• প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৭ পিএম

রংপুরের মিঠাপুকুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এই আগুন লাগে।


ক্ষতিগ্রস্ত বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার পায়রাবন্দে অবস্থিত। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।


জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে সন্তানদের জন্য অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। তখন বিদ্যালয়ের দ্বিতীয় ভবনের নিচতলা ও প্রথম তলার ছয়টি কক্ষে পাঠদান চলছিল। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে অভিভাবকেরা চিৎকার শুরু করেন। এ সময় শিক্ষক ও অভিভাবকরা মিলে দ্রুত শ্রেণিকক্ষ থেকে শিশুদের বাইরে বের করে আনেন। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনের দ্বিতীয়তলায় ছাদে ওঠার সিঁড়ি সংলগ্ন একটি তালাবদ্ধ স্টোররুমে (চিলেকোঠার কক্ষ) আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে রাখা বেশ কয়েকটি প্লাস্টিকের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। তবে আগুন অন্য কোনো কক্ষে ছড়াতে পারেনি।


স্থানীয় অভিভাবক অনিক মাহমুদ বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ শোরগোল শুনে স্কুলের ওপরের দিকে তাকিয়ে দেখি আগুন। সবাই মিলে দৌড়ে গিয়ে বাচ্চাদের নিচে নামিয়ে দিই। পরে ওপরে উঠে দেখি, ছাদে ওঠার সিঁড়ির দরজা সংলগ্ন তালাবদ্ধ রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিভিয়ে ফেলে।


পায়রাবন্দ এলাকার আরেক অভিভাবক আশরাফুল ইসলাম জানান, চিলেকোঠার ওই কক্ষে কীভাবে আগুন লেগেছে তা কেউ জানেন না, তবে ভেতরের বেঞ্চগুলো পুড়ে গেছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা পারভিন বলেন, আগুন লাগার বিষয়টি তাঁরা শুরুতে বুঝতে পারেননি। পাশের উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা অভিভাবকেরা ধোঁয়া দেখে বিষয়টি জানালে তারা অবগত হন।


তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। ওই কক্ষের বেঞ্চ ও টেবিল পুড়ে গেছে। বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়েছিল। অভিভাবকেরা এসেছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দিয়েছি।


মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মশিউর রহমান জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।


এদিকে, রংপুরে পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভষ্মিভূত হয়েছে বাস তিনটি। বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে একে একে তিনটি বাসে আগুনের ঘটনায় জনমনে আতংঙ্ক তৈরি হয়েছে। তবে বাসগুলোতে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।


ক্ষতিগ্রস্তরা বলছেন, দেশজুড়ে অস্থিরতা, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাস স্ট্যান্ডের নিরাপত্তা প্রদানসহ যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১৪ পিএম

ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কে ট্রলি উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি ট্রলি গাড়ি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফোরকান গাজী (৩৫) নিহত হন। নিহত ফোরকান গাজী ঝালকাঠি জেলার মরতুজা গাজীর ছেলে। 


দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহত ব্যক্তিদের উদ্ধারে করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে প্রশাসনের লোকজনও ঘটনাস্থলে উপস্থিত হন।


নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১২ পিএম

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহসম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে বরগুনা পৌর শহরের সরকারি মহিলা কলেজ হোস্টেলের পেছনে চরকলোনী এলাকায় ওই নেতার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, রাতে বরগুনার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এসময় পৌর শহরের চরকলোনী এলাকায় আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেখতে পায় তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।


এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, টহল চলাকালে ওই বাড়িতে আগুন দেখা যায়। কে বা কারা অথবা অন্য কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১০ পিএম

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর ও বাশালগাঁও বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।


অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।


উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি অঙ্গীকারবদ্ধ।


সীমান্ত অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৯ পিএম

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে নেতা বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। তিনি রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।  


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ আলম।


এর আগে বুধবার (১৮ নভেম্বর) তিনি ঢাকা বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার করতে সেখান উপস্থিত হলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই মোছাদ্দেক হোসেন বাবলুকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় আনা হয়।


জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু শারীরিকভাবে গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিলো।


এদিকে পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক কোতয়ালী থানায় ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চার্জশীট হয়েছে ও বাকী দুটি তদন্তাধীন রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বুধবার রাতে দেশত্যাগের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছালো ইমিগ্রেশন পুলিশ মোছাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করে। পরে তাকে রংপুরে নিয়ে আসা হয়। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।


মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, থানায় আগুন দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। এ সময় একজন বলছেন ‘দে দে, জয় বাংলা করে দে... এই যে মুকসেদপুর থানা!’ মুকসেদপুর থানা জয় বাংলা করে দেওয়া হয়েছে। ভিডিওতে থানা ভাঙচুর ও অগ্নি সংযোগের পর উপস্থিত নেতা–কর্মীদের উচ্ছ্বাস করতে দেখা যায়।আরেকটি ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শ নেতা–কর্মী থানায় প্রবেশ করে থানা চত্বরে রাখা সবগুলো গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করছেন। তাঁরা থানার প্রতিটি কক্ষে ভাঙচুর চালাচ্ছেন। নিচতলা দোতলা সবখানে আগুন দেন।

ঘটনার দুই ঘণ্টা পরও সেখানে আগুন জ্বলছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিস বা কাউকে দেখা যায়নি।


এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় লাঠিসোঁটা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা থানায় হামলা চালান। পরে তাঁরা থানা ভবনে ব্যাপক ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়। সব মিলিয়ে ১০টি যানবাহন পুড়ে যায়।


মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির মুঠোফোনে বলেন, থানায় আগুন দেওয়া হয়েছে। সেখানে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। কিছু মোটরসাইকেলও পুড়ে একদম ছাই হয়ে গেছে। কতগুলো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুলিশ সদস্যদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


থানা ভবনেও ব্যাপক ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া উপজেলায় তিনটি গ্রামীণ ব্যাংকের কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা মিছিল করেন। একপর্যায়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের কোর্ট এলাকা থেকে কাঁচাবাজার পর্যন্ত মানুষের ব্যাপক সমাগম ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে এসব মানুষ অবস্থান নেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের অনেকের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠি, বইঠা, ঢাল ও সড়কির মতো দেশীয় অস্ত্র দেখা যায়।এদিকে দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


এর আগে বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।


এদিকে দুপুর ১২টায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন হাসপাতালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সাবেক সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০১ পিএম

কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশসহ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। এ ঘটনায় কেউ আহত হননি।


বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানান, কুমিল্লা শহর থেকে পদুয়ার বাজার হয়ে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী এলাকায় সড়কের ওপর কয়েকটি টায়ার পড়ে থাকতে দেখেন তাঁরা। বাসটি টায়ারগুলোর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা সেগুলোতে আগুন ধরিয়ে বাস লক্ষ্য করে ছুড়ে মারে।


শিক্ষার্থীদের ধারণা, টায়ারগুলোতে আগে থেকেই তেল বা দাহ্য পদার্থ ঢেলে রাখা হয়েছিল। তাদের দাবি, বাসটি ঘটনাস্থলে পৌঁছানোর ঠিক আগে সেখানে একজনকে মুঠোফোনে ভিডিও ধারণ করতে এবং আরও দুজনকে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়। টায়ারে আগুন দেওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।


শিক্ষার্থীদের অভিযোগ, এটি আকস্মিক কোনো ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের বাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। জ্বলন্ত টায়ার বাসের সামনে এসে পড়লে চালক দ্রুত ব্রেক কষেন। এতে পেছনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের উপক্রম হয়। তবে চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুন ও ধোঁয়ায় বাসের ভেতর আচ্ছন্ন হয়ে পড়লেও কোনো শিক্ষার্থী আহত হননি। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত ও বেঁকে গেছে।


বাসে থাকা লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, আর একটু হলে আমরা বড় বিপদে পড়তাম। আগুন লাগার পর পুরো বাস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই থেকে তিনজন কিশোর জ্বলন্ত টায়ার নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তখনও একটি টায়ারে আগুন জ্বলছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর