• প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৮ এএম

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামীকাল (১৩ নভেম্বর) দেশে চালু হতে যাচ্ছে গেমটি। তুলনামূলক কম জায়গা ব্যবহার করেই এতে পাবজি মোবাইলের পরিচিত ব্যাটল রয়্যাল অভিজ্ঞতা পাওয়া যাবে।


‘দ্য বেস্ট রিয়েল শুটিং গেম’ স্লোগান নিয়ে আসা ফ্ল্যাশের অন্যতম আকর্ষণ এর ছোট ডাউনলোড আকার। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডে ০.৯৬ গিগাবাইটের কম ডাউনলোড করতে হবে। শুরু থেকেই এতে জনপ্রিয় এরাঙ্গেল মানচিত্র ও ক্ল্যাসিক ব্যাটল রয়্যাল মোড থাকবে। ফলে আলাদা করে এসব ডাউনলোডের অপেক্ষা ছাড়াই খেলা শুরু করা যাবে। প্রয়োজন অনুযায়ী পরে অন্য মানচিত্র, মোড ও ইভেন্টের উপকরণ ডাউনলোড করা যাবে।


হালকা সংস্করণ হলেও মূল পাবজি মোবাইলের সঙ্গে সংযোগ থাকছে ফ্ল্যাশের। খেলোয়াড়েরা তাদের বিদ্যমান অ্যাকাউন্ট, বন্ধুদের তালিকা ও গেমের বিভিন্ন সম্পদ ব্যবহার করতে পারবেন। দুই সংস্করণের খেলোয়াড়েরা একই ম্যাচমেকিং ব্যবস্থায় একসঙ্গে খেলতেও পারবেন। ফলে বন্ধুদের সঙ্গে খেলতে সবাইকে একই সংস্করণ ব্যবহার করতে হবে না। কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোনে খেলার অভিজ্ঞতা উন্নত করতে ফ্ল্যাশের গ্রাফিকসে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ফ্ল্যাশের বেটা সংস্করণের তুলনায় গড় ফ্রেমরেট ১০ শতাংশ বাড়ানো এবং স্থিতিশীলতা ১০ শতাংশ উন্নত করার লক্ষ্য রাখা হয়েছে। একই সঙ্গে মেমোরির ব্যবহার ১২ শতাংশ ও শক্তি খরচ ৩ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। গেম চালু হওয়া এবং ম্যাচ শুরুর আগে লোড হওয়ার সময়ও কমিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।


সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফ্ল্যাশে থাকছে পূর্ণাঙ্গ ব্যানপ্যান নিরাপত্তাব্যবস্থা। এর আওতায় খেলা চলাকালে নজরদারি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে পর্যালোচনার ব্যবস্থা থাকবে। গেমটি খেলতে স্মার্টফোনে অন্তত ২ গিগাবাইট র‍্যাম থাকতে হবে। ডিভাইসের সক্ষমতা ও সামঞ্জস্য অনুযায়ী সেকেন্ডে ২৫, ৩০, ৪০ ও ৬০ ফ্রেম বা এফপিএসে খেলার সুযোগ পাওয়া যাবে।


পরিচিত যুদ্ধক্ষেত্র, পুরোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা ও কম ডাউনলোড আকারের সমন্বয়ে আরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় পাবজি মোবাইল ফ্ল্যাশ। বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে শুরু হবে এর যাত্রা।



সর্বশেষ সব খবর

হামজার নেতৃত্বে দুর্দান্ত বাংলাদেশ সেমিফাইনালে

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা


জয়ের পর বাংলাদেশ দলের উচ্ছ্বাস

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩১ এএম

সবাই এমন মুহূর্তের অপেক্ষায় ছিল। এই হামজা চৌধুরীর খেলা দেখতেই তো দর্শকের চড়া মূল্যে টিকিট কেটে গ্যালারিতে আসা। শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডার দেখিয়ে দিয়েছেন তাঁর স্কিল। প্রথমবার বাংলাদেশের অধিনায়ক আর্মব্যান্ড পরেই করেছেন গোল। ইংলিশপ্রবাসী হামজার সঙ্গে আলোকিত হয়েছেন কানাডাপ্রবাসী শমিত সোম। যুক্তরাজ্যপ্রবাসী ফারহান আলী ওয়াহেদ করেছেন বিশ্বমানের গোল। শেষ দিকে গোল করেছেন রাকিব হোসেন। তিন প্রবাসীর অসাধারণ নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। গতকাল বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এ’র সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের দলটি। ভুটানের সমান পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। 


