• প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কওমি মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে ’কওমি স্টুডেন্ট ফোরাম’ নামে নতুন  অরাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর আল মাহি এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নজরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো মামুন আল রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ প্লাটফর্মের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। তবে ছাত্র উপদেষ্টা বলছে, ‘যাচাই-বাছাই পূর্বক গঠনতন্ত্র সহ রেজিস্ট্রারের কাছে পাঠানো হবে। প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে।’ এ প্লাটফর্মের উপদেষ্টা হিসেবে রয়েছেন আল ফিকহ এন্ড বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন।  


এছাড়া আংশিক এ কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল হক। পরবর্তী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।


দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু বকর আল মাহি বলেন,“আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করছি। ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, জ্ঞানচর্চা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কওমি শিক্ষার্থীদের ঐক্য, দক্ষতা ও ইতিবাচক ভূমিকা আরও সুদৃঢ় করতে কাজ করব। এ পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”



সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা, এই সংগঠন শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক অবদান রাখবে। 


উল্লেখ্য, একটি অরাজনৈতিক প্লাটফর্ম হিসেবে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কওমি মাদ্রসা শিক্ষার্থীদেরকে পারস্পরিক সম্প্রতি, শিক্ষাগত উন্নয়ন, সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতা বিকাশে সহযোগিতা লক্ষ্য নিয়ে এ প্লাটফর্ম গঠিত।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে প্রক্টর অফিসের দেওয়া স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল করতে পারবে না।মানচিত্র দেখুন


শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অফিসের সুপারিশসহ জমা দেওয়া আবেদনের সঙ্গে মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।


অন্যদিকে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।মানচিত্র দেখুন


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।


সর্বশেষ সব খবর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৩ পিএম

শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে তিনি এ কথা জানান।


শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এছাড়া শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’


এ সময় মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষিখাতে বিনিয়োগ বাড়াচ্ছে।

সর্বশেষ সব খবর

সভাপতি মো আশিকুর রহমান সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দেবিদ্বার থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান।


শুক্রবার (১৩ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক জি এম আজমল আলী কাউছার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. সোহরাব উদ্দীন ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।


কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মো. মামুনুর রশীদ, মো. জাহিদ, তিথি, রাজিব, শরীফুল, মুজাহিদ, আবু হানিফ, নাইম, সুমাইয়া, সুলতানা, মঞ্জুরুল, মীম, নাহিদা, রাসেল, সৌরভ, মো. জাবেদ, কনিকা, ফারহা খানম, রাজদ্বীপ দাশ ও ইসতিয়াক আহমেদ আবিদ।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিলা আফনান, রাকিবুল হাসান, নাফিসা আনজুম তাসনিম, তামান্না রহমান মিতালী, সোহেল আহাম্মেদ, ইসরাত জাহান উর্মি, আসিফ খাঁন, রাশেদুল ইসলাম আলিফ, মশিউর মাহমুদ, ইয়াছিন আরাফাত, শাহিন, অপূর্ব আচার্য ও সুমন।


সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিনা আক্তার, সুবর্ণা আক্তার মীম, সাকিব ইবনে মোরশেদ, মাহবুবা আক্তার ফেরদৌসি, মো. বায়েজিদ ও মো. মাহবুব হাসান। এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক খালিদ, সাহিত্যবিষয়ক সম্পাদক তারিফ ইসলাম, তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নাজমুস সাকিব তামিম, সমাজসেবাবিষয়ক সম্পাদক মো. অলিউল্লাহ বিশ্বাস, ছাত্রীবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সম্পাদক সাদিক জিতু, প্রচার সম্পাদক নূর এ আজমি, দপ্তর সম্পাদক আল শাহরিয়ার সিফাত, অর্থ সম্পাদক সাদী আবদুল্লাহ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. শরীফ খান এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন জ্যোতি হালদার।


এ ছাড়া দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক মারিয়া আক্তার, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক নিশাতুজ্জামান ভূঁইয়া, ছাত্রীবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মুক্তা, অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক মুশফিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ মিয়া, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শতরূপা পাল, ছাত্রকল্যাণ ও বৃত্তিবিষয়ক সম্পাদক জাবেদ ওমর ও শারমিন আক্তার এবং সদস্য হিসেবে আরিয়ান দায়িত্ব পেয়েছেন।


কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান সুমনা, রিফাত হোসেন, লামিয়া আক্তার মীম, সিদরাতুল মুনতাহা, রূপালি আক্তার, উম্মে সালমা মনি, জান্নাতুল নাইমা, আমেনা আক্তার ও মুন্নী।


নবমনোনীত সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, ‘দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা একটি প্রাণপ্রিয় সংগঠন। “মা-মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়” স্লোগানকে সামনে রেখে সংগঠনের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটিকে এগিয়ে নিয়ে যাব।সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটিকে প্রাণবন্ত করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই সংগঠনের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের চেষ্টা করেছি। আগামীতেও সেই চেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।’


নবমনোনীত সভাপতি মো. আশিকুর রহমান বলেন, ‘দেবিদ্বার অ্যাসোসিয়েশন আমাদের কাছে একটি পরিবারের মতো, যেখানে আমরা একে অপরের সুখ-দুঃখের অংশীদার এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এটি কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়; বরং একে অপরের বিপদে পাশে দাঁড়ানো, দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া এবং বিশেষ করে অসচ্ছল ও বিপদগ্রস্ত শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে কাজ করার একটি সম্মিলিত উদ্যোগ।’


তিনি আরও বলেন, ‘সভাপতি হিসেবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি অটুট রাখা। আমি চাই, এখানে পদ-পদবির ঊর্ধ্বে উঠে প্রত্যেকে নিজেকে একজন স্বেচ্ছাসেবী ও মানবিক মানুষ হিসেবে ভাবুক এবং নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়াক। এই মূলমন্ত্রই আমাদের অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে সাহায্য করবে।’

সর্বশেষ সব খবর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক প্রতিযোগীতা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৮ পিএম

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক প্রতিযোগীতা। এটি হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠান।


শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্টান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। 
আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও মতবিনিময় পর্ব চলবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণী, সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন করা হয়।


জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ও সদস্যসচিব ড. মোস্তফা আজিজ সুমন এবং সিলেট আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল ও সদস্যসচিব ডা. মোহাম্মদ আবু নাছের বিভাগীয় পর্যায়ের এই তরুণ উদ্ভাবকদের বিজ্ঞানমেলা সফল করার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতি শুক্রবার খাবার বিতরণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে খাবার বিতরণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।


এদিন ক্যাম্পাসে অবস্থানরত অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কর্মসূচি সম্পর্কে মো. আতিকুর রহমান বলেন, মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।


তিনি আরও বলেন, পবিত্র জুমার দিনকে কেন্দ্র করে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার চর্চা বাড়াতেই ছাত্রদলের এ উদ্যোগ। ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখতে চায় সংগঠনটি।


আতিকুর রহমান জানান, এ কার্যক্রম নিয়মিত কর্মসূচি হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রতি শুক্রবার জুমার দিনে ক্যাম্পাসে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অব্যাহত থাকবে

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১২ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প ও নতুন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় রোভার স্কাউট কার্যালয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়।


বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ক্যাম্প পরিচালক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এ ছাড়া স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. নাজমুল হকসহ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।


আয়োজক সূত্রে জানা যায়, ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত এ ক্যাম্পে ৫৫ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী ক্যাম্পে অংশগ্রহণকারীদের স্কাউটিংবিষয়ক বিভিন্ন সেশন, হাইকিং ও প্রাথমিক প্রতিবিধানসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি স্কাউটিংয়ের নিয়ম ও আদর্শ অনুসরণ করে নতুন ১০ জন সদস্যকে দীক্ষা প্রদান করা হয়।


অনুষ্ঠানে অধ্যাপক ড. ছাদেকা হক বলেন, দীক্ষা গ্রহণ একজন রোভারের জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আত্মমর্যাদাবোধ জাগ্রত করার পাশাপাশি জীবনকে সুশৃঙ্খল ও গোছানোভাবে পরিচালনা করতে সহায়তা করে। দীক্ষা নতুন জীবনের সূচনা এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্কাউটদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের কাজের মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করতে হবে।


দীক্ষা গ্রহণকারী নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে রোভার স্কাউট সদস্যদের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। সদস্যদের আরও ভালো কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও এসব কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে তাঁরা আরও ভালো ও গঠনমূলক কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 


উল্লেখ্য, অনুষ্ঠানে স্কাউটিংয়ের ঐতিহ্য অনুসারে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে রোভার স্কাউট গ্রুপের সভাপতি হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়।

সর্বশেষ সব খবর