• প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৫ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমার করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।


রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  


গ্রেফতাররা হলেন, সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতাররা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।  


শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং দুটি জানালার কাচ ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা চলে গেলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।


পরিদর্শন্ত (তদন্ত) মাহাবুল কবির আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৮ পিএম
  • আপডেট : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৮ পিএম

এ সম্পর্কিত আরও খবর


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৮ পিএম

মাঠে সোনালি ধান। কোথাও চলছে কাটা-মাড়াই, কোথাও ফসল ঘরে তোলার প্রস্তুতি। কয়েক মাসের হাড়ভাঙা পরিশ্রম শেষে নতুন ধান নিয়ে কৃষকের ঘরে আনন্দ ফেরার কথা। কিন্তু উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় এবার সেই আনন্দে ভাটা পড়েছে। 


নতুন ধান বাজারে উঠতেই কোথাও দাম কমতে শুরু করেছে, কোথাও ব্যাপকভাবে কমেছে।। ফলে ভালো ফলন হলেও লাভের নিশ্চয়তা নেই। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ বাড়তি ব্যয়ের পর এখন উৎপাদন খরচের হিসাব মেলাতে পারছেন না কৃষক। 


উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় কৃষক 


জয়পুরহাটে নতুন আমন ধান বাজারে আসার সঙ্গে সঙ্গে দামে বড় ধরনের পতন ঘটেছে। কালাইয়ের পাঁচশিরা বাজারে মোটা জাতের মামুন ধান প্রতি মণ এক হাজার ৫০ থেকে এক হাজার ৮০ টাকা, স্বর্ণা-৫ ধান এক হাজার ১০০ থেকে এক হাজার ১৫০ টাকা এবং ধানি গোল্ড এক হাজার ৮০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারে গোল্ডেন আতপ ধান এক হাজার ৮৫০ থেকে এক হাজার ৯০০ টাকা এবং বিআর-৯০ আতপ ধান দুই হাজার ২৫০ থেকে দুই হাজার ৩০০ টাকায় কেনাবেচা হয়েছে। 


এক সপ্তাহ আগে মোটা জাতের ধান মণপ্রতি এক হাজার ৬০০ থেকে এক হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়। সেই হিসাবে মামুন ধানের দাম কমেছে ৫২০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এর আগে পাঁচশিরায় মামুন, বিআর-২৯ ও বিআর-৪৯ ধান এক হাজার ১২০ থেকে এক হাজার ১৩০ টাকায় বিক্রি হয়েছিল।


পুনটহাট বাজার এলাকার কৃষক আকরাম হোসেন জানান, আগে মোটা জাতের ধান মণপ্রতি এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি করলেও এখন দাম নেমেছে প্রায় এক হাজার ১০০ টাকায়। তিনি বলেন, উৎপাদন খরচ বাড়ার বিপরীতে ধানের দাম কমায় কৃষকরা আর্থিক চাপে পড়ছেন। সেখানকার কৃষক ফজলুল হক এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন। বিঘাপ্রতি ১৪ থেকে ১৫ মণ হিসাবে তাঁর উৎপাদন হয়েছে ২৮০ থেকে ৩০০ মণ। জমি প্রস্তুত, পরিচর্যা, ধান কাটা ও মাড়াই পর্যন্ত তার মোট উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে পাঁচ লাখ টাকার বেশি। বাজারে ধানের দরপতন দেখে তিনি বলেন, একমাত্র ধানই লাভজনক ছিল। এখন মনে হয় সেটাও গেল।


পাঁচশিরা বাজারের ব্যবসায়ী সাহেদ আলী বলেন, ধানের দানার মান ও শুকনো অবস্থার ওপর বাজারদর নির্ভর করে। নতুন ধানের সরবরাহ বৃদ্ধি এবং কিছু ধানের মান ভালো না হওয়াকে দাম কমার কারণ বলে মনে করেন তিনি। জয়পুরহাটের জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকারি সংগ্রহমূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে কিনা, সেটি নজরদারি করা হবে।


বগুড়ায় লাভের হিসাব কঠিন 


বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার কৃষকদের হিসাবে, এবার জমি প্রস্তুত, সার, কীটনাশক, সেচ, শ্রমিক ও পরিবহন প্রায় প্রতিটি খাতে খরচ বেড়েছে। শেরপুরের কৃষকদের হিসাবে, প্রতি বিঘায় উৎপাদন খরচ নিজেরা চাষ করলে হচ্ছে ১১ থেকে ১৩ হাজার টাকা। বাজারে প্রতি মণ ধান এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিঘাপ্রতি ফলন ১২ থেকে ১৫ মণ হলে কৃষকের মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১৩ হাজার ২০০ থেকে ১৮ হাজার টাকা। 

