ব্যালন ডি’অর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪১ এএম

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। তবে ফ্রান্সের কোচ জিনেদিন জিদানের মতে, এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এবার ব্যালন ডি’অরের ভোটে দ্বিতীয় হয়েছেন।

ফরাসি টেলিভিশন অনুষ্ঠান ‘টেলিফুট’-এ কথা বলতে গিয়ে এমবাপ্পের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন জিদান। তার মতে, ব্যক্তিগত পছন্দের বিষয় থাকলেও পুরস্কারের ফল মেনে নিতে হবে।

জিদান বলেন, ‘ব্যালন ডি’অরের ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব পছন্দ থাকে। এমবাপ্পে দ্বিতীয় হয়েছে, ফলাফল মেনে নিতে হবে। সে হতাশ হয়েছিল, কারণ নিশ্চিতভাবেই তার ব্যালন ডি’অর জেতার যোগ্যতা ছিল।’

ফ্রান্সের কোচ হিসেবে এমবাপ্পেকে আবার জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় আছেন জিদান। তার প্রথম ম্যাচে গোল করলেও চোটের কারণে পরে দল ছাড়তে হয়েছিল এমবাপ্পেকে। জিদান বলেন, ‘আমি নিশ্চিত, কিলিয়ান আবার ফ্রান্সের জার্সি পরতে পেরে খুশি হবে। প্রথম ম্যাচে সে গোল করেছিল, কিন্তু চোটের কারণে ফিরে যেতে হয়। সে দলের সঙ্গে থাকতে চেয়েছিল, তবে সেটা সম্ভব হয়নি। আমি তাকে নিয়মিত অনুসরণ করি। তার দিকে অনেক মনোযোগ দিতে হবে।’

এ সময় ফ্রান্সের তরুণ প্রতিভা দেজিরে দুয়েকেও প্রশংসায় ভাসিয়েছেন জিদান। দুয়ের খেলার ধরন তার পছন্দ বলে জানান। জিদানের ভাষায়, ‘দুয়ের মধ্যে যে সাহসী মনোভাব আছে, সেটা আমার দারুণ লাগে। সে এমনভাবে খেলে, যেন নিজের পাড়ায় খেলছে। মাঠে খেলোয়াড়দের কাছ থেকে এমন মানসিকতাই প্রত্যাশা করা উচিত।’




তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

সিলেটে ২৪২ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে আসার কথা ছিল তাওহিদ হৃদয়ের। কিন্তু এত বড় ইনিংস খেলার ধকল সামলাতে না পেরে গতকাল আর আসেননি। আজ এলেন। তাঁকে নিয়ে কৌতূহলও ছিল অনেক। তবে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটা গেল অন্যদিকে। মিরপুর টেস্টের পর তাঁকে নিয়ে হওয়া সমালোচনা প্রসঙ্গে।


সেই টেস্টের দুই ইনিংসেই অসময়ে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন হৃদয়। তাঁর টেস্ট খেলার ধৈর্য আছে কি না, এমন প্রশ্নও উঠেছিল। সেখান থেকে পরের ম্যাচেই যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেটি অবিশ্বাস্য। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও তিনি।  তবে ২৪২ রানের সেই ইনিংসের কৃতিত্ব নিয়ে কথা বলার চেয়ে হৃদয় আজ যেন বেশি গুরুত্ব দিলেন সমালোচনা নিয়ে নিজের একটা অনুরোধে, ‘আমি আগেও বলেছি, সব সময় বলব আপনি নিয়মিত পারফর্ম করতে পারবেন না, সেটা যেকোনো পেশাতেই হোক।


বিশ্বের সব দলের ক্ষেত্রেই এটা হয়। তাই এক-দুই দিনের পারফরম্যান্স দেখে কাউকে বিচার করাটা ঠিক নয়।’ সমালোচনা নিয়ে আপত্তি নেই হৃদয়ের। বরং ভুল হলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক মনে করেন তিনি। তবে সেটিরও একটা সীমা থাকা উচিত বলে মনে করেন এই ব্যাটসম্যান। পরে বলেছেন, ‘আপনারা অবশ্যই সমালোচনা করবেন। আমরা ভুল করলে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। তবে সেটা এক-দুটি ইনিংসের ভিত্তিতে নয়। একই ভুল যদি ধারাবাহিকভাবে হতে থাকে, তখন সমালোচনা করা যৌক্তিক। তারপরও বুঝতে হবে, খেলার পরিস্থিতি কী দাবি করছে।’    


মিরপুরের ব্যর্থতার পর সিলেটে হৃদয়ের এই প্রত্যাবর্তন তাই শুধু ব্যাট হাতে জবাব দেওয়ার গল্প নয়। সমালোচনার ধরন নিয়েও তাঁর একটা বার্তা আছে। ২৪২ রানের ইনিংসে আরও একটি বিশেষ মুহূর্ত ছিল। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের নামের পাশে এত দিন যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল, সেটি এখন হৃদয়ের। আর রেকর্ডটি ভাঙার পর ড্রেসিংরুমে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন মুশফিক নিজেই।


