'উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা—২০২৬। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে একাডেমিক কোর্সের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর প্রেসিডেন্ট আবিদা সুলতানা ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার প্রতিপাদ্য 'উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সমাজ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ প্রবন্ধে অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ বলেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ক্রমবর্ধমান জ্ঞানভিত্তিক বিশ্বে সৃজনশীল ধারণাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরের সক্ষমতা ব্যক্তিগত সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য। একটি ধারণা তখনই প্রকৃত মূল্য অর্জন করে, যখন তা মানুষের বাস্তব চাহিদা পূরণ, অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রবন্ধের মূল বক্তব্য হলো, উদ্ভাবন সম্ভাবনার দ্বার উন্মোচন করে, উদ্যোক্তা কার্যক্রম সেই সম্ভাবনাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরিত করে এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এসব প্রচেষ্টাকে চূড়ান্ত সার্থকতা প্রদান করে। এছাড়াও তিনি বিভিন্ন থিওরি ও নতুন নতুন প্রযুক্তির আলোকে 'উদ্ভাবন ও উদ্যোক্তার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবিদা সুলতানা বলেন, সাউদার্ন ইউনিভার্সিটির আজকের প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শিক্ষার্থীরা অধ্যায়নরত অবস্থায় এই ধরনের আইডিয়া নিয়ে কাজ করছে দেখে আমি মুগ্ধ। তাদের মধ্যে উদ্ভাবন ও সৃষ্টিশীলতার মনোভাব রয়েছে। মোট জনসংখ্যার অর্ধেক নারী, তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বাড়াতে হবে এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে হবে। উদ্যোক্তা বিষয়ে যেকোন পরামর্শ ও সহযোগিতায় উইমেন চেম্বার সব সময় আপনাদের পাশে আছে।
উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং লক্ষ্য অর্জন ও স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
মূলত ব্যবসার প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ সেমিস্টার ভিত্তিক এ মেলার আয়োজন করে থাকে। এবার শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপণী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়মবহির্ভূতভাবে তিন ডেপুটি রেজিস্ট্রারকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালা উপেক্ষা এবং হাইকোর্টের স্থগিতাদেশ তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
হাইকোর্টের স্থগিতাদেশ ও রুল জারি গত ২৬ অক্টোবর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৬ সালের ২২ জুন ও ১৬ আগস্ট প্রকাশিত পবিপ্রবির সহকারী অধ্যাপক পদের নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে অভিন্ন নীতিমালা পরিপন্থী এই নিয়োগ বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন আদালত। মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পদের প্রার্থী ড. মো. শামসুজ্জোহা সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এ রিট আবেদনটি দায়ের করেন।
শর্ত শিথিলের অভিযোগ ও ইউজিসির অবস্থান রিট আবেদনের তথ্যমতে, ইউজিসির ২০২১ সালের ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নে অনুসরণীয় অভিন্ন নীতিমালা’ অনুযায়ী সহকারী অধ্যাপক পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছরের প্রভাষক পদের অভিজ্ঞতা (এমফিলের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ১ বছর), ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং অন্তত তিনটি স্বীকৃত গবেষণাপত্র থাকা বাধ্যতামূলক।
তবে পবিপ্রবির বিতর্কিত বিজ্ঞপ্তিতে শিক্ষকতার কোনো অভিজ্ঞতা ছাড়াই পিএইচডি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি সিজিপিএ ৩.৫০-এর শর্ত তুলে দেওয়া এবং গবেষণাপত্রের সংখ্যা কমিয়ে দুটি করা হয়েছে। এতে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা সুবিধা পাচ্ছেন এবং অধিক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীরা অসমান প্রতিযোগিতার মুখে পড়ছেন, যা সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী।
এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ স্পষ্ট জানান, কর্মকর্তা পদ থেকে সরাসরি সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। পবিপ্রবির এই কার্যক্রম নজরে এলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিতর্কের মূলে তিন কর্মকর্তা অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালীদের ঘনিষ্ঠ তিন কর্মকর্তার দিকে: জিনাত নাসরিন সুলতানা (ডেপুটি রেজিস্ট্রার)পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেনের স্ত্রী। রাহাত মাহমুদ (ডেপুটি রেজিস্ট্রার)উপ-উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। ৩. হাচিব মোহাম্মদ তুষার (ডেপুটি রেজিস্ট্রার)। কৃষিতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগে আবেদন করা এই তিন কর্মকর্তার স্নাতকোত্তর ডিগ্রি, ফলাফল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
