• প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২৫ পিএম

পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সন্ত্রাস, নাশকতার পরিকল্পনা, অগ্নিসংযোগ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।রোববার (২৯ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


এ উপলক্ষে বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. সানোয়ার আলম।


মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।


সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন করে কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন।


এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে তাঁরা রাজপথে রয়েছেন। প্রয়োজনে জীবন দিয়ে হলেও এসব অপশক্তির নাশকতা ও অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম,জ সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিমসহ  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের জন্য আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে দিনাজপুরে চালু করা হয়েছে ‘সীমান্ত কেয়ার’।


দিনাজপুর সেক্টর মেইন গেটসংলগ্ন এ সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে সীমান্ত ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা।


রোববার (২৯ নভেম্বর ২০২৬) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সীমান্ত কেয়ার’-এর উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।


উদ্বোধনী অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, পদাতিক, অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


নতুন এ সেবা কেন্দ্রের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, অর্থ জমা ও উত্তোলনসহ সীমান্ত ব্যাংকের প্রচলিত বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। ফলে ব্যাংকিং কার্যক্রমের জন্য দূরে যাতায়াতের প্রয়োজনীয়তা কমার পাশাপাশি সময় ও শ্রম সাশ্রয় হবে গ্রাহকদের।


বিশেষ করে বিজিবি সদস্যদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সহজ করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের আর্থিক সেবা গ্রহণের সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সীমান্ত ব্যাংকের সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার পাশাপাশি বিজিবি সদস্যদের কল্যাণ এবং স্থানীয় জনগণের ব্যাংকিং সুবিধা বৃদ্ধিতে দিনাজপুরের ‘সীমান্ত কেয়ার’ নতুন একটি সেবাকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৯ নভেম্বর পঞ্চগড়বাসীর গৌরব, বীরত্ব ও আত্মত্যাগের স্মরণীয় দিন

নানা আয়োজনে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩০ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর দীর্ঘ লড়াই, রক্তক্ষয়ী যুদ্ধ ও অসীম সাহসিকতার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে পঞ্চগড়কে মুক্ত করেছিলেন। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি পঞ্চগড়বাসীর জন্য অত্যন্ত গৌরব, আনন্দ ও আত্মত্যাগের স্মারক। প্রতিবছরের মতো এবারও জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।


এ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।


পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাশে অবস্থিত শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।


পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অন্যরা।


বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অসামান্য অবদান রয়েছে। তাঁদের সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


মুক্তিযুদ্ধের ইতিহাসে পঞ্চগড়ের মুক্তির প্রেক্ষাপট


১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ শুরু করে। এরপর দেশের বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর আক্রমণ ছড়িয়ে পড়ে। তবে পঞ্চগড় ১৬ এপ্রিল পর্যন্ত শত্রুমুক্ত ছিল। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি বাহিনী সড়কপথে এসে পঞ্চগড় শহর দখল করে নেয়।


পরবর্তীতে পাকিস্তানি বাহিনী জেলার চারটি উপজেলা দখলে নিলেও তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। অমরখানা এলাকায় চাওয়াই নদীর ওপর অবস্থিত সেতুটি মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ায় পাকিস্তানি সেনাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়েই তেঁতুলিয়া শত্রুমুক্ত ছিল। মুক্তাঞ্চল হিসেবে তেঁতুলিয়া সে সময় মুক্তিযুদ্ধের বিভিন্ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। অস্থায়ী বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সভা ও নানা কার্যক্রমও সেখানে অনুষ্ঠিত হয়েছিল।

নভেম্বর মাসে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে পঞ্চগড় মুক্ত করার অভিযান আরও জোরদার হয়। ১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষা অবস্থানের ওপর আক্রমণ শুরু করে। একের পর এক এলাকা শত্রুমুক্ত হতে থাকে।


যুদ্ধের ধারাবাহিকতায় ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট এবং ২৬ নভেম্বর শিংপাড়া মুক্ত হয়। ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর ও ধামোর এলাকা শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। এরপর রাতেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী পঞ্চগড় সিও অফিস এবং ঘাটিয়ারপাড়া এলাকায় নিজেদের সম্মুখ অবস্থান তৈরি করে।


২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা পঞ্চগড় শহরের চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ওপর প্রচণ্ড আক্রমণ চালান। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ ও যৌথবাহিনীর আক্রমণে শহরের পূর্বদিকে প্রতিরক্ষা অবস্থানে থাকা পাকিস্তানি সেনারা টিকতে না পেরে পিছু হটতে শুরু করে। তারা টুনিরহাট, দেবীগঞ্জ হয়ে ডোমারের দিকে কাঁচা সড়ক ধরে সৈয়দপুরের অভিমুখে পালিয়ে যায়।


