• প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৫ এএম

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় মরদেহের সন্ধান পায় পুলিশ।


নিহত রাসেল একই ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি চাটখিল উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য ছিলেন এবং নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।  


স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তান দুটি বাবার সঙ্গে থাকত। গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। এরপর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।  


চাটখিল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা বলেন, শ্রমিকদলের নেতাদের নিয়ে বুধবার রাতে তিনি থানায় যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বুধবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করেছে।


নিহতের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৫ এএম

নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ ও পুকুর খননের অভিযোগ উঠেছে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা দাবি বলে নাকচ করেছেন রফিকুল আলম।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমাম উদ্দিন।


সংবাদ সম্মেলনে বক্তব্যে ইমাম উদ্দিন বলেন, তিনি মৃত অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা। তার শাশুড়ির আট মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। শাশুড়ির মৃত্যুর পর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজার ৩৩০, ৩৩১, ৩৩২, ৩৩৩, ১৫৩২, ১৫৩৫, ১৫৩৬, ১৫৩৭ ও ১৫৩৮ নম্বর দাগের ৪৮ শতাংশ জমি দ্বীপ উন্নয়ন সংস্থা জোরপূর্বক দখলে রেখেছে।


অভিযোগ করে তিনি আরও বলেন, ওই জমিতে সংস্থাটির নির্বাহী পরিচালক রফিকুল আলম ভবন নির্মাণ ও পুকুর খনন করেছেন। এতে বাধা দিতে গেলে মামলা-হামলার ভয় দেখানো হয়। ফলে মৃত অজিফা খাতুনের আট মেয়ে তাদের ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।


সংবাদ সম্মেলনে মৃত অজিফা খাতুনের বড় মেয়ে রিজিয়া বেগম উপস্থিত ছিলেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম তা নাকচ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা ও হাতিয়ার যুদ্ধকালীন কমান্ডার। এটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা অভিযোগ। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তারা এ অভিযোগ তুলেছে। তাদের কোনো আপত্তি থাকলে আদালতে মামলা করতে পারে। এ বিষয় নিয়ে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কয়েকবার বৈঠক করেছেন। সিনিয়র আইনজীবীরাও কাগজপত্র পর্যালোচনা করেছেন। তাদের কাছে জমির মালিকানার কোনো কাগজপত্র নেই।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৯ এএম

খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


বুধবার মধ্যরাতের এ ঘটনায় দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে বলে পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


ঘটনাস্থল থেকে উদ্ধার করা করা হয়েছে ৩ লিটারের একটি কেরোসিনের বোতল।খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে যান। তখন আগুন নেভানোর কাজ শেষ হয়েছিল।


এ ঘটনায় সদর থানায় জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


চম্পক কান্তি বলেছেন, আগুনে তার কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন কাগজপত্র নষ্ট হয়েছে। পরে ইউএনও ও সদর থানার ওসিসহ অন্যরা ভুমি কার্যালয়ের পেছনে গিয়ে একটি কেরোসিনের টিন ও বোতল পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়।খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পেড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা বলে মনে হয়নি।”


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সব খবর

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৬ এএম

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের অধিকার আদায়ের প্রত্যয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।



বুধবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের আলীর জাহালের সাইমা ওশান সিটিতে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথি অংশ নেন।


দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, সাংগঠনিক সম্মেলন, কমিটি ঘোষণা, চার গুণীজনকে সংবর্ধনা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ। সহযোগিতা করেন দপ্তর সম্পাদক ও উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন।


প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং।


বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম, প্রকৌশলী কানন পাল, অ্যাডভোকেট আবদুর রহিম, জাফর আলম, বীর মুক্তিযোদ্ধা সমীর পাল, রোস্তম আলী ও অ্যাডভোকেট রেজাউল করিম।


অনুষ্ঠানে চার গুণীজনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন—শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, ক্য থিং অং, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা এবং দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম।


সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে কক্সবাজার জেলা প্রেসক্লাব সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কাজ করছে। সাংবাদিকতায় 5W ও 1H-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। হলুদ সাংবাদিকতা ও পক্ষপাতমূলক সংবাদ পরিহার করে নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।


প্রধান অতিথি এম এম সিরাজুল ইসলাম বলেন, সত্য যত কঠিনই হোক, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।


প্রধান আলোচক ক্য থিং অং বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের বিষয়েও সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা রাখা প্রয়োজন।


দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠার সঙ্গে তাঁদের স্মৃতি জড়িয়ে রয়েছে। সংগঠনটি একসময় সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক সম্মান অর্জন করেছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রেসক্লাব আবারও তার হারানো মর্যাদা ও গৌরব ফিরে পাবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিয়মনীতি, নৈতিকতা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।


দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নানা প্রলোভন থাকলেও সত্যের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিরন্ন, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের আশা-ভরসার জায়গা সাংবাদিকতা। তাই নতুন প্রজন্মকে ত্যাগ, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে পেশার মর্যাদা রক্ষা করতে হবে।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাদক নিয়ন্ত্রণ ও সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কক্সবাজার জেলা প্রেসক্লাব সাংবাদিকদের একটি সুসংগঠিত পরিবার হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।


সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণকে নিজ নিজ পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য পদ ও দায়িত্ব আগের কমিটির সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়।


এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রেসক্লাবগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদারে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হবে।


আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণ ও নবীন সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সব খবর

হাসমত আলী

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৫ এএম

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির পেটে অস্ত্রোপচার করে একাধিক গ্যাস লাইটার, স্ক্রু ও ইটের টুকরা পাওয়া গেছে। অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


বুধবার রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন  এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েদি হাসমত আলী (৪৪) একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে।


জানা যায়, পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত ৩১ অক্টোবর রাতে উন্নত চিকিৎসার জন্য হাসমত আলীকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। 


তিনি ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’ নামে জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।


সিনিয়র জেল সুপার আবদুল্লাহ-আল-মামুন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে তিনি বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ সময় তার পেট থেকে একাধিক গ্যাস লাইটার, স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়। 

 

সর্বশেষ সব খবর

এনসিপির ফেসবুক ভিডিও থেকে নেওয়া

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ২:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনায় বাড়ির একটি টিনশেড ঘরের পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রাত ১২টা ১৮ মিনিটে ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।


পুলিশ জানায়, টিনশেড যে ঘরটিতে আগুন লেগেছে সেটি নুসরাত তাবাসসুমের দাদার তৈরি। সেখানে কেউ বসবাস করতেন না। ঘরটি মূলত গরু-ছাগল পালন ও পশুখাদ্য রাখার কাজে ব্যবহৃত হতো। সেখান থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে নুসরাতের মা-বাবা ও পরিবারের সদস্যরা থাকেন।


এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছে এনসিপি।


গতকাল রাতে ঘটনার পর এক ফেসবুক পোস্টে বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানান নুসরাত তাবাসসুম। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না বলে উল্লেখ করেন তিনি।


তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’


পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করার বিষয়ে জানতে চাইলে ওসি খালেদুর রহমান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সব খবর

রুমিন ফারহানার সঙ্গে ওসির বাদানুবাদের দৃশ্য। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন। তার নেতৃত্বে ২০২৬ সালের ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাস ১৩ দিনে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ১৫৮ জন আসামিকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। এর মধ্যে ১৪৫ জন মাদক কারবারি, ৪৩ জন পেশাদার ডাকাত, ৪৫৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৫ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। এ সময়ে পুলিশ ৫ হাজার ৭৩১ পিস ইয়াবা, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার রহস্য উদ্‌ঘাটন এবং আসামি গ্রেপ্তারের তথ্যও প্রকাশিত হয়।

তবে দায়িত্ব পালনকালে তাকে ঘিরে বিতর্কও তৈরি হয়। গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে তিনি থানায় যান। এ সময় তার সঙ্গে আসা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া ওই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন এবং নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

তার বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।

সর্বশেষ সব খবর