ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২০ পিএম

কক্সবাজারের রামুতে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন এক পরিবারের ছয়জন। সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে তাঁদের চারজনের। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তাঁর তিন বছর বয়সী শিশু সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০)। আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত সাজ্জাদের স্বজন মনোয়ারা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর তাঁরা ছয়জন রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার পরিদর্শক মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, ট্রেন আসার আগমুহূর্তে অটোরিকশাটি রেলক্রসিং অতিক্রমের চেষ্টা করছিল। চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনায় চারজনের প্রাণ গেল। 



সর্বশেষ সব খবর

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ শামসুল হক

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৭ পিএম

চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক, বিপিএম আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১৮ নভেম্বর ২০২৬ খ্রি. তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্বভার গ্রহণকালে নবনিযুক্ত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বিদায়ী ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জে যোগদানের আগে মোহাম্মদ শামসুল হক, বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এসআরইউ) হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবনিযুক্ত ডিআইজির দক্ষ ও গতিশীল নেতৃত্বে চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

সর্বশেষ সব খবর

ভালুকায় তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিল্টনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর ভালুকা পৌর এলাকার টিএন্ডটি রোডের দারুননাজাত মডেল মাদরাসাসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় এ আয়োজন করা হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মানুষের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক মতিউর রহমান মিল্টনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫০ পিএম

নওগাঁর পোরশায় বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নেতাকর্মীরা বিষয়টি জানতে পারেন। গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহরাই টাওয়ার মোড়ে অবস্থিত ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুনে চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্রসহ কার্যালয়ের যাবতীয় মালামাল ভষ্মিভূত হয়।


ওই ওয়ার্ড বিএনপির সভাপতি নুর নবী বলেন, শুক্রবারের বিএনপির কর্মসূচি পন্ড করতে দূর্বৃত্তরা তাদের কার্যালয়ে আগুন দিয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


ওই গ্রামের বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরনবী জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি কার্যালয়ে আগুন লাগার বিষয়টি জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পান। কে বা কাহারা আগুণ দিয়েছে তা তিনি বলতে পারেননি।


এ ঘটনায় পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা যাতে শুক্রবার কোনো কর্মসূচি পালন করতে না পারেন, সে উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তবে কার্যালয়ে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সর্বশেষ সব খবর

আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করে সিলেটের বাণিজ্যমন্ত্রী

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৪৪ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই। তাদের একমাত্র চর্চা হচ্ছে সন্ত্রাস। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দেশের সম্পদ নিঃশেষ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। যাতে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা যায়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও প্রতিটি এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের প্রকৃত চিত্র ইতিমধ্যে দেশ-বিদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে। অতীতে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অগ্নিসন্ত্রাসের অভিযোগ তুললেও তাদের নিজেদের কর্মকাণ্ডেই সেই অভিযোগের বাস্তবতা প্রকাশ পেয়েছে। তবে এ ধরনের নাশকতা চলতে দেওয়া যায় না। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা সিলেটের রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট শক্তিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, তাদের গোপন ও সন্ত্রাসী কর্মকাণ্ডও সেভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনো রাজপথ ছেড়ে যাননি। দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান অনুযায়ী এখন অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাড়া-মহল্লা, ইউনিয়ন ও উপজেলাপর্যায়ে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, নাশকতাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সর্বশেষ সব খবর

নিহত রেদোয়ান হোসেন রিফাত।

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৫ পিএম

চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাত (৩৬)-কে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আবরাদ হাসান সজিব নামের এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে।

শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। পারিবারিক জীবনে ১ছেলে ও ১ মেয়ের বাবা। অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।

জানা যায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম জানান, এ সজিব ছেলেটা এ এলাকায় কিশোর গ্যাংয়ের মূল। সে যাকে পাইত তাকে মারত। আগে এসব করত, এখন একজন নিরীহ ছেলেকে হত্যা করেছে। আমরা এর ফাঁসি চাই।

নিহতের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে এ সজিব হত্যা করেছে। এর ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। ছেলেটা চাঁদা চায় আমার ছেলের কাছে। না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?


ঘটনা প্রসঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সজিব নামে একজন এ হত্যার সাথে জড়িত। সেসহ আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে, কেউ রেহাই পাবে না।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সব খবর

তেল-গ্যাস উত্তোলন চান এমপি শাম্মী

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৯ পিএম

সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুলে অবস্থিত পরিত্যক্ত ‘আটগ্রাম-১ নম্বর কূপ’ থেকে পুনরায় তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কূপটির সম্ভাব্যতা নতুন করে যাচাইয়ের মাধ্যমে তেল-গ্যাস উত্তোলনের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছেন শাম্মী আক্তার। গত ১৫ নভেম্বর দেওয়া নোটিশটি সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) নোটিশটি কার্যতালিকায় রাখা হয়েছে।

নোটিশে বলা হয়, সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় এক কিলোমিটার দূরে ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে একটি সম্ভাবনাময় তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রচেষ্টায় এর সন্ধান ও খননপ্রক্রিয়া গতি পায়।

নোটিশ অনুযায়ী, ১৯৮১ সালের ২৫ জুন পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে ‘আটগ্রাম-১ নম্বর কূপের’ খননকাজ শুরু করে। পরে ১৬ হাজার ২৭৬ ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়। খননকালে ছয়টি সম্ভাবনাময় স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি ও প্রবাহ পাওয়া যায় বলে পেট্রোবাংলার তৎকালীন প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষামূলকভাবে কূপটি থেকে দৈনিক গড়ে ০.১৫৭ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১ হাজার ২৩৪ ব্যারেল তরল উপাদান পাওয়া যাচ্ছিল। তবে কিছুদিন পর ভূগর্ভস্থ চাপ কমে যাওয়ায় প্রাকৃতিক প্রবাহ বন্ধ হয়ে যায়। তৎকালীন প্রযুক্তির সীমাবদ্ধতা ও উত্তোলনের উচ্চ ব্যয়ের কারণে বাণিজ্যিকভাবে অলাভজনক বিবেচনায় ১৯৮২ সালের ১০ জুন কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

নোটিশে শাম্মী আক্তার বলেন, আশির দশকের খননপ্রযুক্তির সঙ্গে ২০২৬ সালের আধুনিক প্রযুক্তির ব্যাপক পার্থক্য রয়েছে। সে সময় ভূগর্ভস্থ চাপ ধরে রেখে খনিজ উত্তোলনের জন্য আনুভূমিক খনন কিংবা উন্নত হাইড্রোলিক ফ্র্যাকচারিংয়ের মতো প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক ত্রিমাত্রিক সিসমিক জরিপ ও গভীর অনুসন্ধান প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন পরিত্যক্ত খনি থেকে পুনরায় তেল-গ্যাস উত্তোলন করা হচ্ছে।

তিনি বলেন, দেশের তীব্র জ্বালানি চাহিদা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কূপটির সম্ভাব্যতা পুনরায় যাচাই করা হলে তেল-গ্যাস উত্তোলনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

নোটিশে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, আমদানিনির্ভরতা কমানো এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের স্বার্থে কানাইঘাটের বড়চাতলে অবস্থিত আটগ্রাম-১ নম্বর কূপ থেকে পুনরায় তেল-গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া অত্যাবশ্যক।

সর্বশেষ সব খবর