১৪ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন প্রথম সেমিফাইনালে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। বাংলাদেশ-শ্রীলঙ্কার এই লড়াইটা ছিল মূলত দুই দেশের প্রবাসীর মধ্যে। এদিন শ্রীলঙ্কার শুরুর একাদশে থাকা ১১ ফুটবলারের মধ্যে ১০ জনই ছিলেন বংশোদ্ভূত। বাংলাদেশ দলে ছিলেন সাত প্রবাসী। ভুটান ম্যাচের একাদশ থেকে গতকাল তিন পরিবর্তন আনেন কোচ থমাস ডুলি। জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষের জায়গায় যথাক্রমে একাদশে সুযোগ পান হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহেদ ও মোহাম্মদ ইব্রাহিম। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার লাল-সবুজের জার্সিতে মাঠে নামেন ইংল্যান্ডপ্রবাসী ফারহান। প্রথমবার জাতীয় স্টেডিয়ামে নেমেই স্পর্শ করলেন মাঠের ঘাস। 


হামজার সঙ্গে ফারহানের বোঝাপড়াটাও ছিল দারুণ। অধিনায়ক হামজা যখন গোল করেন, তখন যুক্তরাজ্যপ্রবাসী ফারহান তাঁর কোলে উঠে যান। আর এই ফারহান তো দ্বিতীয়ার্ধে যে গোলটি করেছেন, তা অনেক দিন ধরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকবে। এদিন বাংলাদেশের দুই উইংয়ে ছিলেন ফারহান আলী ও রাকিব হোসেন। নাম্বার নাইন হিসেবে খেলেছেন ইব্রাহিম। তাদের ঠিক পেছনেই ছিলেন হামজা। মধ্যমাঠে খেললেও বাংলাদেশের আক্রমণের সুর বেঁধে দেন হামজা। শুধু সুর বেঁধেই দেননি; গোলের সুযোগ তৈরি করা এবং গোল করা– সবকিছুই করেছেন শেফিল্ড ইউনাইটেডের এ তারকা। মাঝমাঠের ইঞ্জিন ছিলেন কানাডাপ্রবাসী শমিত সোম। বল বানানো, আক্রমণে ওঠা এবং প্রয়োজনের সময় নিচে নেমে এসে দলকে রক্ষা করতেও দেখা গেছে শমিতকে। ম্যাচের শুরুতেই গল্পটা হতে পারত হামজার। ম্যাচের ৫ মিনিটে তাঁর নেওয়া সেট পিস ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়। এক মিনিট পরই ডান প্রান্ত দিয়ে রাকিবের ক্রসে বলে মাথা ছোঁয়াতে পারেননি হামজা। ৮ মিনিটেই প্রথম গোলের উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ। গোলের উৎসে ছিলেন হামজা। 

শ্রীলঙ্কার ডিফেন্ডারকে পরাস্ত করে হামজা চৌধুরীর গোল

ডান প্রান্ত দিয়ে তাঁর নেওয়া ক্রসে শ্রীলঙ্কা গোলরক্ষক সুজন পেরেরার ফিস্টে বল পান শমিত সোম। তাঁর শট রিবাউন্ড হয়। ডান পায়ের ফিরতি শটে লঙ্কান জাল কাঁপান কানাডাপ্রবাসী এ মিডফিল্ডার। বাংলাদেশের জার্সিতে শমিতের এটি দ্বিতীয় গোল। তাঁর প্রথম গোলটি ছিল গত বছরের ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। ১৫ মিনিটে প্রথম কর্নারে দ্বিতীয় গোলটি প্রায় পেয়েই যাচ্ছিল বাংলাদেশ। ফারহান আলী ওয়াহেদের নেওয়া কর্নার থেকে জটলার মধ্যে বল পড়ে। সেখান থেকে শমিত সোমের কাটব্যাকে বল পান হামজা। তাঁর নেওয়া ডান পায়ের শট পোস্টের কোলঘেঁষে বাইরে চলে গেলে পুরো স্টেডিয়ামে ‘ইশ’ শব্দটি শোনা যায়। প্রথমার্ধে বাংলাদেশের খেলায় ছিল দারুণ ছন্দ, বিশেষ করে হামজা, শমিত ও রাকিব ছিলেন অসাধারণ। ডান প্রান্ত দিয়ে রাকিবের ক্রসগুলো ছিল বিপজ্জনক। ম্যাচের ২৫ মিনিটে হামজা দেখিয়েছেন তাঁর ব্যক্তিগত স্কিল। বক্সের মধ্যে রাকিবের হেডে বল পান হামজা। দ্রুতই সামনে চলে আসেন লঙ্কান গোলরক্ষক পেরেরা। হামজা শট নিতে পারেননি। এরপর অবিশ্বাস্যভাবে ব্যাকহিল করেন শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডার। কিন্তু পোস্টের কাছ দিয়ে বল চলে যায় বাইরে। ৪৪ মিনিটে হতাশ হতে হয়নি 


