• প্রকাশ : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬, সময় : ৭:২৮ পিএম

ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বুধবার মধ্যরাত থেকে সমুদ্র ও সমুদ্র মোহনা সংলগ্ন নদীতে শুরু হয়েছে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের বাধাঁহীন প্রজননের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সরকারের আরোপিত এ নিষেধাজ্ঞা মেনে গভীর সমুদ্র থেকে তীরে ফিরে আসছে মাছধরা ট্রলার। 


ইতোমধ্যে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর মহিপুর-আলিপুর, কুয়াকাটা, রাঙ্গাবালী সহ উপকুলের হাজারো জেলেরা তীরে ফিরে এসেছে। তবে ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো সমুদ্রে ২২ দিনের এ অবরোধ নিয়ে জেলেদের মাঝে অসন্তোষ রয়েছে।




জেলেদের দাবী এখনো ইলিশের পেটে ডিম আসেনি। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের আরোপিত নিষেধাজ্ঞার সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ করেছেন জেলেরা। এরপরও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ইলিশ আহরন থেকে বিরত থাকার কথা জানিয়েছেন জেলেরা। তবে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে দেশের জলসীমানায় নৌবাহিনী সহ প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো, প্রনোদনার পরিমাণ বৃদ্ধি সহ তা প্রকৃত জেলেদের মাঝে বন্টনের দাবি জেলেদের।


কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সাবেক সভাপতি নিজাম শেখ বলেন, সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে বেশিরভাগ জেলে শুন্য হাতে তীরে ফিরে আসছে। সমুদ্রে আর আগের মত মাছ ধরা পরছে না। সমুদ্রে দেশী বিদেশি অবৈধ ট্রলিং বোটের পাশাপাশি ভারতীয় জেলেদের আধিপত্য চলছে। এসব বন্ধে সরকারের কোন উদ্যোগ না থাকলেও বার বার অবরোধ দিয়ে জেলেদের ক্ষতিগ্রস্ত করছে মৎস্য অধিদপ্তর। তারপর আবার আবহাওয়া উল্টো। 


জেলে আবুবক্কর বলেন, এমনিতেই সাগরে মাছ পাচ্ছি না, তারপর এখন আবার নিষেধাজ্ঞা। তবে সরকার তাদের যে প্রনোদনা প্রদান করেন তা চাহিদার চেয়ে অনেক কম। এই চালের সাথে ডাল ও তেল দেয়ার দাবী জানান।


মহিপুর মৎস্য আড়দার সমবায় মালিক সমিতির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, এই দুই তিন বছর সাগরে মাছ পড়ছে না, তারপর যখনই একটু মাছের মুখ দেখা মিলে তখনই আবার আবহাওয়া খারাপ। জেলের প্রণোদনা আরো বাড়ানো উচিত। এই নিষেধাজ্ঞার সময় বঙ্গপোসাগরে নৌ-বাহিনী, কোষ্টগার্ড ভালোভাবে ডিউটি করা উচিত। অবরোধের সুযোগে মিয়ানমার ও ভারত আমাদের জলসীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। 


কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ইলিশ প্রজনন বৃদ্ধির লক্ষ্যে, মা ইলিশ সহ সামুদ্রিক সব ধরনের মাছের প্রজনন মৌসুম চলছে। তাই সমুদ্রে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে লাভ মৎস্যজীবীদের।


তিঁনি আরও বলেন, ২২ দিনের অবরোধকালীন সময়ে উপজেলার ১৮ হাজার নিবন্ধিত জেলেদের বিশেষ প্রণোদনা দেয়া হবে। নিবন্ধনের বাইরে থাকা জেলেদেরও পর্যায়ে ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতজাত করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ১ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৯ পিএম

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে থানায় আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির অভিযোগ নিয়ে সনিকে ওসির সঙ্গে কথা বলতে শোনা যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে থানায় নেওয়া হয়। পরে একটি সাধারণ মামলায় মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।অডিওতে সনি দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাকে টাকা খরচ করতে হয়েছে। পুনরায় টাকা চাওয়ার বিষয়টি ওসিকে জানালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দেন।


অডিওতে সনি তার সাবেক স্বামী ও পলাতক যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া তার ছেলে তাসরিফকে ফোন করে থানায় দুই লাখ টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


এদিকে বুধবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সনি ওসির বিরুদ্ধে আরও অভিযোগ তোলেন। তার দাবি, ৫৪ ধারায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছে। আদালতে চালানের আগে ওসি তাকে আলিঙ্গনের প্রস্তাব দিয়েছিলেন এবং একা সিএনজিচালিত অটোরিকশায় করে ওসির বাংলোয় যেতে বলেছিলেন। মামলা নিয়ে ক্ষমতার প্রভাব দেখানোর অভিযোগও করেন তিনি।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। অডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভুয়া। কী দিয়ে বানিয়েছে, কে জানে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অসত্য।’


ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগগুলোর বিষয়ে তদন্তের অগ্রগতি কিংবা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিস্তারিত জানাননি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৬ পিএম

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মো. ওয়াকিল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটে নগরীর ২৭ নম্বর শ্যামাচরণ রায় রোডের জেলা স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


গ্রেপ্তার ওয়াকিল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর নিয়ামত এলাকার আব্দুল হাকিমের ছেলে।


পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।


পুলিশের দাবি: প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ওয়াকিল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ কারবারের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৮ পিএম

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।


ইমদাদুল হক লিমনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের নেতা হয়েও নিজ দলের নেতাকর্মীদের ওপর এভাবে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।


পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১১ পিএম

রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব।


বুধবার (২৫ নভেম্বর) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিবছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।


সকালে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়। পরে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।


আয়োজকদের দাবি, পাঁচ দিনব্যাপী এ উৎসবে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। উৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০৬ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় মাদক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।


বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।


উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০৭ পিএম

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম দিবস দুটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় দিবসগুলোর গুরুত্ব ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।


শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লের অনুশীলন করাতে হবে এবং তাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিয়ে আসতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দিবস উদযাপনে শুধু দাপ্তরিক অংশগ্রহণ নয়, পরিবারের সদস্যদের নিয়েও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে। দিনব্যাপী গৃহীত কর্মসূচীতে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেন তিনি।


জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে জেলা প্রশাসক বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে যেন ছেঁড়া কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করা না হয়। প্রয়োজন অনুযায়ী বছরে এক বা দুইবার পতাকা পরিবর্তনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেমের চর্চা ও জাতীয় চেতনাকে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। এ সময় তিনি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সর্বজনীন পেনশন মেলায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।


সভায় উপস্থিত দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এসব জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও তাৎপর্য সুন্দরভাবে তুলে ধরতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার ইতিহাস, দেশপ্রেম এবং জাতীয় চেতনার বীজ বপনের ওপর তিনি গুরুত্ব দেন।


রাজনৈতিক প্রসঙ্গে তিনি দেশের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অতীতের রাজনৈতিক সহিংসতা, গুম, খুন ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব ঘটনার সমালোচনা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর দায়ীত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, স্বাধীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের একক অর্জন নয়; এটি সবার। তাই আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে যথাযথভাবে তুলে ধরতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়ীত্ব পালন করতে হবে।


সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএম, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকারম হোসেন, সহসভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মনজুর মোর্শেদ সুমন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুলসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং মহান বিজয় দিবসের গৌরব ও চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সব খবর