নওগাঁর পত্নীতলা থানা পুলিশ সিথী রাণী (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। তিনি নজিপুর পৌরসভা সদরের ঘোষপাড়া এলাকার মানিক চন্দ্র ঘোষের মেয়ে। স্বামী বিদেশ থাকায় সিথী রাণী তার বাবার বাড়িতে বসবাস করতেন। পরিবারের সদস্যদের দাবি সোমবার (৯ নভেম্বর) পূর্বরাত সাড়ে ১২টার দিকে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির লোকজন কালিপূঁজা দেখতে মন্ডপে গেলে বাড়িতে সিথী তার দাদির সাথে ছিলেন। পরে তারা বাড়িতে ফিরে এসে সিথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার এসআই আব্দুর রউফ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি সিথী রানীকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার পেয়েছেন আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ। তিনি ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের চেয়ারম্যান।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল গফুর।
সম্মাননা অর্জনের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে তাঁর নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি দেওয়া হয়। এ অর্জনে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা চিফ ইঞ্জিনিয়ার শামসুল হক রাকিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন এবং আর্থসামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, দায়িত্বশীল নেতৃত্ব ও আন্তরিকতা নিশ্চিত করা জরুরি।
এদিকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করায় সৌমিক হাসান সোহাগের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, এ অর্জন তাঁকে ভবিষ্যতে সমবায়ীদের কল্যাণে আরও নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ভালুকাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম মনা ওই বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে একই বাড়ির আবুল কাশেমের পরিবারের সঙ্গে আব্দুল খালেক বুলুর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাত ৮টার দিকে বুলুর পরিবারের দেওয়া সীমানা পিলার কে বা কারা ভেঙে ফেলে। পরে এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ নিজ নিজ ঘরে চলে যায়।
রাত ১০টার দিকে মনা তার বোনজামাই মামুনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আবারও আবুল কাশেমের পরিবারের সদস্যদের বাকবিতন্ডায় জড়ায়। এ সময় আবুল কাশেমের ছোট ছেলে ফুয়াদ ইসলাম (২৪) প্রতিবাদ করলে মনার সঙ্গে তার হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন তাদের নিবৃত্ত করে বাড় পাঠিয়ে দেন। তবে এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে।
পুলিশ জানায়, বিষয়টি আবুল কাশেমের ছেলে আরমান হোসেন রিমনকে জানানো হলে তিনি রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে এসে ছুরি নিয়ে তার ভাই ফুয়াদসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বুলুর বসত ঘরের সামনে যান। ওই সময় বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন মনা। এ সময় আরমান ও ফুয়াদ তার ওপর হামলা চালিয়ে বুকে, পেটে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। মনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে যান মামুন। তাকেও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন আবুল কাশেমের বসতঘরে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ২জনকে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক দুই মাদক ব্যবসায়ী
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্ডাডল নেশার ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। আটকরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষ্মণপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আইনুল মন্ডলের ছেলে হাই বাবু মন্ডল (৪০) ও কুঞ্জবন বাজারের ভাড়াটিয়া মৃত আব্দুস সামাদের ছেলে কানা ফারুক (৩০)।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় খাজুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
নীলফামারীর জলঢাকায় বাড়িঘরে হামলা, লুটপাট ও বসতভিটা দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন তাঁরা। তবে প্রতিপক্ষের দায়ের করা মামলা দ্রুত রেকর্ড করে পুলিশ তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করেছে বলে দাবি তাঁদের।
সোমবার (৯ নভেম্বর) নীলফামারী শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সত্যরানী রায়। তিনি জলঢাকা উপজেলার কাছারিপাড়া গ্রামের শ্রী প্রফুল্ল চন্দ্র বর্মনের স্ত্রী। এসময় সদ্য জামিন প্রাপ্ত সত্যরানীর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন, মেয়ে পূজা রানী রায়, বিথি রানী রায়, ছেলের বউ বৃষ্টি রানী, জামাই বাবু রায় ও উৎপল রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সত্যরানী জানান, তাঁর শ্বশুর মৃত লক্ষণ চন্দ্র বর্মন ২০১২ সালে দ্বিতীয় স্ত্রী সুশীলা রানীকে পাঁচ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে ২০২৩ সালে তাঁর শ্বশুর আইনগতভাবে ওই দানপত্র বাতিল করেন। তবে শ্বশুরের মৃত্যুর পর দানপত্র বাতিলের বিষয়টি গোপন রেখে গত ৮ মার্চ সুশীলা রানী তাঁর ভাগ্নে অবিনাশ চন্দ্র রায়ের কাছে পাঁচ লাখ ১০ হাজার টাকায় ওই জমি বিক্রি করেন বলে অভিযোগ করেন তিনি।
সত্যরানীর অভিযোগ, গত ১৬ অক্টোবর অবিনাশ চন্দ্র রায়সহ কয়েকজন সহযোগী এবং শতাধিক লোক তাঁদের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করা হয়। একপর্যায়ে তাঁদের বাড়িঘর থেকে বের করে দিয়ে বসতভিটাটি দখলে নেওয়া হয়।
তিনি আরও জানান, ঘটনার দিনই প্রতিকার চেয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। অথচ পরদিন ১৭ অক্টোবর তাঁর শাশুড়ি সুশীলা রানী তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় মামলা করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই গত ৩ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ তাঁর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন ও দুই ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে তাঁর স্বামী জামিনে মুক্ত হলেও দুই ছেলে এখনও কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সত্যরানী বলেন, “আমরা কোনো অন্যায় সুবিধা চাই না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার ও বসতভিটা ফিরে পেতে চাই।”
এ সময় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে দখল হয়ে যাওয়া বসতভিটা উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এই মুহূর্তে আমি বাইরে আছি। থানায় গিয়ে রেজিস্ট্রার দেখে এ বিষয়ে জানাবো।
প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন এ হামলা চালায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’ আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে এসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।
১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ভাটারা থানার কর্তব্যরত অফিসার দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কীভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজধানীতে বিভিন্ন বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিশেষ করে কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।