ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ৫:০৪ পিএম

রাজশাহীর পুঠিয়ায় একটি স্কুলের জমির দাতা তার ছেলে ও ছেলের বউকে চাকরি না দেওয়ার অভিযোগ তুলে বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগিয়ে দিয়েছেন। একই সঙ্গে শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশ দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন তিনি। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাতা সদস্য আজাদ আলী লোকজন নিয়ে গিয়ে এসব করেন। বিদ্যালয়টির নাম ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’।


স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেলেও নিয়মিত পাঠদান চলছে। শনিবার হঠাৎ আজাদ আলী লোকজন নিয়ে এসে বিদ্যালয়ের প্রধান ফটকে বাঁশের বেড়া দেন এবং মাঠে কলাগাছ লাগান। শিক্ষকদের কার্যালয়েও তালা লাগিয়ে দেওয়া হয়। এতে বিদ্যালয়ের নলকূপের পানি ব্যবহারেও সমস্যায় পড়েছেন।


২০১৫ সালে পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। এখানে প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ের জন্য রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং মাধ্যমিক পর্যায়ের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের স্থাপনের অনুমতি রয়েছে।


দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয়। পরে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সিদ্ধান্তে প্রতিষ্ঠানের নাম ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ করা হয়। দাতা সদস্য আজাদ আলী নিজেই নাম পরিবর্তনের প্রস্তাব করেছিলেন বলে প্রতিষ্ঠানের রেজুলেশনে উল্লেখ রয়েছে। বিদ্যালয়টি ২০২৪ সালের ১১ ডিসেম্বর পাঠদানের অনুমতি পায়। 


বর্তমানে নিম্নমাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে অষ্টম, নবম ও দশম শ্রেণি চালুর কথা রয়েছে। এরপর উচ্চমাধ্যমিক পর্যায় চালুর পরিকল্পনা রয়েছে।


দাতা সদস্য আজাদ আলীর ভাষ্য, সেখানে টেকনিক্যাল কলেজ করার কথা ছিল। তার ছেলে ও ছেলের বউকে চাকরি দেওয়ার কথা থাকায় তিনি জমি দিয়েছিলেন। কিন্তু তার ভাষ্য অনুযায়ী, ওই নামে প্রতিষ্ঠান করা হয়নি এবং তার ছেলের বউকেও চাকরি দেওয়া হয়নি। এ কারণে তিনি বিদ্যালয়ে তালা লাগিয়ে মাঠে কলাগাছ লাগিয়েছেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী নিঃশর্তভাবে প্রতিষ্ঠানকে জমি দান করেছিলেন। ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর অনুমতি দিয়েছিলেন। পরে স্থাপনা নির্মাণের পর প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি করার সময় তিনি ভোকেশনাল শাখায় তার ছেলের এবং কলেজ শাখায় ছেলের বউয়ের চাকরি দাবি করেন।


প্রধান শিক্ষক বলেন, কমিটি তার দাবিতে সম্মতি দিয়েই জমি রেজিস্ট্রি করে নেয়। আনুষ্ঠানিকভাবে কলেজ শাখা চালু হতে দেরি হওয়ায় আজাদ আলীর ছেলের বউকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়। চাকরিরত অবস্থায় তিনি ২০২২ সালে মারা যান।


এরপর আজাদ আলী তার ছেলের দ্বিতীয় বিয়ের পর পুত্রবধূকে মাধ্যমিক শাখায় কেরানি পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। কমিটি তাতেও সম্মতি দেয়। পরে তিনি তার ছেলের জায়গায় অন্য একটি পদ দাবি করেন এবং কমিটি তাতেও সম্মত হয় বলে জানান প্রধান শিক্ষক। এসব বিষয়ে প্রতিষ্ঠানের রেজুলেশন রয়েছে বলেও তিনি দাবি করেন।


সেলিম রেজা আরও বলেন, এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আজাদ আলী রাজশাহীর আদালতে মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, যে নামে প্রতিষ্ঠান করার জন্য জমি দিয়েছিলেন, সেই নামে প্রতিষ্ঠান করা হয়নি। মামলাটি বর্তমানে চলমান।


বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভালুকগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে এবং নিয়মিত পাঠদান চলে। গত মাসের ১০ তারিখে রাজশাহী শিক্ষা বোর্ড নতুন ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দিয়েছে। এভাবে বিদ্যালয় বন্ধ করা যায় না।


পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, আজাদ আলী জমি দান করেছেন এবং দলিলের মাধ্যমে জমিটি এখন স্কুলের নামে রয়েছে। এই দলিল শুধু আদালতের মাধ্যমে বাতিল করা সম্ভব। যতক্ষণ দলিল বহাল আছে, ততক্ষণ বিদ্যালয়ে তালা ঝোলানো বা গাছ লাগানোর সুযোগ নেই।


ইউএনও বলেন, জমি ফেরত নিতে হলে আদালতের রায় নিতে হবে। বিদ্যালয়ের মাঠ থেকে কলাগাছ সরানো এবং তালা খোলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৮ পিএম

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।


ইমদাদুল হক লিমনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের নেতা হয়েও নিজ দলের নেতাকর্মীদের ওপর এভাবে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।


পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১১ পিএম

রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব।


বুধবার (২৫ নভেম্বর) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিবছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।


সকালে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। পরে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।


আয়োজকদের দাবি, পাঁচ দিনব্যাপী এ উৎসবে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। উৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৬ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।


বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।


উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৭ পিএম

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম দিবস দুটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় দিবসগুলোর গুরুত্ব ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।


শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুশীলন করাতে হবে এবং তাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিয়ে আসতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দিবস উদযাপনে শুধু দাপ্তরিক অংশগ্রহণ নয়, পরিবারের সদস্যদের নিয়েও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। দিনব্যাপী গৃহীত কর্মসূচীতে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি।


জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে জেলা প্রশাসক বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে যেন ছেঁড়া কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা না হয়। প্রয়োজন অনুযায়ী বছরে এক বা দুইবার পতাকা পরিবর্তনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেমের চর্চা ও জাতীয় চেতনাকে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। এ সময় তিনি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সর্বজনীন পেনশন মেলায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।


সভায় উপস্থিত দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এসব জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও তাৎপর্য সুন্দরভাবে তুলে ধরতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার ইতিহাস, দেশপ্রেম এবং জাতীয় চেতনার বীজ বপনের ওপর তিনি গুরুত্ব দেন।


রাজনৈতিক প্রসঙ্গে তিনি দেশের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অতীতের রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব ঘটনার সমালোচনা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়ীত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, স্বাধীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি সবার। তাই আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে যথাযথভাবে তুলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়ীত্ব পালন করতে হবে।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকারম হোসেন, সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মনজুর মোর্শেদ সুমন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং মহান বিজয় দিবসের গৌরব ও চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৬ পিএম

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে মোট ১১৮টি কারখানা বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেল দুই পুলিশ সদস্য ও চার আনসার সদস্য আহত হয়েছেন।


‘এ ছাড়া মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক’, বলেন তিনি।


Imageগাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন  বলেন, ৩৫ পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিকদের বিক্ষোভের জেরে আরও ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার-আশুলিয়ায় বন্ধ ৮৫ কারখানা


এদিকে, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ৬০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টিসহ বিভিন্ন ধারায় মোট ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।


আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া  এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে দুপুর ২টা পর্যন্ত মোট ৬০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


অন্যদিকে, আজ সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন  বলেন, বহিরাগত শ্রমিকরা পাশের একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।এ ছাড়া সকালে জামগড়া এলাকায় শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম।


একটি কারখানার শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। বাজারে জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করা হয়নি। এ কারণেই শ্রমিকরা আজও কারখানায় কাজ না করে আন্দোলন করছেন।’


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু  বলেন, ‘শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বৃদ্ধি হয়নি। এ ছাড়া ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। গেজেট প্রকাশ হলে মূল বেতন কত বাড়ল এবং বার্ষিক ইনক্রিমেন্ট কত শতাংশ হবে, তা জানা যাবে। এসব বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে সন্দেহ ও অসন্তোষ তৈরি হয়েছে। অন্তত ১০টি কারখানার শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই অসন্তোষ প্রকাশ করেছেন।


নারায়ণগঞ্জে ৩ কারখানায় ছুটি ঘোষণা


নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে ছুটি ঘোষণা হয়।


নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক  বলেন বলেন, আজ বিসিক ও পঞ্চবটি এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানিয়েছেন তারা। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি।


‘শ্রমিকদের পরে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়’ বলে তিনি।


এ ছাড়া নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমইএ ভবনের সামনে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।


এ বিষয়ে আনোয়ারুল হক বলেন, শ্রমিকরা তাদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।


বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন  বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বাড়ানোর দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।নিহত মো. টমাস উদ্দিন (৩৫) উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাসের ফেসবুক আইডিতে (Md Tomas Uddin) তিনি নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি আছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান উপজেলার চৌকা এলাকায় বেলা আড়াইটার দিকে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ওই এলাকার একটি খেতের পাশে কলাগাছের তলায় নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন তিন–চারজন। পরে তাঁরা পালিয়ে যান।


ওসি মতিউর রহমান আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। আমরা শুনেছি, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একজন কর্মী। তবে তাঁর সাংগঠনিক পরিচয় বিস্তারিত তদন্তের বিষয়। তাঁর সঙ্গে আরও দুই-তিনজন থাকতে পারেন। যে বিস্ফোরক তাঁরা তৈরি করছিলেন, সেটা নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়; খারাপ উদ্দেশ্য নিয়েই তৈরি করছিলেন বলে আমাদের ধারণা।’

সর্বশেষ সব খবর