হানিফ সংকেত।

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ পিএম

জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। তিন শতাধিক বছরের পুরোনো দিঘির পাশে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে সাজানো হয় অনুষ্ঠানের মঞ্চ।




এবারের আয়োজনে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। সংগীতশিল্পী খুরশীদ আলম গাইবেন তার জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে বিশেষ পরিবেশনা।


‘নজরুল বর্ষ’ উপলক্ষে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ নৃত্যগীত।




অনুষ্ঠানে তুলে ধরা হবে জেলার কৃষি, পোলট্রি শিল্প, দর্শনীয় স্থান ও ঐতিহ্যের নানা দিক। থাকবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম এবং ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি তৈরি করা শিল্পী প্রসেনজিৎ বর্মনের গল্প। যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হবে।


এ ছাড়া অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ট্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্রবণতা নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। দর্শকপর্ব, চিঠিপত্র এবং নিয়মিত অন্যান্য আয়োজনও থাকছে এবারের পর্বে।


বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর চার দেয়াল থেকে বের হয়ে দেশের প্রান্তে প্রান্তে ছুটে চলার ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রকৃতির সবুজ ক্যানভাসে আঁকা সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। শিকড়ের সন্ধানেই ইত্যাদির এই নিরন্তর পথচলা।


জয়পুরহাটের কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ইতিহাসের নীরব সাক্ষী ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র কোল ঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছে ইত্যাদির মূল মঞ্চ। দিঘির স্বচ্ছ জলরাশি আর প্রাচীন ঐতিহ্যের আবহে মঞ্চের নান্দনিক আলোকসজ্জা পুরো পরিবেশকে এক ভিন্ন রূপ দিয়েছিল।


নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানকে দেখে পুরো জয়পুরহাট জুড়েই বিরাজ করছিল উৎসবমুখর আবহ। বরাবরের মতোই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে দর্শকদের মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। দেখতে দেখতে নির্ধারিত সময়ের আগেই দর্শক উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


অনুষ্ঠানটি কালাই উপজেলায় আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা, এমনকি পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও নানা বয়সের হাজারো মানুষ ছুটে আসেন ধারণ অনুষ্ঠান উপভোগ করতে। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় শত শত উৎসাহী মানুষ আশেপাশের বহুতল ভবনের ছাদ, সংলগ্ন রাস্তা, দেয়াল এমনকি গাছের ডালে উঠেও দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটি উপভোগ করেন। দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস, শৃঙ্খলা আর বিপুল উদ্দীপনা প্রমাণ করে-ইত্যাদি কেবল একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, এটি গণমানুষের হৃদয়ের স্পন্দন।


এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের বৈচিত্র্যময় গান। যার মধ্যে একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতী সন্তান, দেশের খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে শ্রোতাপ্রিয় তিনটি বাছাই করা গানের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই সংকলিত গানটি।


চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এবারের ইত্যাদিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, জয়পুরহাটের কৃতী সন্তান ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।


বরাবরের মতো এবারও জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয়েছে একটি মনোমুগ্ধকর জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন শিল্পী রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচটিতে অংশগ্রহণ করেছে স্থানীয় নৃত্যশিল্পীরা। সুরের মূর্ছনা আর নৃত্যছন্দে মুগ্ধ হয়ে উপস্থিত হাজারো দর্শক করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।


দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা জয়পুরহাটের অন্যতম প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ এবং ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেন, যা ছিল বেশ উপভোগ্য।


বরাবরের মতো ইত্যাদির এই পর্বেও দর্শকদের জন্য থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও হৃদয়স্পর্শী কিছু প্রতিবেদন। জয়পুরহাটের সমৃদ্ধ কৃষি ও দেশের পোল্ট্রি শিল্পের অগ্রযাত্রার পাশাপাশি এই জেলার বর্ণাঢ্য ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলোর ওপর তৈরি করা হয়েছে একটি তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন। রয়েছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজেদের নীরবতাকেই যারা শক্তিতে পরিণত করেছেন। থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিস্ময়কর শিল্পী প্রসেনজিৎ বর্মনের ওপর বিশেষ প্রতিবেদন। যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে অবিশ্বাস্য সব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন। 


অনুষ্ঠানের শেষে রয়েছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ এক নীরব কর্মী লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় একজন সাধারণ ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও যিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন।




অনুষ্ঠানে থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ। পাশাপাশি নিয়মিত ‘চিঠিপত্র’ পর্বের সঙ্গে থাকছে সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে একাধিক তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। এসব নাট্যাংশে অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় অভিনয় শিল্পীরা। 


সব সময়ের মতো ইত্যাদির এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।




তাসনিয়া ফারিণ

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৯ পিএম

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দার নাটকে ফিরছেন তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গী হয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করছেন তারা। সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। শুটিং সেট থেকে জোভান ও ফারিণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নাটকটির খবর জানিয়েছেন নির্মাতা রাজ। তবে এ নাটকের মধ্য দিয়ে শুধু দীর্ঘদিন পর জোভানের সঙ্গে জুটি বাঁধছেন না ফারিণ, ফিরছেন ছোটপর্দার অভিনয়েও। ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ার পর নিয়মিত নাটকে দেখা যায়নি তাঁকে।


সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর কিছুটা আড়ালে ছিলেন এ অভিনেত্রী। চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন ফারিণ। সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে জোভান ও ফারিণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ফলে তিন বছরের বেশি সময় ধরে পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ বিরতি শেষে ‘প্রাণ সখিয়া’ নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন এ জনপ্রিয় জুটি।



সাঈদুর রহমান পাভেল

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩১ পিএম

একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে সময়মতো উপস্থিত না হওয়ায় অভিনেতা সাঈদুর রহমান পাভেলের বিরুদ্ধে আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। তার দাবি, পাভেলের অনুপস্থিতি ও বারবার শিডিউল পরিবর্তনের কারণে পুরো শুটিং পরিকল্পনা ভেস্তে গেছে। এতে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন নির্মাতা। রোববার মধ্যরাতে পাভেলের বাসার সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নির্ঝর। 


তিনি জানান, গত ১২ তারিখ থেকে ‘হাঙ্গামা’ নামের একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন পাভেল। গত ১৫ তারিখে ধারাবাহিকটির প্রথম পর্বের বিয়ের দৃশ্যের শুটিং নির্ধারিত ছিল। সেদিন ১৫ জন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সারসহ পুরো দল উপস্থিত থাকলেও পাভেল আসেননি। পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করায় তাঁকে ছাড় দেওয়া হয়। এ জন্য কোনো ক্ষতিপূরণও নেওয়া হয়নি। একই সেটে কয়েক দিন পর টানা দুই দিন শুটিং করলেও শনিবার আবার অনুপস্থিত ছিলেন অভিনেতা।


সংবাদ সম্মেলনে নির্মাতা বলেন, ১৭ বছরের ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে কখনো পড়েননি তিনি। পাভেলের দুই দিনের অনুপস্থিতিতে সেট ও অভিনয়শিল্পীদের জন্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। ধারাবাহিকের ধারাবাহিকতা নষ্ট হওয়ায় পুরো প্রকল্পে ১৮ থেকে ২০ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন তিনি।


নির্ঝরের ভাষ্য, প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম ও দশম পর্বে পাভেলের দৃশ্য থাকায় সেগুলো আবার শুটিং করতে হবে। একক নাটকের মতো সহজে এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।


নির্মাতার অভিযোগ, সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত শতাধিকবার ফোন করেও পাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা। তাঁর মায়ের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। সহকারী পরিচালক নূর সকাল থেকে পাভেলের বাসার সামনে অপেক্ষা করছিলেন। শুটিংয়ে নেওয়ার জন্য গাড়িও প্রস্তুত রাখা হয়েছিল।


নির্ঝর বলেন, ‘আমরা সকাল থেকে এ পর্যন্ত আমি ১০০ বারের ওপর কল দিয়েছি। সেট রেডি করে ভিডিও পাঠিয়েছি। সে কোনো উত্তর দেয়নি।’ তিনি আরও বলেন, ‘ফোন বন্ধ ছিল না, ফোন চালু ছিল, কিন্তু আমার ফোন ধরে নাই। সে অনলাইনে ছিল, আমার মেসেজ সিন হয়েছে—আমার কাছে প্রমাণ আছে।’


নির্মাতার দাবি, তিনবার শিডিউল পরিবর্তনের পর গল্পের মূল চরিত্রে পাভেলকে নিয়ে কাজ শুরু করেছিলেন তাঁরা। ১৫ জন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী কলটাইমের আগেই সেটে উপস্থিত থাকলেও পাভেল আসেননি। তাঁর কারণে প্রায় ৬০ জনের একটি দল রাত ১টা পর্যন্ত বিপাকে পড়ে।


নির্ঝর বলেন, ‘এটা অন্যায়, আমার পুরো টিম আজকে সারাদিন বসেছিল। একজন অভিনয়শিল্পীর জন্য এটা হতে পারে না। আমরা চাই সে সমস্ত ক্ষতিপূরণ দেবে এবং আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে।’


