• প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২২ পিএম

রংপুর নগরীর প্রেসক্লাব বিপনি বিতান মার্কেটের সামনে পড়ে থাকা রসি দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল। রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরীর ধর্মসভা মন্দিরের বিপরীতে প্রেসক্লাব মার্কেটের সম্মুখ থেকে এটি উদ্ধার করা হয়। 


এর আগে, সকাল সাতটার দিকে চলন্ত  মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে ককটেল সদৃশ বস্তুটি দুবৃত্তরা ছুড়ে মারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী হকাররা। এরপর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। 


দুর্ঘটনা এড়াতে ককটেল সদৃশ্য বস্তুটি বালতিতে রাখা হয়। এটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষ বলছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এটি প্রেসক্লাব এলাকায় ছুড়েছে দুবৃত্তরা।


প্রত্যক্ষদর্শী পত্রিকা বিক্রেতা জাকির হোসেন বলেন, আমার সামনে দিয়ে মোটরসাইকেল যাচ্ছিলেন। তখন গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটা শব্দ হয়। শব্দ হওয়ার পর দেখি, একজন আমার হাতে কিছু একটা দিয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করি, ‘এটা কী?’ তখন সে বলে, ‘বোমা।’ এরপর সে আমার দিকে ছুড়ে দেয়। আমি তাকে বলি, ‘তুই এটা কী করলি? বোমা হলে সামনে ফেলে দে।’ তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি।


এরপর আবার সে আসে এবং ধরার চেষ্টা করে। পরে কী হয়েছে, তা আর ঠিক মনে নেই। ঘটনাটি আনুমানিক সাড়ে ৭টার দিকে ঘটে।


ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, আজকের ঘটনাটি হলো, একটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি এখানে একটি বস্তু রেখে চলে যায়। এরপর আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি।র‍্যাবের একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে এসেছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বলতে পারবে, বস্তুটির ভেতরে আসলে কী রয়েছে। যদি এটি ককটেল বা বোমা হয়ে থাকে, তাহলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন পর্যন্ত আমাদের কাছে এটাই তথ্য।


তিনি আরও বলেন, এখনো মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের তদন্ত শুরু হয়েছে।


এ ধরনের ঘটনা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সনাতন চক্রবর্তী বলেন, আমার কাছে মনে হচ্ছে, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে। এখানে একটি মন্দিরও রয়েছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী এই মন্দিরে এসেছিলেন। এ ছাড়া এলাকাটি রংপুর মহানগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সুতরাং এখানে এ ধরনের ঘটনা ঘটানো অবশ্যই আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে হচ্ছে। এর পেছনে যারা রয়েছে, তারা যেই হোক না কেন, আমরা অবশ্যই তাদের খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব।


এদিকে, সকাল এগারোটার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বালতিতে রাখা বস্তুটি নিষ্ক্রিয় করতে উদ্ধার করে নিয়ে যায়।   


এ বিষয়ে এসআরবি-১৩-এর এএসপি মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করব। 


এটি কী ধরনের বস্তু এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করিনি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং প্রতিবেদন দেওয়া হবে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৭ পিএম

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন ৪৬৭ জন নবীন নাবিক। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পদক ও পুরস্কার বিতরণ করেন।


নবীন নাবিকদের মধ্যে পেশাগত দক্ষতাসহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মোঃ সেজান মাহমুদ। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ অর্জন করেন মোঃ মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন মোঃ শাকিল হাসান।


অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।


কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।


তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এ ঘাঁটি দক্ষ ও যোগ্য নাবিক তৈরির অন্যতম সূতিকাগার হিসেবে কাজ করছে।


প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনে পেশাগত জীবনে পদার্পণ করায় নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নৌবাহিনী প্রধান। তিনি নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে যোগ্য, দক্ষ ও গর্বিত নৌসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।


এছাড়াও নৌবাহিনীর চলমান উন্নয়ন কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা  কর্মতৎপরতা ও দেশের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।


অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন লাখ টাকার জাল নোট, টাকা ছাপানোর মেশিন ও ল্যাপটপসহ ফরহাদুল ইসলাম ফজলু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।


শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকায় খাজা হোটেলসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির মেশিন, একটি ল্যাপটপ এবং টাকা ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা জাল নোট ও সরঞ্জামের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তি জাল টাকা তৈরি ও বাজারজাতের সঙ্গে আর কতটা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:০১ পিএম

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারমধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৩০ জন, কক্সবাজারে ৯, কুমিল্লায় ২৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১১, নোয়াখালীতে ১৭, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৪, রাঙামাটিতে ৫ এবং খাগড়াছড়িতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 


একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) অভিযানের তথ্য রোববার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন।


এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জন মাদকসেবীকে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯২ জন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৫টি মামলা হয়েছে। অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা বড়ি, ৩৩ কেজি গাঁজা, ১০ বোতল হুইস্কি, ২৭৬টি ট্যাপেন্টাডল বড়ি এবং ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। 


অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সবচেয়ে বেশি ১৯৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ২৬, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ২২ এবং বান্দরবানে ৬ জনকে আটক করা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৮ পিএম

চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।


মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন তরুণ ও যুবককে সারিবদ্ধভাবে স্লোগান দিতে দিতে সড়ক দিয়ে এগিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন ছিল না।


স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার সময় সড়কে মিছিলটি বের করা হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।


মিছিলটি কোন পথে গেছে কিংবা এতে অংশ নেওয়া ব্যক্তিরা পরে কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মিছিলের ঘটনা সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সব খবর

ছারছীনা দরবার শরীফে ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল

পীর-মাশায়েখদের ভূমিকার প্রশংসা প্রতিমন্ত্রীর


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৫ পিএম

পিরোজপুরের নেছারাবাদে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।


মাহফিলের প্রথম দিনে রবিবার (২৯ নভেম্বর) উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। এ সময় তিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং পীর সাহেব কেবলা ও উপস্থিত মুসল্লিদের সঙ্গে পবিত্র জোহরের নামাজ আদায় করেন।


পরে প্রতিমন্ত্রী ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর, আমীরে হিযবুল্লাহ ও আমীরে শরীয়ত আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি মাহফিলের সার্বিক আয়োজন ও পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।


সাক্ষাৎকালে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি এবং দেশ ও জাতির কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


এ সময় প্রতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য। আগামী দিনে মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।


তিনি আরও বলেন, আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদেরই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম ও ঐক্যের বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ ও সম্মান নিয়ে বসবাস করতে পারবেন।


অন্যদিকে, মাহফিলের প্রথম দিনে বক্তব্য প্রদানকালে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য। যুগে যুগে হক্কানী পীর-মাশায়েখ ও আল্লাহওয়ালাগণ তাঁদের ত্যাগ, সাধনা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিয়েছেন। কোরআন-সুন্নাহর আদর্শে জীবন গঠন, আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে সমাজকে সঠিক পথের দিশা দেখিয়েছেন।


তিনি বলেন, পীর-মাশায়েখদের দায়িত্ব মানুষের ঈমান-আকিদা সুদৃঢ় করা, আমল-আখলাক সংশোধন এবং ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। পূর্বসূরি বুযুর্গানে দ্বীনের রেখে যাওয়া আদর্শ ধারণ ও অনুসরণের পাশাপাশি নিজেদের জীবন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। সমাজে দ্বীনের শিক্ষা, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে হবে। দ্বীনের খেদমতে ব্যক্তিগত স্বার্থ নয়, আল্লাহর সন্তুষ্টিই হতে হবে মূল লক্ষ্য।


প্রথম দিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।


মাহফিলের প্রথম দিনে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা আবদুল গফফার কাসেমী, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ ও মাওলানা আ. জ. ম. অহিদুল আলমসহ বিশিষ্ট আলেম-ওলামা।


উল্লেখ্য, গত ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ১৩৬তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হবে।


আচ্ছা লামু আলাইকুম মহোদয়  নেছারাবাদ(পিরোজপুর)  প্রতিনিধি  না পাঠালে  বা প্রতিনিধি না থাকলে নিউজটি  বিবেচনা করতে পারেন


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫০ পিএম

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।


গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) এ ঘটনায় জড়িত।


ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশে দেওয়া হয়।


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।


বড় বোনের ধর্ষক এখনো গ্রেপ্তার হয়নি

নির্যাতিত কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্‌প্রতিবন্ধী। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন বলে পরিবারের ধারণা। ওই ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির একটি সন্তান রয়েছে, যার বয়স প্রায় ১৩ বছর।


কিশোরীর বাবা বলেন, ধর্ষণের শিকার তার মেয়ে পরে এক ছেলের জন্ম দিয়েছেন। ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। তবে মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন সাজা হয়। তবে তিনি শুনেছেন, আসামি বর্তমানে বিদেশে রয়েছেন। বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর