ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ৪:০৯ পিএম

অস্ট্রেলিয়ার সফরের শেষটা ভালো হয়নি। ম্যাকাই টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে, তাও দুই দিনের মধ্যেই। এরপরও বাংলাদেশ দল গড়েছে নতুন ইতিহাস। টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ।


আজ আইসিসি ওয়েবসাইটে হালনাগাদ করা টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৮। এর আগে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। সেটি ছিল ২০২৪ সালে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ তে সিরিজ হারানোর পর।


বাংলাদেশ এখন পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে। বাংলাদেশের উত্থানের কারণে এক ধাপ করে পিছিয়েছে শ্রীলঙ্কা (৭),পাকিস্তান (৮) ও ওয়েস্ট ইন্ডিজ (৯)।


শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১২৬। ১১৯ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড আছে সেরা পাঁচে। সেরা পাঁচে কোনো পরিবর্তন আসেনি।


অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করাতেই এমন উত্থান বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।


এমন জয় চমকে দিয়েছিল ক্রিকেটবিশ্বকে। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজ জিততে পারেনি। ম্যাকাইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।


টেস্ট র‌্যাঙ্কিংয়ে এমন উত্থানকে বড় অর্জন হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন। ম্যাকাই টেস্ট শেষে তিনি বলেছেন, ‘ ভালো খবর, অবশ্যই ভালো খবর। খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম। তবে ছয় নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অর্জন।’



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৩ আগস্ট, ২০২৬, সময় : ১:৫৪ পিএম

ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে দ্বিতীয় টেস্ট হেরেছে সফরকারীরা। এই জয়ে সিরিজে সমতা টেনেছে অস্ট্রেলিয়া। দেড় দিনেই শেষ হলো ম্যাকাই টেস্ট।


চা-বিরতির পর নাথান লায়নের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে ৮ রান করে ফেরেন তাসকিন আহমেদ। ৯৫ রানে ৯ উইকেট হারিয়ে হারের একেবারে দ্বারপ্রান্তে তখন বাংলাদেশ।শেষ ব্যাটার হিসেবে নামা শরিফুল ইসলাম প্রথম বল ডিফেন্স করেন। পরের বল উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হলে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ শেষ হলো ১-১ সমতায়।


মুশফিক অপরাজিত ছিলেন ২৯ রানে। দুই ইনিংসে মিচেল স্টার্কের শিকার ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার ঝুলিতে ৪টি। ৩টি করে উইকেট পেয়েছেন কামিন্স ও লায়ন।


এর আগে, ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো করতে পারেনি বাংলাদেশ। লাঞ্চের আগে ৩৯ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা।


এই ইনিংসেও স্টার্কের তোপে পরপর দুই বলে আউট হন সাদমান ও মুমিনুল। টিকতে পারেননি প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও। কামিন্সের বলে ক্যাচ দিয়েছেন তিনি।


শুরুতেই একবার আউট হতে গিয়ে বেঁচে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর ইতিবাচক ব্যাটিং করার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হতাশার শেষই হলো তার ইনিংসের।


নাথান লায়নের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়ে ক্যাচ দিয়েছেন লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার স্টার্কের হাতে। চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ। ৪৬ বলে ৩১ রান করে আউট হলেন নাজমুল।


ডারউইনে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ০ রানে সাজঘরে ফেরেন লিটন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার দরকার পড়েনি। ম্যাকাইতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আউট হলেন কোনো রান না করেই।


তিন শূন্য নিয়ে চলমান টেস্ট সিরিজ ব্যর্থতায় পার করলেন লিটন। দ্বিতীয় ইনিংসে ১০ বল খেলে শূন্য রানে ড্রেসিংরুমের পথ ধরেছেন। স্টার্কের অফ স্টাম্পের সামান্য বাইরে বল খোঁচা মেরে ক্যাচ দিয়েছেন স্লিপে দাঁড়ানো ওয়েবস্টারের হাতে।


প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯২ বলে ১৪ রান করা হাসানও পারেননি কিছু করতে। ২ রানেই প্যাট কামিন্সের বলে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে।


এরপর আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজও। কামিন্সের বলে ১ রান করে খোঁচা দিয়ে ফিরেছেন তিনি। ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ।


তাইজুলকে বোল্ড করে বাংলাদেশ অষ্টম উইকেটের পতন ঘটান মিচেল স্টার্ক। ৭ রান করে ফিরলেন তাইজুল। এই উইকেটের মধ্য দিয়ে চলমান টেস্টে ১০ উইকেট শিকার করলেন স্টার্ক। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর এখন পর্যন্ত এই ইনিংসে তার ঝুলিতে ৪ উইকেট।


