গাজীপুরের টঙ্গীতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের টার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বেলা ১২ টা ৫৫ মিনিটের দিকে টঙ্গী এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা ২৭ এলাকার মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বললেন,বিক্ষুব্ধ শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে,বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।এ সময় তিনি জানান উত্তেজনাকর পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় বেশ কিছু পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
এর আগে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় টঙ্গীর বিভিন্ন এলাকার ৫৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে কারখানাগুলো ছুটি ঘোষণা শুরু হয়। দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে টঙ্গীর গাজীপুরা, সাতাইশ, খরতৈল, বাগানবাড়ী, রাজনগর, তিলারগাতি, দাঁড়াইল, মুদাফা, ভাদাম ও মিলগেট এলাকার কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, আন্দোলনরত শ্রমিকদের চাপ এবং বহিরাগত ও অন্য কারখানার শ্রমিকদের আক্রমণের আশঙ্কায় শ্রমিকদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি ঘোষণা করা উল্লেখযোগ্য কারখানাগুলোর মধ্যে রয়েছে টি জে সোয়েটারস লিমিটেড, বেইস ফ্যাশন লিমিটেড, এস এম পি সোয়েটারস, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হান্ডি ক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান (মাসকো জি-১ ও জি-২, মাসকো কটন সেম্পল, মাসকো পিকাসো, মাসকো কনসেপ্ট নিটিং, মাসকো শান্তা এক্সপ্রেশন), বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, সান ছিড়ি বডি ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জেকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, ইস্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন এবং নিট বাজার।
ঠাকুরগাঁও সদর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫) পালিয়ে যান।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার সময ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ছিলেন পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছেন।
খবর পেয়ে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮ টায় মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজু ইসলামকে ধরে ফেলে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পালিয়ে যাওয়া অপর ব্যক্তি তার স্ত্রী রুমা আক্তার বলে নিশ্চিত করেন।
রাত ৮টা ১০ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।তার ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪০ পিস (ওজন ৪ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন (আনুমানিক মূল্য ১২ হাজার টাকা) ও সিমসহ একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।
আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা।তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির (শাহাপাড়া নতুন ব্রিজ সংলগ্ন) বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।ওসি, ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
পঞ্চগড় শহরের যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বানিয়া পট্টি থেকে সিনেমা হল রোড পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। পাশাপাশি শহরের যান চলাচল আরও সহজ, স্বাভাবিক ও গতিশীল হবে।
তিনি আরও বলেন, সড়কটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। শহরের যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুবিধা বৃদ্ধিতেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন হলে পঞ্চগড় শহরের যান চলাচলে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চারজন নেতা–কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে গতকাল বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালায় একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ধ্যা থেকে জামায়াতের চারজন নেতা–কর্মীর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন একদল মুখোশধারী তাঁদের ওপর গুলি চালায়। ঘটনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে এসব বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
তবে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা দাবি করেছেন, তাঁরা এলাকায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আওয়ামী লীগ–সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। মূলত পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।
জানতে চাইলে বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’
এদিকে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা–অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।
তবে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই সব হয়েছে। একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলি ও অগ্নিসংযোগের দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।
নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের সঙ্গে লালপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা।
লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ নিজ নিজ এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২ হাজার ৪৩ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৭ দশমিক ৫৩ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁরা বিভিন্ন বিষয়ের মোট ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন।
আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই শেষে ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আনা হয়। অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে প্রায় সাড়ে সাতজনের ফলাফলে পরিবর্তন এসেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। বিভিন্ন বিষয়ের ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে। যাচাই শেষে ২ হাজার ৪৩ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।
পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত মাধ্যমে নিজেদের সংশোধিত ফলাফল জানতে পারবেন।
আন্তর্জাতিক মানের বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) টিম। পরিদর্শনকালে বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়ন এবং গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি দল। বিশেষ করে বন্দরের নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোনের মাধ্যমে নজরদারি, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী মহড়ার প্রশংসা করেন তাঁরা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চলে। পরে রাতে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
পরিদর্শনকালে মার্কিন প্রতিনিধি দল বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা (অ্যাকসেস কন্ট্রোল), বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখে। এ সময় বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের নিরাপত্তা কাঠামো, আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি এবং গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দলকে অবহিত করা হয়।
বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের আইপিএস টিম চট্টগ্রাম বন্দরের আইএসপিএস কোড প্রতিপালনে উচ্চমাত্রার মান বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারে নেওয়া কার্যকর পদক্ষেপের প্রশংসা করে। বন্দরের নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোন সার্ভিল্যান্স বা নজরদারি ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী অনুশীলন নিয়ে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন তাঁরা।
প্রতিনিধি দল জানায়, বিভিন্ন দেশের আন্তর্জাতিক বন্দর পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়নে যে গুরুত্ব, আন্তরিকতা, অগ্রগতি ও ধারাবাহিকতা দেখা গেছে, তা বিশ্বের অনেক বন্দরের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইএসপিএস কোড যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কোডের আওতায় বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ এ বন্দরের ওপর নির্ভরশীল। জাতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় রাখতেও বন্দরের নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন ও আইএসপিএস কোড প্রতিপালনের ফলে পূর্ববর্তী আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনেও চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছিল। অর্থাৎ পরিদর্শনে উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঘাটতি চিহ্নিত হয়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপিএস কোডের ধারাবাহিক প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।