তবে ব্যাটিংয়ের সময় এসব কিছু মাথায় ছিল না হৃদয়ের। নিজের দিনে দলের জন্য যতটা সম্ভব অবদান রাখাই ছিল তাঁর লক্ষ্য। বলেছেন, ‘এটা আমার রিজিকে ছিল। আমি আসলে চিন্তা করিনি যে আমি কাকে ছাড়িয়ে যাচ্ছি বা কী হবে; আমার ওই পরিস্থিতিতে যেটা মনে হয়েছে, দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে যতটুকু লড়াই করা যায়, চেষ্টা করেছি। আমি সেট ছিলাম, আমার দিনটা ভালো যাচ্ছিল, ব্যাটে বল লাগছিল। চেষ্টা করেছি যে দলের জন্য যতটুকু অবদান রাখা যায়।’


সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে হৃদয়ের সেঞ্চুরি মাত্র একটি। টেস্টে নিজের তৃতীয় ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। সেটি আবার ডাবল সেঞ্চুরি। এমন ইনিংসকে অনেকেই তাঁর ক্যারিয়ারের সেরা বলে বিবেচনা করবেন। কিন্তু হৃদয়ের ভাবনাটা একটু আলাদা। ক্যারিয়ারের বিশেষ ইনিংসের কথা বলতে গিয়ে ফিরে গেলেন অনূর্ধ্ব-১৯ দলে। সেখানে টানা তিনটি সেঞ্চুরি করেছিলেন তিনি।


হৃদয়ের কাছে এখনো সেটিই বিশেষ। বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, অনূর্ধ্ব-১৯ দলে আমি টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম। আমার কাছে এখনো মনে হয়, ওটাই বিশেষ কিছু। যদিও সেটা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে, তবে টানা তিনটি সেঞ্চুরি করা আমার কাছে এখনো অনেক বিশেষ কিছু মনে হয়।’


তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৩ পিএম

আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে নেমে তৃতীয় দিনের প্রথম সেশনেই জেঁকে বসে হতাশা। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের তোপে ১৮৪ রানে নেই ৭ উইকেট। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলাম আর নামতে না পারায় আসলে ৮ উইকেট ছিল না বাংলাদেশের। সেই বিপর্যয়ের মাঝে ব্যাট হাতে জেগে ওঠেন একজন— স্বাচ্ছন্দ্যে খেলে বুক চিতিয়ে একাই লড়াই করেন তাওহিদ হৃদয়। মিরপুরে অনুষ্ঠিত আগের টেস্টের দুই ইনিংসেই উইকেট ছুড়ে দেওয়ার বিভীষিকা পেছনে ফেলে এই তরুণ ব্যাটার খেলেন মহাকাব্যিক এক ইনিংস।


তার অনবদ্য ডাবল সেঞ্চুরির সুবাদে উল্টো লিড নিয়ে সিলেট টেস্টে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ দল। শনিবারের খেলা শেষে ২৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে ভর প্রথম ইনিংসে ১১১.৫ ওভারে ৩৮৬ রান তোলে তারা। এরপর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে বিনা উইকেটে করেছে ৭ রান। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৫৬ রানে। চাপের মধ্যে থাকা হৃদয় সমালোচনার উপযুক্ত জবাব দিয়ে অপরাজিত থাকেন ২৪২ রানে। তার ৩৫৯ বলের অবিস্মরণীয় ইনিংসে চার ২২টি ও ছক্কা ১১টি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করা এই ডানহাতি এখন এই সংস্করণে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক।


দলের বাকি স্বীকৃত ব্যাটাররা ভুগলেও হৃদয় দেখান তাড়না ও নিবেদন। ব্যাটিংয়ের সহায়ক পরিবেশ পেয়ে রান আনতে থাকেন অনায়াসে। সঙ্গে বিনোদনদায়ী শটের ফুলঝুরি তো ছিলই। অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ১৬৭ বলে ১১৭ এবং নবম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে ১২১ বলে ৮৫ রানের ভীষণ গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন তিনি।


অথচ একসময় মনে হচ্ছিল, বড় লিড পেতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হৃদয় সেই চিন্তাকে নস্যাৎ করে নিজের সেরাটা মেলে ধরায় বদলে যায় পরিস্থিতি। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে তিনি জ্বলে ওঠায় ক্যারিবিয়ান বোলারদের পরিকল্পনা হয়ে পড়ে এলোমেলো। এদিন বাংলাদেশ যোগ করে আরও ২৯৮ রান, যার ২১৩ রানই আসে তার ব্যাট থেকে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম ইনিংসের মোট রানের ৬২.৬৯ শতাংশই হৃদয়ের অবদান। ৭৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে। বিশের ঘরে যেতে পারেন আর কেবল তাইজুল (৫৬ বলে ২২ রান)। বাকি সাতজনই আটকে যান ১৮ রানের নিচে।


