এনসিপির ফেসবুক ভিডিও থেকে নেওয়া
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনায় বাড়ির একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১২টা ১৮ মিনিটে ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।
পুলিশ জানায়, টিনশেড যে ঘরটিতে আগুন লেগেছে সেটি নুসরাত তাবাসসুমের দাদার তৈরি। সেখানে কেউ বসবাস করতেন না। ঘরটি মূলত গরু-ছাগল পালন ও পশুখাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। সেখান থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের মা-বাবা ও পরিবারের সদস্যরা থাকেন।
এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে এনসিপি।
গতকাল রাতে ঘটনার পর এক ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানান নুসরাত তাবাসসুম। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’
পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে জানতে চাইলে ওসি খালেদুর রহমান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
রুমিন ফারহানার সঙ্গে ওসির বাদানুবাদের দৃশ্য। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
ঘটনায় হামলাকারীদের বিচার ও কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
এম ভি দ্যা অ্যাংকর
এসপি জাহাংগীর। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নজরদারিতে রাখা হয়েছে। তার ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল জব্দ করা হয়েছে। এসপি জাহাঙ্গীরকে আটকের খবরও পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানালেন, এখনো আটক করা হয়নি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নাম প্রকাশে অনাগ্রহী জেলা পুলিশের এক কর্মকর্তা জানালেন, ডিএমপির গোয়েন্দা ইউনিটের একটি টিম নগরীর হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীরকে নিজের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে ওই কর্মকর্তা জানালেন।
জানতে চাইলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী প্রতিনিধিদেরকে বললেন, ‘জাহাঙ্গীর আমার অধীনস্থ ডেপুটি কমান্ড্যান্ট। সে আটক কিংবা গ্রেপ্তার হলে তো আমি সবার আগে জানব। আমি নিশ্চিত করছি, তাকে আটক-গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে গতকাল (মঙ্গলবার) তার দুইটা মোবাইল সিজ করা হয়েছে।’
অভিযোগ কী জানতে চাইলে তিনি বললেন, ‘অভিযোগের বিষয়ে এক লাইন, এক শব্দও বলতে পারব না।’ জাহাঙ্গীর আলম এখন কোথায় আছেন জানতে চাইলে ডিআইজি বললেন, ‘যেখানে থাকার কথা সেখানেই আছেন। শুধুমাত্র মোবাইল দুইটা আমাদের হেফাজতে রাখা হয়েছে।’
এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন।
ওসি জানান, গ্রেপ্তারের পর ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। দ্রুত তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হবে।
এর আগে ঘটনার পর থেকে ইমন ও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশীদের দাবি, ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে দেখা যায়নি।
গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বড় মসজিদ গলিতে নিজ বাসার প্রবেশপথে হামলার শিকার হয় এক স্কুলছাত্রী। বিদ্যালয় থেকে বাড়ি ফিরে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর দ্রুত তাকে জরুরি বিভাগ থেকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। রোগী বর্তমানে আশঙ্কামুক্ত। হামলার দৃশ্য আশপাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন ইমন। বিষয়টি অভিভাবক পর্যায়ে জানানোর পর কিছুদিন বিরক্ত করা বন্ধ রাখলেও সোমবার তার মেয়ের ওপর হামলা চালানো হয়। কিশোরীর মায়ের দাবি, হত্যার উদ্দেশ্যেই ছুরি দিয়ে আঘাত করেছে অভিযুক্ত।
ইমন কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কুষ্টিয়া শহরের মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন লিলি গার্ডেন নামের একটি ভবনে মায়ের সঙ্গে বসবাস করে সে।
সিলেটে রনজিত অনুসারিদের ঝটিকা মিছিল, গ্রেফতার তিন জন। ছবি: সংগৃহীত
সিলেট মহানগরীর টিলাগড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।
পাশাপাশি ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো, পোড়া টায়ারের অংশ এবং বিস্ফোরিত ককটেলের উদ্ধার করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তারা সিলেট মহানগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সুত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটা জব্দ করা হয়।
এদিকে,গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তারা ওই মিছিলে অংশ নেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, ‘উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানার মামলা নং- ১৩, তারিখ- ১০/১১/২০২৬ খ্রিঃ, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারা এবং তৎসহ The Explosive Substances Act, 1908-এর ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।