রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতী চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যাকান্ডের নতুন মোটিভ উপস্থাপন করেছে পুলিশ। বাসার ছাদে মাদক সেবন করতে দেখে ফেলায় নয়, পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যেই হত্যার ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। গণপতি চক্রবর্তীর অবসরের জন্য পাওয়া ২০ লাখ টাকা ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর বিপুল পরিমান গহণা বাড়িতে রয়েছে এমন অনুমান ছিল অভিযুক্তদের। স্বর্ণালংঙ্কারসহ ২০ লাখ টাকা চুরি করে সিদ্ধার্থ দাস পরিবারসহ ভারতে চলে যাবে এবং মাছের দোকানে কাজ করা মুগ্ধ দাস জীবনমানের উন্নয়নে গরুর খামার দেবে লক্ষ্য থেকেই ২১ আগস্ট ভোরে গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরির করার উদ্দেশ্যে তারা যায় এবং হত্যাকান্ডের ঘটনা ঘটায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মুহাঃ মাহবুবুর রশীদ চার হত্যাকান্ডের নতুন মোটিভ জানান।
তিনি জানান, নিরবিচ্ছিন্ন তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ড সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ঘটিয়েছে। এ হত্যাকান্ডের মামলায় আদালতে দেয়া চার্জশীটে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাকান্ডের জন্য ৩০২ ধারা, চুরির জন্য ৩৮০ ধারা এবং একাধিক ব্যক্তি মিলে অপরাধ সংঘটিত করায় ৩৩৪ ধারা অভিযুক্তদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে। এছাড়া আদালতে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ফরেনসিকে পাঠানো ৬৬টি আলামত জমা দেয়া হয়েছে।
পুলিশ কমিশনার মুহাঃ মাহবুবুর রশীদ বলেন, শিক্ষক গণপতি হত্যাকান্ডের রহস্য কোন গল্পের পর্যায়ে নেই, এটি একটি ঘটনা। পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশীট দিয়েছে। তারা চুরির উদ্দেশ্যেই শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যা করেছে এটি তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু বাসায় বিদ্যুতের সংযোগ ছিল না, তাই তারা অপেক্ষা করছিলো কেউ বাসা থেকে বেরিয়ে এলে তারা গিয়ে চুরির ঘটনাটি সংঘঠিত করবে। ছাদে সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে ফেলায় প্রথমে গণপতিকে এরপর সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী এবং ঘরে ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করে তারা। এরপর বাড়ির ভেতরে তারা গিয়ে বিভিন্ন আলমারী, ড্রয়ার খুলে গণপতি চক্রবর্তীর অবসরের ২০ লাখ টাকা না পেলেও কিছু টাকা ও স্বর্ণালংঙ্কার নিয়ে যায়। যা আসামী গ্রেফতারের পর সেগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আসামি ও সাক্ষীরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছে। সাক্ষী ও আসামীর জবানবন্দী একেবারে মিলে গেছে। পাশাপাশি হত্যাকান্ডস্থল থেকে উদ্ধার করা আলামত সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। সেখানে আলামতগুলোতে দুই আসামীর ডিএনএ পাওয়া গেছে। তাই পুলিশ উদ্ঘাটন করতে পেরেছে দুই আসামী হত্যাকান্ডের সাথে জড়িত এবং রক্ষিত টাকা চুরিই ছিল তাদের উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ অন্যরা।
আগের পুলিশ কমিশনার ঘটনার বর্ণনায় যা বলেছিলেন :
২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় মিলনায়তনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পাশর্^বর্তী ভবন দেবু দাসের। সেই ভবন দিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ শিক্ষক গণপতির বাড়ির ছাদে উঠে আসে। সেখানে বসে ইয়াবা সেবনের এক পর্যায়ে শব্দ পেয়ে ছাদে আসেন শিক্ষক গণপতি। তিনি ঘাড়ে গামছা নিয়ে ছাদে আসেন। তাদের দেখে ইয়াবা সেবনের ব্যাপারে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষনিক গণপতির ঘাড়ের গামছা গলায় পেঁচিয়ে তাকে নিমর্মভাবে হত্যা করে।
তিনি আরও বলেছিলেন, এ হত্যার সময় শিক্ষক গণপতি আওয়াজ করলে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা প্রীতিলতার গলায় পেঁচিয়ে হত্যা করে। প্রীতিলতার চিৎকারে সিঁড়ির দিকে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী এগিয়ে আসলে তাকেও গলায় গামছা পেঁছিয়ে হত্যার চেষ্টা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এতেও সে মারা না গেলে রশি এনে তার গলায় ও মুখে পেঁচিয়ে জোরে টান দেয় তারা। এতে আগামীর মুখের চোয়াল ভেঙ্গে যায়। প্রায় ৫ মিনিট চেষ্টা করে হত্যা করা হয় আগামীকে। এরপর শিশু প্রিয়মের ঘরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় মুগ্ধ ও সিদ্ধার্থ। চিনে ফেলতে পারে এমন শংঙ্কায় প্রিয়মকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
আবদুল মাবুদ জানিয়েছেন, খুনের পর উত্তেজিত ছিল মুগ্ধ ও সিদ্ধার্থ। এরপর কিছুক্ষণ পর তারা শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ গোসল করে। এরপর মুগ্ধ গোসল করে তাদের ডাইনিং টেবিলে বসে। সেখানে একটি বয়ামে থাকা খেঁজুর খায় তারা। এরপর ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর দু’জন সেখানে ইয়াবা সেবন করে। সকাল হয়ে গেলে তারা পালানোর পরিকল্পনা করতে থাকে। জুমার দিন হওয়ায় নামাজের সময় শিক্ষক গণপতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে তারা। ঘটনাকে ডাকাতি বলে ভিন্নখাতে প্রবাহিত করতে মুগ্ধ ও সিদ্ধার্থ বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখে। আলমারীর ড্রয়ার ভেঙ্গে সেখান থেকে স্বর্ণালংঙ্কার নিয়ে নেয়। দুপুরে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে। যেন ফোনে ফিঙ্গার প্রিন্ট না পাওয়া যায়।
উল্লেখ্য, গণপতি চক্রবর্তীর বাড়িতে তার স্বজনরা সাড়াশব্দ না পাওয়ায় ২২ আগস্ট সন্ধ্যায় পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির তালা ভেঙ্গে চিলেকোঠায় গণপতি চক্রবর্তী (৬৫), সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং দোতলায় শোবার ঘরে রংপুর জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া প্রিয়ম চক্রবর্তীর (১২) লাশ দেখতে পায় পুলিশ। এমন মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় রংপুরসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে পুলিশ।
আমন সংগ্রহ উদ্বোধন করেন এমপি ফজলে হুদা বাবুল
নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সদর খাদ্য গুদামে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সংগ্রহ উদ্বোধন করেন। এসময় উপজেলার সদর ইউনিয়নের সরমইল গ্রামের কৃষক খয়বর হোসেনের কাছ থেকে তিন মেট্রিক টন ধান কেনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, খাদ্য নিয়ন্ত্রণ আশরাফুল আরেফিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মন্ডল, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাবেক সভাপতি ও এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, উপজেলার চারটি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন (সদর), মাখন চন্দ্র বর্মন (রাইগাঁ), উত্তম কুমার নন্দী (মহিষবাথান) ও নুরুজ্জামান হোসেন (স্বরসতিপুর), ধানচাল ব্যবসায়ী মতিউর রহমান, বিদ্রোহ, আলমগীর হোসেন, আইনুল হোসেন, হাজী জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া পরিচালনা করেন হোসেনপুর মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস ছালাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার এই উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ৩৫ টাকা দরে এক হাজার ৬৮৭ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে প্রতিকেজি ৪৯ টাকা দরে সাত হাজার ৫৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও প্রতিকেজি ৪৮ টাকা দরে এক হাজার ৭১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। উপজেলার ১৩০টি হাসকিং মিল, ২০টি সিদ্ধ অটোমেটিক রাইস মিল ও ২৩টি আতপ অটোমেটিক রাইস মিল থেকে এসব চাল সংগ্রহ করা হবে।
ময়মনসিংহের ত্রিশালে দোকান ভাড়া নেওয়ার পর প্রায় চার বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার দায় বর্তমান ভাড়াটিয়ার ওপর চাপানোর অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের করা মামলার কাগজপত্র এবং দোকানঘর ভাড়ার চুক্তিপত্র পর্যালোচনায় সময়ের অসংগতির বিষয়টি সামনে এসেছে।
নথি অনুযায়ী, ত্রিশাল উপজেলার চক রামপুর বাজারের একটি দোকানঘর ভাড়ার চুক্তি সম্পাদিত হয় ২০২৬ সালের ১ সেপ্টেম্বর। চুক্তিতে দোকানমালিক হিসেবে মো. আবদুল কাইয়ুম মণ্ডল এবং ভাড়াটিয়া হিসেবে মো. জুনায়েদের নাম উল্লেখ রয়েছে। চুক্তির মেয়াদ পাঁচ বছর এবং মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। পাশাপাশি চার লাখ টাকা জামানতের কথাও উল্লেখ রয়েছে।
অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের মামলার কাগজে প্রায় চার বছর সময়ের বিদ্যুৎ ব্যবহারের হিসাব তুলে ধরা হয়েছে। সেখানে বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে জরিমানাসহ বিল নির্ধারণের বিষয়টি উল্লেখ রয়েছে।
এখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন। ২০২৬ সালের সেপ্টেম্বরে দোকান ভাড়া নেওয়া একজন ভাড়াটিয়ার ওপর এর আগের প্রায় চার বছরের বিদ্যুৎ ব্যবহারের দায় কীভাবে বর্তায়? ওই সময়ে দোকানটি কার দখলে ছিল, বিদ্যুৎ সংযোগ কে ব্যবহার করতেন এবং প্রকৃত দায়ী ব্যক্তি কে—এসব বিষয় যথাযথভাবে তদন্ত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভাড়াটিয়ার দাবি, তিনি দোকানটি ভাড়া নেওয়ার আগে সেখানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত বা যাচাই করা হয়নি। পরে তাঁর নামে কয়েক বছরের বিদ্যুৎ বিল ও জরিমানার অভিযোগ আনা হয়।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ঘটনাস্থলে তাঁকে বিদ্যুতের ব্যবহারকারী হিসেবে পাওয়া গেছে। সে কারণে তাঁর নামে বিল করা হয়েছে। তবে দোকানটি ভাড়া নেওয়ার সময়কার অবস্থা, পূর্ববর্তী ব্যবহারকারী এবং বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত সময়কাল যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ বিভাগের কাছে যদি চার বছরের বিদ্যুৎ ব্যবহারের হিসাব থাকে, তাহলে ওই সময়ের প্রকৃত ব্যবহারকারী শনাক্ত না করে বর্তমান ভাড়াটিয়ার ওপর পুরো দায় চাপানো কতটা যৌক্তিক? দোকানের মালিকানা ও ভাড়াটিয়া পরিবর্তনের তথ্য যাচাই না করেই মামলা ও জরিমানা নির্ধারণ করা হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি রাখে।
বিদ্যুৎ বিভাগের নথি, ভাড়ার চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত জিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল-বেলালের সামনে এ ঘটনা ঘটে। এতে জিপটি সম্পূর্ণ পুড়ে গেছে। গাড়ির মালিকের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিপটি (চান্দেরগাড়ি) একসময় কুয়াকাটায় আগত পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর কাজে ব্যবহৃত হতো। তবে দীর্ঘদিন ধরে গাড়িটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পার্কিং করে রাখা ছিল।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ জিপটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় শেষ পর্যন্ত গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
গাড়ির মালিক ও পর্যটক গাইড মো. ইমরান বলেন, গাড়িটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল। বিভিন্ন সময়ে এক ব্যক্তি রাতে গাড়িটির ভেতরে ঘুমাতেন। তাঁর দাবি, এটি দুর্ঘটনা কিংবা ওই ব্যক্তির কারণে ঘটলে আগেই এমন ঘটনা ঘটতে পারত। তাঁর ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাসাস, জেলা মৎস্যজীবী দল ,উলামা দল ও তাতি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী।
জেলা মৎস্যজীবী দল, জাসাস, উলামা দল তাতি দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ জেলা- উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী বলেন, বিএনপি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা অপতৎপরতা বরদাস্ত করা হবে না। এ জন্য প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সজাগ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের আরও কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানানো হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে বিশৃঙ্খলা, নৈরাজ্য কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা পলাশ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার কবির রতন সহ অন্যান্য দলের নেতৃবৃন্দগন।
ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানিবাহী চালানটি সেখানে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল।নবম চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানের জ্বালানি পরিবহনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এসেছে। তবে দুটি চালানে নির্ধারিত পরিমাণের তুলনায় ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। বাকি অ্যাসেম্বলিগুলো পৌঁছালে দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনের দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান (প্রশাসন) মো. গোলাম মাহবুব জানান, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল।
তিনি বলেন, দুটি চালানে মোট ১২টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি কম এসেছে। অবশিষ্ট অ্যাসেম্বলিগুলো অল্প সময়ের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার কথা ছিল। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি পরিবহনের পরিকল্পনা রয়েছে।
ছবি : সংগৃহীত
টানা চার দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। ভোরে হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ কাটছে না। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তবে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগেমঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ টানা চার দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে তেমন শীত অনুভূত হয় না। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকে ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি হয়।