• প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৯ পিএম

উপমহাদেশের সংগীত ভুবনের এক আলোকিত নাম বাপ্পি লাহিড়ী। সংগীতের এই জাদুকর তার কালজয়ী গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন। মৃত্যুর পরও তিনি ভক্তদের হৃদয়ের গভীরেই রয়ে গেছেন। গানের প্রতি যেমন তার অনুরাগ ছিল, তেমনি স্বর্ণের প্রতি অগাধ ভালোবাসার জন্যও ছিলেন অনন্য। গলায় একাধিক মোটা চেন, হাতে ব্রেসলেট আর চোখে কালো চশমায় তিনি দর্শক মাতাতেন।


কেজি কেজি মূল্যবান স্বর্ণ সবসময় থাকত তার গলায়, হাতে। সোনালি পরশের তার সেই স্বতন্ত্র লুক আজও অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল। এই সময়ের স্বর্ণের উচ্চ মূল্যের বাজারে তার সংগ্রহে ঠিক কতটা স্বর্ণ ছিল এবং বর্তমান বাজারদরে সেই গয়নার মূল্য কত—এ নিয়েই চলছে বিস্তর আলোচনা।


২০১৪ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির তথ্য প্রকাশ করেছিলেন বাপ্পি লাহিড়ী। সেই নথি অনুযায়ী, তার নিজের নামে ছিল ৭৫৪ গ্রাম স্বর্ণের গয়না এবং স্ত্রী চিত্রাণী লাহিড়ীর নামে ছিল ৯৬৭ গ্রাম স্বর্ণ। অর্থাৎ দুজনের মিলিত স্বর্ণের পরিমাণ ১ কেজি ৭২১ গ্রাম। পাশাপাশি বিপুল পরিমাণ রুপা ও হীরার গহনার তথ্যও সেখানে ছিল। তবে তার ব্যবহৃত স্বর্ণ যে হলফনামায় দেওয়া পরিমাণের চেয়ে অনেক কম, তা সবাই জানেন।


বর্তমানের বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম হিসাব ধরলে বাপ্পি লাহিড়ীর ঘোষিত ৭৫৪ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য দাঁড়ায় ১ কোটি ২৭ লাখ ২৪ হাজার টাকা বেশি। অন্যদিকে, স্ত্রীর স্বর্ণসহ সব মিলিয়ে তাদের ঘোষিত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৯০ লাখ ৪২ হাজার টাকা কাছাকাছি।২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান সংগীতের কিংবদন্তি বাপ্পি লাহিড়ী। তার মৃত্যুর পর ছেলে বাপ্পা জানিয়েছিলেন, বাবার প্রিয় গহনাগুলো পরিবারের তরফে সংরক্ষণ করে রাখার ইচ্ছা রয়েছে। গান, সুর আর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টের পাশাপাশি স্বর্ণের প্রতি দুর্বলতা তার অনুরাগীদের মনে চিরকাল ভাস্বর হয়ে থাকবে।


সূত্র: এইসময় অনলাইন




  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান এবং আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় তার ভূমিকা তদন্ত করতে এই রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার এজাহারে জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি বুধবার বিকেল ৩টায় আদালতের কার্যতালিকায় উঠতে পারে।


পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় জ্যোতির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা যাচাই, অন্যদের সঙ্গে তার যোগাযোগ ও সমন্বয়ের তথ্য জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে তদন্তকারী সংস্থা।


মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত ২০ আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে জ্যোতিও একজন।


রিমান্ড আবেদনে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের পাঁচটি কারণ উল্লেখ করেছে পুলিশ। সেগুলো হলো: ১. মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও অবস্থান শনাক্ত করা; ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের তথ্য সংগ্রহ করা; আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধারের চেষ্টা করা; ঘটনার সঙ্গে জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের সত্যতা পরীক্ষা করা; ও আন্দোলন দমনে অর্থের জোগান, সংশ্লিষ্টদের যোগাযোগ ও সমন্বয়ের অভিযোগ তদন্ত করে তাদের ভূমিকা নির্ধারণ করা।


পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলেও আবেদনের এক অংশে পাঁচ দিনের রিমান্ডের প্রয়োজনীয়তার কথা উল্লেখ রয়েছে। শুনানি শেষে রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।


চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২৬ পিএম

র‍্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।পরে তাকে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।


জানা গেছে, অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটতে শুরু করেন মিষ্টি জান্নাত। কিছুদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।


মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন।একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। এতে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।


এদিকে দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’


পোস্টে মিষ্টি জান্নাত আরো জানান, মিডিয়ার সবাই তার কাছের মানুষ। কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না তিনি। পাশাপাশি পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।


মামুনুর রশীদ

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৯ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল।


তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেল পাঁচ-ছয় দিন ধরে তিনি অসুস্থ। এরপর তাকে  নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ সন্ধ্যায় চিকিৎসারা তার স্বাস্থের বিষয়ে বিস্তারিত জানাবেন। এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল তাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।


বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।


১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।


মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই গুণী শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।


জেনিফার বারেতো

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১১ পিএম

সৌন্দর্যের মঞ্চে মাথায় উঠেছে বিশ্বসেরার মুকুট। তবে ২৭ বছর বয়সী জেনিফার বারেতোর পরিচয় কেবল একজন সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নয়। তিনি একজন স্ত্রী, সাত বছর বয়সী কন্যাসন্তানের মা, উচ্চশিক্ষিত পেশাজীবী ও সমাজকর্মী।


পুয়ের্তো রিকোর এই নারী মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতে গড়েছেন ইতিহাস। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।


২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগ্রেলট কলোসিয়ামে বসে এবারের আসরের জমকালো আয়োজন। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন স্বাগতিক দেশের প্রতিনিধি জেনিফার।

বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় নতুন মুকুট পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের শিরোপা ফিরে আসে পুয়ের্তো রিকোতে।


দেশটির হয়ে এর আগে ২০০৬ সালে এই খেতাব জিতেছিলেন জুলেইকা রিভেরা। সব মিলিয়ে ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট পেল পুয়ের্তো রিকো।সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার বাইরেও নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন জেনিফার। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাঁর। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সেনাবাহিনী শাখায় প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন তিনি।


২০২১ সাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সঙ্গে কাজ করছেন জেনিফার। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ক্ষতিকর আচরণ প্রতিরোধ, সচেতনতা তৈরি এবং মানুষের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই তাঁর কাজের অন্যতম লক্ষ্য।


পেশাগত দায়িত্বের বাইরেও সমাজের মানুষের পাশে দাঁড়ান জেনিফার। পুয়ের্তো রিকোর পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবী হিসেবে শিশুদের ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন। পাশাপাশি এ রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা করেন তিনি।অবসর সময়ে বই পড়তে ও ভলিবল খেলতে ভালোবাসেন জেনিফার। পুয়ের্তো রিকোর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন। তাঁর কাছে সৌন্দর্য প্রতিযোগিতা কেবল ব্যক্তিগত পরিচিতি কিংবা সাফল্য অর্জনের মঞ্চ নয়, মানুষের কাছে পৌঁছানো এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখারও একটি সুযোগ।


মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধিরও পরীক্ষা নেওয়া হয়। এবারের আসরের প্রশ্নোত্তর পর্বে জেনিফারের উত্তরগুলোও আলোচনায় এসেছে।


চূড়ান্ত পর্বে তাঁকে প্রশ্ন করা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের নেতাদের কাছে মানুষের সবচেয়ে বেশি কী প্রত্যাশা?’


জবাবে জেনিফার বলেন, ‘আমার বিশ্বাস, বিশ্বের এমন নেতা প্রয়োজন, যাঁরা দক্ষ ও সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষকে প্রায়ই বিচার করা হয়, নানা প্রশ্নের মুখে পড়তে হয়। এ অবস্থায় নেতাদের দায়িত্ব হলো নিজেদের অবস্থানে দৃঢ় থাকা এবং অন্যদের সামনে ভালো উদাহরণ তৈরি করা।’তিনি আরও বলেন, ‘একজন সম্ভাবনাময় নেতা হিসেবে আমি দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এজন্য মানুষের প্রয়োজন ও সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। তাদের চাহিদা বুঝে ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল ঠিক করতে পারলেই প্রকৃত পরিবর্তন আনা সম্ভব।’


এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও প্রশ্নের মুখোমুখি হন তিনি। তাঁকে জিজ্ঞেস করা হয়, এআইয়ের বিকাশের এই সময়ে মানুষের কোন মূল্যবোধটি কোনোভাবেই হারানো উচিত নয়?


জবাবে জেনিফার বলেন, ‘এআই আমাদের সঙ্গে থাকতেই এসেছে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর সতর্ক ও দায়িত্বশীল ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে এবং নিজেদের সত্যিকারের মানুষ হিসেবে ধরে রাখতে সাহায্য করে।’


জেনিফারের এই জয় আরও একটি কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৩ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ চালু হয়। এর আগে দীর্ঘদিন এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে অবিবাহিত হতে হতো। সন্তান থাকা নারীদের জন্যও ছিল নিষেধাজ্ঞা।


নিয়ম পরিবর্তনের তিন বছর পর এবার প্রথমবারের মতো কোনো বিবাহিত নারী ও মা হিসেবে মূল মুকুট জিতলেন জেনিফার। তাঁর স্বামী ইয়ান কার্লোস বারেতো ক্যালদেরন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সার্জেন্ট। তাঁদের সাত বছর বয়সী মেয়ের নাম পেনেলোপে। মুকুট জয়ের পর মেয়ের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।


জেনিফারের পর এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ আলেভান্তে। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী জাস্টাস কেলি সেরা ১২-তে জায়গা করে নিলেও চূড়ান্ত পর্বে উঠতে পারেননি। চলতি বছর প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউএসএ খেতাব জিতে আলোচনায় এসেছিলেন তিনি। 


সূত্র: পিপল ও ইন্ডিয়া টুডে


মুখ দিয়ে জেনেলিয়া দেশমুখের কান থেকে একটি দুল বের করে আনেন ইমরান হাশমি। দৃশ্যটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩২ পিএম

বিয়ে, মাতৃত্ব আর ঘর-সংসারের কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন জেনেলিয়া দেশমুখ। গত বছর আমির খানের বিপরীতে ‘সিতারে জমিন পার’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছিলেন। সেই সুবাদে আবার বলিউডে ব্যস্ততা বেড়ে গেছে জেনেলিয়ার। পরপর তিনটি সিনেমা ‘জুনিয়র’, ‘মান্তি-৪’ ও ‘রাজা সিবাজি’তে কাজের পর আলোচনা শুরু হয়েছে তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘গানমাস্টার জি৯’ নিয়ে। 


কারণ একটাই, এতে জেনেলিয়া প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেতা ইমরান হাশমির সঙ্গে। কিন্তু এই সিনেমা মুক্তির আগে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন নন্দিত এই অভিনেত্রী। আনন্দবাজার, সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে অংশ নিয়েছিলেন ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ। 


‘গানমাস্টার জি৯’ সিনেমার প্রচারের পাশাপাশি অনুষ্ঠানের বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা হয়। সেখানেই ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানের একটি রোমান্টিক মুহূর্ত নতুন করে ফুটিয়ে তোলেন দুই অভিনেতা। কিন্তু সিনেমার একটি রোমান্টিক দৃশ্য নতুন করে দেখাতে গিয়ে পড়েছেন বিতর্কের মুখে। 


এ অনুষ্ঠানের একটি ঝলকে দেখা গেছে, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। তাঁর দিকে এগিয়ে আসেন ইমরান হাশমি। তারপর মুখ দিয়ে একটি কানের দুল বের করে আনেন। এমন দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ অবাক, কেউ আবার উচ্ছ্বসিত। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা নানারকম মন্তব্য করা শুরু করে দিয়েছেন। 


সামাজিক মাধ্যমে নেটিজেনদের একজন লিখেছেন, ‘ভাবুন তো, কোনো মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তা হলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত!’ 


আর একজন লিখেছেন, ‘ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন! এসব তো হবেই।’ 


তবে ইমরান ও জেনেলিয়ার অনুরাগীদের মতে, দুজন পেশাদার অভিনেতা নিজেদের কাজই করেছেন। এতে নিন্দার কিছু নেই। 

এমন আরও অনেক মন্তব্য এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমের পাতায়; যা দেখে কেউ আবার এমনই মন্তব্য করেছেন। 


এসবই সিনেমার প্রচারণার নতুন কৌশল, যার শুরু বিতর্ক দিয়ে আর সমাপ্তি ব্যবসায়িক সাফল্য আদায় করে নেওয়ার মাধ্যমে। তবে সিনেমাপ্রেমী অনেকে এসব বিতর্ককে এড়িয়ে ‘গানমাস্টার জি৯’ দেখার ইচ্ছার কথা জানিয়েছেন।


সোহেল খান

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৪ পিএম

বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল আনুমানাকি ৬০ বছর।


‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন।


সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, "সকালবেলা উঠে নাস্তা করে সবার সঙ্গে কুশলাদি বিনিময়, হাসি-ঠাট্টা করে পোশাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়েছিলেন। রেডি হয়ে বের হয়ে রুমের সামনে পড়ে যান।


“হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন।”


ইকবাল জানিয়েছেন, সোহেল খানের মরদেহ পরিবারের সঙ্গে কথা বলে তার বাড়ি সাভারের ধামরাইয়ে নিয়ে যাওয়া হবে।


ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ফেইসবুক এক পোস্টে লিখেছেন, “একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান।”


বিস্তারিত তুলে ধরে জয় আরও লিখেছেন, “তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।”


সোহেল খান কয়েক দশক ধরে নাটক ও সিনেমায় কাজ করে চলেছেন। দেশের একটা প্রজন্মের দর্শকের কাছে তার বেশ জনপ্রিয়তা। সোহেল খানের কাজ শুরু মোস্তফা সরয়ার ফারুকীর মাধ্যমে। ফারুকীর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে প্রথম পর্দায় আসেন তিনি।


এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’সহ বিভিন্ন একক নাটকে সোহেল খান অভিনয় করেছেন। ‘ফোরটোয়েন্টি’ ধারাবাহিক দিয়েও দীর্ঘ সময় পর্দায় থাকেন তিনি।


সোহেল খান নাটকের পাশাপাশি দারুচিনি দ্বীপ (২০০৭), প্রজাপতি (২০১১), দেশ: দ্য লিডার (২০১৪), পরবাসিনী (২০১৭), প্রিয় কমলা (২০২১), কেমনে কি! (২০২১), শান (২০২২) এবং জংলি (২০২৫) সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।


তাকে দর্শক বেশিরভাগ সময়ে হাস্যরসাত্মক চরিত্রেই বেশি পেয়েছে। অভিনয় করেছেন খল চরিত্রেও।