বিষয়টি ইতিমধ্যে ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টরস ইকুইটি ও সংশ্লিষ্ট থানাকে জানিয়েছেন বলেও জানান নির্মাতা। ভবিষ্যতে পাভেলের সঙ্গে আর কাজ করবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমাকে যদি উনি বলে উনি এখন পীর, তবুও আমি কোনোদিন তার সঙ্গে কাজ করব না। যদি সে শুটিংয়ের সব টাকা দিয়েও দেয়, তারপরও করব না। তার সঙ্গে আমরা কাজ করতে চাই না।’


এ বিষয়ে পাভেলের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। ফলে নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতার বক্তব্য জানা যায়নি।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৫ পিএম

নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর আলোচনা শুরু হয়েছে তার নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে। হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম শোনা গেলেও এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।গেল ১৬ নভেম্বর প্যাটিনসনকে নতুন জেমস বন্ড হিসেবে ঘোষণা করে অ্যামাজন এমজিএম স্টুডিওস। এরপর থেকেই তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।সম্ভাব্য নায়িকাদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম জেন্ডায়া। প্যাটিনসনের সঙ্গে তার আগে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে।


এ ছাড়া সিডনি সুইনি, জোডি কোমার, আনিয়া টেলর-জয়, ফ্লোরেন্স পিউ ও জেমা চ্যানের নামও আলোচনায় রয়েছে।প্যাটিনসনের সঙ্গী অভিনেত্রী ও সংগীতশিল্পী সুকি ওয়াটারহাউসের নামও শোনা যাচ্ছে।


তবে এসবই জল্পনা। কোনো অভিনেত্রীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।এর পাশাপাশি নতুন সিনেমাতে ‘বন্ড গার্ল’ চরিত্রটি কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে।চলচ্চিত্র সমালোচকদের মতে, আগের মতো শুধু জেমস বন্ডের প্রেমিকা বা আকর্ষণীয় নারী হিসেবে চরিত্রটিকে দেখানো উচিত নয়। নতুন সিনেমাতে নারী চরিত্রের নিজস্ব পরিচয়, লক্ষ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন।তাদের মতে, বন্ডের নায়িকা হতে পারেন একজন দক্ষ গোয়েন্দা, সহযোগী কিংবা শক্তিশালী খলনায়িকা। চরিত্রটি এমন হওয়া উচিত, যিনি প্রয়োজনে বন্ডকেও বুদ্ধিতে হারাতে পারেন।এখন দেখার বিষয়, নতুন জেমস বন্ডের জন্য এই চরিত্রে নির্মাতারা কাকে বেছে নেন।


সূত্র: বিবিসি

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৬ পিএম
  • আপডেট : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৬ পিএম


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৬ পিএম

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির নতুন সিনেমা ‘বয়ান’ প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনেছে জি ফাইভ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির গল্প, বাস্তবধর্মী নির্মাণ ও অভিনয় দেখে আগ্রহ প্রকাশ করেছে জি ফাইভ কর্তৃপক্ষ। দর্শকদের কাছে সিনেমাটি গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


ইতোমধ্যে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘ইউ/এ ১৬+’ ছাড়পত্র পেয়েছে ‘বয়ান’। তবে সিনেমাটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


রাজস্থানের এক নবীন নারী পুলিশ কর্মকর্তাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। একটি আশ্রমে একাধিক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রভাবশালী এক ধর্মগুরুর বিরুদ্ধে। সেই অভিযোগ তদন্তের দায়িত্ব পান ওই নারী কর্মকর্তা। কিন্তু অভিযুক্ত ধর্মগুরুর সঙ্গে পুলিশ ও রাজনৈতিক মহলের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক থাকায় তদন্তে নানা বাধার মুখে পড়েন তিনি। প্রতিকূল পরিস্থিতিতে অপরাধের গুরুত্বপূর্ণ সাক্ষ্য সংগ্রহের লড়াই নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।


এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন তিনি। বিকাশ রঞ্জন মিশ্র পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চন্দ্রচূড় সিং, শচীন খেড়েকর, বিভোর মায়াঙ্ক, স্বাতী দাস ও সাম্পা মণ্ডল। ধর্মগুরুর চরিত্রে দেখা যাবে চন্দ্রচূড় সিংকে।


প্লাটুন ওয়ান ফিল্মস, সামিট স্টুডিওস ও গাইড্যান্ট ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বয়ান’ ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।


