২২ বছর পর এবার সিলেট শিক্ষা বোর্ডে এইচ এস সি পরীক্ষায় ফল বিপর্য়য় হয়েছে। ২০২৪ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৯৩জন শিক্ষার্থী। সে বছরের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এবছর এসে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) তাদের প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪জন। সে হিসেবে, ৪ হাজার ২৮৯ শিক্ষার্থী তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। অর্থাৎ ২০২৪ সালে যারা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল তারা এইচএসসিতে এসে কাঙ্খিত ফল অর্জন করতে পারেনি। কেবল তারাই যে খারাপ ফল অর্জন করেছে, তা নয়। তাদের থেকে তুলনামূলক কম মেধাবীরাও ফল খারাপ করেছে।যার প্রভাব পড়েছে এ বছরের গড় ফলাফলে।
এবার সিলেট শিক্ষাবোর্ডের দুই দশকের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল। এবছর সিলেটে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। গত বছরও ছিল প্রায় কাছাকাছি ৫১ দশমিক ৮৬ শতাংশ।
শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বলছে, এবার অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা বেশী ছিল। এর বাইরে ইংরেজি, আইসিটি, ভূগোল, রসায়ন বিষয়ে তুলনামূলক কম পাস করেছেন পরীক্ষার্থীরা। যার ফলে ফলাফলে প্রভাব পড়েছে। কিন্তু শিক্ষাবিদ ও শিক্ষকরা বলছেন ভিন্ন কথা।
শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের মানসিকতা ও পাঠগ্রহণের মাত্রা অনুধাবন না করেই প্রশ্নপত্র তৈরি করায় সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। যার প্রভাব পড়ছে ফলাফলে। এছাড়াও সার্বিক আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এর বাইরে শ্রেণি কক্ষে পাঠবিমুখতা, পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার অভাবেই শিক্ষার্থীরা তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বলেও মনে করছেন শিক্ষাবিদরা।
তবে শিক্ষকরা বলছেন, এবারের ফলাফলই সঠিক চিত্র। বিগত ১৫–১৬ বছরের ঢালাওভাবে অতিরিক্ত নম্বর দেওয়ার কারণে শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে। এবার কোনো কৃত্রিম নম্বর না দিয়ে প্রকৃত ও সঠিক মূল্যায়ন করার কারণে ফলাফলে এই বিপর্যয় ঘটেছে। শুধু সিলেট বোর্ড নয়। সারা দেশের গড় ফলাফল খারাপ হয়েছে। দেশের ১১ টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
সিলেট শিক্ষাবোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সালে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪৫ শতাংশ। পরবর্তী বছরগুলোতে তা বেড়ে ২০১০ সালে ৭৬ দশমিক ১২ শতাংশে পৌঁছায়। ২০১২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশ। যা করোনা মহামারির আগের সময়ের মধ্যে সর্বোচ্চ। এরপর ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাসের হার কিছুটা কমে। তবে করোনা মহামারির সময় পরীক্ষাপদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আসে। যার কারণে ২০২০ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল শতভাগ। পরবর্তী বছরগুলোতেও সংক্ষিপ্ত সিলেবাস ও বিশেষ মূল্যায়নের প্রভাবে পাসের হার তুলনামূলক বেশি ছিল। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে পাসের হার ৯৪ দশমিক ৮০ থেকে ৮৫ দশমিক ৩৯ শতাংশের মধ্যে ছিল।
তবে সবচেয়ে বড় ধাক্কা লাগে ২০২৫ সালে। ওই বছর পাসের হার নেমে দাঁড়ায় ৫১ দশমিক ৮৬ শতাংশে। সেই ক্ষতকে আরও গভীর করেছে এবছরের ফলাফল। গত বছরের তুলনায় পাসের হার আরও কমে হয়েছে ৫০ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর সিলেট বোর্ডে পাসের হার ধারাবাহিকভাবে কমেছে।
ফল বিপর্যয়ের বিষয়ে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, কোন কোন বিষয়ে শিক্ষার্থীরা বেশি খারাপ করেছেন এবং কোন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফল তুলনামূলক খারাপ হয়েছে, তা বিশ্লেষণ করা হবে। ফলাফলের এই অবনতির কারণ চিহ্নিত করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন জানান, পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে। এর বাইরে ইংরেজি, আইসিটি, ভূগোল, রসায়ন বিষয়ে তুলনামূলক কম পাস করেছেন পরীক্ষার্থীরা। যার ফলে ফলাফলে প্রভাব পড়েছে।তবে নাম প্রকাশ না করার শর্তে সিলেট নগরীর কলেজের শিক্ষক ও সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষক বলেন, বর্তমান ফলাফলটিই মূলত বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রকৃত চিত্র ফুটিয়ে তুলেছে। বিগত বছরগুলোতে পাসের হার ছিল মূলত লোক দেখানো এবং কারসাজিপূর্ণ।
