নির্বাচনের ফল প্রকাশের পর গ্রামগুলোকে শাস্তি দিতেই বাতিগুলো খুলে নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৭ পিএম

ভারতের রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পর চার গ্রামের বিদ্যুতের খুঁটি থেকে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি খুলে নেওয়ার ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রার্থীর পরাজয়ের পরই বাতি অপসারণ শুরু হয়। যদিও বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগে স্থাপন করা হয়েছিল বাতিগুলো।

ভারতের রাজস্থানের টঙ্ক জেলার চার গ্রাম থেকে একে একে খুলে নেওয়া হয়েছে প্রায় ৫০টি সড়কবাতি। ঘটনাটি ঘটেছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির এক প্রার্থীর পরাজয়ের পর। ফলে নির্বাচনে হারের প্রতিশোধ নিতেই গ্রামগুলো থেকে বাতি সরানো হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েতের কুমহারোঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামের বিদ্যুতের খুঁটিতে প্রায় ৫০টি এলইডি বাতি স্থাপন করা হয়েছিল।

স্থানীয়দের দাবি, নেওয়াইয়ের বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী অলোক শর্মার উদ্যোগে বাতিগুলো বসানো হয়। অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে ভোটে জয়ী হতে পারেননি তিনি। গ্রামবাসীদের অভিযোগ, প্রিয়াঙ্কা শর্মার পরাজয়ের পরপরই সড়কবাতি খুলে নেওয়ার কাজ শুরু হয়। নির্বাচনের ফল ঘোষণার পর এমন পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন অনেকে।

এদিকে, স্থানীয়দের বাধার মুখেও জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (জেভিভিএনএল) ফল্ট রিপেয়ার টিম কুমহারোঁ কি ধানির প্রায় ১০টি বিদ্যুতের খুঁটি থেকে বাতি খুলে নেয়। পরে নবনির্বাচিত সরপঞ্চরা বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দিলে বাকি প্রায় ৪০টি খুঁটি থেকে বাতি অপসারণের কাজ বন্ধ রাখা হয়।

তবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নাকচ করেছে বিদ্যুৎ বিভাগ। জেভিভিএনএলের নির্বাহী প্রকৌশলী ডি আর মীনা জানান, বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তদন্ত করতে গিয়ে কর্মীরা খুঁটিতে অবৈধ সংযোগের মাধ্যমে স্থাপন করা বাতিগুলোর সন্ধান পান। পরে যাচাই করে সংযোগগুলো অননুমোদিত বলে নিশ্চিত হওয়ার পর সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং বাতিগুলো কার উদ্যোগে ও কীভাবে স্থাপন করা হয়েছিল, তা খতিয়ে দেখতে নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক রামসহায় ভার্মা। তার দাবি, দীপাবলির আগে প্রার্থীরা বাতিগুলো স্থাপন করেছিলেন। পরে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়টি সামনে আসায় সেগুলো সরানোর উদ্যোগ নেওয়া হয়।

তবে নির্বাচনে পরাজয়ের পরপরই বাতি অপসারণের ঘটনা ঘটায় স্থানীয়দের অভিযোগ ও বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তদন্ত শেষ হলে বাতি স্থাপনের নেপথ্যের ব্যক্তি এবং বিদ্যুৎ সংযোগের বৈধতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।




  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২৫ পিএম

মেক্সিকোয় মাদক কারবারি নেতা গ্রেফতার ঘিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত সন্দেহভাজন কার্টেল সদস্য ও চার সেনাসদস্যসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। গত শনিবার (২১ নভেম্বর) মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে সিনালোয়া রাজ্যে কার্টেল নেতা ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেফতারে অভিযান চালানো হয়।

এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কার্টেল সদস্যদের গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয় এবং কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেসা ফ্লোরেসকে শুক্রবারই গ্রেফতার করা হয়। তবে, রাতভর সহিংসতার কারণে তাকে শহর থেকে সরিয়ে নিতে সময় লাগে। পরে, শনিবার তাকে প্লেনে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়।এদিকে, একই অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন জার্মান এন, যিনি ‘সেরাফিন’ নামে পরিচিত।


তিনি গোষ্ঠীটির কথিত দ্বিতীয় শীর্ষ নেতা। অন্যজন হোসে এন। তিনি কার্টেলটির অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন।


