বাংলাদেশ সরকারের লোগো

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৪ এএম

সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এর জন্য মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে মঙ্গলবার দুটি চিঠি পাঠানো হয়েছে। এই টাকা থেকে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায়দের সহায়তা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন এমপিরা। সরকারের আর্থিক সংকটের সময়ে এ ধরনের উদ্যোগ ‘প্রশ্নবিদ্ধ’ মনে করছেন বিশেষজ্ঞরা। 


চিঠির একটিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপর চিঠিতে সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা তহবিল থেকে সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে মোট ১৮০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। দুটি মিলিয়ে ৩০০ এমপির জন্য প্রয়োজন হবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা। এমপিদের পছন্দ অনুযায়ী উন্নয়ন প্রকল্পে খরচ করতে গত মাসে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ তহবিল থেকে ৩ হাজার ১৫৯টি ইউনিয়ন পরিষদের জন্য ৫১ কোটি ১৮ লাখ টাকা থোক বরাদ্দ মঞ্জুর করে স্থানীয় সরকার বিভাগ। 


ক্ষমতাসীন দলের সদস্যদের আসনের জন্য এই অর্থ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এই থোক বরাদ্দ নির্বাচনকে প্রভাবিত করতে দেওয়া হয়েছে বলে বিরোধী দল সমালোচনা করেছে। অতীতে এ ধরনের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এমপিদের পছন্দ অনুযায়ী প্রকল্পে বরাদ্দ এবং তাদের স্বেচ্ছাধীন খরচের জন্য বিশেষ বরাদ্দ এর আগে বিভিন্ন সরকারের আমলে দেওয়া হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা এমপিদের অনুকূলে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছিল। 


কেন বিশেষ বরাদ্দ


স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর প্রান্তিক জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ফলে বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ ছোটখাটো অথচ অতি জরুরি চাহিদাগুলো নির্বাচিত সংসদ সদস্যের কাছে প্রতিনিয়ত তুলে ধরছেন। এতে বলা হয়, সংসদ সদস্যরা প্রায়ই নির্বাচনী এলাকা সফর করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন, মানুষের সমস্যা শোনেন এবং সমাধানের অঙ্গীকার করেন। কিন্তু বাস্তবে তাদের বিদ্যমান ঐচ্ছিক তহবিল অত্যন্ত সীমিত। এই যৎসামান্য অর্থ দিয়ে বিশাল ও তাৎক্ষণিক চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বার্ষিক পাঁচ কোটি টাকার বিশেষ বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন। 


অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ‘উন্নয়ন সহায়তা’ খাতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ২৫৫ কোটি টাকা। এ বরাদ্দের মধ্য থেকে সিটি করপোরেশন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল ব্যবহার করে বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।  সাধারণত এ তহবিলের অর্থ দিয়ে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জনসেবামূলক অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়।


কী বলছেন বিশেষজ্ঞরা


সরকারের এ উদ্যোগের বিষয়ে মতামত জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিজ্ঞতা, গবেষণালব্ধ তথ্য-উপাত্তের বিশ্লেষণ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীদের কর্তৃত্বে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে একদিকে রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়, অন্যদিকে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থের অপচয়ের সুযোগ তৈরি হয়।


এসব বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণও রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অতীতের এ চর্চা থেকে বেরিয়ে আসবে। কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হলে তার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হবে। কী প্রক্রিয়ায় প্রকল্প নেওয়া ও বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে। কিন্তু এসব উদ্যোগ ছাড়াই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের সুযোগ তৈরি করা হচ্ছে। এতে দলীয়করণ ও অর্থের অপচয়ের পুরোনো চর্চাই অব্যাহত থাকছে, যা দুঃখজনক।


