• প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫০ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের টঙ্গীতে ৩৫ টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে গাছা এলাকার শ্রমিকদের একটি দল টঙ্গী এলাকায় প্রবেশ করে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও হইচই শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে হোপলুন অ্যাপারেলস লিমিটেড ও সেটান নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা ছুটি ঘোষণা করে।


পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের বিভিন্ন পোশাক কারখানার সামনে গিয়ে বিক্ষোভ ও হইচই শুরু করেন। এতে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হোপলুন অ্যাপারেলন্স লিমিটেড,মাসকো কটন লিমিটেড,স্যাটান নীট ইন্ডাস্ট্রিস লিমিটেড,বেইস ফ্যাশন,কাই অ্যালুমিনিয়াম, ই এইচ ফেব্রিক,জি জে ক্যাপস,ঐশী ফ্যাশন লিমিটেড,তানাজ ফ্যাশন,ভিয়েলাটেক্স,  সেটান ২, দেওটি ফ্যাশন,জিজে ফ্যাশন,ডেনিম ফ্যাশন,এস এস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড,লুজিন ফ্যাশন লিমিটেড,কটন ক্লথিং লিমিটেড,মাসকো এমব্রয়ডারি লিমিটেড,টিএমএসএস এ্যাপারেন্স লিমিটেড,টিপিও গার্মেন্টস, স্পিরিট,সিভিউ,পার্কভিউ, টি জে সুয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সুয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, টাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সুয়েটার,এসএম সুয়েটার,মাসকো টেক্স লিমিটেড,মাসকো জি ২,মাসকো জি ১একের পর এক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান,শ্রমিকরা  আন্দোলন করে মহাসড়ক অবরোধ করার চেষ্টা কালে পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়।উদ্বুদ্ধ পরিস্থিতি এড়াতে  এ সময় বেশ কিছু কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেন।




  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম
  • আপডেট : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম

এ সম্পর্কিত আরও খবর


প্রতীকী ছবি

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম

দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফেনীর সোনাগাজীতে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি একই জমিতে কৃষি ও পশু পালনের পরিকল্পনাও রয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর বাইরে আশপাশের এলাকায় আরও সৌর ও ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ রয়েছে। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে সোনাগাজীতে প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে।


প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নিতে গতকাল সোমবার ঢাকার বিদ্যুৎ ভবনে স্টার্ট-আপ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ মেটাতে চায় সরকার। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সোনাগাজীর ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প ভূমিকা রাখবে।


কর্মশালায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান, সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবি পিএলসির চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মনজুর কাদির উপস্থিত ছিলেন।


কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ জন্য গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবির মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে। প্রকল্পের অনুমোদিত ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।


প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৭.২ লক্ষ্য অর্জনেও সহায়ক হবে প্রকল্পটি।


প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি ক্ষমতার পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি উপকেন্দ্র স্থাপন করা হবে। পরামর্শক ও নির্মাণ ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের কাজও চলছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫৩ পিএম

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্পাঞ্চল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। 


শ্রমিক অসন্তোষের জেরে ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে আরও পাঁচটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন।


সকাল সাড়ে ৮টা থেকে মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ছয়দানা কলম্বিয়া, ভোগড়া বাইপাস, গাজীপুরা ও গাছাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে দুই সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।


শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সংগতি রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাজপথে নামেন।


শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাওজোর এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে ভোগড়া বাইপাস, গাজীপুরা, গাছা ও আশপাশের এলাকায়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।


এদিকে ভোগড়া বাইপাস এলাকায় আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হন দৈনিক কালবেলার রিপোর্টার মামুন হোসাইন। এতে তার বাম পায়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।


শ্রমিক অসন্তোষের কারণে সোমবার থেকে কোনাবাড়ি, মৌচাক ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে শ্রমিকেরা দলবদ্ধভাবে বেরিয়ে আসার সময় বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।’


তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৫ পিএম

শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। লেখাপড়া করে বড় হয়ে দেশ ও দশের সেবা করবে এমন বুকভরা আশা নিয়ে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান। অনেক সময় সঠিক দিক নির্দেশনা ও যত্নের অভাবে লেখাপড়া থেকে ছিটকে পড়ে যায় অনেক শিক্ষার্থী।