২৮ নভেম্বর রাতে মুক্তিবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী, ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত সাঁড়াশি আক্রমণে পাকিস্তানি বাহিনী চূড়ান্তভাবে পরাজিত হয়। অবশেষে হানাদার বাহিনী পঞ্চগড়ের মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ২৯ নভেম্বর ভোরে শত্রুমুক্ত হয় পঞ্চগড়। উড়তে থাকে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।


রক্তের বিনিময়ে অর্জিত পঞ্চগড়ের মুক্তি

পঞ্চগড়কে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও অসীম সাহসিকতার পরিচয় দেন। এ সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মিত্রবাহিনীর সদস্য শহীদ হন। আহত হন আরও অনেকে।


দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার মধ্য দিয়ে অর্জিত হয় পঞ্চগড়ের স্বাধীনতা। তাই ২৯ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি পঞ্চগড়বাসীর গর্ব, বীরত্ব, শোক ও বিজয়ের এক অবিস্মরণীয় অধ্যায়। প্রতিবছর এ দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়।


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:২৪ পিএম

পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর ওই রুটে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।  পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধে ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।পরিবহনমালিক–শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোনো দিন বাস চলে, কোনো দিন বন্ধ থাকে। ওই পথে বাস পরিচালনা করে—এমন একটি কোম্পানির কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন,  শনিবার (২৮ নভেম্বর) বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ কিছু জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। আর রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে পুরো দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চলছে না।


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৯ নভেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে শিক্ষার্থীরা নামাজ আদায়ের নিয়ম, ইসলামী সংগীতসহ বিভিন্ন বিষয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। তাদের পরিবেশনা দেখে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ হন এবং শিক্ষার্থীদের প্রশংসা করেন।


মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার লালমাইয়ের জায়িতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি ইয়াসিন শরীফ। তিনি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন এবং অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সালাহ উদ্দিন সুমন, জামাল উদ্দিন টিপু, মাদরাসার সাবেক শিক্ষা সচিব আবদুল কবিরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।


  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়দের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনটির অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।


পরে পুলিশ চৌমুহনী ডেল্টা গেটসংলগ্ন আনন্দ বাস কাউন্টারে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে। তারা বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি বলে জানান। এ ছাড়া কাউন্টারে থাকা বাসগুলো তল্লাশি করেও আগুনে ক্ষতিগ্রস্ত কোনো বাসের সন্ধান পায়নি পুলিশ।


এ বিষয়ে জানতে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল কবির বলেন, বাসে আগুন দেওয়ার কোন ঘটনা ঘটেনি।  



বেড়া মডেল থানা

  • প্রকাশ : রবিবার ২৯ নভেম্বর, ২০২৬, সময় : ৪:২৬ পিএম

পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার ভোরে বেড়া মডেল থানায় হামলা, ককটেল নিক্ষেপ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র ফালা, বল্লম নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ভোর চারটার দিকে সংঘটিত এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল  ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের আক্রমণ প্রতিহত করে। 


বেড়া থানার ওসি গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে শনিবার রাতে গ্রেপ্তার হওয়া মহিলা লীগের চার কর্মীকে ভোর ছয়টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেওয়া হয়েছিল। 




স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ডাকবাংলা এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে অগ্রসর হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানায় ককটেল নিক্ষেপ করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিযারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। 




এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। থানা এলাকা থেকে পিছু হটার পর হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশের বিভিন্ন এলাকায় মশাল নিয়ে মিছিল ও অগ্নিসংযোগ করে। এ সময় বেড়ার পাবনা-ঢাকা রুটের ‘আলহামরা’ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের জানালা ভাঙচুর করে। আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পর তারা সটকে পড়ে।


বেড়া থানার ওসি তদন্ত রাশিদুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটার পর কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগের কর্মীরা একটি মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। এরপর রাতে পুলিশ অভিযান চালিয়ে চার মহিলা কর্মীকে গ্রেপ্তার করে। রাত ১০টার দিকে থানা সংলগ্ন শুম্ভুপুর মহল্লার একদল মহিলা থানা গেটে বিক্ষোভ করেন। তারা ১৯ নভেম্বর থানা আক্রমণ ও ভাঙচুর মামলার আটক আসামিদের মুক্তির দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সে সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। সেই খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক শহীদ খালেক স্টেডিয়াম ও থানা গেটের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং নাশকতাবিরোধী বিক্ষোভ ও স্লোগান দেন। 




প্রসঙ্গত, ১৯ থেকে ২১ নভেম্বর পালিত লকডাউন কর্মসূচি চলার সময়ও বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সে সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ক্ষয়ক্ষতি ও ভীতিকর পরিস্থিতির রেশ না কাটতেই রোববারের ঘটনায় পৌরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘রোববার ভোরে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ জানমাল রক্ষায় টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরসহ নাশকতায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, রাতে মহিলা আওয়ামী লীগের গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।