সাগরে ঘূর্ণিঝড়।
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে।
সবকিছু অনুকূলে থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৬.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী (বাঁয়ে) এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি বলেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।
মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, পরবর্তীতে তিনি ২৫ জুলাই ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।
রাষ্ট্রপতি বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিলো দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।
রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূল্য সংযোজন করে (ভ্যাট) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। মাসটিতে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর। এতে বলা হয়, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪৭ শতাংশ।
তবে অক্টোবর পর্যন্ত নির্ধারিত ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এলটিইউ, ভ্যাট। এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।
লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হলেও আগের মাসগুলোতে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধির পর অক্টোবরের এ সাফল্য রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এলটিইউ, ভ্যাটের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে আদায় হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। পরের ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবরে আদায় দাঁড়ায় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে আদায় হয় ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা।
অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগের মাসগুলোতে রাজস্ব আদায়ে ৩০ শতাংশের বেশি ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল। এমন পরিস্থিতিতে অক্টোবর মাসে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে রাজস্ব আদায় আগের কয়েক বছরের একই মাসের রেকর্ড ছাড়িয়েছে। ফলে গত কয়েক বছরের অক্টোবর মাসের রাজস্ব আদায়ের রেকর্ড ছাড়িয়েছে এলটিইউ, ভ্যাট।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত
ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে কোনও শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনও আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক শর্ত দেয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেয়ার কিছু নেই।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি। ছবি: সংগৃহীত
ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই। এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত কয়েক দিনে সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদাপোশাকে অভিযান পরিচালনা করছে।
অপরাধী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। গত কয়েক দিনে খুলনায় এসআরবির একাধিক অভিযান সফল হয়েছে, যদিও সব অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ চলছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কোনো অপরাধ সংঘটনের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি বলেন, এসআরবির মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোলও চলছে।
তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে কোন কোন সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, তা বিশ্লেষণ করে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ওই সময়গুলোতে মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতেও নজরদারি চালানো হচ্ছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে সংস্থাটির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এত চেকপোস্ট ও টহল থাকার পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে—এমন প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, পুরো ঢাকা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় শহর। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত