• প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:১২ পিএম

ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে রোজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে। আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি ভাড়া বাসায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবুল মিয়া ও তাঁর স্ত্রী রোজিনা বেগমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এরই জেরে আজ সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রোজিনা বেগমকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বাবুল মিয়া। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা টের পেয়ে বাবুল মিয়াকে আটকে রাখেন এবং পরে সাভার মডেল থানা পুলিশে সোপর্দ করেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রনি আহমেদ জানান, হত্যাকাণ্ডের শিকার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৮ পিএম

বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ করেছেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান।


শুক্রবার মধ্য রাতে ফেইসবুক লাইভে তার এ অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


ব্যাটারিচালিত রিকশা চার্জের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি পুলিশের ।


মাহদী হাসানের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে। সাড়ে ১২টার দিকে সেখানে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ মাহদীর।


তিনি বলেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি পেট্রল বোমা ছোড়া হয়।


মাহদী বলেন, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হলে সেখানে আগুন ধরে যায়।পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে বৈদ্যুতিক মিটারটি পুড়ে যেতে দেখেন তারা।


এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


তবে সেখানে পেট্রল বোমা নিক্ষেপের মত কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেইসবুক লাইভে মাহদী পেট্রল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি।


বাড়িতে ওসি বলেন, মাহদীর বাড়ির সামনে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৩ পিএম

শ্রমিক অসন্তোষের মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে হাজিরা দেওয়ার পরও শ্রমিকরা কাজ করতে অস্বীকৃতি জানানোয় আরও চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 


আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।সকাল ১০টার দিকে মুঠোফোনে মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় চার থেকে পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় বলা হয়েছে, কোনো অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে মালিকপক্ষ প্রতিষ্ঠান বা এর কোনো অংশ আংশিক কিংবা পুরোপুরি বন্ধ রাখতে পারবেন। এ সময় ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা মজুরি পাওয়ার অধিকারী হবেন না।তবে শ্রম আইনের এ বিধান প্রয়োগের ফলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু।


প্রসঙ্গত, আশুলিয়া শিল্পাঞ্চল আবারও অশান্ত হয়ে উঠেছে। গত মঙ্গলবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। মানচিত্র দেখুন


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ আরও কিছু দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করে আসছেন শ্রমিকরা।  


তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।  


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতির কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি শুরু হয়।


শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।


বৃহস্পতিবার আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকার পরিবর্তে অনেককে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।


গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।


পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২২ এএম

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম সুধীর কুমার ধর (৪১), তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ওসি নাজের হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।


এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’ 


  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৮ এএম

দিনাজপুরে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলেকে তুলে নিয়ে আটকে রাখার পর মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ২০২১ সালে দিনাজপুরের  চিরিরবন্দর এলাকায় ঘটে।


এই ঘটনায় করা বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর জেলায় সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে সারোয়ার কবীর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলের বাইরে দিনাজপুরে যান। এ সময় ছুটিতে থাকা এএসআই মো. হাসিনুর রহমান ও কনস্টেবল মো. আহসান-উল-ফারুককে সঙ্গে নিয়ে সম্পূর্ণ নিয়ম ও এখতিয়ারবহির্ভূতভাবে একটি অভিযোগ অনুসন্ধানের নামে অভিযান পরিচালনা করেন।


২০২১ সালের ২৩ আগস্ট সংঘটিত ওই ঘটনায় দিনাজপুরের চিরিরবন্দর থানার লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর ২৩ ও ২৪ আগস্ট তাদের দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর কোতোয়ালি থানা এলাকার মো. ফসিহ উল আলম পলাশের এক পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয়। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।


ওই ঘটনায় চিরিরবন্দর থানা-পুলিশ সারোয়ার কবীরসহ অন্যদের আটক করে এবং ২০২১ সালের ২৫ আগস্ট তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।


এ ঘটনায় জনমনে অসন্তোষ সৃষ্টি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সারোয়ার কবীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ সদরদপ্তর। ২০২৪ সালের ১ জুলাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।


প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ জুলাই তিনি অভিযোগের জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন। একই বছরের ২৬ নভেম্বর তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। তবে তার বক্তব্য সন্তোষজনক না হওয়ায় অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ৭ জুন প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়।


তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে গত ২৪ জুন দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি। এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে গত ৮ অক্টোবর সংস্থাটি তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়।


সর্বশেষ গত ৫ নভেম্বর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।


কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৭ পিএম

সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের  কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 


মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। 


সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে। 


এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে।