বটিয়াঘাটায় অপহৃত উদ্ধার সহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৫ পিএম

খুলনা বটিয়াঘাটায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত দুই সন্ত্রাসীকে গ্রেফতার সহ ভিকটিম মো. ইমন হোসেনকে উদ্ধার করেছে থানা পুলিশ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গত (২৭ নভেম্বর ২০২৬) খ্রি. রাত ১১টা ৫০ মিনিটের দিকে বটিয়াঘাটার স্থানীয় মল্লিকের মোড়ের মো. ইমন হোসেন নামে এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর পেয়ে সময় পুলিশ অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করার পাশাপাশি ভিকটিমকেও তাৎক্ষণিক উদ্ধার করে থানা পুলিশ।


গ্রেফতারকৃত আসামিরা হলেন

কেএমপির লবণচরা থানাধীন সাচিবুনিয়া ওয়াপদা রোডস্থ সুলতানা শেখের ছেলে আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) এবং কালাম গাজীর ছেলে মো. আরিফ গাজী (২০)। আটককালে তাদের থেকে লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।


এ সময় তাদের থেকে ভিকটিমের মোটর বাইক উদ্ধার হয়নি তবে ঐ রাতে পরবর্তীতে স্থানীয় জলমা ফেরিঘাট সংলগ্ন দুর্গামন্দিরের সামনে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় বটিয়াঘাটা থানা পুলিশ।




পঞ্চগড়ে চা চাষিদের মিলনমেলা ও সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০৬ পিএম

উত্তরের জেলা পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা, সম্মেলন ও চায়ের মান উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চা চাষিদের মিলনমেলা ও সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মানিক উদ্দিন মানিক খান, চা চাষি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং ঠাকুরগাঁও চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু।

দিনব্যাপী এ সম্মেলন ও কর্মশালায় পঞ্চগড়ের পাঁচটি উপজেলার চা চাষি, চা বাগান মালিক, চা কারখানার মালিক এবং চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় চায়ের গুণগত মান উন্নয়ন, চা চাষের সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব।


ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের কণ্ঠে রবীন্দ্র-নজরুল আবৃত্তি

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুদের কণ্ঠে রবীন্দ্র-নজরুল’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় তিতাস আবৃত্তি সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে সংগঠনটির ছোটদলের পরিবেশনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি শিশুতোষ কবিতা আবৃত্তি করে ক্ষুদে শিল্পীরা।


তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের অন্যতম সংগঠক আনিসুর রহমান ও ফাহিমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন সহকারী পরিচালক মোঃ সুজন সরকার। অতিথি হিসেবে বক্তব্য দেন উন্নয়ন সংগঠক ও সংস্কৃতিসেবী তাপসী রায়, রক্তদাতা সংগঠন বাঁধনের সভাপতি ইশরাক জাহান, আবৃত্তিশিল্পী তাসফিয়া ইসলাম, অভিভাবক সদস্য প্রিয়ং খন্দকার ও অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী।


অনুষ্ঠানটি সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকানকে উৎসর্গ করা হয়। তার স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কাজী নজরুল ইসলামের ‘প্রভাতী’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে পরিবেশনা শুরু করেন শিশুশিল্পীরা।


অনুষ্ঠানে একক আবৃত্তি করেন নাফিসা আক্তার, ইকরা আক্তার নাবা, নাদিমা আবদীন শিফা, ফারিযা রানা, ফারিয়া আক্তার, আফসানা মারিয়া, ঝুম বিশ্বাস, প্রিয়ন্তী রশিদ প্রথা ও বিনায়ক নীলাদ্রি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম’ কবিতার সমবেত আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক মোঃ সুজন সরকার বলেন, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে আবৃত্তির চর্চা ছড়িয়ে দিতে সংগঠনটি নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা চর্চার মধ্য দিয়ে শিশুরা এগিয়ে যাক, সে প্রচেষ্টায় সংগঠনটি সহায়ক ভূমিকা রাখছে।


অনুষ্ঠানের নির্দেশক ফারদিয়া আশরাফি নাওমী বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে একদল শিশু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তির মাধ্যমে নতুন করে পথচলা শুরু করেছে। দুই কবির সৃষ্টির সঙ্গে শিশুদের পরিচিত করা এবং আবৃত্তিচর্চায় আগ্রহী করে তোলার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।


পঞ্চগড়ে জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদের চার প্রতিষ্ঠান পরিদর্শন

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৩ পিএম

পঞ্চগড়ে চারটি প্রতিষ্ঠান পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ। শনিবার তিনি পঞ্চগড় পুলিশ লাইন্স, পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ এবং আমলাহার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। এ ছাড়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