ধুনট উপজেলায় উৎপাদন ব্যয় পাশের উপজেলা শেরপুর থেকে অনেক বেশি। এবার ১৮ থেকে ২১ হাজার টাকা পর্যন্ত খরচ হওয়ার কথা জানিয়েছেন অনেক কৃষক। ধুনটের কৃষক রাগেবুল রহমান জানান, ধান উৎপাদনের খরচ বাড়লেও বাজারে সেই অনুপাতে দাম পাওয়া যাচ্ছে না। এর আগে আলু চাষে লোকসান গুনেছেন। ধানেও প্রত্যাশিত দাম না পেলে আর্থিক সংকট আরও বাড়বে।


নওগাঁতেও দুশ্চিন্তা উৎপাদন ব্যয়ে 


দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় এবার এক লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের কৃষক জিয়া মিয়া দুই বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমন আবাদ করেছেন। তার হিসাব অনুযায়ী, কীটনাশক প্রয়োগে ছয় হাজার টাকা, সেচে ১০ হাজার টাকা এবং ধান কাটা-মাড়াইয়ে প্রায় আট হাজার টাকা ব্যয় হয়েছে। এর বাইরে সার, বীজ ও জমি প্রস্তুতের খরচও রয়েছে। 


মান্দা উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক মশিউর রহমান আমনের উৎপাদন খরচ ও সরকারি সংগ্রহমূল্যের মধ্যে সামঞ্জস্য আনার দাবি জানিয়েছেন। চলতি মৌসুমে সরকার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে ৩৫ টাকা। সেই হিসাবে ৪০ কেজির প্রতি মণ ধানের দাম এক হাজার ৪০০ টাকা। সিদ্ধ চাল কেজি ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে।


এই বাজারদর অনুযায়ী সরকারি সংগ্রহমূল্যের সঙ্গে প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকার পার্থক্য রয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান, সেচের খরচ বেড়ে যাওয়ায় সরকারি গুদামে ধানের সংগ্রহমূল্য প্রতি কেজিতে এক টাকা বাড়ানোর বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে মতামত দেওয়া হয়েছিল। তবে তা কার্যকর হয়নি। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, ভালো আবাদ ও ফলনের কারণে কৃষকরা সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করে লাভবান হতে পারবেন।


অনেক কৃষক আমন ধান কাটার পর একই জমিতে আলু, সরিষা, গম কিংবা শীতকালীন সবজি আবাদ করেন। ফলে তাদের দ্রুত টাকার প্রয়োজন হয়। অনেকে ঋণ নিয়ে ধান চাষ করেন। সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং ঋণ পরিশোধের চাপ তাদের দ্রুত বাজারে ধান বিক্রিতে বাধ্য করে।


সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) বগুড়া জেলার সম্পাদক কেজিএম ফারুক বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি সংগ্রহ কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, প্রকৃত কৃষকরা কতটুকু ধান সরাসরি গুদামে বিক্রি করতে পারছেন এবং বাজারে দর পতনের পেছনে কোনো অনিয়ম রয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৭ পিএম

ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য মানিকগঞ্জ ও ধামরাইয়ের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।


গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো- মানিকগঞ্জের ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।


এ ছাড়া, গ্যাস সরবরাহ বন্ধ থাকার নির্ধারিত সময়ের পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৯ পিএম

জননিরাপত্তা নিশ্চিতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 


শনিবার (২১ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এ সিদ্ধান্ত।


মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।


এ সময়ে জরুরি প্রয়োজনে যারা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



সাদিক কায়েম

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫০ এএম

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে ‘অগ্নিসংযোগ চেষ্টার’ অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে ফেইসবুক পোস্টে দাবি করেছেন তিনি।


সাদিক কায়েম লিখেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ছিলেন।


ডাকসু ভিপি বলেন, “সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়।”


খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু বলেন, “রাত ৩টার পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।


“ঘরের দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।”


ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৪ এএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত বিএনপি সরকার জনগণের পূর্ণ সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। কোনো পলাতক সন্ত্রাসী গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সফল হতে পারবে না। সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং অপরাধীদের সংশোধনের সুযোগ দিচ্ছে। এতেও কাজ না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে তাদের দমন করা হবে।


