চলতি বছরের এপ্রিলেও বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ বিমান
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি সাক্ষরের পর নিউইয়র্কের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই নতুন উড়োজাহাজ কেনার এ উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বিমান কেনার এ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আগে থেকেই নানা বিতর্ক ও সমালোচনা ছিল। বিশেষ করে, বাংলাদেশের সরকার যখন অর্থনৈতিক চাপের কথা বলছে তখন নতুন করে বিলিয়ন ডলার খরচ করে বিমান কেনার এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন অনেক বিশ্লেষক।
এদিকে, মার্কিন প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে বাংলাদেশের চুক্তি হওয়ার বিষয়টিকে দুই দেশে সম্পর্কের জন্য দারুণ অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ বিষয়ে দেওয়া একটি পোস্টে বলা হয়, "বিশ্বসেরা বাণিজ্যিক উড়োজাহাজের আরও ১১টি কেনার চুক্তিতে পৌঁছানোয় বোয়িং ও বিমানকে অভিনন্দন! যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য এটি আরেকটি দারুণ অর্জন, যেখানে লাভবান হবে দুই দেশই।"
চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে
এর আগে চলতি বছরেরই ৩০শে এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমানের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর তার বাংলাদেশ সফর শেষে জানান যে, যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার নিউইয়র্কে সেই তথ্যই বাস্তবে রূপ নিল। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে নতুন করে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মাহদী আমিন বলেন, ‘বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।’
বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে মি. আমিন জানান, ভবিষ্যতে এয়ারবাসের সঙ্গেও বিমান কেনার বিষয়ে প্রয়োজন অনুযায়ী আলোচনা হতে পারে।
মাহদী আমিন বলেন, চাহিদা রয়েছে বলেই বোয়িং থেকে নতুন বিমান কিনছে বাংলাদেশ। বোয়িং এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছে। বাংলাদেশের এভিয়েশন সেক্টর সম্প্রসারণ হচ্ছে, নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ কারণে নতুন উড়োজাহাজ প্রয়োজন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে চারজন উচ্চপর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। জানানো হয়, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবীর দাবি করেন, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই এ চুক্তি সাক্ষর অনুষ্ঠানে মার্কিন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন।
সংবাদ সম্মেলনে বিমান কেনার চুক্তির বিষয়টি ছাড়াও প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচির বিষয়েও জানান মাহদী আমিন।তিনি বলেন, সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য, কৃষি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন।
এছাড়া গেটস ফাউন্ডেশনের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণ, কৃষকদের জন্য প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশে টিকা উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে জাতিসংঘের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়েছে। সেখানে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং মিয়ানমারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় বাংলাদেশের ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী মনোনীত বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসারের সঙ্গে বৈঠক করেন। সময় স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দিতে পারেননি। বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসময় বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতকে আরও শক্তিশালী করার বিভিন্ন সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসা, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ। এছাড়া বাংলাদেশে মেটার একটি অফিস খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানান শামা ওবায়েদ। অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।
ছবি : সংগৃহীত
বঙ্গোসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ বুধবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এ নিম্নচাপের বড় ধরনের প্রভাব যে দেশে পড়বে না, সেটা আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল। কারণ, এই গভীর নিম্নচাপটি মূলত ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশ উপকূলমুখী। তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলেও পড়বে। ইতিমধ্যে খুলনা ও বরিশালের উপকূলীয় এলাকায় বৃষ্টি বেড়েছে এবং ঝোড়ো হাওয়াও বইছে।
আজ সন্ধ্যা ৭টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।
গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ সন্ধ্যায় বলেন, গভীর নিম্নচাপের খুব বেশি প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে আজ রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে।
আজ সন্ধ্যায় ৬টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথাও বলা হয়েছে পূর্বাভাসে।
তরিফুল নেওয়াজ কবীর বলেন, বৃহস্পতিবারে বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে। কারণ ওডিশা ও অন্ধ্রের উপকূল থেকে ঘূর্ণি হাওয়া বিচ্ছিন্নভাবে এদিকে আসছে। তাই পুরো বাংলাদেশে একযোগে বৃষ্টি বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কম। এই বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পরও আগামীকাল তাপমাত্রা কমে যেতে পারে আজকের চেয়ে।
ইতিমধ্যে গতকালের চেয়ে আজ বুধবার দেশের তাপমাত্রা কমে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রংপুরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের চেয়ে আজ রাজধানীর তাপমাত্রাও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমে হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রতীকী ছবি
দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জনে। এর মধ্যে সেপ্টেম্বরেই মারা গেছেন ১০৪ জন, যা চলতি বছরের কোনো মাসে সর্বোচ্চ। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭৯ জন এবং ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০৫ জন ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭, খুলনায় ২৮০, ময়মনসিংহে ১১৩, রাজশাহীতে ১৫৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, একই সময়ে ১ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর মৃত্যুও ছিল সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
ছবি : সংগৃহীত
এক লাফে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামানত পাঁচগুণ বাড়ানো হয়েছে; চেয়ারম্যান প্রার্থীর জামানত বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয় ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর ব্যয় ২ লাখ টাকা করা হয়েছে। এসব পরিবর্তন এনে বুধবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এ সংশোধনী এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সংশোধন অনুযায়ী, এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ইউপি পদে প্রার্থীদের জামানত আগের তুলনায় পাঁচগুণ এবং ভোটের ব্যয় দুই গুণ বাড়ানো হয়েছে।
সেই সঙ্গে প্রার্থীদের জামানত বাজেয়াপ্তে ১৫% ভোট না পাওয়া, মনোনয়নপত্রে চেয়ারম্যান পদে ভোট করতে ১২ ডিজিটের টিআইএন সনদ ও আয়কর রিটার্নের কপি যুক্ত করা, ভোটে অনিয়মে ব্যবস্থা নিতে ইসির ক্ষমতা বাড়ানো, সংসদের মতো করে ইউপি ভোটে হলফনামায় তথ্য স্পষ্টীকরণ, নির্দলীয় ভোটের প্রতীক সংরক্ষণসহ একগুচ্ছ সংশোধনী আনা হয়েছে।
দীর্ঘ এক দশক পর এবার নির্দলীয় প্রতীকে ভোট হবে ইউনিয়ন পরিষদে। চেয়ারম্যান পদে আগে নিবন্ধিত দলের প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মার্কা বরাদ্দ ছিল; এবার চেয়ারম্যান পদে ২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে সংশোধিত বিধিমালায়। এছাড়া সাধারণ সদস্য পদে ১২টি ও সংরক্ষিত সদস্য পদে ১০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে; এরপর ধাপে ধাপে সাড়ে চার হাজার ইউপির নির্বাচন সম্পন্ন হবে।
ইউপিতে ভোটের মার্কা
আগে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও এবার ইউপি নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। বিধিমালায় চেয়ারম্যান পদের জন্য ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি ও সংরক্ষিত সদস্য পদে ১০টি মার্কা বা প্রতীক চূড়ান্ত করা হয়েছে।
চেয়ারম্যান পদের প্রতীক- কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি টেক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটর সাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।
সংরক্ষিত আসনের সদস্যদের প্রতীক- আলমিরা, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।
সাধারণ সদস্য পদের প্রতীক- উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
যেসব সংশোধন এল
>> জামানত - চেয়ারম্যান প্রার্থীর ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর ৫ হাজার টাকা। কোনো প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্র দাখিল করা হলেও একাধিক জামানতের প্রয়োজন হবে না। আগে জামানত ছিল চেয়ারম্যান ৫ হাজার টাকা ও সদস্য এক হাজার টাকা।
>> প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
>> চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয় ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য ২ লাখ টাকা। আগে চেয়ারম্যানের ৫ লাখ ও সদস্যের ভোটের ব্যয় ২ লাখ টাকা ছিল।
>> বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশনের ক্ষমতা বাড়িয়ে প্রার্থিতা বাতিলের বিষয়টি যুক্ত করা হয়েছে।
>> কোনো ভোটকেন্দ্রের ফলাফল বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন, কারসাজি বা অন্য কোনো অপকর্মের কারণে চরমভাবে পক্ষপাতদুষ্ট হলে কমিশন ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারবে। প্রযোজনে নির্বাচন বাতিল করে পুনভোটের ব্যবস্থা নেবে ইসি।
>> দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী কিংবা অন্য কোনো কারণে সহায়তার বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। ভোটারকে ভোটদানে সহায়তার জন্য কমপক্ষে ২১ বছর বয়সি একজন ব্যক্তি নেওয়া যাবে; ভোটার ব্যালট পেপারে নিজে চিহ্ন দিতে না পারলে তার নির্দেশনা অনুযায়ী সহায়তাকারী চিহ্ন দিতে পারবেন। তবে ওই সহায়তাকারী কোনো প্রার্থী, প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হতে পারবেন না।
>> গণমাধ্যকর্মীকেও বাধা দিলে শাস্তির বিষয়টি যুক্ত করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
>> ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনি অপরাধ ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো মনিটরিং করতে প্রয়োজনীয় সংখ্যক মনিটরিং কমিটি গঠন করতে পারবে কমিশন।
>> এছাড়া কিছু করণিক ভুল, প্রতীকের তালিকা থেকে দলীয় প্রতীক বাদ, স্বতন্ত্রদের প্রতীক ববাদ দিয়ে চেয়ারম্যান প্রার্থীর জন্য প্রতীক সংসক্ষণ, মনোনয়ন পত্রের ফরম, হলফনামার সংযুক্তিসহ নির্বাচন সংশ্লিষ্ট আরও কিছু সংশোধন আনা হয়েছে।
প্রতীকী ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৬ জন, সিলেট বিভাগে ১ জন, চট্টগ্রামে ২ জন, খুলনা ১ জন ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৫ হাজার ৬১২ জন।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে চুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ
কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান। নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নতুন এই চুক্তি সই করেছে দুই দেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন তিনি।
অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।