কুবিতে টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা

  • প্রকাশ : বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৭:৫৬ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে টেকসই ও পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে কৌশলগত কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞজনদের নিয়ে  ‘ডেভেলপিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস অব কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (৩০ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টায় উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়


আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।


কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আইকিউএসি'র পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।


এছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুণ চৌধুরী এবং অর্থনীতি শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ।


বিশেষজ্ঞরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই গ্রিন ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে বর্জ্যব্যবস্থাপনা, বৃক্ষ রোপনের মাধ্যমে ক্যাম্পাস সবুজায়ন, আশেপাশের পর্যটনশিল্পের কারনে পরিবেশের উপর তৈরী চাপ কমাতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের দিক নির্দেশনা প্রদান করেন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান হাবিব বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই গ্রিন ক্যাম্পাসে  রূপান্তরের লক্ষ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। ক্যাম্পাসের স্বাভাবিক পাহাড়ি ভূমি ও প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে অবকাঠামো নির্মাণ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক জীবনের শুরুতেই পরিবেশবিষয়ক শিক্ষার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে ফার্মেসি ও রসায়ন গবেষণাগারের কেমিক্যালযুক্ত তরল বর্জ্য সরাসরি ড্রেনে ফেলা বন্ধ করা এবং সৌর প্যানেল বা ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে সিসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর পদার্থের বিষাক্ততা এড়াতে সুসংহত দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।"


এছাড়া বিদ্যুৎ, পানি ও কাগজের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি জাতিসংঘের নির্দিষ্ট কিছু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি)দিকে গুরুত্ব দেওয়া কথা বলেন তিনি।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন বলেন, 'ক্যাম্পাসে যানবাহনের ধোঁয়া, কার্বন ফুটপ্রিন্ট কমাতে ইলেকট্রিক কার ব্যবহারের আয়তায় আনতে হবে। পাশাপাশি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীদের ভর্তির সময় গাছ দিয়ে বৃক্ষ রোপনকে কোর্সের আওতাভুক্ত করা যায় তাহলে জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে অনেকাংশে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই করতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে যুক্ত করে একটি কার্যকর মডেল তৈরি করতে হবে। সর্বোপরি, মানুষের মনস্তত্ত্ব ও চাহিদাকে বুঝে তাঁদের সঠিক সম্পৃক্ততার মাধ্যমেই পরিবেশ সংরক্ষণের যে কোনো উদ্যোগ সফল করার চেষ্টা করতে হবে।'


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদ বলেন, 'এই পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে আমরা ঋণ হিসেবে পেয়েছি। তাই আগামী বহু বছরের কথা চিন্তা করে পৃথিবী রক্ষা করা আমাদের দায়িত্ব। শুধু পরিবেশগত সচেতনতা থাকলেই চলবে না, পলিথিন বর্জনের মতো ইতিবাচক অভ্যাস গড়ে তোলার জন্য অনুপ্রেরণাও প্রয়োজন এবং বালতির পানি ব্যবহারের প্রতি জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষকদের সামাজিক ও গবেষণামূলক কর্মকাণ্ডকে আদর্শ হিসেবে গ্রহণ করে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার জন্য শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানাতে হবে।'


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ​প্রফেসর সৈয়দুর রহমান স্যারের ফ্রেমওয়ার্ক উপস্থাপনা  থেকে আমরা টেকসইতার যে ধারণা পেয়েছি, তার তিনটি দিক রয়েছে—অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত, যা টেকসই পরিকল্পনা বাস্তবায়নে খুবই গুরুত্বপূর্ণ। তার উল্লেখিত ৩R (Reduce, Reuse, Recycle) এর সাথে আরেকটি R যুক্ত করতে হবে , তা হলো Repair। ফলে টেকসই পরিকল্পনা আরো ভালো ভাবে বাস্তবায়িত হবে। আমাদের গ্রিন ক্যাম্পাস বাস্তবায়নের জন্য পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য, টেকসই পরিবহন ও সবুজ অবকাঠামো নির্মাণের  উপর অত্যাদিক জোর দিতে হবে।'