ড. ইফতেখারুজ্জামান বলেন, জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যদের উন্নয়ন প্রকল্পে সরাসরি সম্পৃক্ততা থেকে বিরত থাকার বিষয়ে আদালতের নির্দেশনা রয়েছে। এ ধরনের বরাদ্দের মাধ্যমে সেই নির্দেশনারও কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রতিনিধির মৌলিক দায়িত্ব ও ভূমিকার ধারণা ক্রমেই হারিয়ে যাচ্ছে। সংসদ সদস্যরা মনে করছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলেই স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার এবং সরকারি অর্থ ব্যবহারের মাধ্যমে নিজেদের ও দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব আইন প্রণয়ন, আইন সংস্কার এবং জনগণের পক্ষ থেকে সরকারের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু তাদের আইন প্রণয়নের ক্ষমতা ক্রমাগত প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতায় রূপ নিচ্ছে। সংসদ সদস্যরা নিজেরাই যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরাসরি যুক্ত হন এবং দলীয় নেতাকর্মী ও আত্মীয়স্বজনকে এর সঙ্গে সম্পৃক্ত করেন, তাহলে সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন কীভাবে— এ প্রশ্ন থেকে যায়।


টিআইবির নির্বাহী পরিচালক বলেন, স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের সুবিধাভোগী কারা হবেন, তা নির্ধারণেও স্থানীয় সংসদ সদস্যদের সম্মতির বিষয়টি জড়িত থাকে। এ ছাড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমেও সংসদ সদস্যদের সম্পৃক্ততা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগও উঠেছে।


এ ব্যাপারে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, আর্থিক সংকটের সময়ে এ ধরনের বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর একটি তাত্ত্বিক যুক্তি রয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার মানুষের ভোটে নির্বাচিত হন। ফলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য তাদের হাতে আর্থিক একটি হাতিয়ার দেওয়ার যুক্তি দেখানো হয়। কিন্তু অতীত অভিজ্ঞতায় এ ধরনের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে, ভালো কাজের উদাহরণ ব্যতিক্রম। তাই এ ধরনের বরাদ্দ অব্যাহত থাকলে অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।


তিনি  বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন। সংবিধান অনুযায়ী তারা আইন প্রণয়ন করবেন, বাজেট অনুমোদন করবেন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করবেন। স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে। সংসদীয় কমিটির মাধ্যমেও সরকারি ব্যয় ও অর্থায়নের সিদ্ধান্ত তদারকির সুযোগ রয়েছে। এতে এ জন্য সংসদ সদস্যদের আলাদা তহবিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকে যায়।




তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৮ এএম

জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে তুরস্কের আনতালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, কপ-৩১ সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও আলোচনা করেন তারা।


বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।


বৈঠকে প্রতিরক্ষা খাতে দুই দেশের সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। এ খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে স্থান পায়। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জলবায়ু সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।


বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। এ সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক সমর্থনের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতি এবং মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দেশটিকে ধন্যবাদ জানান তিনি।


প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন


কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ বৈঠককে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


হাসান শিপলু জানান, আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।


তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে গত রোববার স্থানীয় সময় সকাল ১১টায় কপ-৩১ সম্মেলন শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।


এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


আন্তালিয়ায় দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৩ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আহ্বান জানিয়েছেন।


মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।  


তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।


তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে দুদেশের মধ্যে অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

.

তিনি আরও জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।


বৈঠকে তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন।


এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুদেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।


জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব


বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।


বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০২ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি থেকে অপসারণের প্রায় চার বছর পর পুনর্বহাল হলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন।


মঙ্গলবার দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।


এতে বলা হয়েছে, শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা, সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ আদেশ কার্যকর হবে।


দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।


চাকরি ফিরে পেতে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি কমিশনে আবেদন করেন শরীফ। তবে কমিশন তার আবেদন বিবেচনা করেনি। ১৭ মে চিঠি দিয়ে তাকে সেই সিদ্ধান্ত জানানো হয়। এরপর অপসারণের আদেশ এবং যে বিধি প্রয়োগ করে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন তিনি। একই সঙ্গে পুনর্বহালের আবেদন নিষ্পত্তিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার আবেদন জানান।


২০২৫ সালের ৯ জুলাই হাই কোর্ট শরীফের পক্ষে রায় দেয়। আদালত তার অপসারণের আদেশ বাতিল করে রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও প্রাপ্য সব সুযোগ-সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়।


হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার উদ্যোগ নেয় দুদক। কমিশনের পক্ষ থেকে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়।


তবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় সেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।


পরে ১৫ অক্টোবর আপিল বিভাগে শুনানির সময় দুদকের পক্ষ থেকে আবেদনটি আর পরিচালনা করা হয়নি। ফলে আবেদনটি খারিজ করে আদেশ দেয় আদালত।


এরপর ২৫ অক্টোবর আদালতের রায়ের ভিত্তিতে আবার চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দীন।


গত ৫ নভেম্বর কমিশনের সভায় তার আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করা হয়। ওই সভায় ২০২২ সালের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।


সেই সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল দুদক।


 যেসব অনুসন্ধানে আলোচনায় শরীফ


দুদকের চট্টগ্রাম কার্যালয়ে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন শরীফ উদ্দীন। ওই সময় রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়মের অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় আসেন তিনি।


২০২১ সালের জুনে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুদক। এসব মামলার বাদী ছিলেন শরীফ।


রোহিঙ্গাদের জাতীয়তা সনদ দেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেও আলোচনায় আসেন তিনি।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও অনুসন্ধান শুরু করেছিলেন শরীফ।


চট্টগ্রামে দায়িত্ব পালনের পর তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। সে সময় দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল, একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় চাকরি করায় নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে সেখানে পাঠানো হয়েছে।


পটুয়াখালীতে বদলির আট মাসের মাথায় চাকরি হারান তিনি।


চাকরিচ্যুতির আগে ২০২২ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানায় একটি জিডি করেছিলেন শরীফ। সেখানে তিনি পেট্রোবাংলার এক কর্মকর্তার বিরুদ্ধে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।


এর ১৬ দিনের মাথায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।


তখন শরীফ অভিযোগ করেছিলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাসের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন তিনি। এসব অনুসন্ধানের কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে বলে দাবি করেন শরীফ।


চাকরিচ্যুতি নিয়ে প্রতিবাদ


শরীফকে অপসারণের পর দুদকের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। কমিশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তখন শরীফের চাকরিচ্যুতি নিয়ে প্রশ্ন তোলে।


সংস্থাটি জানতে চেয়েছিল, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালানোর কারণেই তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়েছিল কি না।


শরীফকে অপসারণের কারণ স্পষ্ট করার আহ্বানও জানিয়েছিল টিআইবি।


তবে সে সময় দুদক এসব অভিযোগ অস্বীকার করে।


২০২২ সালের ২১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তৎকালীন দুদক সচিব মো. মাহবুব হোসেন দাবি করেন, কাউকে লক্ষ্য করে নয়, কমিশনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে বিধি অনুযায়ী শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।


এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ৯ জুলাই শরীফের চাকরিচ্যুতির আদেশ বাতিল করে হাই কোর্ট।


বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ওই রায় দেয়।


হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসে দুদক।


  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫৫ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪৪ জন। এর মধ্যে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৫৭ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮৭ জন।


মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে হাম উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জনে পৌঁছেছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪ জনে।


অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


প্রতীকী ছবি

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২১ পিএম

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও।


গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগের ১ জন রয়েছেন। অর্থাৎ, এই সময়ে ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জন রোগী দেশের আটটি বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। বিভাগভিত্তিক হিসাবে রাজশাহীতে ২২৯ জন, খুলনায় ২২০ জন, বরিশালে ২১১ জন, চট্টগ্রামে ২০৬ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ১৯৬ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


অন্যদিকে, রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মহানগরের ৩৬৭ জন ডেঙ্গুরোগী।