প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া লিড তুলেছে ১৪৬ রানের।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১০:২০ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হতে যাওয়া এই টুর্নামেন্টের দুয়ার খুলেছে বাংলাদেশের জন্য। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় বাংলাদেশকে চূড়ান্ত আমন্ত্রণ জানিয়েছে ফিফা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সভায় বিষয়টি অনুমোদনও পেয়েছে।


সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু ব্রিফিংয়ে বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। সেটি হলো, আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। আমরা ফিফাকে এরই মধ্যে নিশ্চিত করেছি যে আসিয়ান কাপে খেলব।’


১৩ আগস্ট ভারত নাম প্রত্যাহার করার পরপরই ফিফা বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা জানতে চাওয়ার পাশাপাশি আসিয়ান কাপে খেলার আগ্রহের বিষয়ে জানতে চেয়েছিল। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ার পর গত রাতে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ফিফার চূড়ান্ত আমন্ত্রণপত্র পৌঁছায়।


ফিফা আরব কাপের আদলে ‘ফিফা আসিয়ান কাপ’ আয়োজনের সিদ্ধান্ত হয় গত বছর, যা চলতি বছরের ফিফা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পায়। আসিয়ানভুক্ত ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে টুর্নামেন্টটিতে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। 


তবে এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীন ও ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ভারত নাম সরিয়ে নেয়। চীনের জায়গায় পাকিস্তানকে নেওয়া হয়েছে আগেই, আর এবার ভারতের জায়গায় সুযোগ পেল বাংলাদেশ।


মোট ১৪টি দল অংশ নিলেও প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দুটি ডিভিশনে। ৮টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন হবে ইন্দোনেশিয়ায় এবং ৬টি দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হবে হংকংয়ে। বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে প্রিমিয়ার ডিভিশনে, যেখানে ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এই ডিভিশনের অন্য দলগুলো হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। দুটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে।


এবারের সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডো মোট ১৬ দিনের। লম্বা এই সময়ে বাফুফে ঘরের মাঠে চার জাতির টুর্নামেন্ট আয়োজন কিংবা কিরগিজস্তানে গিয়ে তিন জাতির টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিকল্পনা করছিল। 


শেষ পর্যন্ত দেশে টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে না, যেতে হচ্ছে না কিরগিজস্তানেও, আসিয়ান কাপেই খেলার সুযোগ পেল বাংলাদেশ।

সর্বশেষ সব খবর

কুইন সুলিভান ও লিওনেল মেসি

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৪:৫২ পিএম

মাঠের উত্তাপ গড়াল মাঠের বাইরের শাস্তি পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করার ঘটনায় লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।


বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি। ঘটনাটির পর দুজনের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।


এমএলএস জানায়, প্রতিপক্ষের মাথা ও ঘাড়ের এলাকায় হাত দিয়ে স্পর্শ করার ঘটনায় মেসি ও তার সতীর্থ ইয়ান ফ্রে-কে জরিমানা করা হয়েছে। তবে দুজনের জরিমানার অঙ্ক জানানো হয়নি। একই ম্যাচে সুলিভান পরিবারের আরেক সদস্য কাভান সুলিভানও আলোচনায় ছিলেন। ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল তাকে। তবে পরে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করে। ফলে মেসির ঘটনায় শাস্তি পেলেও সুলিভান পরিবারের জন্য এসেছে স্বস্তির খবর।


ম্যাচে অবশ্য ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মেসি। বাবার মৃত্যুর পর প্রথম গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তাও করেন আর্জেন্টাইন তারকা। 


তবে কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত মুহূর্তের জেরে ম্যাচ শেষ হওয়ার পরও শাস্তির মুখে পড়তে হলো তাকে।


সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ৩:৪৭ পিএম

ম্যাকাইয়েতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ ১৪ রান করার পর বল হাতে মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।


বাংলাদেশের প্রথম ইনিংস থামে মাত্র ৬৪ রানে। সেই ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ রান আসে শরিফুলের ব্যাট থেকে।


এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশকে ম্যাচে ফেরানোর দায়িত্ব নেন এই বাঁহাতি পেসার। শরিফুল একে একে অস্ট্রেলিয়ার ব্যাটারদের সাজঘরে ফেরাতে থাকেন।


তার দুর্দান্ত স্পেলে অস্ট্রেলিয়াও একটা সময় ১৪৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে। শেষ পর্যন্ত দিনের খেলা শেষে শরিফুলের বোলিং ফিগার দাঁড়ায় ৬ উইকেটে ৩১ রান।

 

সবচেয়ে আলোচিত বিষয়, টেস্ট ইতিহাসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে একই ম্যাচে দলের সর্বোচ্চ রান করার পাশাপাশি ৫ বা তার বেশি উইকেট নেওয়ার এমন কীর্তি আর কোনো ক্রিকেটারের নেই। শরিফুলের এই পারফরম্যান্স তাই হয়ে থাকল অনন্য এক নজির।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২২ আগস্ট, ২০২৬, সময় : ১০:৪২ এএম

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়েছে সফরকারীরা। ১০ ওভারে ৬ মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। প্যাট কামিন্স শিকার করেছেন ৩ উইকেট, জশ হ্যাজলউড নিয়েছেন একটি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর পর ম্যাচের প্রথম বলেই আঘাত হানেন স্টার্ক। 


বল ব্যাটের কানায় লেগে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন সাদমান ইসলাম। গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয় বাঁহাতি ওপেনারকে। পরের ওভারেই তানজিদ হাসান তামিমকে ফেরান স্টার্ক। বল ব্যাটের কানায় লেগে স্লিপে ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান। ফলে টানা দুই ইনিংসে শূন্য রানে ফিরলেন তানজিদ।


এরপর বাংলাদেশের বিপর্যয় আরও বাড়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্টার্কের বল লেগ স্টাম্পের দিকে বেরিয়ে যাওয়ার সময় প্যাডে আঘাত হানে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে আম্পায়ার্স কলের কারণে সিদ্ধান্ত বহাল থাকে। গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয় শান্তকে। স্টার্কের তৃতীয় শিকার হন মুমিনুল হক। অফ স্টাম্পের বাইরের বলে অযথা ব্যাট বাড়িয়ে গালিতে ক্যাচ দেন তিনি। ১৬ বলে ৯ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।


লিটন দাসও স্টার্কের তাণ্ডল থেকে বাঁচতে পারেননি। প্রথমে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। ওয়েবস্টার সহজ ক্যাচটি নিতে পারেননি। পরের বলেই অবশ্য লিটনকে এলবিডব্লিউ করে ফেরান স্টার্ক। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পে আঘাত করত। ৪ রানেই ফিরতে হয় লিটনকে।


মাত্র ১২ রানেই ৫ উইকেট হারানো বাংলাদেশের হয়ে এরপর কিছুটা প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তবে তাদের জুটিও বেশিদূর এগোয়নি। প্যাট কামিন্সের ভেতরে ঢোকা বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে স্টাম্প ভেঙে যায় মুশফিকের। ৪২ বলে ৫ রান করে ফেরেন অভিজ্ঞ ব্যাটার। লাঞ্চের আগে আর কোনো উইকেট না হারিয়ে ৬ উইকেটে ৩৫ রান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। মিরাজের সঙ্গে ১৪ রানের জুটি গড়েন হাসান মাহমুদ।


বিরতির পর অবশ্য দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। প্যাট কামিন্সের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন মিরাজ। ৫১ বলে ১১ রান করেন তিনি। এরপর জশ হ্যাজেলউডের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দেন হাসান মাহমুদ। ৩৬ বলে ১০ রান করে ফেরেন তিনি। এতে ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৮ রান। তখনই শঙ্কা জাগে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ডও বুঝি ভেঙে যাবে।


তবে শেষ দুই ব্যাটার তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম কিছুটা স্বস্তি দেন বাংলাদেশকে। দশম উইকেটে দুজন মিলে যোগ করেন ইনিংসের সর্বোচ্চ ২৫ রান। এর মধ্যেই নিজেদের সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত শরিফুলকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন স্টার্ক। কট বিহাইন্ড হন ২৬ বলে ১৪ রান করা শরিফুল। তাইজুল ২৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ৩৪ ওভারে মাত্র ৬৪ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। স্টার্কের ৬ উইকেটের পাশাপাশি কামিন্স নেন ৩টি এবং হ্যাজলউড একটি উইকেট।