আইনজীবীর বক্তব্য রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিক বলেন, "পবিপ্রবি প্রশাসন সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউজিসির অভিন্ন নীতিমালা অমান্য করে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে, যা বেআইনি। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহকারী অধ্যাপক পদে কোনো নিয়োগ দিতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন আদালতের প্রশ্নের যৌক্তিক জবাব দিতে ব্যর্থ হলে এই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়তে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষক। তাদের মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্য তিনজনও বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদত্যাগের অনুরোধ এবং ‘পারিপার্শ্বিক চাপের’ কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগপত্র জমা দেওয়া তিন শিক্ষক হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার।
বুধবার (১১ নভেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের (ইসরাফিল রতন) মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া অপর তিন শিক্ষক হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারাও শিগগিরই পদত্যাগপত্র জমা দিতে পারেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার প্রক্টরের সঙ্গে দেখা হলে তিনি ‘পারিপার্শ্বিক চাপের’ কথা জানান। এ সময় পদত্যাগ করলে ভালো হবে কি না, তা জানতে চান তিনি। পরে প্রক্টর তাকে পদত্যাগের অনুরোধ করেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তিনি আরও বলেন, তার জানা মতে মোট ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগ করতে পারেন। এর মধ্যে তিনজন ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি তিনজনও জমা দেবেন বলে শুনেছেন।
তবে প্রক্টর সরাসরি কোনো নির্দেশ দেননি; বরং ‘পারিপার্শ্বিক চাপের’ কথা জানিয়ে পদত্যাগের অনুরোধ করেছেন বলেও জানান ড. রফিকুল।
অন্যদিকে, পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত, পারিবারিক ও একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। তিনি বলেন, এসব কারণেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্রেও তা উল্লেখ করেছেন।
ছয়জনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পদত্যাগ করেছি। তবে শুনেছি ছয়জন পদত্যাগ করেছেন। যদিও বিষয়টি সম্পর্কে আমি নিশ্চিত নই।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসব শিক্ষক সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে তিন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দিয়েছে প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২) ও সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। তারা কেউই মাভাবিপ্রবির শিক্ষার্থী নন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে আকস্মিকভাবে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু ও তার নেতা-কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে তিনজন ছাড়া বাকিরা দ্রুত পালিয়ে যান।
পূর্বঘোষিত কোনো অনুষ্ঠান বা কর্মসূচি ছাড়াই আকস্মিকভাবে এ ধরনের স্লোগান দেওয়ার ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এটি কেবল স্লোগান দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিয়েও প্রশ্ন ওঠে।
ঘটনার খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জয় বাংলা স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।
তবে বহিরাগত হয়েও কী উদ্দেশ্যে তারা ক্যাম্পাসে এসে স্লোগান দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তাদের এই আকস্মিক উপস্থিতির পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ও আমার ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের আটক করি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে তাদের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করি। এই ক্যাম্পাসকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অস্থিতিশীল করতে চাইবে, তাদের আমরা প্রতিহত করব। যারা হাজার হাজার মানুষের জীবন নিয়েছে, যাদের কোনো অনুশোচনা পর্যন্ত নেই, তাদের এ দেশের জনগণ আর মেনে নেবে না। আমরা রাজপথে আছি, ইনশাআল্লাহ রাজপথে থেকেই মোকাবিলা করব।
প্রক্টর অধ্যাপক ড. মনির মুর্শেদ বলেন, এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, আমরা তাদের এনআইডিসহ সব ধরনের তথ্য রেখেছি এবং তদন্তের জন্য তা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আপাতত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৫ বছর, বেসরকারিতে ৬ বছর। ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় একই মন্ত্রণালয়ের এমন দুই ধরনের শর্তে বিপাকে পড়েছেন অভিভাবকরা। সরকারি বিদ্যালয়ে লটারিতে সুযোগ না পাওয়া ৫ বছর বয়সী শিশুদের জন্য বেসরকারি বিদ্যালয়ে ভর্তির দরজাও বন্ধ হয়ে যাচ্ছে।শিক্ষাবিদরা বলছেন, একই শিক্ষানীতির অধীনে পরিচালিত দুই ধরনের প্রতিষ্ঠানে ভর্তির বয়সসীমায় এমন পার্থক্য অযৌক্তিক।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ২০২৭ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি নীতিমালায় বয়সের এই ভিন্নতা রাখা হয়েছে। এতে সরকারি স্কুলে ভর্তির আবেদন করেও লটারিতে সুযোগ না পাওয়া পাঁচ বছর বয়সী শিশুদের এক বছর অপেক্ষা করা ছাড়া বিকল্প থাকবে না।
সরকারিতে পাঁচ, বেসরকারিতে ছয় বছর
গত ১৩ অক্টোবর প্রকাশিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছয় বছর। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে পারবে।একই বিভাগের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর ৩ নম্বর অনুচ্ছেদে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরাই এ শ্রেণিতে ভর্তির যোগ্য হবে। ফলে ২০২১ সালে জন্ম নেওয়া পাঁচ বছর বয়সী শিশু সরকারি স্কুলে আবেদনের সুযোগ পেলেও বেসরকারি স্কুলে আবেদন করতে পারবে না।
বিপাকে অভিভাবকরা
অভিভাবকদের আশঙ্কা, সরকারি স্কুলে আসন সীমিত। ফলে লটারিতে সুযোগ না পাওয়া শিশুদের বেসরকারি স্কুলে ভর্তির বিকল্পও বন্ধ হয়ে যাবে।
রাজধানীর শান্তিনগর এলাকার বাসিন্দা বাণী রহমানের মেয়ের বয়স পাঁচ বছর তিন মাস। তিনি সমকালকে বলেন, ‘এবার সরকারি স্কুলে সুযোগ না পেলে আমার মেয়েকে কোথাও ভর্তি করাতে পারব না? তার বয়সী অন্য শিশুরা সরকারি স্কুলে ভর্তি হয়ে যাবে, অথচ আমার মেয়ের জন্য বেসরকারি স্কুলের দরজাও বন্ধ থাকবে। এটা কেমন নিয়ম?’
আরেক অভিভাবক রফিকুল ইসলাম আদনান বলেন, ‘সরকারি স্কুলে আসন সীমিত। সেখানে সবাই তো ভর্তির সুযোগ পাবে না। আমার ছেলের বয়স পাঁচ বছর সাত মাস। তাকে সরকারি স্কুলে আবেদন করাব না। কিন্তু বেসরকারি স্কুলেও ভর্তি করাতে পারব না। এক দেশে দুই নিয়ম, এ কেমন বৈষম্য?
শিক্ষাবিদদের আপত্তি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সমকালকে বলেন, সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে বয়সের এ বৈষম্য অযৌক্তিক। এটা ভুল, নাকি ইচ্ছাকৃত, তা আগে নিশ্চিত হতে হবে। কারণ, দুই ধরনের প্রতিষ্ঠানে বয়সের ভিন্ন শর্ত শিশুদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একই জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে দুই ধরনের ভর্তি নীতিমালায় বয়সের ভিন্নতা রাখা হয়েছে। বিষয়টি দ্রুত পর্যালোচনা করে অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজন।
ফি ও কোটায় নির্দেশনা
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরের শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।সরকারি সেবা
নীতিমালায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীন দপ্তর বা সংস্থার কর্মীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। এ ছাড়া সহোদর-সহোদরার জন্য ৩ শতাংশ
এবং যমজ ভাইবোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মানচিত্র দেখুন
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
পূর্বানুমতি ছাড়া গত ১০ নভেম্বর কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা আগামীকাল ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ করা হয়েছে।মানচিত্র দেখুন
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহণ, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট পালনের নির্দেশ দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বাতিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে।
এদিকে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া ঢাকা মহানগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ২০ শতাংশ আসনে অন্যান্য এলাকার শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করেছে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে। নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় দুই ঘণ্টা।
প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর ছাড় দেওয়া যাবে।
নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। সেই অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।