কাজে শ্রমিকদের যুক্ত করা হবে। 


সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন চলতি বছরের ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে দিন তিনি জানিয়েছিলেন, ৪০ কিলো মিটার দীর্ঘ বাসিয়া খালের মধ্যে ২৩ কিলোমিটার পুনঃখনন করা হবে। কাজ শেষ করতে দুই শুকনো মৌসুম লাগবে বলেও জানান তিনি। খাল পুনঃখননের ফলে প্রায় ৮০ হাজার কৃষক উপকৃত হবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। খাল পুনঃখননের পাশাপাশি ২৩ কিলোমিটার জুড়ে ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও কাজ শুরু করতে ছয় মাস বিলম্ব হয়েছে। খালের মাটি পরিমাপ করতে ঢাকা থেকে প্রতিনিধি দলের পরিদর্শনে বিলম্ব হওয়ায় কাজ শুরু হতে প্রায় ছয়মাস সময় লেগেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়াও পানি থাকায় কাজের পরিবেশ ছিল না বলে জানিয়েছেন তারা।


পাউবো সূত্রে জানা গেছে, ২৩ দশমিক ২৫০ কিলোমিটার খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মো. ওলিউল্লাহ জানান, খালের পানি না কমায় এতোদিন কাজ শুরু করা যায়নি। ২৭ অক্টোবর সকালে কাজ শুরু হয়। 


প্রকল্পের দায়িত্বে থাকা সিলেট পানি উন্নয়ন বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিলেট সদর ও বিশ্বনাথ) মো.সেলিম জাহাঙ্গীর জানান, খালের মাটির পরিমাপ করতে ঢাকা থেকে একটি পরিদর্শন দল সিলেটে এসেছেন। তারা রিপোর্ট পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় কাজ শুরু হতে বিলম্ব হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে কাজটি শেষ হয়ে যাবে।


সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সানাউল কাদের খান জানান, ২৩ দশমিক ২৫০ কিলোমিটার বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০ কোটি টাকায় নবারুন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে খনন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা বাসিয়া খাল এলাকায় এস্কভেটর নিয়ে কাজ শুরু হয়েছে। বাসিয়া নদীর পাশ্ববর্তী বাসিন্দা  এম রহমান জানান, সপ্তাহ দেড়েক আগে কাজ শুরু হয়েছে। তবে কাজ ধীর গতিতে চলছে। প্রথমে  হালকাভাবে খনন করা হচ্ছে। পরে পুরোদমে কাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা তাকে জানিয়েছন বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৬ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।


নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো.সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিব সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ অক্টোবর বিকেলে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।


নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।


অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করিনা। বাচ্চার হায়াত শুকিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারপ করিনা। আমরা আল্লার ওপরে নির্ভরশীল,আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।


দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকেরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকেরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকেরা তাকে কোনো সহযোগিতা করেননি।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৮ পিএম

ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ( নিষিদ্ধ)  নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 


সোমবার( ৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় ও ৭০-৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 


উল্লেখ্য গত রবিবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করলে পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানিয়েছে  সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।


পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন,  রাকিব মৃধা (২৫) পিতা- জাহাঙ্গীর মৃধা, রুবেল মৃধা (৩০) পিতা- জাহাঙ্গীর মৃধা, মিল্টন হাওলাদার (২০) পিতা- মজিবুর রহমান,সেলিনা বেগম (৫৫) স্বামী- নূর মোহাম্মদ,সোহেল হাওলাদার (২৭) পিতা- মজিদ হাওলাদার,রাশেদ মৃধা পিতা- মৃত মালেক মৃধা, শহিদুল ইসলাম (২৮) পিতা- মোবারক খলিফা।ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।


নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মূল আসামীসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৯ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের রায়হান নামে এক যুবক সম্প্রতি গেলেন মহাদেবপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। দাতা-গ্রহিতার নাম দিয়ে পুরোনো দলির খোঁজবেন তিনি। ওই অফিসের নকল নবিশ আবু বক্কর সিদ্দিক দলিলটি খোঁজার দায়িত্ব নিলেন। প্রতিবছর খোঁজার বিনিময়ে তিনশ’ টাকা অগ্রিম নিলেন তিনি। এরপর অফিস থেকে ইনডেক্স খুঁজে দলিলটির তথ্য বের করলেন।


নাম প্রকাশ্যে অনিচ্ছুক আর এক যুবক একটি দলিলের জাবেদা নকল তুলতে গেলেন ওই অফিসে। জাবেদা নকল সরবরাহের দায়িত্ব নিলেন আরেক নকল নবিশ আতিকুর রহমান (বড়)। ওই দলিলের জাবেদা নকল সরবরাহের জন্য তিনি চাইলেন দুই হাজার দুইশ’ টাকা। নির্ধারিত সময়ে তিনি সেটি সরবরাহও করলেন। কিন্তু জাবেদা নকলের পিছনের পাতায় জাবেদা বাবদ মোট চারশ’ ৯০ টাকা নেয়া হয়েছে বলে সরকারি সীলমোহরে লেখা ছিল।