ওয়েস্ট ইন্ডিজ ফের ব্যাটিংয়ে নামার পর পেসার তাসকিনের করা প্রথম ওভারেই দুটি রিভিউ হারায় বাংলাদেশ। আর মাত্র একটি রিভিউ বাকি আছে তাদের। ১৩ বলে একটি চারে ৫ রানে অপরাজিত আছেন ব্র‍্যান্ডন কিং। ১১ বলে ২ রানে খেলছেন জশুয়া ডা সিলভা।


কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:২১ এএম

লালমনিরহাটে "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা", "স্বপ্নের পথে বিজয়ের সাথে" স্লোগান নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-২০২৭  এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ড মোঃ নওশাদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আব্দুল হাকিমসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর লামনিরহাট সদর উপজেলার কয়েকশ খেলোয়াড়।

পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে লালমনিরহাট সদর উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়।


ক্রিশ্চিয়ানো রোনালদো

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১৬ পিএম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। 


তবে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘অবজার্ভার’-এর দাবি, এমন ম্যাচে মাঠে নামতে আগ্রহী নন ৪১ বছর বয়সী এই তারকা। ফলে ফেডারেশনের সংবর্ধনা পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার কয়েক ঘণ্টা পরই প্রকাশিত হয় এই প্রতিবেদন। ফেডারেশন এর আগে রোনালদোর অবদানের স্বীকৃতি দিতে বিশেষ আয়োজনের কথা জানিয়েছিল। তবে বিদায়ী ম্যাচ খেলতে অনীহা থাকায় সেই পরিকল্পনা জটিল হয়ে পড়েছে।


প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের কোচ জর্জে জেসুসের সঙ্গে রোনালদোর একটি ফোনালাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কার মধ্যস্থতায় আলোচনাটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত সেপ্টেম্বর থেকে খেলার সময় নিয়ে মতবিরোধের জেরে রোনালদো ও কোচের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।


এদিকে বিদায়ী ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপনের পরিকল্পনা থেকে সরে আসেনি পর্তুগিজ ফেডারেশন। তবে তিনি মাঠে ফিরবেন, নাকি শুধু সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন, তা এখনো পরিষ্কার নয়।


পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল।


সংগৃহীত ছবি

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৩ এএম

ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করল বাংলাদেশ।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা এবং ভুটানের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি দল।


শুরুর দিকে দুই উইং ব্যবহার করে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি এবং দূরপাল্লার শটেও গোলের চেষ্টা করতে দেখা যায় স্বাগতিকদের।


প্রথমার্ধে বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল বাংলাদেশ। ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা, যেখানে ভুটানের দখলে ছিল ৩৬ শতাংশ। এই সময়ে বাংলাদেশের নেওয়া ১২টি শটের বিপরীতে ভুটান শট নেয় ৪টি। তবে লক্ষ্যে শটের সংখ্যা দুই দলেরই ছিল সমান—দুটি করে।


বিরতির পরও আক্রমণের গতি ধরে রাখে বাংলাদেশ। অবশেষে ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের গোলে কাঙ্ক্ষিত সাফল্য পায় দল।


গোলের শুরুটা হয় বক্সে করা একটি ক্রস থেকে। সেই বলে হেড নেন শমিত সোম। তার হেডে বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে সুযোগ পেয়ে যান ইব্রাহিম। দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন এই বদলি ফরোয়ার্ড।


এরপর দুই দলই একাধিক আক্রমণের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।


গ্রুপ পর্বে বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে ১১ নভেম্বর, প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীলংকা। এছাড়া আজকের দিনের আরেক ম্যাচে ‘বি’ গ্রুপের খেলায় পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে ভারত।


বাংলাদেশ-ভুটান ফুটবল ম্যাচ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৫ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৬ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। একাধিক আক্রমণ করেও গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন বাংলাদেশ। বদলি নামা ইব্রাহীমের গোলে এগিয়ে গেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ।

ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে রাকিব ক্রস বাড়ান বক্সে থাকা বিশ্বনাথের দিকে। তবে বিশ্বনাথের কাছে যাওয়ার আগেই বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। যদিও বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন জামাল ভুঁইয়া। তবে সেই চেষ্টাও রুখে যায় ভুটান রক্ষণে।

এরপর ম্যাচের ১৮ মিনিটে আবারও ভালো সুযোগ পায় বাংলাদেশ। রাকিবের ক্রস বিশ্বনাথের নেওয়া হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৫ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন বিশ্বনাথ। ফাঁকায় থাকা জটলার ভেতর বল পেয়ে তা পোস্টের বাইরে মারেন। 

ম্যাচের ৩৯ মিনিটে আরও একবার বাংলাদেশকে হতাশ করেন বিশ্বনাথ। সামনে ছিলেন শুধু ভুটান গোলকিপার। একটু কোনাকুনি শট, সেটিই লক্ষ্য রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৬৮ মিনিটে অবশেষে গোলের দেখা পায় স্বাগতিকরা। ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান ইব্রাহিম। এতেই লিড পেয়েছে বাংলাদেশ।