নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাদরাসা দারুল আরকামের অভিভাবক সমাবেশ ও বার্ষিক শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৯ নভেম্বর) দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নামাজ আদায়ের নিয়ম, ইসলামী সংগীতসহ বিভিন্ন বিষয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। তাদের পরিবেশনা দেখে অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ হন এবং শিক্ষার্থীদের প্রশংসা করেন।
মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার লালমাইয়ের জায়িতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি ইয়াসিন শরীফ। তিনি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেন এবং অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সালাহ উদ্দিন সুমন, জামাল উদ্দিন টিপু, মাদরাসার সাবেক শিক্ষা সচিব আবদুল কবিরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর ওই রুটে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধে ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় যানবাহন চলাচল করতে পারছে না।পরিবহনমালিক–শ্রমিক সূত্রগুলো বলছে, পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চালানোর জন্য ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোয় নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। জায়গাগুলো হচ্ছে গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়া পাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানায় পরিবহন মালিক সমিতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কোনো দিন বাস চলে, কোনো দিন বন্ধ থাকে। ওই পথে বাস পরিচালনা করে—এমন একটি কোম্পানির কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, শনিবার (২৮ নভেম্বর) বিকেলের পর মোল্লারহাট সেতুতে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকেই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ কিছু জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। আর রোববার ভোর থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে পুরো দক্ষিণ–পশ্চিমাঞ্চলে বাস চলছে না।
নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভা গেটের সামনে যাত্রীবিহীন দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সংগঠনটির অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা ঘটনার ভিডিও ধারণ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় পৌরসভার পাহারাদার, বাসচালকসহ উপস্থিত ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাসটি চৌমুহনী বাজারের দিকে চলে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অগ্নিসংযোগের কোনো আলামতও পাওয়া যায়নি।
পরে পুলিশ চৌমুহনী ডেল্টা গেটসংলগ্ন আনন্দ বাস কাউন্টারে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে। তারা বাসে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি বলে জানান। এ ছাড়া কাউন্টারে থাকা বাসগুলো তল্লাশি করেও আগুনে ক্ষতিগ্রস্ত কোনো বাসের সন্ধান পায়নি পুলিশ।
এ বিষয়ে জানতে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুল কবির বলেন, বাসে আগুন দেওয়ার কোন ঘটনা ঘটেনি।
বেড়া মডেল থানা
পাবনার বেড়া পৌর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার ভোরে বেড়া মডেল থানায় হামলা, ককটেল নিক্ষেপ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র ফালা, বল্লম নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ভোর চারটার দিকে সংঘটিত এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের আক্রমণ প্রতিহত করে।
বেড়া থানার ওসি গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে শনিবার রাতে গ্রেপ্তার হওয়া মহিলা লীগের চার কর্মীকে ভোর ছয়টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর চারটার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ডাকবাংলা এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে অগ্রসর হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানায় ককটেল নিক্ষেপ করে ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিযারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। থানা এলাকা থেকে পিছু হটার পর হামলাকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়ামের আশপাশের বিভিন্ন এলাকায় মশাল নিয়ে মিছিল ও অগ্নিসংযোগ করে। এ সময় বেড়ার পাবনা-ঢাকা রুটের ‘আলহামরা’ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের জানালা ভাঙচুর করে। আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পর তারা সটকে পড়ে।
বেড়া থানার ওসি তদন্ত রাশিদুল ইসলাম জানান, শনিবার বিকেল চারটার পর কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগের কর্মীরা একটি মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। এরপর রাতে পুলিশ অভিযান চালিয়ে চার মহিলা কর্মীকে গ্রেপ্তার করে। রাত ১০টার দিকে থানা সংলগ্ন শুম্ভুপুর মহল্লার একদল মহিলা থানা গেটে বিক্ষোভ করেন। তারা ১৯ নভেম্বর থানা আক্রমণ ও ভাঙচুর মামলার আটক আসামিদের মুক্তির দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দেন। সে সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। সেই খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক শহীদ খালেক স্টেডিয়াম ও থানা গেটের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং নাশকতাবিরোধী বিক্ষোভ ও স্লোগান দেন।
প্রসঙ্গত, ১৯ থেকে ২১ নভেম্বর পালিত লকডাউন কর্মসূচি চলার সময়ও বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সে সময় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই ক্ষয়ক্ষতি ও ভীতিকর পরিস্থিতির রেশ না কাটতেই রোববারের ঘটনায় পৌরবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ‘রোববার ভোরে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ জানমাল রক্ষায় টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরসহ নাশকতায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, রাতে মহিলা আওয়ামী লীগের গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনি প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা (৪০) নামের এক ব্যক্তি মারা যান। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। নিজামউদ্দিন শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘাতে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থল জাজিরা থানার আওতাধীন হওয়ায় এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোর ৪টা থেকে রাজৈরের টেকেরহাট, শিবচরের কাঠালবাড়ী ও সদর উপজেলার মস্তফাপুরসহ বিভিন্ন স্থানে তারা সড়কে অবস্থান নেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ককটেল বিস্ফোরণ ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সড়কে ইট-পাটকেল ছড়িয়ে রাখা হয়। কোথাও কোথাও টিন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরের যাত্রী ও চালকরা। তবে অবরোধকারীরা জরুরি সেবার গাড়ি চলাচলে বাধা দেননি। সকাল হলে রাজৈর থানা পুলিশের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় জরুরি যানবাহন চলাচলের সুযোগ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করতে তাদের অনুরোধ করেন।
অন্যদিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচর অংশের কাঠালবাড়ী থেকে পদ্মা সেতু পর্যন্ত এলাকাতেও ভোর ৪টা থেকে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের পাশাপাশি তারা ককটেল বিস্ফোরণ ঘটান এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল করেন তারা। পরে সকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার রাত ১২টার পর মাদারীপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতা শাজাহান খান ও বাহাউদ্দীন নাছিমের নামে যৌথ ব্যানারে তাদের আন্দোলন করতে দেখা যায়। কালকিনি উপজেলার কয়ারিয়া ও সাহেবরামপুরসহ কয়েকটি স্থানেও বিক্ষোভ হয়। তাদের প্রতিহত করতে বিএনপিসহ কয়েকটি দলের নেতাকর্মীরা মিছিল বের করেন।
প্রসঙ্গত, শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী (৩৪) নামে যুবলীগের আরেকজন কর্মী নিহত হয়েছেন। এ নিয়ে আজ দুজনের প্রাণহানি ঘটলো।
জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ্জাক উদ্দিন নামে ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৮ হাজার টাকা।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সন্দেহজনক স্থানে তল্লাশী চালিয়ে ২৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং এর পেছনের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা অনুসন্ধান চালানো হচ্ছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক না কেন, সীমান্তে তাদের অপতৎপরতা প্রতিহত করতে অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের মতে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক অফিসে ভাঙচুর
গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক অফিসে ভাঙচুর করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকরা অবরোধ শুরু করে। বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালায়।
ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে তারা ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে রেব করে এনে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী জলিরপাড়ের গণমাধ্যমকর্মী শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ জলিরপাড় গ্রামে একটি বাড়ি ভাড়া করে গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।