এই ইনিংসে একাধিক বিরল রেকর্ডও হয়েছে। ম্যাচের প্রথম বলেই সাদমানের উইকেট নিয়ে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার টেস্ট ইতিহাসে প্রথম বলের প্রথম উইকেটের মালিক হয়েছেন স্টার্ক। একই সঙ্গে এই মাঠের প্রথম টেস্টের প্রথম বলেই আউট হওয়া ব্যাটার হিসেবে রেকর্ডে নাম উঠেছে সাদমানের।


এদিকে মাত্র ২২ বলে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন স্টার্ক। সব মিলিয়ে টেস্টে এটি তার ১৯তম পাঁচ উইকেটের ইনিংস।

সর্বশেষ সব খবর

রোনালদিনিও

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৫:৫৭ পিএম

অবসরের ঘোষণা এসেছে ২০১৮ সালে। তবে পেশাদার ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলেছেন তারও প্রায় তিন বছর আগে। এবার ১১ বছর পর আবারও মাঠে ফিরছেন রোনালদিনিও। ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলারের বয়স এখন ৪৬ বছর। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাবটি। বৃষ্টি উপেক্ষা করে সেখানে হাজির হয়েছিলেন প্রায় ৬ হাজার দর্শক। দিনটির নামও দেওয়া হয়েছিল ‘রোনালদিনিও ডে’। মঞ্চে উঠে রাভেন্নার ১০ নম্বর জার্সি হাতে ছবি তুলেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা।


রোনালদিনিওর সর্বশেষ পেশাদার ম্যাচ ২০১৫ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। মাঝের সময়ে বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালেও খেলেছেন তিনি। তবে পেশাদার দুনিয়ায় তিনি সাবেক—এমনটাই দেখেছেন সবাই।


সেই রোনালদিনিওই এখন মাঠে নামার অপেক্ষায়। রাভেন্নায় পা রাখার দিনে তিনি বলেছেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। আমাদের এমন একটি দল আছে, যারা ভালো কিছু করতে পারে।’


অবশ্য মাঠে নামার বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদিনিও স্পষ্ট উত্তর দেননি, ‘আমি খেলব কি না, জানি না। সেটা শুধু কোচই জানেন। ইতালিতে ফিরতে পেরে দারুণ লাগছে। আমি এখানে এসেছি সতীর্থদের জিততে সাহায্য করতে।’


তবে নিজের ৩০০তম গোলের কথাও ভুলছেন না। রোনালদিনিও বলেছেন, ‘দেখতেই পাচ্ছেন, আমি ভালো ফিট আছি। ভালো অনুভব করছি। যদি ৩০০তম গোলটি করতে পারি, তাহলে আরও ভালো হবে।’ ব্রাজিলের হয়ে ৩৩ গোল করা রোনালদিনিও বার্সেলোনায় ৯৪ এবং এসি মিলানে ২৪ গোল করেছিলেন। খেলেছেন পিএসজি, আতলেতিকো মিনেইরো, গ্রেমিওসহ আরও কয়েকটি দলে।


ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুসারে, ৭৮৭ ম্যাচে ২৯৯ গোল করেছেন রোনালদিনিও। ফলে তিন শর ঘরে পৌঁছাতে একটি গোলই লাগে তাঁর।


রোনালদিনিওর রাভেন্নায় ফেরার পরিকল্পনার কথা প্রথম সামনে আসে গত জুনে, ২০২৬ বিশ্বকাপ চলার সময় মায়ামিতে। ক্লাবটির ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি তখন রোনালদিনিওকে দলে নেওয়ার কথা জানান। ২০২৪ সাল থেকে রাভেন্নার মালিক সিপ্রিয়ানি বলেছেন, রোনালদিনিও ক্লাবটির শেয়ারও কিনবেন।


সিপ্রিয়ানির ভাষায়, এই প্রত্যাবর্তনের লক্ষ্য ‘রোমান্টিক’। আরও স্পষ্ট করে বললে রোনালদিনিওর ক্যারিয়ারের শেষ গোলটি করানোর চেষ্টা। তবে এটাকে শুধু প্রচারণার কৌশল হিসেবে দেখছেন না তিনি, ‘মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা কোনো মার্কেটিং স্টান্ট নয়’।


রাভেন্না গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছিল। ২০০৮ সালের পর আবার ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে ফিরতে চায় ক্লাবটি।


নতুন মৌসুমে রাভেন্নার প্রথম ম্যাচ সোমবার রেজিয়ানার বিপক্ষে। তবে এই ম্যাচে রোনালদিনিওকে দেখা যাবে না বলে খবর লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্তের।

সর্বশেষ সব খবর