ঝালকাঠির নলছিটিতে ছাত্রলীগ( নিষিদ্ধ) নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার( ৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় ও ৭০-৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উল্লেখ্য গত রবিবার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করলে পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানিয়েছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, রাকিব মৃধা (২৫) পিতা- জাহাঙ্গীর মৃধা, রুবেল মৃধা (৩০) পিতা- জাহাঙ্গীর মৃধা, মিল্টন হাওলাদার (২০) পিতা- মজিবুর রহমান,সেলিনা বেগম (৫৫) স্বামী- নূর মোহাম্মদ,সোহেল হাওলাদার (২৭) পিতা- মজিদ হাওলাদার,রাশেদ মৃধা পিতা- মৃত মালেক মৃধা, শহিদুল ইসলাম (২৮) পিতা- মোবারক খলিফা।ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মূল আসামীসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সকাল ১০টার দিকে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহত আদিব একই গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ির মো.সাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিব সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের দারুস সালাম মডেল মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। গত ১৬ অক্টোবর বিকেলে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ শিব্বির আহমেদ তাকে মারধর করেন। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন ছাত্রের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহায়তা করেন। এরপর মাদরাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায় আদিব।
নিহতের বাবা সাহাব উদ্দিন বলেন, তার ছেলে মাদরাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। সেখানে পড়ার সময় সে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ত। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা জানান, তার রক্তশূন্যতা ছিল। পরে টাকার অভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ছেলে ১০ পারা কোরআন মুখস্থ করেছিল। সেখানে হুজুররাও তাকে কিছু মারধর করছে। শিক্ষকের মারধরে মৃত্যু হয়েছে বলে আমরা মনে করিনা। বাচ্চার হায়াত শুকিয়ে গেছে তাই মারা গেছে। আমরা হুজুরকে দোষারপ করিনা। আমরা আল্লার ওপরে নির্ভরশীল,আল্লাহ বাচ্চা দিয়েছে আল্লাহ নিয়ে গেছে।
দারুস সালাম মডেল মাদরাসার পরিচালক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক শাসন করার পর ছাত্রের অভিভাবকেরা আমাকে ফোন করে বিষয়টি জানান। পরে আমি ছাত্রের বাড়িতে গিয়ে তার শরীরে বেতের আঘাতের দাগ দেখতে পাই। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট শিক্ষককে ভর্ৎসনা করেন। পরে জানতে পারেন, ওই ছাত্র আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। তিনি ছাত্রের চিকিৎসার কাগজপত্র দেখতে চেয়েছিলেন, তবে অভিভাবকেরা তা দেখাননি। এমনকি ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেও অভিভাবকেরা তাকে কোনো সহযোগিতা করেননি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের স্বজনেরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। নিহতের শরীরের পা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের রায়হান নামে এক যুবক সম্প্রতি গেলেন মহাদেবপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। দাতা-গ্রহিতার নাম দিয়ে পুরোনো দলির খোঁজবেন তিনি। ওই অফিসের নকল নবিশ আবু বক্কর সিদ্দিক দলিলটি খোঁজার দায়িত্ব নিলেন। প্রতিবছর খোঁজার বিনিময়ে তিনশ’ টাকা অগ্রিম নিলেন তিনি। এরপর অফিস থেকে ইনডেক্স খুঁজে দলিলটির তথ্য বের করলেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক আর এক যুবক একটি দলিলের জাবেদা নকল তুলতে গেলেন ওই অফিসে। জাবেদা নকল সরবরাহের দায়িত্ব নিলেন আরেক নকল নবিশ আতিকুর রহমান (বড়)। ওই দলিলের জাবেদা নকল সরবরাহের জন্য তিনি চাইলেন দুই হাজার দুইশ’ টাকা। নির্ধারিত সময়ে তিনি সেটি সরবরাহও করলেন। কিন্তু জাবেদা নকলের পিছনের পাতায় জাবেদা বাবদ মোট চারশ’ ৯০ টাকা নেয়া হয়েছে বলে সরকারি সীলমোহরে লেখা ছিল।
সাব রেজিস্ট্রারের নিকট একজন সাংবাদিক তথ্য অধিকার আইনে জানতে চান, তল্লাশি ও জাবেদা নকল বাবদ কত টাকা করে নেয়া হয়। সাব রেজিস্ট্রার উত্তরে জানালেন, তল্লাশি ফি কুড়ি টাকা করে নেয়া হয়, সে টাকা চালানে জমা দেয়া হয়। আর জাবেদা নকল বাবদ বিভিন্ন দলিলে বিভিন্নরকম খরচ নেয়া হয়। খরচের হিসাব আইনে নির্ধারিত রয়েছে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে সম্প্রতি বদলী হওয়া ওই সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু হতে পারে। তবে অভিযোগ হলে সে বিষয় খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি দলিলের জাবেদা নকল সরবরাহের আগে ইনডেক্স তল্লাশি করে নিশ্চিত হতে হয়। সেই তল্লাশি বাবদ সরকারি ঘরে কুড়ি টাকা করে জমা দেয়া হয়। কিন্তু কেউ পুরাতন দলিল তল্লাশি করতে চাইলে বছর প্রতি যে তিনশ’ টাকা করে নেয়া হয়, তার এক টাকাও সরকারি কোষাগারে জমা দেয়া হয়না। প্রতিবছর কয়েক হাজার দলিল তল্লাশি বাবদ লক্ষ লক্ষ টাকা নিয়ে সম্পূর্ণটাই আত্মসাত করা হয়। অপরদিকে জাবেদা নকল বাবদ নেয়া অতিরিক্ত টাকাও আত্মসাত করা হয়। এই দুধরনের কাজের সাথেই জড়িত এই সাব রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত নকল নবিশরা। মোট ৩৫ জন নকল নবিশের নেতৃত্ব দেন আতিকুর রহমান (বড়) ও আবু বক্কর সিদ্দিক। রেজিস্ট্রি করা দলিল থেকে বালাম বইয়ে নকল করা তাদের মূল কাজ। প্রতি পৃষ্ঠা নকল করা বাবদ নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন তারা। কিন্তু তল্লাশি আর জাবেদা নকল সরবরাহ বাবদ অবৈধভাবে নেয়া টাকা দিনশেষে ভাগবাটোয়ারা করে নেন। অফিসের কেউ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়। আতিকুর কোন বালাম বই না লেখলেও ভূয়া বিল উত্তোলন করেন বলেও অভিযোগ রয়েছে। তাকে দিনের বেশিরভাগ সময় বালাম বই না লিখে অফিসের বিভিন্ন কাজে মধ্যস্থতা করতে দেখা যায়।
স্থানীয়দের দাবি এই চক্রের তৎপরতা বন্ধ করে সরকারিমূল্যে সাধারণ জনতার সেবা নিশ্চিত করা ও এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।
জানতে চাইলে আতিকুর রহমান বলেন, তারা কোন অতিরিক্ত টাকা গ্রহণ করেন না। সাব রেজিস্ট্রারের নির্দেশমত তিনি অন্যান্য কাজ করে থাকেন। আবু বক্কর সিদ্দিক পুরোনো দলিল তল্লাশি বাবদ নেয়া তিনশ’ টাকা করে সরকারি কোষাগারে জমা না দেয়ার কথা স্বীকার করেন।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মহাদেবপুরের আগের সাব রেজিস্ট্রার রফিকুল ইসলামকে বদলী করার পর আত্রাই উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বার বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফোন রিসিভ করেননি নওগাঁ জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলামও।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে সিলেট প্রেসক্লাবে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিকেলে সিলেট প্রেসক্লাব এর উদ্যোগে আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় তিনি বলেন, “আমাদের জাতীয় জীবনে বিপ্লব ও সংহতি দিবস অত্যন্ত গুরুত্বপুর্ণ দিন। এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলেন। ৭ নভেম্বরের চেতনাকে কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দল মিলে সংসদকে কার্যকর করে দেশকে গণতন্ত্র ও অর্থনীতিতে সমৃদ্ধশালী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সিসিক প্রশাসক আরো বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতা সেনানিবাসের বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেন। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশকে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ করেন এবং বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হন।
তিনি বলেন, বিগত ১৭ বছর এই ইতিহাস চাপা পড়ে গিয়েছিল। এখন থেকে এগুলো সামনে নিয়ে আসতে হবে, যাতে করে নতুন প্রজন্ম উজ্জীবিত হয়।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন-নূরের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও আবদুল কাদের তাপাদার, দৈনিক সিলেট মিরর এর প্রধান সম্পাদক জিয়াউস শামস শাহীন, ক্লাবের কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য এম এ মতিন, সেলিম আউয়াল, মুহিত চৌধুরী ও সাকিব আহমদ মিটু।
উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মো. দুলাল হোসেন, শেখ আব্দুল মজিদ, একে কাওছার, মো. তাজুল ইসলাম, সহযোগী সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম। সভা পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ মেহেদী।
পথ হারিয়ে ২৭৭ কিলোমিটার দূরে যশোরের ঝিকরগাছা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা কুলসুম ওরফে শানু বেগম (৭০) অবশেষে ফিরে গেলেন আপন ঠিকানায়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর স্বজনের কাছে ফিরলেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসে তাঁকে যশোরের ঝিকরগাছায় পাঠানো হয়। এর আগে তাঁকে নিতে ঝিকরগাছা থেকে কলাপাড়ায় আসেন তাঁর প্রতিবেশী রোজিনা বেগম (৪৫)। তাঁরা দুজনই যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন জানান, পরিচিত একজনের মাধ্যমে শানু বেগম তাঁর কাছে আসেন। প্রথমদিকে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁকে নিজ ঠিকানায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ কাজে কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সর্বাত্মক সহযোগিতা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শানু বেগমের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ‘পাশে দাঁড়াই’স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পরিচয় শনাক্ত,থাকা-খাওয়ার ব্যবস্থা এবং বাড়ি ফেরানোর পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উল্লেখ্য : ঠিকানাহীন কুলসুম ওরফে শানু বেগমকে গত ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ৯ দিন ব্যাপী পাশে দাঁড়াই সেচ্ছাসেবী সংগঠন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছিল। এর আগে ১৭ দিন পূর্বে তিনি বাড়ি থেকে সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার কথা বলে হারিয়ে যান।
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল জাতীয় ২৪ বোতল মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৮ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সদস্যরা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারী এবং বিশেষ অভিযান পরিচালনা করছে ৪২ বিজিবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুংডুংগী বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করেছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অপরাধীরা যাতে সীমান্তকে অবৈধ কর্মকাণ্ডের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাব্বি হোসেন মোস্তাকিম
টঙ্গীতে নয় বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে মিফতাহুল উলুম মাদ্রাসা টঙ্গী শাখার শিক্ষকের বিরুদ্ধে।
মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিমকে (২৪) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা।
এই ঘটনায় রবিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
গ্রেফতারকৃত রাব্বি হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার আড়াইবাড়িয়া এলাকায় কবির হোসেনের ছেলে। তিনি মিফতাহুল উলুম মাদ্রাসার টঙ্গী শাখার শিক্ষক।
শিশুর স্বজনরা জানায়, মাদ্রাসাটির নাজারা বিভাগে অধ্যায়নরত ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থী। গত বুধবার (০৪ নভেম্বর) রাতে তুচ্ছ ঘটনায় শিশুটিকে নিজের রুমে নিয়ে গরম বৈদ্যুতিক আয়রন দিয়ে শরীরের পিছনের লজ্জাস্থানে ছ্যাঁকা দেয় শিক্ষক মোস্তাকিম। এতে শিশুটির শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। পরে বিষয়টি গোপন রাখতে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বেতন পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন শিশুটির মা। এরপর ঘটনা জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে শিক্ষক মোস্তাকিম। পরে রবিবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয়রা কৌশলে আপোষের কথা বলে তাকে মাদ্রাসায় এনে পুলিশের কাছে সোপর্দ করেন।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।