ভাঙচুর হওয়া নিজের স্টুডিওতে গিয়ে ফেসবুক লাইভে সালমান মুক্তাদির

  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১২:০২ পিএম

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।



পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বরের কাছে স্টুডিওর ভবনটি নিয়ে জমিজমা–সংক্রান্ত একটি বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।


ভিডিওতে ভাঙচুর করা স্টুডিও ঘুরে ঘুরে দেখান সালমান। স্টুডিওর কর্মীরা এ সময় কান্নায় ভেঙে পড়লে তাদেরকে সান্ত্বনা দেন তিনি। রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান বলেন, ‘এটা আমাদের ব্রাউন ফ্রি স্টুডিওর শেষ ট্রিপ। একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও আর দ্বিতীয়টি ছিল না। আজ সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল।’



সালমান বলেন, ‘বাংলাদেশে আপনি যদি কোনো কিছু করতে চান এবং কারও তোষামোদ না করেন বা সিকিউরিটির জন্য টাকা না দেন—তাহলে আপনার সঙ্গে এমনটাই হবে। আমি সব সময় বলি, পায়ের নিচের মাটি শক্ত না থাকলে বাংলাদেশে কিছু করা উচিত না।’


সালমান পরে অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ওই ভবনের মালিক ছিলেন এবং তার কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।


তিনি বলেন, তারা হয়তো চাঁদা বা এ–জাতীয় কিছু দাবি করেছিল...। ভবনের মালিকের সম্পত্তির ক্ষতি করতে গিয়ে আমার সম্পত্তির ক্ষতি করা হয়েছে।



এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জমি নিয়ে ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’ এবং মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরেই মূলত ভবনটিতে হামলা চালানো হয়েছে। হামলায় গোলাম মহিউদ্দিনের লোকজন জড়িত বলে অভিযোগ উঠেছে।


ওসি জানান, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে তার স্টুডিও তৈরি করেছিলেন। 


এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।





হামলায় বিধ্বস্ত স্টুডিও এবং সালমান মুক্তাদির

  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:০৫ পিএম

‘এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব’—রাজধানীর মিরপুরে নিজের স্টুডিওতে হামলা-ভাঙচুরের পর এভাবেই অভিমানের সুরে কথাগুলো বলছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে তার স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। এর আগে স্টুডিও থেকে কে বা কারা চাঁদা চেয়েছে বলে শুনেছেন সালমান মুক্তাদির। যা তিনি নিজেই জানান। তার ভাষ্য, চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা হয়েছে।


হামলাকারীরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্টুডিওটির কর্মকর্তারা।


পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমাকে বলেছে যে চাঁদা দেয়নি এই জন্য ঘটনাটি ঘটেছে। এখন চাঁদাতো আমার কাছে চায়নি। চাঁদা চাইলে আমি ডেফিনেটলি দিতাম। যদি আমার পোষাতো তখন আমি অবশ্যই দিতাম। তবে উনারা কেন দেয়নি, কত টাকা দেয়নি। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই।’


তিনি আরও বলেন, ‘এটা মাত্র পুলিশদের কাছ থেকে শুনলাম। বাহিরের লোকজনদের কাছ থেকে শুনলাম। বাট আই ডোন্ট কেয়ার। যে কারণেই হোক না কেন, হয়েছেতো; এটাই বাংলাদেশ।’


বাংলাদেশের আইনে বিশ্বাস করেন না জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আইনের ব্যাপারে আমি নাস্তিক।’


‘লাকিলি (সৌভাগ্যক্রমে) আমার পক্ষে এটা কোপআপ করা সম্ভব। আমি সব সময় নিজের দমে কাজ করে আসছি। আর এই সেম জিনিসটা আমি করবো। তবে টেনশন হচ্ছে- আমার মতো মনোবল নিয়ে কয়জন আগাতে পারবে?’


স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন- তিনি এসব ভিডিও প্রায়ই দেখেন। উনাকে যদি কিছু বলা হয়, আমি জানি না উনি কতদূর স্বীকার করেন কি না। তবে উনার প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ নেই। বিএনপির একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনার যা করার কথা- উনি ভালো করেই জানেন। আর উনি কতদূর করেছেন এটাতো আমার বলা কিছু না। আপনারা আছেন, দেশবাসী আছে; তারাই বলতে পারে যে উনি কতটুকু ভালো কাজ করেছেন।


অভিমানের সূরে তিনি বলেন, ‘এটা বাংলাদেশ; এখানে আমার দোষ দেওয়ার কিছু নাই। নতুন করে বলার কিছু নাই। আপনারা বাংলাদেশের চিত্র চুলে ধরতেছেন। বাংলাদেশ এ রকমই; এখানে জন্মেছি এভাবেই জন্মাবো; যদি পারি বের হয়ে চলে যাব। যারা পারছে না তারা এখানে থেকে যাবে।’


প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:২৪ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে আটটার দিকে তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে ছয় ঘণ্টার যাত্রাবিরতির পর রাত ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়।


আজ রোববার সকাল ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি।


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ। বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ ও জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্বসমাজের প্রত্যাশায় বাংলায় ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।


ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু, জলবায়ু ন্যায়বিচার, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও তরুণদের সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।


তিনি জানান, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অবসান ঘটিয়ে বাংলাদেশ বর্তমানে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করছে। ফ্যাসিবাদী শাসন শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতের জন্য সরকার Recovery, Restoration এবং Reconstruction অর্থাৎ 3-R কৌশল অনুসরণ করছে। বাংলাদেশের সামনে এখন এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত।


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু ন্যায়বিচার, জনস্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্রসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।


পাশাপাশি, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।


উপসচিব আশরাফুল আফসার

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৯:৫৩ পিএম

ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। খেলতে খেলতেই হঠাৎ মাঠে উপুড় হয়ে পড়ে যান তিনি। বন্ধুরা ছুটে এসে বুকে চাপ দিতে থাকেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।


রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রাত সোয়া নয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আশরাফুল আফসারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর ক্যাডেট কলেজের বন্ধু ও ব্যাচমেটরা হাসপাতালে উপস্থিত ছিলেন।


মাঠের একটি ভিডিওতে দেখা যায়, রাতে ফুটবল খেলার এক পর্যায়ে হঠাৎ উপুড় হয়ে পড়ে যান আফসার। এ সময় তাঁকে ঘিরে ধরেন বন্ধুরা। কেউ কেউ তাঁকে বুকে চাপ দিতে থাকেন। কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন, কেউ পানি দেন। নড়াচড়া না করায় কিছুক্ষণ পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা আফসারের আকস্মিক মৃত্যুতে তাঁর ব্যাচমেট ও বন্ধুদের মধ্যে শোক নেমে এসেছে। তাঁকে নিয়ে বন্ধুরা স্মৃতিচারণা করছেন। কেউ কেউ বলছেন, যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় হতাশ ছিলেন তিনি।


চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকবার অনেক জায়গায় বলেছি, বাধ্যতামূলকভাবে সকলকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দিতে। তামিম ইকবাল বেঁচেছিল এ কারণে। আর সরকারি কর্মকর্তা বাঁচলেন না!’


আশরাফুল আফসারের বয়স ৪৭ বছর। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ শনিবার দুপুরে জানাজা শেষে আফসারকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।


উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। মন্ত্রী শোকবার্তায় আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।


মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:৪৩ পিএম

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ চুক্তিতে সই করেন।


বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুকে আজ শনিবার এ তথ্য জানিয়েছে।


কূটনৈতিক সূত্রে জানা গেছে, চুক্তিটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শুরু হওয়া পারমাণবিক সহযোগিতা উদ্যোগের ধারাবাহিকতায় স্বাক্ষরিত হয়েছে বলে জানা যায়। চুক্তিটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করবে।


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:৩৬ পিএম

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের কেউ আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত তাদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


এক ফেসবুক পোস্টে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।


তিনি বলেন, ‘১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।’


মন্ত্রী আরও বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।


ককটেল বিস্ফোরণ

  • প্রকাশ : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৮:২০ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।


আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।


তিনি আরও জানান, ঘটনাস্থলটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমানা এলাকায়। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।


একটি সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য জড়ো হয়ে এ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন।