পিরোজপুরের নেছারাবাদে ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলের প্রথম দিনে রবিবার (২৯ নভেম্বর) উপস্থিত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। এ সময় তিনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং পীর সাহেব কেবলা ও উপস্থিত মুসল্লিদের সঙ্গে পবিত্র জোহরের নামাজ আদায় করেন।
পরে প্রতিমন্ত্রী ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর, আমীরে হিযবুল্লাহ ও আমীরে শরীয়ত আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি মাহফিলের সার্বিক আয়োজন ও পরিবেশ ঘুরে দেখেন এবং উপস্থিত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি এবং দেশ ও জাতির কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁদের অবদান অনস্বীকার্য। আগামী দিনে মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আলেম-ওলামাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদেরই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম ও ঐক্যের বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ ও সম্মান নিয়ে বসবাস করতে পারবেন।
অন্যদিকে, মাহফিলের প্রথম দিনে বক্তব্য প্রদানকালে ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য। যুগে যুগে হক্কানী পীর-মাশায়েখ ও আল্লাহওয়ালাগণ তাঁদের ত্যাগ, সাধনা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে মানুষের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিয়েছেন। কোরআন-সুন্নাহর আদর্শে জীবন গঠন, আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে সমাজকে সঠিক পথের দিশা দেখিয়েছেন।
তিনি বলেন, পীর-মাশায়েখদের দায়িত্ব মানুষের ঈমান-আকিদা সুদৃঢ় করা, আমল-আখলাক সংশোধন এবং ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। পূর্বসূরি বুযুর্গানে দ্বীনের রেখে যাওয়া আদর্শ ধারণ ও অনুসরণের পাশাপাশি নিজেদের জীবন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। সমাজে দ্বীনের শিক্ষা, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে হবে। দ্বীনের খেদমতে ব্যক্তিগত স্বার্থ নয়, আল্লাহর সন্তুষ্টিই হতে হবে মূল লক্ষ্য।
প্রথম দিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
মাহফিলের প্রথম দিনে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা আবদুল গফফার কাসেমী, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ ও মাওলানা আ. জ. ম. অহিদুল আলমসহ বিশিষ্ট আলেম-ওলামা।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ১৩৬তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলা। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হবে।
আচ্ছা লামু আলাইকুম মহোদয় নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি না পাঠালে বা প্রতিনিধি না থাকলে নিউজটি বিবেচনা করতে পারেন
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারমধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৩০ জন, কক্সবাজারে ৯, কুমিল্লায় ২৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১১, নোয়াখালীতে ১৭, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৪, রাঙামাটিতে ৫ এবং খাগড়াছড়িতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) অভিযানের তথ্য রোববার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৫ জন, আগের মামলায় ১৬৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন।
এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জন মাদকসেবীকে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও ২৫ জন। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৯২ জন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ২৫টি মামলা হয়েছে। অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা বড়ি, ৩৩ কেজি গাঁজা, ১০ বোতল হুইস্কি, ২৭৬টি ট্যাপেন্টাডল বড়ি এবং ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সবচেয়ে বেশি ১৯৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ২৬, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ২২ এবং বান্দরবানে ৬ জনকে আটক করা হয়।
চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন তরুণ ও যুবককে সারিবদ্ধভাবে স্লোগান দিতে দিতে সড়ক দিয়ে এগিয়ে যেতে দেখা যায়। তাদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার সময় সড়কে মিছিলটি বের করা হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।
মিছিলটি কোন পথে গেছে কিংবা এতে অংশ নেওয়া ব্যক্তিরা পরে কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মিছিলের ঘটনা সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
গত ২০ অক্টোবর এ ঘটনা ঘটে। সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ২৩ নভেম্বর কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, মো. শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪) এ ঘটনায় জড়িত।
ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনা জানতে পারেন। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বড় বোনের ধর্ষক এখনো গ্রেপ্তার হয়নি
নির্যাতিত কিশোরীর বড় বোনও ২০১২ সালে ধর্ষণের শিকার হন। তিনি বাক্প্রতিবন্ধী। ওই ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে রাজীব হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি বর্তমানে বিদেশে রয়েছেন বলে পরিবারের ধারণা। ওই ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির একটি সন্তান রয়েছে, যার বয়স প্রায় ১৩ বছর।
কিশোরীর বাবা বলেন, ধর্ষণের শিকার তার মেয়ে পরে এক ছেলের জন্ম দিয়েছেন। ছেলেটির বয়স এখন প্রায় ১৩ বছর। তবে মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন সাজা হয়। তবে তিনি শুনেছেন, আসামি বর্তমানে বিদেশে রয়েছেন। বড় মেয়ের ধর্ষণের বিচার চাইতে গিয়ে দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা চালানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। দ্বিতীয় ঘটনায় মামলা হওয়ার পর জেনেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে ৩-৪ জন নেতাকর্মী এসে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোররাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম
নওগাঁর মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে সাড়ম্বরে এর আয়োজন করা হয়।
সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন। উপজেলা সমবায় কর্মকর্তা পলাশ কুমার প্রামনিক এতে প্রধান অতিথি এবং সমবায় দপ্তরের সহকারি পরিদর্শক জ্যোৎস্না খাতুন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন।
সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বার্ষিক রিপোর্ট পেশ করেন। সমিতির সদস্যরা সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২০০৬ সালে খোর্দ্দকালনা খাল খনন করে খালের উভয় পাশের কর্মজীবী সদস্যদের নিয়ে সমিতিটি গঠন করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪১৩ এবং এর মূলধন ছয় লক্ষ টাকার বেশী। সদস্যরা এ থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন।
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি।
অনুষ্ঠানে নীলফামারী জেলা প্রশাসক মো: হুমায়ূন কবির,পঞ্চগড় জেলা প্রশাসক, নীলফামারী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম সহবিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং ৫৬ বিজিবির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় ব্যাটালিয়নের গৌরবময় পথচলা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে কেক কাটা, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন বিজিবি সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, মনোবল ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় করবে।