ছবি : সংগৃহীত
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ দুই দিনেই প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৮০ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। তখন ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।
ছবি : সংগৃহীত
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব তথ্য পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।
রোজায় দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের দাবি জানান তারা।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি: সংগৃহীত
নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে একগুচ্ছ শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আমদানির ওপর ধার্য করা এই নতুন করের আওতায় পড়তে যাচ্ছে দেশটির শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশসহ আরও ১২টি অর্থনৈতিক অঞ্চল।বুধবার (২৫ নভেম্বর) বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব বাণিজ্য নীতি নিয়ে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আমেরিকায় আমদানির ওপর আরোপিত এই নতুন শুল্ক দেশটির অনেক বড় বাণিজ্য অংশীদার—চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১২টি দেশের ওপর প্রভাব ফেলবে।
মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্বে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর, মার্চ মাসে অন্যান্য দেশের বাণিজ্য নীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের ওপর সর্বোচ্চ ‘৪০% পর্যন্ত’ শুল্ক আরোপ করা হয়েছে, এরপর ভিয়েতনামের ওপর ৩৫% পর্যন্ত এবং বাকি দেশগুলোর ওপর ২০% বা ২৫% শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্পের সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণের কারণে এই হারগুলোর কয়েকটি কার্যকরভাবে হ্রাস পাবে। তথাকথিত ‘ধারা ৩০১’ তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো: চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত।
ধারা ৩০১ তদন্তের আওতায় বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতি এবং সেগুলো মার্কিন ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের ওপর অন্যায়ভাবে প্রভাব ফেলে কি না, তা খতিয়ে দেখা হয়। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন বা তা আরোপ করেছেন, এই যুক্তিতে যে এই নীতি আমেরিকান উৎপাদন বৃদ্ধি করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।
ছবি : সংগৃহীত
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মতৈক্য এবং বোর্ড সদস্যদের ভোটে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, প্রথমবারের মতো ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে বোর্ড।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে চারজন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা।
তৃতীয় গ্রেডে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি ১৯ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় গ্রেডে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ সংশ্লিষ্ট কর্মীদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর প্রথম গ্রেডে সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া যেসব শ্রমিক ইতিমধ্যে ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাঁদের বেতন অন্তত দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতা অনুযায়ী কারখানাগুলো এর বেশি বেতনও দিতে পারবে।
বৈঠক সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষ শেষ পর্যায়ে সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, সোমবার মালিকপক্ষের প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিরতি দিয়ে রাত দেড়টা পর্যন্ত চলে দর-কষাকষি।
সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে সরকারের কাছে সুপারিশ করার কথা জানান তিনি।
্র
ছবি : সংগৃহীত
দেশের বাজারে টানা দুই দিন বাড়ার পর আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। বুধবার সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সোমবার ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার থেকে স্বর্ণ ও রৌপ্য অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নতুন এ মজুরি চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া কয়েকজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।
বৈঠক শেষে একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রতিনিধিদের প্রস্তাবে ঐকমত্য না হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এতে বোর্ডের ছয়জন সদস্য অংশ নেন। প্রত্যেকে তাদের প্রস্তাব লিখে জমা দেন। পরে তা খুলে ভোট গণনা করা হয়।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকসহ সব পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ একাধিকবার সংশোধিত প্রস্তাব দেয়। তা নিয়ে আলোচনা চলে। শ্রমিকপক্ষ নিজেদের প্রাথমিক প্রস্তাব থেকে কমিয়ে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা প্রস্তাব করে। মালিকপক্ষও তাদের আগের প্রস্তাব থেকে সরে ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দেয়।
বেলা ৩টার দিকে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষ থেকে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, সহসভাপতি রেজওয়ান সেলিম ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন উপস্থিত ছিলেন।
শ্রমিকপক্ষ থেকে বিশেষজ্ঞ সদস্য হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নেন। বিকেল সাড়ে ৪টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের কথা বলেন। তিনি জানান, শ্রমিকদের মজুরি প্রস্তাবের বিপরীতে গতকাল মালিকপক্ষ প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা ন্যূনতম প্রস্তাব দেয়। পরে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। তখন মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকার প্রস্তাব দেয়। পরে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা দাবি করে পুনরায় সংশোধিত প্রস্তাব জমা দেয়। সব শেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমরা চেষ্টা করব, আজকের মধ্যেই মজুরির বিষয়টি চূড়ান্ত করতে। উভয় পক্ষ এখন তৃতীয় দফা তাদের সংশোধিত প্রস্তাব জমা দেবে এবং এর ওপর আলোচনা চলবে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেক পক্ষ থেকেই বিশেষজ্ঞ ডেকেছি। তারা আছেন, তথ্য-উপাত্ত দিচ্ছেন। আমরা চেষ্টা করব, আজকেই মজুরি চূড়ান্ত করতে।’ ব্রিফিংয়ে সব পক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে মজুরি বোর্ডের বৈঠকের সিদ্ধান্ত ছিল, ব্রিফিংয়ে তারা কোনো কথা বলবেন না।
বোর্ডের সামনে বিক্ষোভ
মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স-বাংলাদেশের ব্যানারে কয়েকজন শ্রমিক নেতা মজুরি বোর্ডে একটি স্মারকলিপি জমা দেন। তাতে দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, কারখানায় ছাঁটাই বন্ধের দাবি করা হয়। পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার।
বোর্ডের প্রথম সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দাবি করেন, আগামী ডিসেম্বর মাস থেকেই যেন মজুরির নতুন কাঠামো বাস্তবায়ন করা হয়। মালিকপক্ষের প্রতিনিধিরা এ দাবি মেনে নেন। এর ফলে বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত হয়, যেদিনই নতুন মজুরি ঘোষণা করা হোক, বাস্তবায়ন করা হবে ডিসেম্বর মাস থেকে। অর্থাৎ জানুয়ারির প্রথম সাত কর্মদিবসের মধ্যে ডিসেম্বর মাসের বেতন তোলার সময় নতুন কাঠামোর মজুরি তুলতে পারবেন শ্রমিকরা। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।
সোমবার বোর্ডের তৃতীয় সভা হয়। কয়েক দফা বিরতি দিয়ে প্রায় পৌনে ৯ ঘণ্টা আলোচনা চলে। তাতেও মজুরির সিদ্ধান্তে একমত হতে পারেনি কোনো পক্ষ।
সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে পোশাক খাতে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরি ঘোষণা ও কার্যকর হয়। পরের মাস থেকে বর্ধিত মজুরি পেয়ে আসছেন শ্রমিকরা। সাধারণত পাঁচ বছর পরপর পোশাক খাতে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে মজুরি পুনর্নির্ধারণ করা হয়। তবে গত ১০ এপ্রিল শ্রম আইন সংশোধন বিল সংসদে পাস হয়। এতে মজুরি পুনর্নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়।