শনিবার (২১ নভেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে তাজপুর বাজারে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


হুমায়ুন কবির বলেন, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।


তিনি আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসীদের ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নেব। বর্তমানে জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের স্লোগানে পরিণত হয়েছে। তাদের যে সন্ত্রাসী নেত্রী দিল্লিতে বসা, পালিয়ে যাওয়া দলের পালিয়ে যাওয়া নেত্রী, পালানোর নেতৃত্ব তাদের নেত্রী দিচ্ছেন।


আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ এএম

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। প্রস্তাব না এলে আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


শনিবার (২১ নভেম্বর) বিকেলে আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এদিন তার নেতৃত্বে মজুরি বোর্ডের একটি দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার পোশাক কারখানা পরিদর্শন করে। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বেতন, পারিবারিক ব্যয়, কর্মপরিবেশ ও বিভিন্ন দাবির বিষয়ে তথ্য সংগ্রহ করেন তারা।


মালিকপক্ষের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নে সৈয়দ আজাদ সুবহানী বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।


তিনি আরও বলেন, ২৩ নভেম্বর সভার তারিখ আগেই ঘোষণা করা হয়েছে। ওই দিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে প্রত্যাশা। কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই। তবে প্রস্তাব না এলে বোর্ডের প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করে আইন অনুযায়ী কাজ করা হবে।


চেয়ারম্যান বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের বর্তমান আয়, পরিবারের সদস্যসংখ্যা, তাদের আয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সংখ্যা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে মালিকদের সমস্যা ও সক্ষমতা সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।


তিনি বলেন, মজুরি বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। মালিকপক্ষ প্রস্তাব দিতে আগ্রহী কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। তবে বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল। আমার ওপর কোনো পক্ষের চাপ নেই।


গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে মজুরি নির্ধারণের কাজ শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে। তবে শ্রমিক ও মালিক উভয় পক্ষই দ্রুত মজুরি নির্ধারণের কাজ শেষ করতে চায়। ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা রয়েছে তাদের।


মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিক প্রতিনিধিদের পাশাপাশি নিরপেক্ষ সদস্যদের মতামতও গুরুত্বপূর্ণ বলে জানান সৈয়দ আজাদ সুবহানী। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডে প্রস্তাব পাঠাচ্ছে। দেশের ৬১টি শ্রমিক ফেডারেশনের পৃথক প্রস্তাব পর্যালোচনা করতে হচ্ছে বোর্ডকে। কাজটি সময়সাপেক্ষ হলেও তারা দিন-রাত কাজ করছেন।


কারখানার কর্মপরিবেশ নিয়ে শ্রমিকদের অসন্তোষের বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, পরিদর্শন করা কারখানাগুলোতে এখন পর্যন্ত কেউ কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ জানাননি। তবে পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় আর্থিক সংকটের কথা জানিয়েছেন কয়েকজন। শনিবারের পরিদর্শনে দুজন শ্রমিক তাদের পারিবারিক ব্যয়ের চাপের কথা তুলে ধরেন।


শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানা যায়। রাষ্ট্র তাদের এ অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ নেই।


শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে বিভ্রান্ত না হয়ে বৈধ উপায়ে আন্দোলন করতে হবে। শ্রমিকদের অধিকারের প্রতি সম্মান জানিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


সাভার ও আশুলিয়ার নির্দিষ্ট এলাকায় শ্রমিক অসন্তোষ এবং গোয়েন্দা তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি নির্ধারণই তার দায়িত্ব। এ জন্য শ্রমিক ও মালিকদের কাছে সরাসরি গিয়ে তাদের সমস্যা ও সুবিধার তথ্য সংগ্রহ করছেন। কোনো সংস্থার ব্যর্থতা নির্ধারণ করা তার কাজ নয়।


প্রায় ৪০ লাখ শ্রমিকের প্রত্যেকের কাছে সরাসরি পৌঁছানো সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে অল্প সময়ে অনেক শ্রমিকের কাছে বোর্ডের কার্যক্রম ও বক্তব্য পৌঁছানো সম্ভব। সীমিত জনবল নিয়ে বিপুলসংখ্যক শ্রমিকের মজুরি নির্ধারণে কাজ করছেন তারা।


পোশাক খাত দেশের রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, এ খাত ক্ষতিগ্রস্ত হোক, তা আমি চাই না। শ্রমিকদের জন্য ভালো কিছু করতে পারলে সেই সাফল্যের ক্ষুদ্র অংশীদার হতে চাই।