তিনজনকেই পরে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। সেখানে তাদের আইনজীবী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুয়াসাভে শহরে নিরাপত্তা বাহিনী ও কার্টেল সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে, সামরিক হেলিকপ্টার ও ড্রোন শহরের আকাশে উড়তে দেখা যায়।


হেলিকপ্টার থেকে বিভিন্ন স্থানে গুলি চালানো হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি বেসবল খেলার দর্শকেরাও গুলির শব্দে পালাতে থাকেন। এসময় শহরের বিভিন্ন স্থানে গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলে ওঠে।একজন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের কারণে শনিবার ভোর চারটার আগে নিরাপত্তা বাহিনী মেসা ফ্লোরেসকে শহর থেকে সরিয়ে নিতে পারেনি। পরে, তাকে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হয়।


মেসা ফ্লোরেস একসময় বেলত্রান লেইভা কার্টেলের নেতৃত্বে ছিলেন। পরে, তিনি নিজের নেতৃত্বে আলাদা একটি মাদক কারবারি চক্র গড়ে তোলেন।


মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জনের তালিকায় নাম রয়েছে তার।যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত মেসা ফ্লোরেসকে গ্রেফতারে সহায়তাকারী তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল দেশটি।


অভিযানের পর গুয়াসাভে শহরে আপাতত উত্তেজনা কমেছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, কার্টেল নেতাদের গ্রেফতার বা হত্যার ঘটনায় ওই অঞ্চলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।


কারণ, সেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এলাকা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত চলছে।এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের ওপর কার্টেল দমনে চাপ দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এ পরিস্থিতিতে সম্প্রতি অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মেক্সিকো সরকার।অন্যদিকে, মেসা ফ্লোরেসকে গ্রেফতারের ঘটনায় মেক্সিকোর কর্তৃপক্ষের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ। একই সঙ্গে, মেক্সিকোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসনও এ অভিযানের প্রশংসা করেছেন।


সূত্র: আল জাজিরা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৭ পিএম

ইরানে ক্ষমতার পরিবর্তন ঘটানোর বিষয়ে তিনি খুব একটা আগ্রহী নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তেহরানের সঙ্গে এমন একটি স্থায়ী চুক্তি চান, যার মাধ্যমে সংঘাতের অবসান হবে ও ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে তিনি কখনোই খুব বেশি ভাবেননি।

ফক্স নিউজের উপস্থাপককে ট্রাম্প বলেন, আমি কখনোই ইরানের সরকার নিয়ে খুব একটা ভাবিনি। কেউ কেউ একে সরকার পরিবর্তন বলে। আমি এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি। এখন আমরা তৃতীয় গোষ্ঠীর সঙ্গে কাজ করছি। সুতরাং, এটিকে চূড়ান্ত সরকার পরিবর্তন বলতে পারেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে এ কথা বলেন ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ইরানের সামরিক স্থাপনা, নেতাদের বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে খামেনি ও ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। 


ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে ট্রাম্পের মিশ্র মন্তব্য 

ইরানের বর্তমান নেতৃত্ব সম্পর্কে ৮০ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে মিশ্র মনোভাব দেখা গেছে। তিনি বর্তমান নেতৃত্বকে ‘যুক্তিসংগত’ বললেও তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতা করা কঠিন বলে মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, তাদের মনোভাব অনেকটাই আলাদা। সম্ভবত এই লোকেরা বেশি যুক্তিসংগত। তবে তাদের সঙ্গে আলোচনা করা খুব কঠিন। আমরা একটি চুক্তি করি, আর পরদিনই তারা সেই চুক্তি ভেঙে ফেলে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, সংঘাতের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে একটি স্থায়ী চুক্তি প্রয়োজন। তিনি বলেন, আমি এমন একটি চুক্তি করব, যা স্থায়ী হবে। আমি কাউকে তাদের পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দিতে দেব না।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অযোগ্য হলেও যাতে এই চুক্তি কার্যকর থাকে, এমন সমঝোতা চান বলেও জানান ট্রাম্প। এর কয়েক দিন আগে, বৃহস্পতিবার ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি তাড়াহুড়ো করছেন না। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করেও নিতে পারেন।


ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের?

