মিনহাজ আহমেদ সীমান্ত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩১ এএম

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহমেদ সীমান্ত (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।


নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলে পাশের একটি পুকুরে গোসল করতে নামে সীমান্ত। তিন বন্ধু পুকুরের সিঁড়ির একপাশ দিয়ে পানিতে নেমে অন্য পাশ দিয়ে বের হচ্ছিল। একপর্যায়ে সীমান্ত সিঁড়ির নিচে আটকে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। একপর্যায়ে সিঁড়ির নিচ থেকে সীমান্তের মরদেহ উদ্ধার করা হয়।


কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বিষয় :



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৬ এএম

দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ সংরক্ষণ এবং তিতাস নদীর প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। 


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে শুরু করে বাসুদেব ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে তিতাস নদীতে অবৈধ উপায়ে মাছ নিধনে ব্যবহৃত নিষিদ্ধ প্রায় একলক্ষ মিটার কারেন্ট জাল ও ৮৭টি চায়না দুয়ারী (রিং জাল) জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে একজন জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। 


এ সময় বাসুদেব এলাকায় অবস্থানরত জেলেদের সঙ্গে কথা বলে নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার না করা এবং বড়শি ও বড় মাছ শিকারের জাল ব্যবহার করে মাছ ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশীয় মাছের প্রজনন নদী-খাল ও বিলের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। 


এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই সোহেলসহ   আইনশৃঙ্খলা  বাহিনীর একটি দল ও সদর উপজেলা মৎস্য অফিসের স্টাফরা।  


ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, তিতাস নদীতে জেলেরা মাছের প্রজাতি নষ্ট হয় এমন জাল ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য এ অভিযান। নদী ও বিলে অবৈধ জালের ব্যবহার বন্ধ করা না গেলে দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে মানুষজনকে সচেতন করতে এ উদ্যোগ। আশা করি মানুষজন এ বিষয়ে সচেতন হবেন এবং মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্য সুরক্ষা ও সংরক্ষণে মাছ ধরার ক্ষেত্রে নিয়ম মেনে চলবে।

সর্বশেষ সব খবর

সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তিন মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংগঠনটির নিষিদ্ধ অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীরসহ জেলার বিএনপির সকল সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

বিকেল ৪টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিএনপি নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এর আগে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। নিরপেক্ষ ও নির্মোহ আইনের শাসনের মাধ্যমে ঠিক হয়েছে মানুষ খুনের দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে। এটি একটিমাত্র মামলার রায়। এরকম আরও শত শত মামলা রয়েছে। যেগুলোতে শেখ হাসিনার একই রায় হবে।

বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছে। তিনি ফিরে আসলে তাকে কিভাবে আদর-আপ্যায়ন করতে হবে তা দেশের মানুষ ঠিক করে রেখেছে।



সমাবেশে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও এসব সন্ত্রাসীদের পেলে তাদেরকে ‘মেহমানদারি’ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য বিগত দিনের মতো রাজপথে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর বলেন, সন্ত্রাসীদের কোন পাসপোর্ট হয় না। শেখ হাসিনা দেশে ফিরতে হলে হ্যান্ডকাপ পরে ফিরতে হবে। 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এমপি, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, এমএ মালিক এমপি, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সব খবর

লে. কর্নেল ফয়সল ইসতিয়াক, কমান্ডিং অফিসার, এসআরবি-৫

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৫ এএম

রাজশাহীর পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন এবং ৮ কোটি টাকা মূল্যের আট কেজি হেরোইন জব্দ করেছে এসআরবি-৫। রোববার দিবাগত গভীর রাতে (২৩ নভেম্বর) অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, গুলি ও হেরোইন জব্দ করা হয়।


সোমবার দুপুরে এসআরবি-৫ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক।


তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রাণীনগর হাটপাড়ায় এসআরবি-৫ এর একটি যৌথ অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় আহসান আলী ও আব্দুর রহিমের বসতবাড়ীতে তল্লাশীর মাধ্যমে দুইটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র বেচাকেনার  ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।




তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই দুইজন ব্যক্তি অস্ত্র বেচাকেনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।  এর আগে আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং আব্দুর রহিমের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় জাল টাকা তৈরীর  অপরাধের  বিশেষ ক্ষমতা আইনে মামলা আছে।




অন্যদিকে, একই রাতে এসআরবি-৫ এর আরেকটি অভিযানিক দল রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আট কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন জব্দ করেছে। এসময় ময়না বেগম ও শাহাদত হোসেন নামের দুইজনকে আটক করা হয়। সম্পর্কে তারা ভাইবোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের নামে টাঙ্গাইলের কালিহাতি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।


ফয়সল ইসতিয়াক জানিয়েছে, পৃথক দুইটি ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


এসআরবি আরও জানায়, গত ৬ মাসে এসআরবি-৫ অভিযান পরিচালনা করে মোট ১৭ টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গান পাউডার জব্দ করেছে। এছাড়া ৪০ কেজি হেরোইন, ৪৯২২ বোতল ফেন্সিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্ডাল জব্দ করেছে।

সর্বশেষ সব খবর

বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

পুরস্কার নগরবাসীকে উৎসর্গ করলেন প্রশাসক


  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৫ এএম

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। 


আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।


রাজশাহী সিটি কর্পোরেশন যে পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে। ক্যাটাগরিগুলো হলো— দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা (Spark of Stewardship), পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা (Spark of Tidy Neighborhood), সেবায় অনুপ্রেরণা (Spark of Service), সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা (Spark of Community Compliance) এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা (Spark of Commitment)।


দেশসেরা হওয়ার এ পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।


রাসিক প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এ পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি কর্পোরেশনের সকল পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগ সহ সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করছি। এ অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।


অনুষ্ঠানে  কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি মিস সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার জনাব রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক জনাব এ.এস.এম. রাশেদুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।


এছাড়া রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা মারুফ কারাগারে

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৩ এএম

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা মো. মারুফ হোসেন (৪৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) ভোর ৪টার দিকে সদর থানাধীন বিহারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-০১, ঠাকুরগাঁওয়ে সোপর্দ করে জেল হাজতে রাখার আবেদন জানায় পুলিশ।

গ্রেফতারকৃত মারুফ ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তার পিতা মৃত এ কে এম জিয়াউর রহমান।

ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-০৮, তারিখ-০৮/০২/২০২৬, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) মূলে মামলাটি দায়ের করা হয়।

পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, গত ২৩ আগস্ট সকাল ১০টায় সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নের আটিয়ারপাড়া তেলিপাড়ায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্যরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দেয় এবং লিফলেট বিতরণ করে প্রচার চালায়।

পুলিশের দাবি, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মারুফের বিরুদ্ধে প্রাথমিক তথ্য ও সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গ্রেফতারের বিষয়ে আসামি পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর

সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এম এম ব্রিকসের মালিক মো. রহিম কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির।



অভিযানে সিংগাইর থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী এম এম ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ সব খবর