বাংলাদেশের ফুটবলের এ পোস্টারবয়কে। বাঁ প্রান্ত দিয়ে মোহাম্মদ ইব্রাহিমের নিখুঁত পাস বক্সের মধ্যে খুঁজে নেয় হামজাকে। একজনকে কাটিয়ে ডান পায়ে গতিময় শটে গোল করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ মিডফিল্ডার। ৫৩ মিনিটে ফারহান আলী যে গোলটি করেছেন, তা এককথায় বিশ্বমানের। বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বক্সের মধ্যে ঢুকে পড়া ফারহান প্রথমে দুই লঙ্কান খেলোয়াড়কে কাটান। এরপর আরেকজনকে কাটিয়ে ডান পায়ের নিখুঁত শটে যে গোলটি করেন যুক্তরাজ্যপ্রবাসী এ ফরোয়ার্ড, তা ইউরোপিয়ান ফুটবলে দেখা যায়। 


মুহূর্তেই তাঁর গোলের ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বাংলাদেশের হয়ে এ ফরোয়ার্ডের গোল হলো দুটি। সর্বশেষ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে অভিষেক গোল করেছিলেন তিনি। ৬৬ মিনিটে একাদশে তিনটি পরিবর্তন আনেন থমাস ডুলি। একে একে তারিক রায়হান, ফারহান ও ইব্রাহিমকে তুলে নিয়ে হৃদয়, সুকি ইতোফুজা ও ফয়সাল আহমেদ ফাহিমকে নামান কোচ। বদলি হিসেবে মাঠে নামার পর ৭০ মিনিটে সুকি দেখিয়েছেন তাঁর ব্যক্তিগত স্কিল। একক প্রচেষ্টায় ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া সুকির ডান পায়ের শট লঙ্কান গোলরক্ষক কর্নারের বিনিময়ে ফেরান। এক মিনিট পর ফাহিমের প্রচেষ্টায় রুখে দেন শ্রীলঙ্কা গোলরক্ষক। ৭৭ মিনিটে আরও দুটি পরিবর্তন করেন বাংলাদেশ কোচ। 


সাদ উদ্দিনের জায়গায় রহমত ও কাজেম শাহর জায়গায় জামাল ভূঁইয়া মাঠে নামেন। পাঁচ বদলির পর বাংলাদেশের খেলায় ধার আরও বাড়ে। আক্রমণের পসরা সাজিয়ে গোলও পায় ডুলির দল। ৮৮ মিনিটে চিপ করে গোল করে স্কোরশিটে নাম লেখান রাকিব হোসেন। মেতে ওঠে গ্যালারি। 


বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই দলকে সামনে থেকে লড়ে দেখালেন হামজা চৌধুরী। সাফে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে দারুণ এক শটে গোল করেন তিনি। বাংলাদেশ ম্যাচটি জেতে ৪-০ গোলে। গতকাল বুধবার জাতীয় স্টেডিয়ামে -বাফুফে


সর্বশেষ সব খবর

মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৬ পিএম

মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তুলকালাম কাণ্ডই ঘটে গিয়েছিল গত বছর। নিলাম থেকে বাংলাদেশি পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার রেশ গড়িয়েছিল আরও দূর। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে টি–টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই খেলতে যায়নি বাংলাদেশ।

এরপর প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। সাকিব আল হাসানের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ। পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৯ মৌসুম। ২০১৬ সালে আইপিএলে অভিষেকেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি। আইপিএলে এ পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ওভারপ্রতি ৮.১৩ রান দিয়ে নিয়েছেন ৬০ উইকেট।

মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও আগামী মৌসুমের নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে আছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নিবন্ধন করতে পারবেন ক্রিকেটাররা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের সঙ্গে নতুন ক্রিকেটার যুক্ত করে দল সাজাবে। তবে এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ নেই। নিজেদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ছেড়ে দিয়ে কিংবা ধরে রেখেই নিলামে অংশ নেবে দলগুলো।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং কমপক্ষে ১৮ জন খেলোয়াড় রাখা যাবে। বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি। তবে নিলামে প্রতিটি দলের হাতে কত টাকা থাকবে, তা এখনই চূড়ান্ত নয়। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই জানা যাবে নিলামে খরচের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর অবশিষ্ট অর্থের পরিমাণ।

সর্বশেষ সব খবর

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫২ পিএম

‘আমরা ছিলাম মেসি-রোনালদো যুগের দর্শক’– চলমান এই বিরতিতে যে আন্তর্জাতিক ফুটবল দেখা শুরু করবে, সে কিন্তু এই কথাটা বলতে পারবে না। নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব ফুটবল। যে যুগে থাকছেন না লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় দুই যুগ পায়ের জাদুতে বিশ্ব ফুটবলকে মোহিত করে রেখেছিলেন ইতিহাসের অন্যতম সেরা এ দুই তারকা। তাদের দুজনের ব্যক্তিগত প্রতিযোগিতায় ফুটবল হয়ে উঠেছিল আরও সুন্দর ও শৈল্পিক। 


কাকতালীয়ভাবে দুজন বিদায়ও নিলেন প্রায় একই সময়ে। তাদের ছাড়া কি আগের জৌলুস বজায় রাখতে পারবে ফুটবল? ৯ নভেম্বর শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি, তবে বড় দলগুলো মাঠে নামবে ১২ নভেম্বর থেকে। গত বিরতির মতো এবার এতটা দীর্ঘ নয়, সপ্তাহখানেকের এই বিরতিতে সাফ ফুটবল ছাড়া প্রায় দেশই দুটি করে ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচে আবার চোটের কারণে বেশ কজন তারকা খেলোয়াড়কে পাওয়া যাচ্ছে না। লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, গ্রানাইত শাকা, ভার্জিল ফন ডাইক চোটের কারণে অনিশ্চিত। 


২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন গত ৩১ আগস্ট। তিনি বিদায়ী ম্যাচটি খেলেন সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ৬ অক্টোবর। বুয়েন্স আয়ার্সে বিশাল আড়ম্বরে বিশ্বকাপজয়ী এ মহাতারকাকে বিদায় জানায় আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী এ তারকা এখন থেকে কেবল ক্লাব ফুটবল খেলবেন। সে তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়টা বেশ বেদনাবিধুর। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়া এ তারকা সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে কোচের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। এর জেরে তাঁকে নিষেধাজ্ঞাও দেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ৫ নভেম্বর সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এ তারকা। 


পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। রোনালদোও এখন থেকে শুধু ক্লাব ফুটবল খেলবেন। মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৪ নভেম্বর বুয়েন্স আয়ার্সে উরুগুয়ের বিপক্ষে, এরপর ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে খেলবে তারা। দুটিই প্রীতি ম্যাচ। আর রোনালদোর বিদায়ের পর উয়েফা নেশনস লিগের ম্যাচে ১৫ নভেম্বর পর্তুগাল মুখোমুখি হবে ডেনমার্কের, তিন দিন পর ওয়েলশের বিপক্ষে খেলবে তারা।  


মেসি-রোনালদো বিদায়ের পর বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা এখন লামিনে ইয়ামাল। তবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে চেক রিপাবলিকের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না স্পেন। 


বিশ্বচ্যাম্পিয়নরা ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবালকেও পাচ্ছে না। লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন ইয়ামাল। ওইয়ারসাবাল ফ্লু আক্রান্ত। দুজনকেই আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার আশা করছে স্পেন। নেশনস লিগে চার ম্যাচের সবকটি জিতে নিজেদের গ্রুপে শীর্ষে আছে স্পেন। সেপ্টেম্বর-অক্টোবরের বিরতিতে অস্ট্রেলিয়া ও ভারতে তিনটি প্রীতি ম্যাচ খেলা ব্রাজিল আবার এশিয়াতে আসছে। 


১৪ ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটিতে রাফিনহার খেলা নিয়ে বার্সেলানার সঙ্গে ব্রাজিল ম্যানেজমেন্টের ভালোই টানাপোড়েন চলেছে। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন রাফিনহা। দুই ম্যাচেই তিনি খেলবেন।

সর্বশেষ সব খবর

শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলনে ইব্রাহিম, হামজা ও তপু

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৫ পিএম

পুরো দল উজ্জীবিত তাঁকে পেয়ে। সাফ জয়ের আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে বাংলাদেশের। সেই হামজা দেওয়ান চৌধুরী নিজেও লাল-সবুজের জার্সিতে ট্রফি জিততে উন্মুখ হয়ে আছেন। ২০০৩ সালের পর আবার বাংলাদেশ সাফ জিতবে বলে বিশ্বাস শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডারের। এবারের সাফে বাংলাদেশকে ফেভারিট মনে করা হামজা মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তার চুম্বক অংশ তুলে ধরা হলো–


টুর্নামেন্টে আমরা জিততে পারব


আমরা জানি, পুরো দেশ কী চায়। তবে দলের ওপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতকেও হারিয়েছি। আমরা জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।


