সিলেট বিভাগের তিন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করেছে সরকার। তারা হলেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি এবং মৌলভীবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন। তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
দেশের বিভিন্ন উপজেলার মোট ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) এভাবে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলার এসিল্যান্ড রয়েছেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রত্যাহার করা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগে ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের লোগো
রোববার সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে বিএমডিএ'র সরকারি গাছ নিলামের বাইরে অতিরিক্ত কর্তনের অভিযোগ
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ ১৩১৮) বৈধ কমিটিকে বাদ দিয়ে একটি বহিরাগত চক্র সংগঠনটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে পাল্টা কার্যক্রম ও নির্বাচনের ঘোষণা দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংগঠনের নেতারা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনের সভাপতি শ্রী দিনেশ চন্দ্র সরকার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির তালিকা সংশ্লিষ্ট শ্রম দপ্তরেও দাখিল করা হয়েছে।
তবে বৈধ কমিটিকে উপেক্ষা করে ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কিছু ব্যক্তি কাচারি বাজার এলাকায় অস্থায়ী কার্যালয় স্থাপন করেছেন। পাশাপাশি গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচনের ঘোষণা দিয়ে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মোতাজ্জুর রহমান বাবু নামে এক ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন সংগঠনের নেতারা।
তাদের অভিযোগ, ইউনিয়নের নিবন্ধন নম্বর ব্যবহার করে একটি অসাধু চক্র পৃথক সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রকৃত শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সুবাস, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ খাজা, প্রচার সম্পাদক সাহাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছকু, কার্যকরী সদস্য লুৎফর, স্বাধীন ও সন্তোষসহ অন্যরা।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নিবন্ধক, আঞ্চলিক শ্রম দপ্তর (বগুড়া) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।
সংগঠনের নেতারা বলেন, শ্রমিকদের স্বার্থ ও সংগঠনের বৈধতা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় ৪৯ দশমিক ৭৫ শতাংশ বসতভিটা জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এনজিও কর্মী শাহিদা আহমেদ দিপু।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নোয়াখালী শহরের মাইজদী টাউন হলের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ভুক্তভোগী শাহিদা অভিযোগ করেন করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয়ে তিনি ৪৯ দশমিক ৭৫ শতাংশ জমি কিনেছেন। এটিই তার বসতভিটা ও শেষ আশ্রয়স্থল। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিরাজদৌলা ওই বাড়ি দখলে রেখেছেন। অভিযুক্ত সিরাজদৌলার বাবার নাম আনোয়ার উল্লাহ। তার বাড়ি একই ইউনিয়নের শ্যামপুর গ্রামে।
শাহিদার অভিযোগ, তার ছেলে আবদুর রহমান অপু ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ঋণগ্রস্ত হন। একপর্যায়ে সিরাজদৌলার কাছ থেকে তিন লাখ টাকা সুদের ভিত্তিতে ঋণ নেন। পরে দুই লাখ টাকা পরিশোধ করলেও সিরাজদৌলা পুরো তিন লাখ টাকা দাবি করতে থাকেন। এরপর ছেলের অন্য পাওনাদারদের একত্রিত করে তাদের পাওনার দায়ভার নিজের নিয়ন্ত্রণে নেন সিরাজদৌলা। পরবর্তী সময়ে শাহিদার পুত্রবধূ শিল্পী আক্তারের সঙ্গে সিরাজদৌলার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন কৌশলে তার পুত্রবধূকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। এরপর শাহিদার অনুপস্থিতিতে তার বসতবাড়ি দখলে নেওয়া হয়।
শাহিদা আরও বলেন, বাড়ি দখলের পর ঘরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে তার মালিকানাধীন ওই বাড়ি অন্যের কাছে ভাড়া দিয়ে ভাড়ার টাকাও সিরাজদৌলা ভোগ করছেন। এতে নিজের কেনা সম্পত্তিতে প্রবেশ ও বসবাসের অধিকার হারিয়েছেন তিনি। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান শাহিদা।
শাহিদা আহমেদ দিপু বলেন, ছেলের ব্যবসায়িক ঋণের দায় কোনোভাবেই তার ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি দখলের বৈধ কারণ হতে পারে না। ঋণ আদায়ের আইনগত ব্যবস্থা থাকলেও তার বসতভিটা দখল, মালামাল বিক্রি কিংবা বাড়ি ভাড়া দিয়ে অর্থ ভোগ করার অধিকার কারও নেই। একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তিনি উদ্বিগ্ন। প্রভাবের কারণে যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে জন্য প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সিরাজদৌলা বলেন, ওই নারী কয়েক ধাপে তাঁর কাছ থেকে ৩২ লাখ টাকা নিয়েছেন। এরপর তার নামে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছেন। তার সঙ্গে অন্য কোনো সমস্যা নেই।
১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টানিয়ে দেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন তারা।
রোববার সকাল ১১টা থেকে জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তারা। পরে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন মিছিলকারীরা।
মিছিলে হাজারো নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তাদের অনেকের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র ছিল। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও দেখা যায়।
এ সময় শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি।
মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করেন। বেলা দুইটার পর শহরের বিভিন্ন স্থানে তাদের অবস্থান কমে আসে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক হতে থাকে।