পরিদর্শনকালে এমএ মজিদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সরেজমিনে ঘুরে দেখেন। এসব সমস্যা সমাধান এবং অবকাঠামোগত উন্নয়নে পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পঞ্চগড় পুলিশ লাইন্স পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। এ সময় তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং সেগুলো সমাধানে জেলা পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে পঞ্চগড় পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক। এ সময় তিনি শ্রেণিকক্ষসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।



এদিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রাণিসম্পদ খাতের সফল খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সবশেষে আমলাহার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন এমএ মজিদ। এ সময় তিনি মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সম্পর্কে খোঁজখবর নেন এবং সেগুলো সমাধানে পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেবসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

পরিদর্শন ও কর্মসূচিতে জেলা পরিষদ প্রশাসক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রমে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২২ পিএম

প্রেমের টানে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে এসেছিলেন ৩৫ বছর বয়সী যুবক জেকুইন। তবে প্রেমিকার পরিবারের অসম্মতির কারণে বিয়ে না করেই ফিরতে হয়েছে তাকে। গতকাল শুক্রবার মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছাড়েন তিনি।গতকাল শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার (১৯) বাড়িতে যান জেকুইন। বিদেশি যুবক প্রেমিকার বাড়িতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে বাড়িতে ভিড় করেন উৎসুক লোকজন। 


জেকুইন জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। সময়ের সঙ্গে তাদের পরিচয় ভালোবাসায় রূপ নেয়।


তিনি আরও জানান, প্রেমিকার সঙ্গে দেখা করতে এবং তাকে বিয়ে করতে ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন। ঢাকার একটি আবাসিক হোটেলে ওঠার পর গতকাল সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে যান।


তামান্না জানান, তিনি ওই চীনা যুবককে বিয়ে করে চীনে যেতে চান। তবে তার মা-বাবা ও স্থানীয় লোকজন এ বিয়েতে রাজি হননি। দীর্ঘ আলোচনা করেও পরিবারকে রাজি করানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় গতকাল মধ্যরাতে জেকুইন বাড়ি ছেড়ে চলে যান।


তামান্নার বাবা আমীর হোসেন বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’


ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন এবং বিয়ের কোনো অনুমতিপত্র তার কাছে নেই। বিভিন্ন সময় বিয়ের পর ব্ল্যাকমেলের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি। তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই যুবক গ্রাম ছেড়ে চলে যান।


দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তার নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে যে মেয়ের বাড়িতে তিনি এসেছিলেন, তার পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান। 


ভেড়া পালন করে স্বাবলম্বী হয়েছেন গৃহবধূ সুমি বেগম

  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩০ পিএম

বন্যা ও নদীভাঙনে ফসলহানি, বসতভিটা হারানো আর জীবিকার অনিশ্চয়তা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের নিত্যদিনের বাস্তবতা। এমন প্রতিকূল পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ খুঁজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চরবাসী। পশু পালন, সবজি চাষ ও জৈবসার তৈরির মতো উদ্যোগে বদলাচ্ছে তাদের জীবনমান। এতে পরিবারে বাড়ছে আয়, তৈরি হচ্ছে সঞ্চয়ের সুযোগ।


নদনদীবেষ্টিত কুড়িগ্রাম জেলায় রয়েছে সাড়ে চার শতাধিক চর। এসব চরের কৃষিনির্ভর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশ।


সংস্থাটির ট্রানজিশনাল ফান্ড প্রকল্পের আওতায় ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের সহায়তায় চলতি বছর কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলার ২৮টি চরের ৮৪০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। 


কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর অববাহিকায় মণ্ডলপাড়া গ্রামে সরেজমিন দেখা যায়, বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীরা এসব উদ্যোগের মাধ্যমে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন।


গ্রামের বাসিন্দা ঝরনা বেগম জানান, প্রকল্প থেকে তিনি একটি ভেড়া পেয়েছিলেন তিনি। সেই ভেড়া থেকে চারটি বাচ্চা হয়েছে। বর্তমানে তাঁর পাঁচটি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা। একই গ্রামের নূরজাহান বেগম বলেন, শাকসবজি উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে বসতবাড়িতে সবজি চাষ করছেন তিনি। এ বছর প্রায় ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি কমেছে স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীলতা।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা চরাঞ্চলের পরিবারগুলোর জন্য ভেড়া ও ছাগলসহ পশু পালন, সবজি চাষ ও জৈবসার উৎপাদনের মতো উদ্যোগ শুধু আয়ের সুযোগই তৈরি করছে না, বরং খাদ্যনিরাপত্তা, সঞ্চয় ও বিকল্প জীবিকার পথও প্রসারিত করছে।


  • প্রকাশ : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ পিএম

মাদারীপুর জেলার কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলেও।


জানা গেছে, রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


এ সময় বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় মাছবাজারসহ আশপাশের এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আতঙ্কে সাধারণ মানুষও নিরাপদ আশ্রয়ে সরে যান। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত ছয়জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'