• প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫২ এএম

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।


জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ। পরদিন থেকে শুরু হবে রোজা।


এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে জমাদিউস সানি মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।


হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানি বছরের ষষ্ঠ মাস। এর পর সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস শেষ হলেই শুরু হবে পবিত্র রমজান।


চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। ফলে রমজান শুরুর সুনির্দিষ্ট সময় চাঁদ দেখার ওপর নির্ভর করে।


সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রবর্ষের কারণে প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।


তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৭ এএম

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত মাপ, রং ও উপকরণ অনুসরণ করেই নম্বরপ্লেট তৈরি ও সংযোজন করতে হবে মালিকদের। এ জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।


নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে:


স্কুটারের নম্বরপ্লেট: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।


অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেট: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।


অক্ষর ও সংখ্যার উচ্চতা: উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।


নম্বরপ্লেটের উপকরণ: অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।


রং: নম্বরপ্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে।


অতিরিক্ত নকশা: নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।


নম্বর লেখার ধরন: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে। যেমন- ঢাকা মেট্রো-ল-০০-০০০০।


বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের আগের সময়সীমা ছিল ১৫ নভেম্বর। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে নম্বরপ্লেট লাগানোর জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ সব খবর

মালয়েশিয়ার দৃষ্টিনন্দন ভবন

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৭ এএম

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 


একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা ব্যয়ের কথা বলা হচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে খরচ থাকলে কর্মীদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। 


এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।



সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের বিষয়টি বাস্তবায়ন হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।



ক্যাপশন

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)


সর্বশেষ সব খবর

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ২:২৬ এএম

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ৩১) গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।


বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রনায়ক ও প্রতিনিধিদলের সম্মানে তুর্কি প্রেসিডেন্সির পক্ষ থেকে এ সম্মাননা ভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে বুধবার সকালে আন্তালিয়া এক্সিবিশন সেন্টারে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশন ও সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি তিনি লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।


জাতিসংঘের এই উচ্চপর্যায়ের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান। সফরকালে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন এবং চীনের ভাইস প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সর্বশেষ সব খবর

বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৩ এএম

যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ঢাকার আশপাশে একাধিক রানওয়েসহ নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


বুধবার সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেও নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।


বিএনপির সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমানে নিজস্ব ১৯টি উড়োজাহাজ রয়েছে। এরই মধ্যে বোয়িংয়ের ২৫টি এবং এয়ারবাসের ১০টিসহ মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।


বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসের উড়োজাহাজগুলো ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।


৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল


জামায়াতের সংসদ সদস্য মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, দেশে বর্তমানে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন।


বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।


নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার পাচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরে বিবেচনা করা হবে।


এ জন্য শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, সুশীল সমাজ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও আলোচনার মাধ্যমে তালিকা তৈরির পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সব খবর

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২২ এএম

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার জন্য দেশটিতে প্রবেশের অনুমতি পাননি জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি। 


তবে মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব, বিশেষ করে রোহিঙ্গা সংকট ও রাখাইন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনায় সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের এই বিশেষ দূতের। তার বাংলাদেশ সফর চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিলেন কেলি ই কারি।


কিন্তু দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে এ ধরনের সফরের জন্য তারা প্রস্তুত নয়। বাংলাদেশ সফরে কেলি ই কারি মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘাত, রাখাইন রাজ্যের মানবাধিকার পরিস্থিতি এবং এর ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর সৃষ্ট প্রভাব পর্যালোচনা করবেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলোও খতিয়ে দেখবেন তিনি।


সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার। ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে তার।


সফর শেষে আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতিসংঘ ভবনে (ইউএন হাউস) সংবাদ সম্মেলন করবেন কেলি ই কারি। বাংলাদেশ সফর ও সংশ্লিষ্ট পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি তার পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

সংসদে প্রশ্নের জবাব দেওয়ার সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।


বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হইচই শুরু হলে এ কথা বলেন ডেপুটি স্পিকার।


সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।


জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।


মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। তার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


হইচই বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।


এরপর ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।


এরপর মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সর্বশেষ সব খবর