সাব রেজিস্ট্রারের নিকট একজন সাংবাদিক তথ্য অধিকার আইনে জানতে চান, তল্লাশি ও জাবেদা নকল বাবদ কত টাকা করে নেয়া হয়। সাব রেজিস্ট্রার উত্তরে জানালেন, তল্লাশি ফি কুড়ি টাকা করে নেয়া হয়, সে টাকা চালানে জমা দেয়া হয়। আর জাবেদা নকল বাবদ বিভিন্ন দলিলে বিভিন্নরকম খরচ নেয়া হয়। খরচের হিসাব আইনে নির্ধারিত রয়েছে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে সম্প্রতি বদলী হওয়া ওই সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু হতে পারে। তবে অভিযোগ হলে সে বিষয় খতিয়ে দেখা হবে।


সংশ্লিষ্টরা জানান, প্রতিটি দলিলের জাবেদা নকল সরবরাহের আগে ইনডেক্স তল্লাশি করে নিশ্চিত হতে হয়। সেই তল্লাশি বাবদ সরকারি ঘরে কুড়ি টাকা করে জমা দেয়া হয়। কিন্তু কেউ পুরাতন দলিল তল্লাশি করতে চাইলে বছর প্রতি যে তিনশ’ টাকা করে নেয়া হয়, তার এক টাকাও সরকারি কোষাগারে জমা দেয়া হয়না। প্রতিবছর কয়েক হাজার দলিল তল্লাশি বাবদ লক্ষ লক্ষ টাকা নিয়ে সম্পূর্ণটাই আত্মসাত করা হয়। অপরদিকে জাবেদা নকল বাবদ নেয়া অতিরিক্ত টাকাও আত্মসাত করা হয়। এই দুধরনের কাজের সাথেই জড়িত এই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত নকল নবিশরা। মোট ৩৫ জন নকল নবিশের নেতৃত্ব দেন আতিকুর রহমান (বড়) ও আবু বক্কর সিদ্দিক। রেজিস্ট্রি করা দলিল থেকে বালাম বইয়ে নকল করা তাদের মূল কাজ। প্রতি পৃষ্ঠা নকল করা বাবদ নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন তারা। কিন্তু তল্লাশি আর জাবেদা নকল সরবরাহ বাবদ অবৈধভাবে নেয়া টাকা দিনশেষে ভাগবাটোয়ারা করে নেন। অফিসের কেউ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়। আতিকুর কোন বালাম বই না লেখলেও ভূয়া বিল উত্তোলন করেন বলেও অভিযোগ রয়েছে। তাকে দিনের বেশিরভাগ সময় বালাম বই না লিখে অফিসের বিভিন্ন কাজে মধ্যস্থতা করতে দেখা যায়।

স্থানীয়দের দাবি এই চক্রের তৎপরতা বন্ধ করে সরকারিমূল্যে সাধারণ জনতার সেবা নিশ্চিত করা ও এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।


জানতে চাইলে আতিকুর রহমান বলেন, তারা কোন অতিরিক্ত টাকা গ্রহণ করেন না। সাব রেজিস্ট্রারের নির্দেশমত তিনি অন্যান্য কাজ করে থাকেন। আবু বক্কর সিদ্দিক পুরোনো দলিল তল্লাশি বাবদ নেয়া তিনশ’ টাকা করে সরকারি কোষাগারে জমা না দেয়ার কথা স্বীকার করেন। 


সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মহাদেবপুরের আগের সাব রেজিস্ট্রার রফিকুল ইসলামকে বদলী করার পর আত্রাই উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বার বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফোন রিসিভ করেননি নওগাঁ জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলামও।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১৪ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে সিলেট প্রেসক্লাবে। এ  উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট প্রেসক্লাব এর উদ্যোগে আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন  সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।  


এ সময় তিনি বলেন, “আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবস অত্যন্ত গুরুত্বপুর্ণ দিন। এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলেন। ৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দল মিলে সংসদকে কার্যকর করে দেশকে গণতন্ত্র ও অর্থনীতিতে সমৃদ্ধশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।


সিসিক প্রশাসক আরো বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা সেনানিবাসের বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেন। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ করেন এবং বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হন।


তিনি বলেন, বিগত ১৭ বছর এই ইতিহাস চাপা পড়ে গিয়েছিল। এখন থেকে এগুলো সামনে নিয়ে আসতে হবে, যাতে করে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়।


সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন-নূরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেট মিরর এর প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, ক্লাবের কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য এম এ মতিন, সেলিম আউয়াল, মুহিত চৌধুরী ও সাকিব আহমদ মিটু।


উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মো. দুলাল হোসেন, শেখ আব্দুল মজিদ, একে কাওছার, মো. তাজুল ইসলাম, সহযোগী সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম। সভা  পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ মেহেদী।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৭ পিএম

পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগম (৭০) অবশেষে ফিরে গেলেন আপন ঠিকানায়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন তিনি।


রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসে তাঁকে যশোরের ঝিকরগাছায় পাঠানো হয়। এর আগে তাঁকে নিতে ঝিকরগাছা থেকে কলাপাড়ায় আসেন তাঁর প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)। তাঁরা দুজনই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন জানান, পরিচিত একজনের মাধ্যমে শানু বেগম তাঁর কাছে আসেন। প্রথমদিকে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে নিজ ঠিকানায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সর্বাত্মক সহযোগিতা করেছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ‘পাশে দাঁড়াই’স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পরিচয় শনাক্ত,থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


উল্লেখ্য : ঠিকানাহীন কুলসুম ওরফে শানু বেগমকে গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত  ৯ দিন ব্যাপী পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছিল। এর আগে ১৭ দিন পূর্বে তিনি বাড়ি থেকে সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার কথা বলে হারিয়ে যান। 

সর্বশেষ সব খবর