তবে সিবিএস নিউজকে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্বল্প সময়ের মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে। প্রতিবেদন অনুযায়ী, ইরান দ্রুত তার অস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠন করছে- এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন উদ্বিগ্ন।

এদিকে, বৃহস্পতিবার ইরান রাসায়নিক বা জৈব অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ বারবার পরিবর্তিত হচ্ছে। এসব অভিযোগ ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পক্ষে যুক্তি দাঁড় করাতে ব্যবহৃত একই ‘প্রতারণামূলক চিত্রনাট্যের’ অনুসরণ করছে। 


প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০২ পিএম

বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। তখন অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। তবে ইসলাম ও খ্রিষ্টান—দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। ২০২০ থেকে ২০৭০ সাল—এ ৫০ বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। এ সময়ে ২০২ কোটি থেকে বেড়ে তাঁদের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬৪ কোটিতে।


অন্যদিকে, একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। ২০২০ সালে তাঁদের সংখ্যা ছিল ২২৭ কোটি। তাঁদের সংখ্যাগত এ বৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।


কোন ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে


বিশ্বের প্রধান ধর্মগুলোর অনুসারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়বে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে। অন্যদিকে, বৌদ্ধধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে। গবেষকেরা বলছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার বদলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা জনসংখ্যাতাত্ত্বিক কারণের। অনেকে মনে করেন, ধর্ম বদলই এর মূল কারণ। বাস্তবে ধর্ম বদলেরও প্রভাব আছে, তবে বেশির ভাগ পরিবর্তন আসে জন্ম ও মৃত্যুর হিসাব থেকে।


পিউ রিসার্চের এ গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে—জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।


গবেষণা বলছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৬। কোনো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা আগের অবস্থায় ধরে রাখতে সেই জনগোষ্ঠীর নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন।


জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি ও খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।


কোন কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম থাকবেন


মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে সেসব দেশে, যেখানে মুসলিমরাই বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাঁদের সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশে।


২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়। দেশটিতে তাঁদের সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। তবে অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান শীর্ষস্থানটি দখল করতে পারে।


পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ২০২০ ও ২০৭০ সালের চিত্র তুলনা করা হয়েছে। তাই ঠিক কোন বছর পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে, তা বলা হয়নি। তবে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখ হতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় এ সংখ্যা বাড়বে ১৫ শতাংশ। ফলে ২০৭০ সালের অনেক আগেই দুই দেশের অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


২০৭০ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাসের তালিকায় ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে উঠে আসবে তৃতীয় স্থানে। দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এতে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।


২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান জায়গা করে নেবে। বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। এ সময় সুদানে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি মুসলিমদের সংখ্যার দিক থেকে তুরস্ককেও ছাড়িয়ে যাবে।


পিউ রিসার্চ সেন্টারের এ পূর্বাভাসে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস।


পূর্বাভাস তৈরির ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হলেও যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এ চিত্র বদলে যেতে পারে।





ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৯ এএম

বাহরাইনের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, অভিযানে ওই দুই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস হয়েছে।


তবে বাহরাইন ভিন্ন কথা বলেছে। দেশটি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও বলেছে, বেসামরিক শিল্প স্থাপনায় হামলা হয়েছে। হামলায় ওই স্থাপনায় আগুন ধরে গেছে।


বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলা ছিল ‘ইরানের আগ্রাসনের’ অংশ। এতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।


বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার শিকার স্থাপনাটির নাম বা অবস্থান জানায়নি।


এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠে। তখন মন্ত্রণালয় বাসিন্দাদের কাছের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায়। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি।


অন্যদিকে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়েছে।


অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি।


বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত আগ্রাসন এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাব এ অভিযান। মূলত দুটি মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পরই এ অভিযান চালানো হয়েছে।


এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, আইআরজিসি বাহরাইনের শেখ ইসা আর জুফাইরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে।


আইআরজিসি আরও জানায়, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন করার জবাব দেওয়ার পাশাপাশি হেঙ্গাম দ্বীপের রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে।


বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর রয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি বারবার আক্রমণের শিকার হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সম্প্রতি এ নৌবহরে তিনটি ড্রোন হামলা হয়েছে।


যুদ্ধের শুরু থেকেই ইরানও প্রতিবেশী দেশগুলোয় একের পর এক হামলা চালিয়ে আসছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেসব দেশে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৪ এএম

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকলের তথ্য দিলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৩ লাখ ১৩ হাজার ৮০ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চলতি সপ্তাহে অনুষ্ঠিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টে (সিএসএটি) নকলের প্রমাণ দিতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।


শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জানান, প্রতি ঘটনায় পুরস্কারের পরিমাণ সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না। কোনো ব্যক্তি একাধিক নকলের ঘটনা প্রকাশ করতে পারলে প্রতিটি অতিরিক্ত ঘটনায় আরও ১০ কোটি ওন করে পুরস্কার বাড়তে পারে।