এমনটা যাতে না হয় এই চিন্তা মাথায় নিয়ে ব্যতিক্রমী উদ্যোগে কাজ করছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২ নং উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা।


কামাল পাশা জানান, শিক্ষার্থীরা সন্ধ্যার পর বাইরে যাতে সময় নষ্ট না করতে পারে এবং পড়ালেখায় মনোনিবেশ করে এমনটা সফল করতে হাট বাজারের বিভিন্ন পয়েন্টে গ্রাম পুলিশের মাধ্যমে তদারকি করা হবে।


পাশাপাশি শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ার টেবিলের উপস্থিতিও খতিয়ে দেখতে হবে। আমার একটাই উদ্দেশ্য শিক্ষার্থীরা যাতে বিপথে না যায়। ভালো পড়াশোনা করে মানুষের কল্যাণে কাজ করে। এমন কাজে প্রতিটি অভিভাবকসহ গণ্যমাণ্য ব্যক্তিদের এগিয়ে আসতে সহযোগিতা কামনা করছি।


সচেতন মহল বলছেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। যেভাবেই হোক তাদের পড়ালেখার রুটিনেই রাখতে হবে। অযথা আড্ডাবাজি তাদের লেখাপড়া হুমকির মুখে ফেলতে পারে।তাই সন্ধ্যার পর পড়ার টেবিল ই শিক্ষার্থীর উত্তম জায়গা। ইউপি চেয়ারম্যান এর এমন উদ্যোগে সকলকে এগিয়ে আসা উচিত। 



  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি।


বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিটু চন্দ্র দাস।  


কর্মশালায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ শাহজালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।


অগ্রণী ব্যাংকের বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মো. জাকের হোসেনের সার্বিক পরিচালনায় কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ ও সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।


কর্মশালায় জাল নোট চেনার বিভিন্ন পদ্ধতি, আসল ও নকল নোটের মধ্যে পার্থক্য নির্ণয়ের কৌশল এবং নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নোটের জলছাপ, নিরাপত্তা সুতা, রঙের পরিবর্তনসহ বিভিন্ন দৃশ্যমান ও স্পর্শযোগ্য বৈশিষ্ট্য পরীক্ষা করে কীভাবে জাল নোট শনাক্ত করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি জাল নোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের করণীয় এবং জাল নোট লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।


কর্মশালায় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১৪ এএম

আপিল বিভাগের রায়ে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে তিন দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে বসা জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে সকাল ১০টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহকে তার দপ্তরে অবরুদ্ধ রাখেন আন্দোলনকারীরা। পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামেন। তারা উপাচার্যের দপ্তর ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন।  


সোমবার রাত প্রায় ৯টা পর্যন্ত উপাচার্য তাঁর দপ্তরে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এর মধ্যেই আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে মুক্ত হয়ে রাত ১০টায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ থেকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।


সকাল থেকেই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে। এদিন আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। 


আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে, যার অধিকাংশই প্রয়োজনীয় নয়। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিনের বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর পাওনা পরিশোধে কার্যকর কোনো উদ্যোগ নেই। 


অধিকার-বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম ও মো. আমির হোসেন, সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন প্রমুখ।


গাছা থানার ওসি গোলাম রব্বা‌নি গতকাল রাতে জানান, আন্দোলন এখনও শেষ হয়নি। এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্যের দপ্তরে বৈঠক চল‌ছে।


বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের নির্দেশ দেন। তবে ওই রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগে গত রোববার থেকে আন্দোলনে নেমেছেন তারা।


মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৪ এএম

নোয়াখালীর সেনবাগে মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন। এর আগে একই দিন সন্ধ্যার দিকে সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দন্ডপ্রাপ্ত সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাইফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন এবং মাকে মারধর করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুলের অত্যাচারের বিষয়ে তার বোন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানান। পরে পুলিশ বিষয়টি তাকে অবহিত করে। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত সাইফুলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে আদালতের আদেশ অনুযায়ী পুলিশ তাকে কারাগারে পাঠায়।