রুমিন ফারহানার সঙ্গে ওসির বাদানুবাদের দৃশ্য। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তার নেতৃত্বে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। এর মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। এ সময়ে পুলিশ ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং আসামি গ্রেপ্তারের তথ্যও প্রকাশিত হয়।

তবে দায়িত্ব পালনকালে তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান। এ সময় তার সঙ্গে আসা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া ওই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন এবং নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

তার বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।



সর্বশেষ সব খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও তার ছেলে

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৪ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃত টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের থানায় নিয়ে যাওয়া হয়।


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এবং পরবর্তীতে 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী।


বৃহস্পতিবার  (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ভাগ্যকুল-দোহার আঞ্চলিক সড়কের কামারগাঁও মোকার দোকান এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।




সংবাদ সম্মেলনে স্থানীয় ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলিফ খানসহ এলাকাবাসী অভিযোগ করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারগাঁও মোকার দোকান এলাকার ডলি চৌকিদারের বাড়িতে এক নারীসহ ইউপি সদস্য মোশারফ হোসেন অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে আলিফ খান ও রবিন, ইমন,তাজিম, রাতুল সানজিদ, পায়েল ইয়াসিন রুকন, শিহাব,এলাকার  মুরব্বি- সমাদ খান, জসীম 


কাজি সহ স্থানীয় কয়েকজন যুবক সেখানে খোঁজ নিতে যান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন বাড়ির পেছনের টিনের গেট দিয়ে নিজের জুতা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে মেম্বারের ছেলে ও তার সমর্থকরা সেখানে এসে এলাকাবাসীর ওপর হামলা চালায় এবং মোশারফ হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়। 


সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মূলত উত্তেজিত জনতার হাত থেকে আমরাই তাকে রক্ষা করেছিলাম। কিন্তু ইউপি সদস্য মোশারফ হোসেন নিজের অপকর্ম ও অনৈতিক ঘটনা আড়াল করতে এবং স্থানীয়দের হেয় প্রতিপন্ন করতে উল্টো 'মব' সৃষ্টি করে মারধরের মিথ্যা গল্প সাজিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।


ভুক্তভোগী এলাকাবাসী ও সংবাদ সম্মেলনের আয়োজকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় যুবকদের হয়রানি বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ সব খবর

এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি (সংগৃহীত: ছবি)

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩০ পিএম

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।


আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। তবে উপস্থিত নেতাকর্মীদের হস্তক্ষেপে পরে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজিত কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।


একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।


উল্লেখ্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে দলের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হলেও এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত জানান, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।


সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৯ পিএম

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) মোট সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দপ্তরের বেশকিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


এরমধ্যে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি আসরতপুর ফিডারের আওতাধীন বিজিবিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, খামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, টি আই টি পাম্প, তাজহাট মোল্লাপাড়া, জুম্মাপাড়া, বাবুপাড়া, টেকনিক্যাল মোড়, আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানিয়েছে নেসকো।


নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৪ এএম

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি সম্পূর্ণ প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য পাওয়া গেলেও বিস্তারিত পরীক্ষায় সাতটি মেশিন শনাক্ত হয়। চালানটি ছয়টি প্যাকেজে আমদানি করা হয়েছিল।


আজ বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


সিআইআইডি বলছে, চালানটির মূল্য দেখানো হয়েছে প্রকৃত আনুমানিক মূল্যের প্রায় ২৫ ভাগের ১ ভাগ। এতে কম মূল্য ঘোষণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের আশঙ্কা করছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে বাস্তবিক পরীক্ষার পর এই আমদানি সরঞ্জাম আটক করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তা।




চট্টগ্রাম কাস্টম হাউসে ৪ নভেম্বর দাখিল করা বিল অব এন্ট্রিতে পণ্যগুলোকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ছয়টি প্যাকেজে আনা চালানটির জন্য প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোডও ব্যবহার করা হয়। তবে কাস্টমস গোয়েন্দাদের পরীক্ষায় এতে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন পাওয়া যায়। 


এগুলোর মধ্যে আছে—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন ও সেলোফেন ওভারর‍্যাপার। অর্থাৎ, শুধু প্যাকিং সরঞ্জাম নয়, সিগারেট উৎপাদনের মূল মেশিনসহ পূর্ণাঙ্গ উৎপাদনের সব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে।




চালানটির ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। বিপরীতে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ডলার। এ হিসাবে ঘোষিত মূল্যের চেয়ে আনুমানিক মূল্য প্রায় ২৫ গুণ বেশি। দুই মূল্যের ব্যবধান ৪ লাখ ২৫ হাজার ৪০০ ডলার।


এভাবে পণ্যের মূল্য কম দেখিয়ে আমদানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা আছে। তবে মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাই করে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আমদানি নথি অনুযায়ী, সাড়ে পাঁচ টনের চালানটি খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড।




সিআইআইডি জানিয়েছে, দেশে সিগারেট উৎপাদনের সঙ্গে যুক্ত প্রায় ২৯টি প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের যন্ত্রপাতি আমদানি হওয়া সমীচীন। আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে।


গোয়েন্দাদের আশঙ্কা, এ ধরনের বৈধ সংশ্লিষ্টতা ছাড়া সিগারেট উৎপাদনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে পরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাতে পারে।

সর্বশেষ সব খবর

শের-ই-বাংলা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৪ এএম

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) সাবেক শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন এবং কনফারেন্স রুমের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্রসমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণভাবে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তীতে অধ্যাপক রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক সিরাজুল ইসলামের নেতৃত্বে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।


আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে বৃহস্পতিবার কলেজের কনফারেন্স রুমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবলুর সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে হাতাহাতি ও মারামারির ঘটনা তিনি অস্বীকার করেন।


ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সভাপতি কবিরুজ্জামান বলেন, প্রাক্তন ছাত্রদের একটি কমিটি রয়েছে, যা একই দলের অন্য একটি অংশ মানতে চায় না। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


এ বিষয়ে বক্তব্য জানতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

সর্বশেষ সব খবর