তিনি আরও জানান, যারা নিজেরা পরীক্ষায় নকল করার কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যদের তথ্য দেবেন, তাদের নিজেদের অপরাধের জন্য শাস্তি কমানো হবে। তবে তারা পূর্ণ পুরস্কার পাওয়ার যোগ্য থাকবেন।


লি জে মিয়ং বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল করা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মতোই গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


প্রেসিডেন্টের ভাষায়, পরীক্ষায় নকলের মাধ্যমে কয়েক লাখ পরীক্ষার্থীর সারা জীবনের পরিশ্রম ও প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করা হয়।


উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় পরীক্ষা। এ পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অনেকাংশে নির্ভর করে।


সূত্র: আনাদোলু এজেন্সি


১৯৭৭ সালে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ধর্ষণের বিরুদ্ধে নারীদের প্রতিবাদ। ছবি: দ্য গার্ডিয়ান

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১:১৫ এএম

‘নারীরা যা-ই পরুন, যেখানেই যান বা যা-ই পান করুন, তাদের ‘না’ বলার অধিকার রয়েছে।’ সম্প্রতি ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ধর্ষণের মামলায় ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়ার সময় এ মন্তব্য করেন বিচারক। পাঁচ দশক আগে যুক্তরাজ্যে ধর্ষণের বিচার ও ভুক্তভোগীদের প্রতি আচরণ ছিল একেবারেই ভিন্ন। নারীর পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দ কখনোই যৌন সহিংসতার অজুহাত হতে পারে না- দীর্ঘ ৫০ বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছে নারী অধিকার সংগঠন ‘উইমেন অ্যাগেইনস্ট রেপ’ (ডব্লিউএআর)।


১৯৭৭ সালে যুক্তরাজ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তখন ধর্ষণের শিকার নারীদের অভিযোগকে প্রায়ই গুরুত্ব দেওয়া হতো না। এমনকি অভিযুক্তদের পেশাগত ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে শাস্তি কমানোর ঘটনাও ঘটেছে। ওই বছর ধর্ষণের দায়ে দণ্ডিত সেনাসদস্য টম হোল্ডসওয়ার্থকে তার সম্ভাবনাময় সামরিক ক্যারিয়ারের কথা বিবেচনা করে আপিলে মুক্তি দেওয়া হয়। একই বছর তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল।


সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা রুথ হল জানান, সাধারণ নারীদের একটি ছোট দল মিলে এই আন্দোলন শুরু করেন। তাদের দাবির মধ্যে ছিল বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া, ধর্ষণ মামলায় নারীর অতীত যৌনজীবনকে অপ্রাসঙ্গিকভাবে তুলে না আনা এবং রাতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।


১৯৭৭ সালের ১৬ জুলাই লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতীকী বিচারের আয়োজন করেন আন্দোলনকারীরা। দীর্ঘ প্রচেষ্টার পর ১৯৯১ সালে যুক্তরাজ্যে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯৫ সালে সংগঠনটি ধর্ষণের ঘটনায় ইংল্যান্ড ও ওয়েলসে প্রথম বেসরকারি মামলা পরিচালনা করে। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হন।


তবে পরিস্থিতি পুরোপুরি বদলায়নি। রেপ ক্রাইসিস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৬ বছরের বেশি বয়সী প্রতি চারজন নারীর একজন ধর্ষণের শিকার হয়েছেন। ২০২৪ সালে পুলিশের নথিতে ৭১ হাজার ২২৭টি ধর্ষণের ঘটনা উঠলেও মাত্র ২ দশমিক ৭ শতাংশ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


সংগঠনটির কর্মীদের মতে, প্রাতিষ্ঠানিক নারীবিদ্বেষ এখনো বড় বাধা। তবে ক্ষমতাবান ব্যক্তি কিংবা তারকা—কেউই আইনের ঊর্ধ্বে নন, এই ধারণা প্রতিষ্ঠায় পাঁচ দশকের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত পাঁচ দশকে ধর্ষণবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান বার্তা ‘না মানে না’। এর মানে হচ্ছে, নারীর পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দ কখনোই যৌন সহিংসতার অজুহাত হতে পারে না। সম্মতি ছাড়া কোনো যৌন আচরণই গ্রহণযোগ্য নয়।


সূত্র: দ্য গার্ডিয়ান