রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম সৌজন্য সাক্ষাৎ করেন
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।
তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবারের একজন সদস্য জানান, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে ব্লক ধরা পড়ার পর তার এনজিওগ্রাম করা হয়েছে ও এনজিওপ্লাস্টি করা হবে। আজ বিকেলে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
প্রতীকী ছবি
সিলেটের শিক্ষায় দুর্বলতা কাটাতে সমন্বিত উদ্যোগের তাগিদ নিতে হবেঃ বাণিজ্যমন্ত্রী
শিক্ষাব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে শিক্ষার সব ধারার মধ্যে সামঞ্জস্য আনার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, শুধু শিক্ষার্থী ভর্তি ও পাসের হার বাড়ালেই শিক্ষার মান নিশ্চিত হবে না। শিক্ষার্থীদের পড়ার সক্ষমতা, গণিতের দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারের যোগ্যতা বাড়াতে হবে। একই সঙ্গে ঝরে পড়ার হার কমানোর উদ্যোগ নিতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সিলেট জেলা পরিষদ আয়োজিত কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের শিক্ষার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি কর্মশালায় আলোচনা হয়েছে। সেখানে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষায় পাসের হারসহ শিক্ষার বিভিন্ন সূচকে সিলেটের পিছিয়ে থাকার বিষয়টি উঠে এসেছে। অন্যান্য বিভাগের তুলনায় এখানে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও বেশি। এ অবস্থা পরিবর্তনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
শিক্ষার মানোন্নয়নে কার্যকর সাক্ষরতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শুধু পড়তে ও লিখতে পারাই যথেষ্ট নয়, সাধারণ হিসাব করার সক্ষমতাও থাকতে হবে। কার্যকর সাক্ষরতার ক্ষেত্রে সিলেট একসময় দেশের অন্যান্য বিভাগের তুলনায় অনেক পিছিয়ে ছিল। এ অবস্থার উন্নতি করতে হবে।
শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে বিভাজন কমানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, সাধারণ শিক্ষা, সরকারি শিক্ষা, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাশিক্ষার মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন। শিক্ষাব্যবস্থায় অতিরিক্ত বিভাজন একটি দেশের জন্য স্বাস্থ্যকর নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ার ও গণিতের দক্ষতা বাড়াতে হবে।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। যাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে একজন শিক্ষার্থী অন্তত একটি কর্মমুখী দক্ষতা নিয়ে বের হতে পারে। পরবর্তী সময়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ না হলেও সেই দক্ষতা কাজে লাগিয়ে যেন সে উপার্জন করতে পারে।
শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সাফল্যের প্রশংসা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও তারা ভালো করছেন। প্রশাসনেও নারীদের অংশগ্রহণ ও দক্ষতা প্রশংসনীয়। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শিক্ষার দুর্বলতাগুলো কাটিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে সিলেটকে আরও সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করা সম্ভব হবে। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ নেতৃত্ব দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নেবেন বলেও তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জেলা পরিষদ একটি প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান। স্থানীয় সরকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সিলেটের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলনেও প্রতিষ্ঠানটির ঐতিহাসিক ভূমিকা রয়েছে।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বৃত্তির অর্থের পরিমাণ হয়তো খুব বেশি নয়। তবে জেলা পরিষদের পক্ষ থেকে এই স্বীকৃতি ও সম্মান শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তারা উচ্চশিক্ষা গ্রহণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন এটাই প্রত্যাশা।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল মালিক, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আরাফাত গিলমান, নাজিহা সুলতানা নাজহা, শাহরিয়ার নাদিম ও তানিয়া আক্তার।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তাঁদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানান তিনি। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত নয়, মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান জেলা পরিষদের প্রশাসক।
অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৬৮৮ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৩৯ লাখ ৬৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এদিকে,তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয় ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক প্রতিযোগীতা। এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্টান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও মতবিনিময় পর্ব চলে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণী, সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্যসচিব ড. মোস্তফা আজিজ সুমন এবং সিলেট আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল ও সদস্যসচিব ডা. মোহাম্মদ আবু নাছের বিভাগীয় পর্যায়ের এই তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানমেলায় উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৭১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।
গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর তাগিদ দিয়ে তিনি বলেন, এ জন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ তা বহন করতে পারে না।
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এই মানসিকতার পরিবর্তন দরকার। এ সময় প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধে দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব। দেশে একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।