ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩১ পিএম

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর বর্তমান অস্ত্রভাণ্ডার কমিয়ে মাত্র ১০টি করে পারমাণবিক অস্ত্র রাখাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, এখন মাত্র ১০টি অস্ত্রই যথেষ্ট। আমরা যে ধরনের শক্তির কথা বলছি, সেটি এমনই।’

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সঙ্গে রাশিয়া ও চীনের তুলনাও করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪ হাজার, রাশিয়ার কাছে ৩ হাজার ৮০০ এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

চীনের পারমাণবিক অস্ত্র তৈরির গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বেইজিং ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং আগামী ১০ বছরের মধ্যে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারে। ট্রাম্প বলেন, ‘আমি চাই না তারা এটি করুক।’

তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকেও নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে রাজি করানো কঠিন হবে।



সর্বশেষ সব খবর

ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন (বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৮ পিএম

রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার এ বৈঠক হয়। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।


বৈঠক শেষে তিন দেশ পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সুবিধার জন্য এ উদ্যোগ নেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত যৌথ ‘শান্তি ঘোষণায়’ এ কথা বলা হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিন নেতা জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহের গুরুত্বের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন। পারমাণবিক যুদ্ধে জয় পাওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয় বলেও তাঁরা একমত হয়েছেন। পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তিন দেশ আলোচনা অব্যাহত রাখবে।


এমন এক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বৈঠক অনুষ্ঠিত হলো, যখন বিশ্বজুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ নিয়ে উত্তেজনা চলছে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি জানায়, বৈঠকের আগে তিন নেতার মধ্যে আলাদা আলোচনা হয়।


বৈঠকে (বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনের পর পুতিন ও ট্রাম্প দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর আগে পুতিন ও সি দুই ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা করেন। পরে পুতিন সেই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। সিকে তিনি ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।


গত বুধবার শেনঝেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সি। সি–এর জন্য এটি ছিল বিরল ঘটনা। কারণ, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কোনো বিশ্বনেতাকে স্বাগত জানাতে এর আগে সি কখনো বিমানবন্দরে উপস্থিত হননি।


বিমানবন্দরে সি ও ট্রাম্প সংক্ষিপ্ত সময়ের জন্য আলিঙ্গনও করেন। পরে সি বলেন, গত সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন। সেই সৌজন্যের জবাব দিতেই তিনি বিমানবন্দরে গিয়েছেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৯ পিএম

রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে এ রায় ঘোষণা শুরু হয়।


রায় পাঠের শুরুতেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার তথ্য তুলে ধরেন আদালত।আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি আদালতের পর্যবেক্ষণগুলো পড়ে শোনানো শুরু করেন। তিনি জানান, ‘প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড,’ যৌন সহিংসতা এবং অন্যান্য নৃশংসতায় লিপ্ত ছিল। তিনি আরও বলেন, প্রমাণ থেকে দেখা যায় যে, রোহিঙ্গা গ্রামগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।তবে রায় পাঠের প্রক্রিয়া এখনো চলমান। গণহত্যার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত আইনি সিদ্ধান্ত ও মামলার অন্যান্য নির্দেশনা রায়ে কীভাবে উঠে আসে, তা জানার জন্য পুরো রায় ঘোষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কী এই মামলা, কেন এত গুরুত্বপূর্ণ?


রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান ও ব্যাপক নির্যাতনের ঘটনায় দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে এ মামলা করে।গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা ঘটানো হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে গাম্বিয়া।


২০১৭ সালের ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের অনেকেই হত্যাকাণ্ড, গণধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জাতিসংঘের তদন্ত দলও ওই অভিযানে গণহত্যার উপাদান থাকার কথা উল্লেখ করেছিল।মিয়ানমার অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল- এমন অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।


মামলার পটভূমি

রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক আইনি লড়াই শুরু হয় ২০১৯ সালে গাম্বিয়ার মামলার মধ্য দিয়ে। ওই বছরের ১১ নভেম্বর দেশটি আইসিজেতে আবেদন করে। মামলায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।২০২০ সালের ২৩ জানুয়ারি আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। আদালত রোহিঙ্গাদের গণহত্যা সনদের আওতায় সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং গণহত্যার সম্ভাব্য প্রমাণ সংরক্ষণ করতে বলে।


পরবর্তী সময়ে মিয়ানমার আদালতের এখতিয়ার ও গাম্বিয়ার মামলা করার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি জানায়। তবে ২০২২ সালের ২২ জুলাই আইসিজে সেই আপত্তি খারিজ করে মামলাটি শুনতে আদালতের এখতিয়ার রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য বলে সিদ্ধান্ত দেয়।


এরপর মামলার মূল শুনানি শুরু হয়। ২০২৬ সালের জানুয়ারিতে গাম্বিয়া ও মিয়ানমার উভয় পক্ষ আদালতে তাদের যুক্তি উপস্থাপন করে। গাম্বিয়া গণহত্যার অভিযোগের পক্ষে প্রমাণ তুলে ধরে, অন্যদিকে মিয়ানমার দাবি করে, গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।

সূত্র: আল-জাজিরা, নিউইয়র্ক টাইমস

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫২ পিএম

চীনের শেনঝেনে শুরু হয়েছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল বুধবার সম্মেলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গোলটেবিল বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন বক্তব্য দিচ্ছেন, তখন ঘুমাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে আছে।


চীনের প্রেসিডেন্ট সে সময় অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। হঠাৎই ক্যামেরা ঘুরে যায় মার্কিন প্রেসিডেন্টের দিকে। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তাঁকে ঘুমাতে দেখা যায়। ভিডিওর শেষের দিকে তাঁকে চোখ সামান্য পিটপিট করতে দেখা যাচ্ছিল। বোঝাই যাচ্ছিল ঘুম তাড়াতে চোখ খোলার চেষ্টা করছিল তিনি, কিন্তু চোখের পাতা যে কিছুতেই নড়ছে না।নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চায়না সেন্ট্রাল টেলিভিশনের ধারণ করা ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।


রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্পের মতো সমালোচকেরা ভিডিওটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিওর শিরোনাম ছিল, ‘বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতি’।ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। এর আগেও জনসমক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে কয়েকবার ঘুমিয়ে পড়তে বা ঝিমোতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে তাঁর বয়স ও কর্মসক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।যদিও জনসমক্ষে ঘুমিয়ে পড়ার অভিযোগ বরাবরই জোরালো গলায় অস্বীকার করেছেন ট্রাম্প। এ বছরের জানুয়ারিতে এ ধরনের অভিযোগের জবাবে ট্রাম্প বলেছিলেন, বৈঠকগুলো তাঁর কাছে ‘আরামদায়ক’ মনে হয়। সেবার তিনি দাবি করেছিলেন, তিনি ঘুমিয়ে পড়েননি, চোখের পলক ফেলেছিলেন মাত্র।


অথচ ট্রাম্পই তাঁর পূর্বসূরি জো বাইডেনের ঘুমিয়ে পড়ার কতশত সমালোচনা করেছিলেন। বাইডেন তাঁর চেয়ে তিন বছরের বড়। ট্রাম্প প্রায়ই তাঁকে ‘ঘুমকাতুরে জো’ বলে কটাক্ষ করতেন। একই সঙ্গে তাঁর কর্মশক্তি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।


বাইডেনকে প্রায়ই উপহাস করলেও ২০২৫ সাল থেকে জনসমক্ষে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার মতো বেশ কিছু ভিডিও বারবার ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার পর ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর একবার ট্রাম্পকে ‘ঘুমকাতুরে ডন’ বলে কটাক্ষ করেছিল।


৮০ বছর বয়সে ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় তিনি বাইডেনের গড়া আগের রেকর্ড ছাড়িয়ে যান।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৫ পিএম

সৌদি আরবের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের যুদ্ধবিমান হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবায় হামলার খবর জানানো হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।


তবে প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।


কয়েক মাস ধরে সৌদি আরব লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে রিয়াদে সতর্কবার্তা জারি করা হয়েছিল। কয়েক মিনিট পর দেওয়া আরেকটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।সৌদি আরবের আরও দুই এলাকা ওয়াদি আদ-দাওয়াসির এবং আস-সুলায়িল এলাকায়ও জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওয়াদি আদ-দাওয়াসির ও আস সুলায়িল, দুটোই সৌদি আরবের রিয়াদ অঞ্চলের গভর্নরেট বা প্রশাসনিক এলাকা।


সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াদি আদ-দাওয়াসির ও আস-সুলায়িল গভর্নরেটে সম্ভাব্য হুমকির বিষয়ে পৃথকভাবে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল, তবে এখন বিপদের আশঙ্কা কেটে গেছে।কিন্তু বিপদ আপাতত কেটে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বাসিন্দাদের এক জায়গায় ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।


এদিন পাঁচ ঘণ্টায় পাঁচবার জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল।


এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে।


অন্যদিকে হুতিরা দাবি করেছে, তারা রিয়াদের বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান ও খামিস মুশাইতেও হামলা চালানোর দাবি করেছে তারা।


সেন্টকম প্রধানের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) রিয়াদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।


বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।


এর আগে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন ব্র্যাড কুপার। তাঁদের আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।


খালিদ বিন সালমান ও ব্র্যাড কুপারের এ বৈঠকের কিছুক্ষণ পর রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার যায় বলে জানায় এসপিএ।ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনায় হামলা জোরদার করেছে। জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।


সৌদি আরবের রাজধানী রিয়াদে বারবার হামলা হয়েছে। এর মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনাও রয়েছে। এ ছাড়া আরেকটি হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে রাজধানীতে সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকোর মালিকানাধীন একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ সব খবর

চীনে একসঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং (ছবি-বিবিসি)

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৯ পিএম

ইতিহাসে এই প্রথম বিশ্বের প্রভাবশালী তিন দেশের প্রেসিডেন্টকে দেখা গেল একসঙ্গে। আজ বুধবার রাতে চীনের শেনজেন শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। 

শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম তাদের একসঙ্গে দেখা গেল। রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে জমকালো নৈশভোজের আগে একসঙ্গে একটি লালগালিচায় দেখা গেছে তাদের। 

পারিবারিক ছবি তোলার আগে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং শি জিনপিং এর সামনেই তাঁরা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। ভিডিওটিতে দেখা গেছে, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি এবং তাঁর স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

বিবিসি বলছে, ২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর থেকে ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। তবে তাঁরা একে অপরকে উষ্ণভাবে অভিবাদন জানিয়েছেন বলে মনে হচ্ছে। প্রথমে তাঁরা করমর্দন করেছেন এবং কাঁধে হাত রেখেছেন। 

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে শেনজেনের রানওয়েতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান চীনের শি জিনপিং। এভাবে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে চীনের প্রেসিডেন্টের স্বাগত জানানো খুবই বিরল ঘটনা।

বৃহস্পতিবার এই তিন নেতার মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শি জিনপিং পুতিনকে চীনে স্বাগত জানিয়ে তাঁকে ‘পুরনো বন্ধু' বলে অভিহিত করেন। উৎপাদন ও উন্নত প্রযুক্তির এক দ্রুত বিকাশমান কেন্দ্র শেনজেনে চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। চীনে যাওয়ার আগে ট্রাম্প ফিলিপাইন সফর করেন, যেখানে তিনি আরেকটি শীর্ষ সম্মেলনে অংশ নেন। সেখানে এক ছবিতে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশটির স্থানীয় সময় গত রাতে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট। তাকে অভ্যর্থনা জানান চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার পঞ্চম-পদস্থ সদস্য এবং শি জিনপিং-এর চিফ অফ স্টাফ কাই চি।

ভ্লাদিমির পুতিনের এবারের সফর ঘিরে গোটা বিশ্বেরই নজর এখন শেনজেনের দিকে। কারণ এটি নিছক একটি অ্যাপেক সফর নয়। এখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা নেতা শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠক।

এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম বা অ্যাপেক-এর পার্শ্ব অধিবেশনে বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে জানানো হয়েছিল। তিন প্রভাবশালী নেতার এটিই হবে সর্বপ্রথম বৈঠক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনার জন্যই পুতিন এই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, ট্রাম্পও অক্টোবরে বলেছিলেন যে, তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনাকে স্বাগত জানান।


কালকের বৈঠক কী নিয়ে

বিবিসি বলছে, পরাশক্তি এই তিন দেশের মধ্যে ঐতিহাসিক বৈঠক নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বৈঠকটির আলোচ্যসূচি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীন। কিন্তু এই নীরবতাই বৈঠকটিকে ঘিরে রহস্য আর জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে তিন দেশের নেতাদের এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে অনেক উদ্বেগও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপে এই বৈঠককে দেখা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনের মতো করে, যেখানে পরাশক্তিগুলো ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল।

তবে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে তিন পক্ষের মধ্যে এখনো স্পষ্ট পার্থক্য রয়েছে। রাশিয়া চায় ইউক্রেন নিয়ে আলোচনা হোক। ট্রাম্প চান পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কথা হোক। আর চীন চায় না, ইউক্রেন যুদ্ধে নিজেকে গভীরভাবে জড়িত দেখতে।

বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য এই বৈঠক একটি বড় কূটনৈতিক জয়। কারণ এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চান, মস্কোকে আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন করা যায়নি। ট্রাম্পের জন্য এটি ‘প্রথম’ হওয়ার গৌরব। তিনি বলতে পারবেন, তিনিই তিন পরাশক্তিকে এক টেবিলে এনেছেন।

এই বৈঠক শি জিনপিংয়ের জন্য একই সঙ্গে সুযোগ ও ঝুঁকি। একদিকে এটি তাকে বিশ্ব রাজনীতির কেন্দ্রে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে তুলে ধরবে, অন্যদিকে ইউরোপের অস্বস্তি চীনের বাণিজ্যিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে।

শেনজেনে পুতিনের লালগালিচা অভ্যর্থনা দিয়ে একটি ঐতিহাসিক সপ্তাহের শুরু হলো বটে। তবে বৃহস্পতিবারের বৈঠকে আসলে কী আলোচনা হবে, কোনো চুক্তি হবে কিনা, নাকি পুরো বিষয়টি কেবল প্রতীকী ছবিতেই সীমাবদ্ধ থাকবে- তার ওপরই নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:২১ পিএম

সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। তার সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন।


নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে তিনুবু ও তার সফরসঙ্গীরা নামাজ আদায় করেন। এ সময় তিনি নাইজেরিয়ার শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। পরে তিনুবু সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান। কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।


কাবার ভেতরে কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য চেয়েছেন।


কাবার ভেতরে প্রবেশের সুযোগ সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন।


তিনুবু ২০২৬ সালের ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন করেন। চার দিনের সফর শেষে ৪ নভেম্বর তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।


সূত্র: ভয়েস অব নাইজেরিয়া

সর্বশেষ সব খবর