২৩ বছরের খরা কাটানো


ফুটবল দলীয় খেলা। এখানে শুধু আমাকে নিয়ে ভাবলে হবে না, পুরো দল নিয়ে ভাবতে হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। ঘরের দর্শকদের সামনে আবার বড় টুর্নামেন্টে খেলতে পারছি, এটা দারুণ ব্যাপার। ২৩ বছর হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। আশা করি, এবার সেটি ঘরে ফিরিয়ে আনতে পারব।


সুযোগ তৈরি করতে পারছি


আমি উদ্বিগ্ন হতাম, যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। আমরা সুযোগ তৈরি করতে পারছি। আশা করি, সেগুলো কাজে লাগানোও শুরু করব।


বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত


বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখায়, তা অনেক বড় ব্যাপার। ইংল্যান্ডে থাকতেও বাংলাদেশের সমর্থকরা আমাদের খেলা দেখতে যেতেন। এটা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থ বহন করে। আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের সেই ভালোবাসার প্রতিদান 

দিতে পারব।


ভালোবাসার প্রতিদান দিতে হলে টুর্নামেন্ট জিততে হবে


আমরা সবাই একটা ভালো সময়ে একসঙ্গে এসেছি। ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে। তবে এখন আমাদের ম্যাচ জিততে হবে। সমর্থকরা আমাদের খেলা দেখতে অনেক সময় ও অর্থ ব্যয় করেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হলে আমাদের টুর্নামেন্ট ও ম্যাচ জিততে হবে।


বাড়তি দায়িত্ব নেওয়া প্রসঙ্গে


মাঝেমধ্যে হয়তো আমি একটু বেশি কিছু করার চেষ্টা করি। শুধু দলকে সাহায্য করার জন্যই এমনটা করি। 

কীভাবে আক্রমণ কিংবা রক্ষণে দলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি, তা নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমাদের দলে আক্রমণ ও রক্ষণে ভালো করার মতো অনেক সক্ষম খেলোয়াড় আছে। আমার কাজ হলো তাদের সঙ্গে সমন্বয় করা এবং দলকে সাহায্য করা। আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে কাজ করার সময় খুব বেশি পাওয়া যায় না। তবে আমরা ধীরে ধীরে একই জায়গায় আসছি।


সাফের ফেভারিট


আমার মনে হয়, বাংলাদেশই ফেভারিট। আমি অন্তত সেটাই মনে করতে চাই!


অধিনায়কত্ব প্রসঙ্গে


কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি দায়িত্ব নেব। তবে দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় আছেন, যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ড্রেসিংরুমে সবাই যেন একই লক্ষ্যে কাজ করে। আমাদের মধ্যে পারিবারিক একটা পরিবেশ আছে, এটাই সবচেয়ে জরুরি।

সর্বশেষ সব খবর

বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৫ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম। আজ এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করতে পরামর্শ দেবেন আমিনুল।তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে লাহোর কালান্দার্স। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আমিনুল।


তরুণ প্রতিভা খুঁজে বের করা এবং তাদের পরিচর্যার জন্য তৃণমূল ও হাই-পারফরম্যান্স কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পেয়েছে লাহোর কালান্দার্স। ২০১৬ সাল থেকে পিএসএলে খেলছে লাহোর। দলটি সব মিলিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার।

সর্বশেষ সব খবর

হৃদয়ের রেকর্ডে সিলেট টেস্ট ড্র

সিরিজ ওয়েস্ট ইন্ডিজের


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০২ পিএম

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা খুব একটা এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময়ও পাননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নিতে হয় দুই দলকে। দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে বাংলাদেশ। ফলে ড্রয়ে শেষ হয় সিলেট টেস্ট। তবে প্রথম টেস্ট জেতার সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।


ম্যাচের শেষ দিনে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি। খেলেন ৮২ রানের ইনিংস। এর মধ্য দিয়ে এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তি গড়েন হৃদয়। নিজের তৃতীয় টেস্টেই তুলে নেন প্রথম টেস্ট ফিফটি।


হৃদয়ের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিমও। ১২৩ বলে ৬ চারে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ফিফটির মাত্র এক রান আগে শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।মানচিত্র দেখুন


শেষ পর্যন্ত আলোকস্বল্পতা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। আম্পায়াররা একাধিকবার আলোর পরিস্থিতি যাচাই করেও খেলা চালিয়ে যাওয়ার মতো পরিবেশ পাননি। ফলে ৫৯ ওভারেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, ড্র হয় সিলেট টেস্ট।

সর্বশেষ সব খবর