তিনি বলেন, বিগত সময়ে খাতা মূল্যায়নের সময় কোনো শিক্ষার্থী কম নম্বর পেলেও তাকে বাড়িয়ে ৩৩ নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। যার কারণে বছরের পর বছর ধরে পরীক্ষা দিলেই পাস করা যায়-এমন ধারণা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে। এজন্য শিক্ষার্থীরা পড়ালেখার প্রয়োজনীয়তা বোধ করেনি এবং পড়ার টেবিল থেকে দূরে সরে গেছে। এই দীর্ঘদিনের ‘ওভারমার্কিং’ অনুশীলনেরই একটি বহিঃপ্রকাশ হলো এই ফল বিপর্যয়। তিনি বলেন, চলতি বছর পরীক্ষার খাতা মূল্যায়নে কোনো কৃত্রিম নম্বর যোগ করা হয়নি, শিক্ষার্থী যা পেয়েছে তা-ই রাখা হয়েছে। যার কারণে প্রকৃত মূল্যায়নের ধারায় ফেরায় ফলাফলে এই পরিবর্তন এসেছে।
সিলেটের মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, রাজনীতির নেতিবাচক প্রভাবের কারণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সামগ্রিক সমাজ ও শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের দায়িত্বশীলতার ঘাটতির কারণে স্কুল-কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ‘শ্রেণীবিমুখ সংস্কৃতি’ গড়ে উঠেছে। ক্লাসে উপস্থিত না থাকার কারণে শিক্ষার্থীরা পাঠবিমুখ হয়ে পড়ছে এবং পরীক্ষার খাতায় লিখতে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে সঠিক পাঠদান, নিয়মিত পরীক্ষা গ্রহণ ও নিষ্ঠার সঙ্গে উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের মধ্যে আন্তরিকতার ঘাটতি রয়েছে। কিছু শিক্ষকের মধ্যে শ্রেণিকক্ষে না পড়িয়ে নিজেদের কাছে ব্যক্তিগতভাবে পড়ানোর এক ধরনের বাণিজ্যিক প্রবণতাও তৈরি হয়েছে। যা শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশকে ব্যাহত করছে।
প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষকদের দৃষ্টিভঙ্গির উপর প্রশ্ন তোলে আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘কিছু প্রশ্ন প্রণেতা অতি কঠিন প্রশ্ন তৈরি করে শিক্ষার্থীদের আটকে দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে আমি ‘তৃতীয় শ্রেণীর প্রশ্ন প্রণেতা’ হিসেবে আখ্যা দিতে চাই। কারণ একজন উত্তম প্রশ্ন প্রণেতা তিনি, যার প্রশ্নের উত্তর অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থী দিতে সক্ষম হয়। তিনি বলেন, পরীক্ষকরা শিক্ষার্থীদের মানসিকতা ও পাঠগ্রহণের মাত্রা অনুধাবন না করেই প্রশ্ন তৈরি করায় এই সমন্বয়হীনতা তৈরি হচ্ছে।
সিলেটের এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ জানান, সিলেটের শিক্ষার্থীদের মধ্যে বিদেশমুখী প্রবণতা ও আরও কিছু কারণে পাঠবিমুখতা রয়েছে। এছাড়াও মানসম্মত শিক্ষকের অভাবও ফলাফলে প্রভাব ফেলেছে। তাছাড়াও এ বছর উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, সিলেট অঞ্চলে বিশেষ করে অভিভাবকরা অন্যদের বিদেশে যাওয়া বা সাফল্যের উদাহরণ দিয়ে নিজেদের সন্তানদের সঙ্গে তুলনা করেন। যা শিক্ষার্থীদের মানসিক বল ভেঙে দেয়। এতে শিক্ষার্থীরা মানসিক চাপ ও হতাশায় ভোগে। ফলাফলে এসবের প্রভাব পড়েছে বলে তিনি মনে করেন।
চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন । ছবি: সংগৃহীত
বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন পিকআপের চালক।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের একটি টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়। পিকআপের চালক জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে গাড়ির কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে পিকআপে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনার কারণও জানা যায়নি।
‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় দাঁড়িয়ে থাকা ‘বসুমতি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হঠাৎ বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তা নেভানোর তৎপরতা শুরু করেন। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ছাড়া সন্ধ্যার পর রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া তথ্যানুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত দুই দিনের ব্যবধানে রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নাশকতাকারীরা। এই সময়সীমার মধ্যে রাজধানীতে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ধারাবাহিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত তিন দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রাজধানীর পাশাপাশি ঢাকার বাইরেও যানবাহনে নাশকতার বিস্তার ঘটেছে। রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যবর্তী সময়ে ঢাকার সাভার, বরগুনা এবং গাজীপুরে পৃথক ঘটনায় আরও পাঁচটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে তিনি নির্মাণাধীন ফুটপাতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পার্কিং টাইলসসহ বিভিন্ন নির্মাণসামগ্রীতে নিম্নমানের উপাদান ব্যবহারের বিষয়টি তাঁর নজরে আসে। পরে তিনি কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ফুটপাতের যেসব স্থানে নিম্নমানের টাইলস বসানো হয়েছে, সেগুলো তুলে ফেলার নির্দেশ দেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণের কাজ চলছে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৩০৬ ফুট দীর্ঘ ড্রেন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছিল।
এ ছাড়া বিদ্যুতের খুঁটি অপসারণ, রাস্তার দুই পাশে পানির লাইন স্থাপন এবং ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস বসানোর কাজে প্রায় ৪২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। রাস্তার এক পাশে ৫ ফুট এবং অন্য পাশে ৩ ফুট প্রশস্ত করে মোট ৩৯৬ মিটার দীর্ঘ ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা।
পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, ফুটপাতে যে টাইলস ব্যবহার করা হচ্ছে, তা মানুষের স্বাভাবিক চলাচলের উপযোগী নয়। অন্যান্য নির্মাণসামগ্রীও যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালু দেওয়া হয়েছে। আমরা চাই, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে কাজটি মানসম্মতভাবে সম্পন্ন করা হোক।
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে এ কাজের মান নিয়ে অভিযোগ করে আসছিলেন। আজ সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কাজটি নির্ধারিত তফশিল (সিডিউল) অনুযায়ী হচ্ছে না। ব্যবহৃত টাইলসগুলো নিম্নমানের এবং এগুলোর পুরুত্বও নির্ধারিত মানের তুলনায় কম। এ কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণসামগ্রী ও টাইলস পরীক্ষা করে তফশিল অনুযায়ী মান নিশ্চিত হওয়ার পরই পুনরায় কাজ শুরু হবে।
অন্যদিকে, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রমিল সাহা বলেন, কীভাবে তাঁরা কাজটিকে নিম্নমানের বলছেন, তা তিনি বুঝতে পারছেন না। টাইলস তিনি নিজে তৈরি করেন না; বাজার থেকে কিনে এনেছেন। এ বিষয়ে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবেন।
জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ আরও বলেন, ফুটপাত নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
পঞ্চগড় চিনিকল মাঠে সাদ পন্থীদের তথাকথিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঈমান আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন, সদস্য আব্দুল বারী প্রমূখ।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। ঈমান আক্বিদা রক্ষা করার জন্য কাজ করছি। কিন্তু তাবলীগের নামে ভুল আক্বিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের বিরোধী হবে। তারা আরও বলেন, সাদ পন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। তারা বলেন, কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা ব্যভিচারী নারী অর্থাৎ বেশ্যা উপার্জন থেকে নিকৃষ্ট। সাদ পন্থীরা ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের নিহত আহত করে ক্ষয়ক্ষতি করেছে।
সাদ পন্থীদের ঈমান বিধ্বংসী কর্মকান্ড হতে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষার জন্য আমরা সাদপন্থীদের এজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, ডিসি, এসপিকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
তারা বলেন, "আমাদের দাবির পরেও যদি প্রশাসন ইজতেমার অনুমতি দেয় তাহলে জেলার আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তখন এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।"
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফতে মশলিশ, হেফাজতে ইসলাম ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ১৯,২০, ২১ নভেম্বর পঞ্চগড় চিনিকল মাঠে তিনদিন ব্যাপী পঞ্চগড় জেলা ইজতেমার আয়োজন চলছে। ইতোমধ্যে মাঠ সজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আয়োজকর আশা করছেন দেশি-বিদেশিসহ লক্ষাধিক মুসল্লী অংশ নিবেন।
চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুট। ছবি: সংগৃহীত