উপ উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, 'আইকিউএসি নির্দেশকের প্রস্তুতকৃত ফ্রেমওয়ার্ক স্বল্প সময়ে বাস্তবায়ন করতে পারলে আমরা শিক্ষার্থীদের দ্রুত একটি টেকসই গ্রিন ক্যম্পাস উপহার দিতে পারব। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সর্বাধিক প্রচেষ্টা চালাতে হবে।'





  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪২ এএম
  • আপডেট : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪১ পিএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪২ এএম

ঢাকার ঐতিহ্যবাহী আলাতুন নেছা স্কুল এন্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জমকালো হীরক জয়ন্তী সী শেল রিসোর্ট তিনশত ফুট পূর্বাচলে অনুষ্ঠিত হয়।


সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত তিনবেলা খাবার চা কফি সাথে আনন্দঘন ও আবেগ জড়িত গল্প আড্ডা ফটোসেশান এবং কনসার্ট চলে সারাদিন।


অনুষ্ঠানে সারা দেশ ও বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৯৬৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত সকল ব্যাচের হাজার হাজর শিক্ষার্থীর উপস্থিতিতে পরিনত হয় বিশাল মিলন মেলায়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।


তিনি বলেন, ঢাকার অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে দেশের অনেক বরণ্য ব্যক্তি হয়ছেন। প্রতিষ্ঠানের শিক্ষার মান বজায় রেখে সামনে আরো বিশ্ব সেরা ব্যক্তি এখান থেকে বের হবেন এটাই আমরা আশা রাখি।


তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সুদৃষ্টি ও ব্যাপক পরিমাণে বাজেট দিচ্ছেন।


বিশেষ বক্তা হিসেবে ছিলেন এ এফ এম মাসুম রব্বানী সদস্য সচিব আয়োজক কমিটি, সঞ্চালক ছিলেন এ জি এম শামসুল হক প্রধান সমন্বয় আয়োজক কমিটি, সভাপতি লে. কর্নেল (অব) আ ক ম  জাহিদ হোসেন আহবায়ক উদযাপন কমিটি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার এম আবুল বাশার।


এসময় বিভিন্ন ব্যাচের মধ্যে রাজনীতিবিদ কাজী আনোয়ার হোসেন মিন্টু, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী, প্রকৌশলী আব্দুল্লাহ আল মোর্শেদ, সমাজ সেবক রমজান আলীসহ হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


৯৪ ব্যাচের মাহবুব আলম বাবু, মোয়াজ্জেম হোসেন অলি, রাজু আহমেদ, হোসেন জামান, মুসাদ চৌধুরী, আরিফুল ইসলাম আরিফ, শাহনাজ আক্তার সীমা, পলাশ মাহমুদ,শামসুল আলম,আলী, মোশারফ হোসেন, লিপি, রিনা রসুল আমিন রিনটু, শারমিন, সেলিনা, করির হোসেন,মিনার আলম, আক্তার হোসেন, শাহাদাত হোসেন সুমন, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানীসহ আরো অনেকে।


ইবি সায়েন্স ক্লাবের উদ্যোগে 'স্পিক টু লীড কমিনিউকেশন এক্সিলেন্স' আয়োজিত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'স্পিক টু লীড কমিনিউকেশন এক্সিলেন্স উইথ ফ্রেশার্স রিসিপশন অ্যান্ড ফেয়ারওয়েল-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানয়তনে সায়েন্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় নবীন সদস্যদেরকে বরণ করে নেওয়া হয় এবংর প্রবীণ সদস্যদের সম্মাননা স্মারক প্রদানপূর্বক বিদায় দেওয়া হয়। 


অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন  সংগটনটির উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী-সহ অন্যরা। সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সফট স্কিল ট্রেইনার ও 'নায়ক'-এর সিইও ড. শামীম এইচ নাহিন। অনুষ্ঠানে সংগঠনটির নবীন সদস্যদের বরণ এবং বিদায়ী সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।


উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়াতে হবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে তাদের এগিয়ে রাখবে। মুসলিম সভ্যতার ইতিহাসে আব্বাসীয় শাসনামলে জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানচর্চা থেকে মুসলমানদের দূরে সরে যাওয়ার কারণেই ক্রমাবনতি শুরু হয়। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে এবং গবেষণা ও উদ্ভাবনে অবদান রাখতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিজের দক্ষতা উন্নয়নে সময় দিতে হবে।


হাবিপ্রবিতে বাকহুইটের উন্নত জাত উদ্ভাবনে প্যানজিনোম প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৮ পিএম

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্যানজিনোমভিত্তিক টারটারিক বাকহুইট প্রজনন ও জলবায়ু-সহনশীল কৃষিবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার অনুষদের কনফারেন্স রুমে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের (CAAS) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝো। তিনি প্যানজিনোমভিত্তিক আধুনিক প্রজনন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে টারটারিক বাকহুইটের জিনগত বৈচিত্র্য শনাক্তকরণ, উন্নত জাত উদ্ভাবন এবং প্রতিকূল পরিবেশে ফসলের অভিযোজন ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বক্তব্যে তিনি বলেন, আধুনিক জিনোমিক্স ও প্যানজিনোম প্রযুক্তির প্রয়োগ কৃষি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। চীনের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান CAAS-এর সঙ্গে হাবিপ্রবির যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভবিষ্যতে কার্যকর সহযোগিতা গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মেইলিয়াং ঝোকে গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের জন্য ধন্যবাদ জানান।


এগ্রিকালচার অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান। এ ছাড়া পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সাঈদসহ সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সেমিনারে জানানো হয়, বাকহুইট প্রচলিত অর্থে প্রকৃত শস্য নয়; এটি একটি ছদ্মশস্য বা সিউডোসেরিয়াল। কমন বাকহুইট (Fagopyrum esculentum) এবং টারটারিক বাকহুইট (Fagopyrum tataricum)—এই দুই প্রজাতি পুষ্টিগুণের জন্য বিশেষভাবে পরিচিত। এতে প্রোটিন, খাদ্যআঁশ, লাইসিনসহ অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম ও আয়রনের মতো খনিজ উপাদান রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় যথাযথভাবে প্রক্রিয়াজাত ও দূষণমুক্ত অবস্থায় এটি গ্লুটেনমুক্ত খাদ্যের একটি সম্ভাবনাময় বিকল্প।


বাকহুইটে থাকা রুটিন ও কুয়েরসেটিনের মতো ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী কার্যকারিতা নিয়েও গবেষণা চলছে। পাশাপাশি রক্তে গ্লুকোজ ও লিপিডের নির্দিষ্ট সূচকের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।


বক্তারা উল্লেখ করেন, স্বল্পমেয়াদী ও তুলনামূলকভাবে কম পরিচিত ফসল হিসেবে বাকহুইট কৃষি ব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে। তবে অতিরিক্ত তাপমাত্রা, পানির সংকট এবং জাতভেদে পরিবেশগত প্রতিক্রিয়ার কারণে এর উৎপাদনশীলতা পরিবর্তিত হতে পারে। তাই বাংলাদেশের কৃষিতে এ ফসলের সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগিতা যাচাই, জার্মপ্লাজম মূল্যায়ন, মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ এবং কৃষিতাত্ত্বিক গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।


  হাবিপ্রবির উদ্যোগে বিনামূল্যে পশু চিকিৎসাসেবা পেলেন কৃষকরা


বাংলাদেশে বাকহুইটের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত জাত নির্বাচন, জিনোম ও মলিকুলার বৈশিষ্ট্য নির্ধারণ, উপযোগী উৎপাদন পদ্ধতি উদ্ভাবন এবং দানা থেকে গ্রোটস, আটা, নুডলসসহ বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরির সুযোগ নিয়েও আলোচনা হয়।


সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের কৃষি ও পুষ্টিনিরাপত্তার অগ্রাধিকারকে সমন্বয় করা গেলে ভবিষ্যতে ফসল বৈচিত্র্যকরণ ও জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।


তথ্যসূত্র: জনসংযোগ ও প্রকাশনা শাখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।


জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে দিনব্যাপী বিসিএস কর্মশালা

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে দিনব্যাপী বিসিএস প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে বিসিএস প্রস্তুতির অনলাইন প্ল্যাটফর্ম লাইভ এমসিকিউ (Live MCQ)।

কর্মশালায় শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নের ধরন, বিষয়ভিত্তিক পড়াশোনার কৌশল এবং পরীক্ষায় ভালো করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আগ্রহী করে তোলা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়ন ইসলাম বলেন, "এ ধরনের কর্মশালা আমাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও উপকারী। বিসিএসের প্রস্তুতি কীভাবে শুরু করতে হবে এবং কোন বিষয়ে কীভাবে পড়াশোনা করতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। জকসুর পাঠাগার সম্পাদকের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করায় আমরা কৃতজ্ঞ।”

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোকসেদুল ইসলাম সিরাজ বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনে বিসিএসের প্রস্তুতি শুরু করার জন্য এ ধরনের কর্মশালা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভিজ্ঞদের কাছ থেকে প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়াটা আমাদের জন্য ইতিবাচক। আশা করি, এ আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষার্থী বিসিএস প্রস্তুতি শুরু করতে উৎসাহিত হবে।”

এ বিষয়ে জকসুর পাঠাগার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব বলেন,“শিক্ষার্থীদের মধ্যে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির আগ্রহ তৈরি এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। অনেক শিক্ষার্থী বিসিএসের প্রস্তুতি নিতে চান, কিন্তু সঠিক গাইডলাইন ও প্রস্তুতির কৌশল সম্পর্কে জানেন না। লাইভ এমসিকিউর সহযোগিতায় এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা প্রস্তুতি সম্পর্কে বাস্তব ধারণা পাবেন বলে আশা করছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”


জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হিমেল বলেন, গত ১৭ বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে বিএনপি পরিবারের হাজারো নেতাকর্মীর প্রাণ ঝরেছে। গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১ হাজার ৪০০ শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করেছেন তাঁরা। মববাজির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

হিমেল আরও বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তাঁরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। গত ৯ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদকে আটক করা হয়। তাঁর হোয়াটসঅ্যাপে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার একটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব কর্মকর্তার অর্থায়নে সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে তিন হাজারের বেশি মানুষকে হত্যা এবং ৫০ হাজারের বেশি মানুষকে পঙ্গু করা হয়েছে। গত ১৭ বছরের গুম, খুন ও হত্যার পরিসংখ্যান উল্লেখ না করে তিনি বলেন, জনরোষের মুখে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়েছেন। সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিদের মধ্যেও অনুশোচনা নেই বলে দাবি করেন তিনি।

হিমেল লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী নিধন শুরু হলো। ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী নিধনের যে কাজ শুরু হলো, এটা প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তরে অতিশীঘ্র শুরু করতে হবে।’

এর আগে সোমবার দিনভর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠন দুটির নেতাকর্মীরা।


বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৮ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এ পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।

এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।

গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ (A+), ১ হাজার ৫০৮ জন ‘এ’ (A), ৩ হাজার ৩০২ জন ‘এ মাইনাস’ (A-), ৩ হাজার ৫২৪ জন ‘বি’ (B), ২ হাজার ১০৭ জন ‘সি’ (C) এবং ৪৬ জন ‘ডি’ (D) গ্রেড অর্জন করেছেন।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

ফল ঘোষণা অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন উপাচার্য।

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ অনুষ্ঠানটি বাউবির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (result.bou.ac.bd) মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার চূড়ান্ত ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের মেসেজ অপশনে "PB BOU Student ID" লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: "PB BOU 19011010048"।
টেলিটক, রবি ও বাংলালিংক গ্রাহকদের মেসেজ অপশনে "BOU Student ID" লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: "BOU 19011010048"।