চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।নিহত মো. টমাস উদ্দিন (৩৫) উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাসের ফেসবুক আইডিতে (Md Tomas Uddin) তিনি নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি আছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান উপজেলার চৌকা এলাকায় বেলা আড়াইটার দিকে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ওই এলাকার একটি খেতের পাশে কলাগাছের তলায় নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল বানাচ্ছিলেন। বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন তিন–চারজন। পরে তাঁরা পালিয়ে যান।
ওসি মতিউর রহমান আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। আমরা শুনেছি, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একজন কর্মী। তবে তাঁর সাংগঠনিক পরিচয় বিস্তারিত তদন্তের বিষয়। তাঁর সঙ্গে আরও দুই-তিনজন থাকতে পারেন। যে বিস্ফোরক তাঁরা তৈরি করছিলেন, সেটা নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়; খারাপ উদ্দেশ্য নিয়েই তৈরি করছিলেন বলে আমাদের ধারণা।’
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম দিবস দুটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় দিবসগুলোর গুরুত্ব ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুশীলন করাতে হবে এবং তাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিয়ে আসতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দিবস উদযাপনে শুধু দাপ্তরিক অংশগ্রহণ নয়, পরিবারের সদস্যদের নিয়েও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। দিনব্যাপী গৃহীত কর্মসূচীতে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি।
জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে জেলা প্রশাসক বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে যেন ছেঁড়া কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা না হয়। প্রয়োজন অনুযায়ী বছরে এক বা দুইবার পতাকা পরিবর্তনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেমের চর্চা ও জাতীয় চেতনাকে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। এ সময় তিনি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সর্বজনীন পেনশন মেলায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
সভায় উপস্থিত দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এসব জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও তাৎপর্য সুন্দরভাবে তুলে ধরতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার ইতিহাস, দেশপ্রেম এবং জাতীয় চেতনার বীজ বপনের ওপর তিনি গুরুত্ব দেন।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি দেশের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অতীতের রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব ঘটনার সমালোচনা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়ীত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি সবার। তাই আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে যথাযথভাবে তুলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়ীত্ব পালন করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকারম হোসেন, সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মনজুর মোর্শেদ সুমন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং মহান বিজয় দিবসের গৌরব ও চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে মোট ১১৮টি কারখানা বন্ধ রয়েছে। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।আজ বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেল দুই পুলিশ সদস্য ও চার আনসার সদস্য আহত হয়েছেন।
‘এ ছাড়া মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক’, বলেন তিনি।
Imageগাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ৩৫ পোশাক কারখানা বন্ধ রয়েছে। আজ শ্রমিকদের বিক্ষোভের জেরে আরও ২০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাভার-আশুলিয়ায় বন্ধ ৮৫ কারখানা
এদিকে, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ৬০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টিসহ বিভিন্ন ধারায় মোট ২৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের কারণে দুপুর ২টা পর্যন্ত মোট ৬০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, আজ সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, বহিরাগত শ্রমিকরা পাশের একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।এ ছাড়া সকালে জামগড়া এলাকায় শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
একটি কারখানার শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। বাজারে জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ করা হয়নি। এ কারণেই শ্রমিকরা আজও কারখানায় কাজ না করে আন্দোলন করছেন।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকদের কাঙ্ক্ষিত মজুরি বৃদ্ধি হয়নি। এ ছাড়া ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি। গেজেট প্রকাশ হলে মূল বেতন কত বাড়ল এবং বার্ষিক ইনক্রিমেন্ট কত শতাংশ হবে, তা জানা যাবে। এসব বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে সন্দেহ ও অসন্তোষ তৈরি হয়েছে। অন্তত ১০টি কারখানার শ্রমিকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই অসন্তোষ প্রকাশ করেছেন।
নারায়ণগঞ্জে ৩ কারখানায় ছুটি ঘোষণা
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আন্দোলনের কারণে ফারিহা নীটেক্স লিমিটেড, এনআর গ্রুপ ও রিবলাইন লিমিটেডে ছুটি ঘোষণা হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন বলেন, আজ বিসিক ও পঞ্চবটি এলাকায় তিনটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের দাবি, সিনিয়র ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নয়ন এবং ছুটির সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। দীর্ঘদিন একই গ্রেডে থাকা শ্রমিকদের গ্রেড পরিবর্তনের দাবিও জানিয়েছেন তারা। তবে আন্দোলনকে কেন্দ্র করে কোনো সমস্যা হয়নি।
‘শ্রমিকদের পরে বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়’ বলে তিনি।
এ ছাড়া নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমইএ ভবনের সামনে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে আনোয়ারুল হক বলেন, শ্রমিকরা তাদের বকেয়া সার্ভিস বেনিফিটের দাবিতে অবস্থান করছেন। কারখানা বন্ধ থাকায় মালিকপক্ষের কেউ সেখানে নেই। তবে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন বলেন, মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণায় শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এই মজুরি বাস্তবসম্মত হয়নি। এটা অগ্রহণযোগ্য। বাস্তবতা বিবেচনায় নিয়ে এই মজুরি পুনর্মূল্যায়ন করে আরেকটু বাড়ানোর দাবি করছি। তবে আমরা কোনো বিশৃঙ্খলার পক্ষে নেই।
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না এবং এই নির্দেশনা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। ঘোষণায় নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানার ঘোষণাও দেন তিনি।
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে; পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ উদ্যোগটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।
নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে মানবাধিকার সংগঠন অধিকার।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অধিকার নোয়াখালী শাখার ডিফেন্ডার ও সাংবাদিক আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আব্দুর রহিম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, আব্দুর রহিম বাবুল, মাহবুবুর রহমান, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন, এস এম রিজোয়ান, জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুন, অ্যাডভোকেট মো. সিরাজ, অ্যাডভোকেট রোজিনা আক্তার, সাংবাদিক সিরাজ উদ্দিন শাহিন, ফজলুল কাদের রাজু, আজিজ আহমেদ, শহর যুবদলের সদস্যসচিব মোস্তাক আহমেদ স্বপন, ভোক্তা অধিকার নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, যুবশক্তির জেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ও অধিকারের ডিফেন্ডার মনিরুজ্জামান মনিরসহ অনেকে।
পরে প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমার দেশ-এর নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকারের ডিফেন্ডার আজাদ ভূঁইয়া। সভায় সংহতি জানান নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ, অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু, অ্যাডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া এবং সাংবাদিক আলাউদ্দিন শিবলু, জুয়েল রানা লিটন, গোলাম কিবরিয়া রাহাত, নাসিম শুভ, দিদারুল আলম ও আবু রায়হান সরকার।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
অধিকারের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।
কর্মসূচি থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০-এর কার্যকর প্রয়োগ এবং ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু আইন প্রণয়ন নয়, আইনের যথাযথ প্রয়োগ এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের মালিকানাধীন প্লাটিনাম আবাসন কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের এলাকায় কোম্পানিটির সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এসময় বিক্ষুব্ধ কৃষকরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, ফরটিস গ্রুপের মালিকানাধীন প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে তাঁদের কাছ থেকে জমি কিনেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিয়েছে। পাশাপাশি জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না তাঁরা। জমিতে যেতে চাইলে নানা ধরনের মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন কৃষকরা। পাশাপাশি জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না তাঁরা। জমিতে যেতে চাইলে নানা ধরনের মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন কৃষকরা।প্রশাসনের কাছে প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেয়ার দাবি জানায় এলাকাবাসী।
বিক্ষুব্ধ কৃষকরা এ সময় পাঁচ দফা দাবি জানান। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল সৃজনের অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা।
মানববন্ধনে রাখেন, ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ আরও অনেকে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসব প্রকল্পের মধ্যে চট্টগ্রাম নগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন এবং চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।
স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্পের সংশোধন। এ ছাড়া জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও অনুমোদিত প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে দুটি নতুন। এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। অন্যদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনও অনুমোদন পেয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লি বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লি বিদ্যুতের বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাত প্রকল্প
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
প্রকল্পগুলো হলো—
১. চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।
২. বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প (এফআরইএপি)।
৩. কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগারে রূপান্তর প্রকল্প।
৪. ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প।
৫. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প।
৬. ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ-এর সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
৭. পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।