স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।


এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৪৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন রোগী। আক্রান্ত, সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং মৃত্যুর পরিসংখ্যান মিলিয়ে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির ব্যাপকতা স্পষ্ট হয়ে উঠেছে।


২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।


২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।


২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


ডেঙ্গু কী

ডেঙ্গু হলো ‘ফ্লু’ এর মতো একটি রোগ, যেটা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গুতে আক্রান্ত বেশির ভাগ মানুষের কোনো আলাদা কোন উপসর্গ থাকে না। তবে এটি জ্বরজনিত অসুস্থতা সৃষ্টি করতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে, হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও হতে পারে। এমনকি ডেঙ্গুতে মৃত্যুও ঘটতে পারে।


আপনি কীভাবে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন

ডেঙ্গু ভাইরাস সংক্রমিত কোনো এডিস মশা কামড় দিলে আপনার ডেঙ্গু হতে পারে।


এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, বিশেষ করে সূর্যোদয় ও সূর্যাস্তের পরের ২ ঘণ্টায়। তাই এই দুই সময়ে এডিস মশার কামড় খেলে ডেঙ্গুতে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যায়।


আপনার বাড়ি, আশপাশের এলাকা, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান অথবা প্রতিদিনের যাতায়াতের পথে কোথাও যদি পানিভর্তি কোনো পাত্র থাকে কিংবা বৃষ্টির পানি জমে থাকে, তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায়।


কারণ এডিস মশা পানিতে বংশবিস্তার করে এবং অল্প পানিতেও ডিম পাড়তে পারে। যেমন বালতি, পুরোনো গাড়ির টায়ার, জমে থাকা পানি এবং এমনকি বোতলের ঢাকনায়ও তারা ডিম পাড়তে পারে।


ডেঙ্গু সরাসরি একজন মানুষ থেকে আরেকজন মানুষে ছড়ায় না। তবে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে সংক্রমণের প্রথম সপ্তাহে তার রক্তে এই ভাইরাস থাকে। এ সময়ে কোনো মশা তাকে কামড়ালে সেই মশা ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত হয়। পরবর্তীতে সেই সংক্রমিত মশা অন্য মানুষকে কামড়ালে তার/তাদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ে।


অন্তঃসত্ত্বা নারীদের ডেঙ্গু হলে গর্ভাবস্থায় বা জন্মের সময় তাদের শিশুর শরীরেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে।


চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৪ পিএম

দণ্ডিত পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাজার বিরুদ্ধে আপিল না করায়, ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি। 


মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে একথা বলেন তিনি। 


চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩ এর আর্টিকেল ৬ অনুযায়ী, কোনো আসামি যদি দণ্ডিত হন এবং যখন তিনি পাসপোর্ট চাচ্ছেন তার থেকে ৫ বছরের মধ্যে দণ্ডপ্রাপ্ত হন আর সেই দণ্ডের পরিমাণ যদি কমপক্ষে ২ বছর হয়; তাহলে তার পাসপোর্ট ইস্যু হবে না।’


আমিনুল ইসলাম ব্যাখ্যা করেন, ‘আর্টিকেল ৭ অনুযায়ী, কোনো দণ্ডিত ব্যক্তি যদি কোনো মোরাল কার্টিটিউডের কারণে কোনো দণ্ডিত ব্যক্তি তার পাসপোর্ট জব্দ করা যেতে পারে বা রিভোক করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত। এই মানবতাবিরোধী অপরাধকে মোরাল কার্টিটিউড বলা হয়। এইযে নৈতিক স্খলনজনিত অপরাধ, তাই সঙ্গত কারণেই তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার।’


চিফ প্রসিকিউটর বলেন, ‘পাসপোর্ট আইনের ৬ এর এ, বি, সি ও ই ধারাগুলো অনুযায়ী, যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত তাই পাসপোর্ট কর্তৃপক্ষের আর কোনো এখতিয়ার নেই, দণ্ডিত ব্যক্তিতে পাসপোর্ট ইস্যু করার।’