• প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:১১ পিএম

লালপুরে জামায়াতের উপজেলা আমীর সহ নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ২১ নভেম্বর) গোপালপুর মহিলা ডিগ্রি কলেজ হলরুমে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম লালপুর উপজেলা  আমীর মাওলানা আবুল কালাম আজাদ কে শপথ পাঠ করান। এছাড়া ২০২৭ - ২০২৮ সেশনের জন্য নির্বাচিতরা হলেন উপজেলা সেক্রেটারি এ্যাড: মাসুদ রানা ,সহকারী সেক্রেটারি  হাফেজ আফজাল হোসেন ,সহকারী সেক্রেটারি  মহসিন আলম ।


লালপুরের ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নির্বাচিতরা হলো ১ নং লালপুর ইউনিয়ন আমীর কামারুজ্জামান চঞ্চল , ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আমীর গোলাম রব্বানী সুমন ,৩ নং চংধুপই ইউনিয়ন আমীর হাসমত আলী হাসু ,৪ নং আরবাব ইউনিয়ন আমীর মাওলানা আ: রব , ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন আমীর আনেজউদ্দিন , ৬ নং দুয়ারিয়া ইউনিয়ন আমীর আশরাফুল ইসলাম মান্না , ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন আমীর মাওলানা লোকমান হাকিম , ৮ নং দূড়দুড়িয়া ইউনিয়ন আমীর আ: সামাদ ,৯ নং এবি ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম সোহাগ , ১০ নং কদিমচিলান ইউনিয়ন আমীর আ: রাজ্জাক গোপালপুর পৌরসভা  আমীর হাফেজ আমিরুল ইসলাম নবনির্বাচিত আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন আমীরদের শপথ পাঠ করান।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চারজন নেতা–কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 


গতকাল সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে গতকাল বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালায় একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ধ্যা থেকে জামায়াতের চারজন নেতা–কর্মীর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন একদল মুখোশধারী তাঁদের ওপর গুলি চালায়। ঘটনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


গুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে এসব বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’


বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।


তবে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা দাবি করেছেন, তাঁরা এলাকায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আওয়ামী লীগ–সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। মূলত পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।


জানতে চাইলে বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’


এদিকে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা–অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।‎


তবে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই সব হয়েছে। একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলি ও অগ্নিসংযোগের দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৬ পিএম

নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের সঙ্গে লালপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে 


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা।


লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ নিজ নিজ এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম
  • আপডেট : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২ হাজার ৪৩ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৭ দশমিক ৫৩ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।


বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁরা বিভিন্ন বিষয়ের মোট ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন।


আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই শেষে ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আনা হয়। অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে প্রায় সাড়ে সাতজনের ফলাফলে পরিবর্তন এসেছে।


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। বিভিন্ন বিষয়ের ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে। যাচাই শেষে ২ হাজার ৪৩ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত মাধ্যমে নিজেদের সংশোধিত ফলাফল জানতে পারবেন।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৭ পিএম

আন্তর্জাতিক মানের বন্দর নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) টিম। পরিদর্শনকালে বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়ন এবং গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি দল। বিশেষ করে বন্দরের নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোনের মাধ্যমে নজরদারি, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী মহড়ার প্রশংসা করেন তাঁরা।


সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চলে। পরে রাতে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।


পরিদর্শনকালে মার্কিন প্রতিনিধি দল বন্দরের প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা (অ্যাকসেস কন্ট্রোল), বিভিন্ন জেটি ও টার্মিনাল এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখে। এ সময় বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বন্দরের নিরাপত্তা কাঠামো, আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি এবং গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দলকে অবহিত করা হয়।


বন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের আইপিএস টিম চট্টগ্রাম বন্দরের আইএসপিএস কোড প্রতিপালনে উচ্চমাত্রার মান বজায় রাখা এবং নিরাপত্তা জোরদারে নেওয়া কার্যকর পদক্ষেপের প্রশংসা করে। বন্দরের নিরাপত্তাকর্মীদের পেশাদারিত্ব, ড্রোন সার্ভিল্যান্স বা নজরদারি ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী অনুশীলন নিয়ে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন তাঁরা।


প্রতিনিধি দল জানায়, বিভিন্ন দেশের আন্তর্জাতিক বন্দর পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়নে যে গুরুত্ব, আন্তরিকতা, অগ্রগতি ও ধারাবাহিকতা দেখা গেছে, তা বিশ্বের অনেক বন্দরের জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।


বন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বন্দর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইএসপিএস কোড যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কোডের আওতায় বন্দরে প্রবেশ নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক নজরদারি, নিরাপত্তা তদারকি, ঝুঁকি মূল্যায়ন, সাইবার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।


চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার। দেশের বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ এ বন্দরের ওপর নির্ভরশীল। জাতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় রাখতেও বন্দরের নিরাপদ ও নিরবচ্ছিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন ও আইএসপিএস কোড প্রতিপালনের ফলে পূর্ববর্তী আন্তর্জাতিক নিরাপত্তা পরিদর্শনেও চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছিল। অর্থাৎ পরিদর্শনে উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঘাটতি চিহ্নিত হয়নি।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা, আইএসপিএস কোডের ধারাবাহিক প্রতিপালন এবং বন্দর ব্যবহারকারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৩ পিএম

চট্টগ্রাম নগরীর খুলশীতে নিজ বাসা থেকে ছন্দা শর্মা কান্তা (৩৬) নামে এক কলেজ অধ্যাপিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত ছন্দা শর্মা কান্তা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশের কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তাঁর স্বামীর নাম মলই কান্তি শর্মা।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের অন্য সদস্যরা বাসায় না থাকায় তিনি একাই ছিলেন। রাতে তাঁর স্বামী কাজ থেকে বাসায় ফিরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও দরজা না খোলায় বাড়ির দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৮ পিএম

উচ্চফলন ও প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় সক্ষম বোরো ধানের বীজ ‘পাই-১০০১’ নিয়ে মাঠে আশার আলো দেখছেন কৃষকরা। পুষ্টিবাড়ী এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ (পাই গ্রুপ) বাজারজাতকৃত ‘ট্রুথফুলি লেবেলড সিড’ বা মানসম্মত এই বীজ ইতোমধ্যে ফলন ও গুণগত মানে কৃষকদের নজর কেড়েছে।


​সংশ্লিষ্টদের তথ্যমতে, ‘পাই-১০০১’ জাতের সবচেয়ে বড় আকর্ষণ এর উচ্চ ফলনশীলতা। সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যা পেলে প্রতি একরে গড়ে ১১০ মণের বেশি ধান পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। গড়ে ১৪৯ দিনে পাকা এই জাতটি বদলে যাওয়া জলবায়ু ও বৈরী পরিবেশে টিকে থাকতে বেশ কার্যকর। পাশাপাশি চাষাবাদে খরচ সাশ্রয়ের সুযোগও রয়েছে। একরপ্রতি মাত্র ৭ কেজি বীজ বপনেই কাজ চলে। রোপণের ক্ষেত্রে সাড়ে ৯ ইঞ্চি বাই সাড়ে ৬ ইঞ্চি দূরত্বে এবং প্রতি গোছায় ২ থেকে ৩টি করে চারা লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে।


​কেবল বীজ বাজারজাতকরণেই সীমাবদ্ধ নেই প্রতিষ্ঠানটি; কৃষকদের পাশে দাঁড়াতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ডও দিচ্ছে তারা। চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে ৫ হাজারের अधिक কৃষককে এই কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


​প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কৃষি উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, “সাশ্রয়ী দামে মানসম্মত বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। বৈরী আবহাওয়া সামলে ‘পাই-১০০১’ যে ফলন দিচ্ছে, তা জাতীয় খাদ্য নিরাপত্তায় ইতিবাচক অবদান রাখবে বলে আমরা আশাবাদী।”


​অন্যদিকে, পুষ্টিবাড়ী এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির ফাইন্যান্স ডাইরেক্টর মো. হাসিবুল ইসলাম (হাসিব) বলেন, “চাষের খরচ কমিয়ে কৃষককে লাভবান করাই আমাদের কাজের মূল জায়গা। কম বীজে বেশি ফলনের পাশাপাশি বিনামূল্যে মাটি পরীক্ষার ভিত্তিতে সার সুপারিশ কার্ড কৃষকদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করবে।”


​সব মিলিয়ে কম বীজ ব্যবহার, অনুকূল জীবনকাল, উচ্চ ফলন এবং মাটিভিত্তিক পরামর্শ সেবার সমন্বয়ে ‘পাই-১০০১’ বোরো মৌসুমে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।