চলতি বছর হুমা কুরেশিকে ‘বেবি ডু ডাই ডু’, যশ অভিনীত ‘টক্সিক’ এবং ওটিটিতে মুক্তি পাওয়া ‘পূজা মেরি জান’ সিনেমায় দেখা গেছে। এবার ‘বয়ান’-এর মাধ্যমে আবারও ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে আসছেন এই অভিনেত্রী।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৩ পিএম

শ্রবণশক্তির সমস্যায় দীর্ঘদিন সংগীতজগৎ থেকে দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। অসুস্থতার কারণে জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি তাকে। তবে এবার ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরতে যাচ্ছেন নব্বইয়ের দশকের অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।


ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে একটি বিশেষ সংগীতানুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন অলকা ইয়াগনিক। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘ক্যায়া জামানা থা’ শিরোনামের আয়োজনটি।চলচ্চিত্র নির্মাণে সুভাষ ঘাইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অলকাকে আমন্ত্রণ জানাতে সম্প্রতি তার বাড়িতে যান নির্মাতা নিজেই। পরে তাদের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।


২০২৪ সালে নিজের শ্রবণশক্তির সমস্যার কথা প্রকাশ্যে আনেন অলকা ইয়াগনিক। সে সময় তিনি জানান, ভাইরাল সংক্রমণের পর বিরল এক ধরনের সেন্সরিনিউরাল হিয়ারিং লসে আক্রান্ত হয়েছেন। এ সমস্যায় অন্তঃকর্ণ কিংবা শ্রবণস্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় শোনার ক্ষমতা কমে যেতে পারে।


হঠাৎ শ্রবণশক্তি হারানোর অভিজ্ঞতা অলকার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় প্রভাব ফেলে। এরপর থেকে সংগীত পরিবেশনা ও জনসমক্ষে উপস্থিতি অনেকটাই সীমিত করে দেন তিনি।


হিন্দি চলচ্চিত্রের সংগীতে কয়েক দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন অলকা ইয়াগনিক। তার কণ্ঠে ‘এক দো তিন’, ‘তাল সে তাল মিলা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘আগার তুম সাথ হো’র মতো গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।


দীর্ঘদিন পর প্রিয় শিল্পীর আবারও মঞ্চে ফেরার খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। তবে আসন্ন অনুষ্ঠানে অলকা শুধু উপস্থিত থাকবেন, নাকি গানও পরিবেশন করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।


শরদ কাপুর ও শাহরুখ খান

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৯ পিএম

একসময় বলিউডের পর্দায় দাপট দেখিয়েছেন অভিনেতা শরদ কাপুর। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতার বর্তমান সময় কাটছে নানা সংকটের মধ্য দিয়ে। শারীরিক অসুস্থতার পাশাপাশি আর্থিক সমস্যায় পড়ে নিজের চারটি প্রিয় পোষা কুকুরকেও বিদায় জানাতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে শরদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা।


এবার তার খোঁজ নিতে ফোন করলেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানিয়েছেন শরদ। তার ভাষ্য অনুযায়ী, ফোনে শাহরুখ তাকে নিজের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে সাহায্যের আশ্বাসও দিয়েছেন বলিউড বাদশা।


শাহরুখের সঙ্গে কথোপকথনের স্মৃতি জানিয়ে শরদ বলেন, ‘তিনি বলেছেন, তুমি যা পছন্দ করো এবং যা করতে চাও, তাই করো; আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি শিগগিরই আরিয়ান খানের সঙ্গে দেখা করব।’


দুই অভিনেতার পরিচয় অবশ্য নতুন নয়। ২০০০ সালে মুক্তি পাওয়া মনসুর খান পরিচালিত ‘জোশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ছবিতে শাহরুখের ম্যাক্স চরিত্রের বিপরীতে প্রকাশের ভূমিকায় ছিলেন শরদ। দীর্ঘ ২৬ বছর পরও শাহরুখের আন্তরিকতা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তিনি।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের চারটি পোষা কুকুরকে বিদায় জানানোর বিষয়টি সামনে আসে। আর্থিক সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান শরদ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার খোঁজ নিতে এগিয়ে আসেন অভিনেতা সনু সুদ। শরদের সঙ্গে দেখা করার পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।


এ ছাড়া সালমান খানও শরদকে আর্থিক সহায়তা দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তার খোঁজখবর নিয়েছেন নির্মাতা রোহিত শেঠি ও আহমেদ খান, অভিনেতা অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব এবং গীতিকার-লেখক জাভেদ আখতার।


বলিউডের একসময়ের পরিচিত মুখ শরদ কাপুরের কঠিন সময়ে সহকর্মীদের এমন খোঁজখবর ও সহযোগিতা নতুন করে আলোচনায় এনেছে তার পুরোনো বন্ধু ও সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি।